দুই অঙ্কের সুদ নিয়ে ব্যবসা করা কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বিনিয়োগে একধরনের স্থবিরতা চলছে। কেন এই স্থবিরতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমআলো মুখোমুখি হয়েছে একজন ব্যবসায়ী নেতার
মাতলুব আহমাদ
মাতলুব আহমাদ

প্রথম আলো: প্রবৃদ্ধি সাতের কোঠায় কেন পৌঁছাতে পারলাম না, এখনো ছয়ের ঘরে আটকে আছি?
মাতলুব আহমাদ: এডিবির ভবিষ্যদ্বাণী হচ্ছে, এবার আমরা ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করব। যেভাবে চলছি, সেভাবে চললে আশা করা যায়, এবারই আমরা ৭-এর কোঠায় চলে যাব। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে বলেই এই প্রত্যাশা। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অনুরোধ, আপনারা আন্দোলন করুন, কিন্তু অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবেন না। কারণ, অর্থনীতি দেশের প্রাণ। এটা না থাকলে আপনারা কী নিয়ে রাজনীতি করবেন?
প্রথম আলো: বিনিয়োগের পরিবেশ কেমন?
মাতলুব আহমাদ: এই মুহূর্তে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে।
প্রথম আলো: আপনারা তো সব কাজেই সরকারকে সমর্থন করে যাচ্ছেন?
মাতলুব আহমাদ: না, ব্যাপারটা সে রকম নয়। সরকার কিছুদিন আগে ফল ও সবজির জন্য একটি বিধি প্রণয়ন করেছিল, সেখানে আপেল ও কমলার দাম বাড়িয়ে দেওয়া হলো। কিন্তু আমরা যখন যুক্তি দিয়ে বিষয়টি পেশ করলাম, তখন সরকার তা কমিয়ে দিল। আবার হারবাল ওষুধের ওপর সরকার ভ্যাট বসিয়েছিল, আমাদের আপত্তির কারণে সরকার তা-ও উঠিয়ে দিয়েছে। আমরা তো শ্রমিক ইউনিয়ন নই যে চাপ দিয়ে সরকারের কাছ থেকে দাবিদাওয়া আদায় করব। এফবিসিসিআই ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন। আমাদের গবেষণা সেল আছে। কোনো কিছু দাবি করার আগে আমরা আগে বোঝার চেষ্টা করি, সেটা হলে আমাদের ও দেশের জন্য কতটা লাভজনক হবে। এ পর্যন্ত আমরা ৮-১০টি বিষয়ে সরকারের কাছে গিয়েছি, প্রতিবারই ইতিবাচক সাড়া পেয়েছি।

প্রথম আলো: সরকার বলছে বিনিয়োগের পরিবেশ ভালো, আপনারাও বলছেন, কিন্তু বিনিয়োগ বাড়ছে না কেন?

মাতলুব আহমাদ: রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়াও আরও কিছু ব্যাপার আছে। বিনিয়োগের দুটি ধাপ রয়েছে—একটি হচ্ছে সিদ্ধান্ত, অন্যটি প্রকৃত বিনিয়োগ। আমাদের সিদ্ধান্তগুলো যথাসময়ে হচ্ছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে বিনিয়োগকারীরা জ্বালানির নিশ্চয়তা পাচ্ছেন না। আর জ্বালানির ব্যবসা তো দীর্ঘমেয়াদি ব্যাপার। দেশে কয়লার ব্যবসা শুরু হতে যাচ্ছে, গ্যাস ও এলএনজির ব্যবসা নিয়েও কথাবার্তা হচ্ছে। দেশের বিদ্যুতের প্রায় ৬৫ শতাংশ বেসরকারি খাত উৎপাদন করছে, ব্যাংকের সিংহভাগও বেসরকারি মালিকানাধীন। আর ২০১৩ ও ১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতা ছিল, সেটার প্রভাব আরও কিছুদিন থাকবে। তবে এখন আমরা হরতাল দেখছি না, জ্বালাও-পোড়াও হচ্ছে না। জ্বালানি ছাড়া ব্যাংকের সুদের হারও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। বর্তমানে সুদের হার ১৮ থেকে ১১-১২ শতাংশে নেমে এসেছে। কিন্তু এই দুই অঙ্কের ঘরের সুদ দিয়ে ব্যবসা করা কঠিন।

প্রথম আলো: ব্যবসায়ীরাই তো বিভিন্ন ব্যাংকের পরিচালক, তাহলে তাঁরা সুদের হার কমাচ্ছেন না কেন?

মাতলুব আহমাদ: দেখুন, দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ ৫৭ হাজার কোটি টাকার মতো, যেটা আমাদের সব ব্যাংকের সম্মিলিত পুঁজির চেয়েও বেশি। এই পরিমাণ খেলাপি ঋণ থাকলে কীভাবে বিনিয়োগ হবে? এই ঋণ প্রভিশন করতেই তাদের ১-২ শতাংশ অতিরিক্ত সুদ ধার্য করতে হয়। তবে আমরা ১৮ শতাংশ থেকে ১১ শতাংশে নামতে পেরেছি, ফলে আরেকটু ধাক্কা দিলেই সেটা এক অঙ্কের ঘরে চলে আসবে।

প্রথম আলো: আপনারা সম্প্রতি বিদেশে বিনিয়োগের আবেদন করেছেন। এটা কি এ কারণে যে দেশে বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা আছে?

মাতলুব আহমাদ: দেখুন, এটা অনাস্থা বা অনিশ্চয়তার ব্যাপার নয়। সারা পৃথিবীতেই আন্তদেশীয় বিনিয়োগ হয়। আজ আমাদের স্বল্প শিক্ষিত শ্রমিকেরা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাচ্ছেন, যে কারণে আমাদের রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আমরা যদি বিদেশে বিনিয়োগ করি, তাহলে আর কত টাকা নিয়ে যাব? আমরা যখন বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি, তখন দেখি তাঁদের চেয়ে আমাদের ব্যবসায়িক বুদ্ধি ভালো। সরকার ইতিমধ্যে বিদেশে চারটি বড় বিনিয়োগের অনুমোদন দিয়েছে। আমাদের তো রিজার্ভ নিয়ে বসে থাকলে চলবে না। সরকার সঠিক সময়ের অপেক্ষা করছে, তারা আরও বিনিয়োগের অনুমোদন দেবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে যাচ্ছে। আমাদের উন্মুক্ত হতে হবে।

প্রথম আলো: দেশে মধ্যবিত্তের সংখ্যা বেড়েছে, ভোগও বেড়েছে। এই ক্রমবর্ধমান ভোগের চাহিদা কি দেশীয় পণ্য মেটাতে পারছে?

মাতলুব আহমাদ: দেশে টেক্সটাইল খাত অনেক বিকশিত। তা ছাড়া আমরা এখন সাইকেল, রিকশার টায়ারও বানাচ্ছি। কিন্তু সামগ্রিকভাবে আমাদের দেশপ্রেমের ঘাটতি আছে, আমরা দেশীয় কলম না কিনে বিদেশি কলমই কিনি। এই মানসিকতা ত্যাগ করলেই দেশের উন্নতি হবে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, দেশীয় বাজারের সর্বোত্তম ব্যবহার করতে হবে। সে কারণে আমরা জেলায় জেলায় শিল্প করার উদ্যোগ নিয়েছি। কিন্তু যতক্ষণ ভোক্তারা দেশের পণ্য না কিনছেন, ততক্ষণ দেশীয় শিল্প বিকশিত হবে না। দেশীয় পণ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে।

প্রথম আলো: বিশ্বের বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কি আপনারা যৌথ বিনিয়োগে যেতে পারেন না? স্যামসাং এখানে আসতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

মাতলুব আহমাদ: দেখুন, আজকাল কেউ কাউকে ওভাবে আর ডেকে আনে না। টানাটানি করলে মনে করে, নিশ্চয়ই সমস্যা আছে। এখনকার রীতি হচ্ছে, আপনাকে দেখাতে হবে, আপনার কী অবকাঠামো ও সুযোগ-সুবিধা আছে। ভিয়েতনাম ও থাইল্যান্ড সেটা করছে। এখানেও বেসরকারি খাতে বেপজা হচ্ছে। বেসরকারি খাতও এগিয়ে আসছে, তারাও রপ্তানি জোন করে দেবে। সরকার এখন আর নিয়ন্ত্রণ করতে চায় না, তারা বিধিবিধান প্রণয়ন করে সেটা প্রতিপালিত হচ্ছে কি না, দেখতে চায়।

প্রথম আলো: ঢাকা নগরের যানজট তো বড় সমস্যা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের কারণে তো ব্যবসার খরচ বাড়ছে। এ যানজট নিরসনে বেসরকারি খাত কিছু করতে পারে কি?

মাতলুব আহমাদ: হ্যাঁ, করণীয় আছে। উন্নত দেশে এখন টাকা বিনিয়োগের সুযোগ নেই, কারণ সেখানে সবই হয়ে গেছে। ফলে তারা এখন আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে। আমরা ধারণা দিয়েছি, পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরই উড়ালসড়ক করা হবে, এর জন্য তিন বিলিয়নের বেশি কিছু টাকা লাগবে। এটা পিপিপির আওতায় করা হবে। অনেক বিনিয়োগকারী এসব ব্যাপারে উৎসাহ দেখাচ্ছেন। আগামী কয়েক বছরের মধ্যে এটা দৃশ্যমান হবে।

প্রথম আলো: ট্রানজিট তো চালু হয়ে গেল, আমাদের যেসব সুবিধা পাওয়ার কথা, সেগুলো আমরা পাচ্ছি কি? আর ভারত তো বড় অর্থনীতি, তাদের সঙ্গে প্রতিযোগিতায় আমরা কতটা কুলিয়ে উঠতে পারব?

মাতলুব আহমাদ: দেখুন, বড়কে আপনি কখনো ঠেকিয়ে রাখতে পারবেন না। ফলে আমাদের একটা পথ বের করতে হবে। আর প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলেই লাভ। অনেকে মনে করছেন, ট্রানজিটের কারণে আমরা যে উত্তর-পূর্বাঞ্চলে পণ্য রপ্তানি করছি, সেটা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু না, তাদের তো একটি পণ্য আহমেদাবাদে বানিয়ে কয়েক হাজার কিলোমিটার দূরে নিয়ে আসতে অনেক বেশি খরচ পড়বে। আমরা তো পাশের বাড়ির প্রতিবেশী। ফলে আমরা কম দামে সেটা তাদের দিতে পারব। আমরা এখনো আমেরিকা ও ইউরোপের দিকে তাকিয়ে আছি। কিন্তু এখন আঞ্চলিক বাণিজ্য বাড়াতে হবে। ভারত তো বিশাল দেশ, সেখানে ব্যবসা করতে পারলে ক্ষতি কী? কেন আমরা এক বা দুই পেনির জন্য ইউরোপ ও আমেরিকার দিকে তাকিয়ে থাকব? ভারত কথা দিয়েছে, নন ট্যারিফ বাধাও দূর করা হবে। আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর জন্য আমরা আসামের গুয়াহাটিতে বৈঠক করব। তবে ইতিবাচক দিক হলো, মানসিকতার পরিবর্তন হচ্ছে।

প্রথম আলো: সম্প্রতি দুজন বিদেশিকে হত্যা করা হয়েছে। বিদেশি বিনিয়োগে এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন?

মাতলুব আহমাদ: এ ঘটনার পর যারা রেড অ্যালার্ট জারি করেছে, তারা আমাদের সঙ্গে অন্যায় করেছে। তাদের রেড অ্যালার্ট সত্ত্বেও কোনো বিদেশি প্রতিনিধিদল বাণিজ্য সফর বাতিল করেনি। সুতরাং আমি মনে করি না বিনিয়োগে কোনো প্রভাব ফেলছে।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

মাতলুব আহমাদ: আপনাকেও ধন্যবাদ।

সাক্ষাৎকার নিয়েছেন: সোহরাব হাসান ও প্রতীক বর্ধন

আরও পড়ুন: