দুই দেশের গণমাধ্যমের যোগাযোগ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসবীর হুসাইন
ওয়াসবীর হুসাইন

প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশের বন্ধুরা এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সাংবাদিক, শিক্ষাবিদ, কূটনীতিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি। তাঁরা কথা বলেছেন বাংলাদেশ, গণমাধ্যম, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে। আজ প্রকাশিত হলো আসামের টাইমস নাউ টিভির পরামর্শক সম্পাদক ওয়াসবীর হুসাইনের সাক্ষাৎকার।
আসামের টাইমস নাউ টিভির পরামর্শক সম্পাদক ওয়াসবীর হুসাইন ‘টক টাইম উইথ ওয়াসবীর হুসাইন’ নামে একটি টক শো উপস্থাপনা করেন। এর আগে তিনি আসামের ইংরেজি দৈনিক সেন্টিনেল ও দ্য নিউজপেপার টুডের পরামর্শক সম্পাদক এবং নর্থ ইস্ট ডেইলির সম্পাদকের দায়িত্ব পালন করেন। শান্তি, নিরাপত্তা ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন নিয়ে লেখালেখি করেন। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

প্রথম আলো বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারত, আরও নির্দিষ্ট করে বললে আসামের সঙ্গে ব্যবসা-বাণিজ্য তথা অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর সুযোগ আছে কি না?
ওয়াসবীর হুসাইন আমি মনে করি, বাংলাদেশের সঙ্গে আসামের ব্যবসা-বাণিজ্যের প্রচুর সুযোগ ও সম্ভাবনা আছে। কিন্তু সামগ্রিকভাবে ভারতের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এটি দুই দেশের জন্যই বড় চ্যালেঞ্জ।
আর আসামের সঙ্গে বাণিজ্যের হিসাব করলে দেখা যাবে সমান সমান। বাংলাদেশের যে পরিমাণ পণ্য আসামে আমদানি হয়, সমপরিমাণ পণ্য রপ্তানি হয় সেখান থেকে। কিন্তু আসাম থেকে কোনো তৈরি পণ্য যাচ্ছে না। বাংলাদেশের প্রাণের তৈরি পণ্যের প্রচুর চাহিদা আছে গোটা উত্তর-পূর্ব ভারতে, পত্রিকা ও টিভিতে কোনো বিজ্ঞাপন ছাড়াই। প্রাণ গ্রুপ ত্রিপুরায় একটি কারখানাও করেছে। ভবিষ্যতে বাংলাদেশি পণ্যের চাহিদা আরও বাড়বে আশা করি।
প্রথম আলো এ ক্ষেত্রে কী কী সমস্যা আছে বলে মনে করেন?
ওয়াসবীর হুসাইন  সমস্যা হলো যোগাযোগব্যবস্থা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা। বাংলাদেশ-আসাম সীমান্তে চারটি স্থলবন্দর আছে। কিন্তু উভয় অংশেই এগুলোর অবকাঠামো অত্যন্ত নাজুক। দ্বিতীয়ত, পণ্য আমদানি ও রপ্তানির কাগজপত্র তৈরির প্রক্রিয়াও জটিল ও সময়সাপেক্ষ। বাংলাদেশ থেকে আসামে কোনো পণ্য গেলে গুয়াহাটি থেকে তার সনদ আনতে হয়, যা সীমান্ত থেকে কয়েক শ কিলোমিটার দূরে। আমি মনে করি, এটি সীমান্তের কাছাকাছি হওয়া উচিত। দুই দেশের যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে হবে।
বাংলাদেশ ও আসামের মানুষ ঢাকা-গুয়াহাটি সরাসরি বাস সার্ভিস চালুর পক্ষে। রিজেন্ট এয়ারলাইনস নামে বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা ঢাকা-গুয়াহাটি বিমান সার্ভিস চালুরও প্রস্তাব দিয়েছে। যোগাযোগ উন্নত হলে দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত বাড়বে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। বাংলাদেশ ইতিমধ্যে গুয়াহাটিতে একটি ভিসা অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে ভিসা অফিস হলে আসামের মানুষের বাংলাদেশে আসা সহজ হবে।
প্রথম আলো বাংলাদেশ সম্পর্কে আসামের সাধারণ মানুষের ধারণা কেমন?
ওয়াসবীর হুসাইন আসামের সাধারণ মানুষ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়। কিন্তু তাদের মধ্যে এ ধারণাও আছে যে বাংলাদেশ থেকে ব্যাপকসংখ্যক অবৈধ অভিবাসী সেখানে যাচ্ছে। ফলে একধরনের সন্দেহ, সংশয়ও আছে। দুই দেশের মধ্যে বৈঠক হলে সীমান্ত সমস্যা কিংবা ভৌগোলিক নিরাপত্তার বিষয়টিই সামনে আসে। কিন্তু জনজীবনে অভিবাসনের প্রভাব নিয়ে কমই আলোচনা হয়। দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ সব সময়ই অবৈধ অভিবাসীর বিষয়টি অস্বীকার করে আসছে। কিন্তু আমার মনে হয়, এখন সময় এসেছে সত্য স্বীকার করে সমাধানের উপায় খুঁজে বের করার।
প্রথম আলো ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি সই হওয়া সত্ত্বেও বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিরোধ নিষ্পত্তি হয়নি। আসাম সীমান্তে মাঝেমধ্যেই উত্তেজনা লক্ষ করা যায়।
ওয়াসবীর হুসাইন মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময় সীমান্ত চুক্তি বাস্তবায়নের ব্যাপারে দুই দেশের মধ্যে একটি মতৈক্য হয়েছিল। কিন্তু চুক্তিটি সংসদে অনুমোদন করা যায়নি বিরোধী দলের বিরোধিতার কারণে। আমাদের ধারণা, দিল্লিতে নতুন সরকার আসার পর অনুমোদন পেতে অসুবিধা হবে না। নতুন সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং চুক্তি বাস্তবায়নের দিকেই এগিয়ে যাবে আশা করি।
প্রথম আলো  একসময় আসামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সীমান্তের এপারে-ওপারে বেশ সক্রিয় ছিল। এখন নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হয়েছে।
ওয়াসবীর হুসাইন আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, যেভাবে উলফার কেন্দ্রীয় নেতাদের বিতাড়িত করেছে এবং বাংলাদেশের মাটিকে ভিন্ন দেশের বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থা নিয়েছে, তাকে আসামের মানুষ স্বাগত জানিয়েছে, সন্তোষ প্রকাশ করেছে। আসামে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা কমলেও নৃতাত্ত্বিক সমস্যাটি রয়েই গেছে। বাংলাদেশের যেসব সন্ত্রাসী ও জঙ্গি ভারতে আশ্রয় নিয়েছে, তাদের প্রতি ভারত সরকারও একই পদ্ধতি অনুসরণ করবে আশা করি।
প্রথম আলো  সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্ধমানে সংঘটিত বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আসামে এক নারীসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। পশ্চিবঙ্গের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আসামের ইসলামি জঙ্গিদের যোগসাজশ আছে বলে মনে করেন?
ওয়াসবীর হুসাইন  গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আসামের বরপেটা এলাকা থেকে ছয়জন গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআই) তথ্য অনুযায়ী, বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবিই এর মূল হোতা। উদ্বেগের বিষয় হলো, আসামে আগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো তৎপর হলেও জঙ্গিগোষ্ঠীর কার্যক্রমের কথা শোনা যায়নি। এটি নতুন প্রবণতা। তাই রাজ্য সরকার ও কেন্দ্র উভয়ই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে আমার ধারণা।
প্রথম আলো আসামে বাংলা ভাষাভাষী ও অসমীয় ভাষাভাষী মানুষের মধ্যকার উত্তেজনা কেমন?
ওয়াসবীর হুসাইন এখন উত্তেজনা নেই। অনেক আগে হয়তো ছিল। আসামে তখনো হিন্দু-মুসলিম দাঙ্গা হয়নি। এমনকি বাবরি মসজিদ ভাঙার পরও আসাম শান্ত ছিল। কিন্তু উত্তেজনা আছে বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে। বোডো বনাম আদিবাসী কিংবা বোডো বনাম মুসলিম অভিবাসী। গত বছর আসামে যে প্রাণঘাতী সহিংসতার ঘটনা ঘটেছে, তার পেছনে ছিল বোডো ও মুসলিম অভিবাসীদের মধ্যকার বিরোধ। বোডোরা মনে করছেন, মুসলিম অভিবাসীরা তাদের জমি-জায়গা দখল করে নিচ্ছে।
প্রথম আলো  বাংলাদেশ ও আসামের মানুষের মধ্যে সম্পর্কোন্নয়নে গণমাধ্যম কী ভূমিকা নিতে পারে?
ওয়াসবীর হুসাইন গণমাধ্যম পরস্পরকে জানতে-বুঝতে অবশ্যই ভূমিকা নিতে পারে এবং আসামের গণমাধ্যমের এ ব্যাপারে আগ্রহও আছে। তারা কেবল বাংলাদেশ নয়, নেপাল, ভুটানের সঙ্গেও সম্পর্কের উন্নতি চায়। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশ ও আসামের গণমাধ্যমের মধ্যে কোনো যোগাযোগ নেই, ভাববিনিময় নেই। এমনকি বাংলাদেশ ও আসামের সিভিল সোসাইটির মধ্যেও যোগাযোগ নেই। কেবল ব্যবসায়ীদের মধ্যে যাওয়া-আসা আছে। গণমাধ্যমসহ সব পর্যায়েই যোগাযোগ বাড়াতে হবে। এখানকার সাংবাদিকেরা ওখানে যাবেন, তাঁরা আসামের মানুষকে জানবেন; ওখানকার সাংবাদিকেরা এখানে আসবেন, বাংলাদেশকে জানবেন—তাহলেই তো সম্পর্কের উন্নয়ন ঘটবে।
প্রথম আলো আপনাকে ধন্যবাদ।
ওয়াসবীর হুসাইন ধন্যবাদ।