দুর্বল গণতন্ত্রে স্বাধীন সাংবাদিকতা হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংবাদিক সমাজও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। সেই আন্দোলনের প্রাপ্তি–অপ্রাপ্তি নিয়ে কথা বলেছেন দুই সাংবাদিক নেতা, দ্য ডেইলি অবজারভার–এর সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ। সাক্ষাৎ​কার নিয়েছেন কামাল আহমেদ
রিয়াজউদ্দিন আহমেদ
রিয়াজউদ্দিন আহমেদ

প্রথম আলো : ১৯৯০ সালের ২৭ নভেম্বর জরুরি অবস্থা ঘোষিত হলে সাংবাদিকদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছিল?
রিয়াজউদ্দিন আহমেদ : ১৯৯০ সালটি ছিল এরশাদ বা স্বৈরাচারবিরোধী আন্দোলনের শেষ সময়, যা চূড়ান্ত রূপের দিকে ধাবিত হচ্ছিল। তখন আমি বিএফইউজের সভাপতি। আমরা চিন্তা করলাম, জরুরি অবস্থা জারি করলে যেসব প্রি-সেন্সর আরোপ হবে, তাতে কাগজ বের করা অর্থহীন। এ অবস্থায় সাংবাদিকদের সভা করে সিদ্ধান্ত নিলাম, জরুরি অবস্থা জারি হলে আমরা তাৎক্ষণিকভাবে সব কাগজ বন্ধ করে দেব।
প্রথম আলো : দুপুরের দিকেই জানা গিয়েছিল ডাক্তার মিলন মারা গেছেন?
রিয়াজউদ্দিন আহমেদ : ২৭ নভেম্বর সন্ধ্যায় চিঠি ইস্যু করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তখনকার যুগ্ম সচিব আবদুল হামিদ চৌধুরী। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক-বিধিনিষেধের। অর্থাৎ সব খবর ছাপার আগে তাঁর অনুমোদন নিতে হবে। এটা যখন জানা গেল, তখন আমরা সিদ্ধান্ত নিলাম, কোনো কাগজ বের করব না। সব সংবাদকর্মী কাজ বন্ধ করে দিলেন। গ্রেপ্তার করা হবে, এমন খবর আসতে শুরু করলে আমরা নিরাপদ জায়গায় গেলাম। শহরে সেনাবাহিনী নামানো হলো। তারপর ফকিরাপুল এলাকার দৈনিক বাংলার অফিসের সামনে রাস্তায় জনগণ কারফিউ ভাঙল। আমরা জানিয়ে দিলাম যে ধর্মঘট চলবে। কোনো কাগজ বের হবে না, এই মর্মে বিবৃতি দেওয়া হলো। ২৯ নভেম্বর প্রেসক্লাবে আমরা বড় সমাবেশ করলাম।
প্রথম আলো : ধর্মঘটটা ঘোষণার সময় কোনো ধরনের পিছুটান ছিল কি? কোনো কোনো পত্রিকার মালিক তো ছিল সরকার।

রিয়াজউদ্দিন আহমেদ : না, কোনো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি সেই সময় হয়নি। ধর্মঘটে গেলে কী হবে—এসব নিয়ে আমরা ভাবিনি।

প্রথম আলো : এর কারণ কি জাতীয় ঐক্য?

রিয়াজউদ্দিন আহমেদ : সেটা তো আছেই। ওই দিন বিকেল নাগাদ গণজাগরণের আভাস পাওয়া গেল। বিকেলের দিকে খবর এল এরশাদ চট্টগ্রামে ঢুকতে পারেননি। এর মধ্যেই প্রেসক্লাবে ডাক্তার মিলনের লাশ নিয়ে আসা হলো। কাগজ বন্ধ থাকায় মানুষ তো আন্দোলনের কথা কিছু জানতে পারছে না। তখন তো ইলেকট্রনিক মিডিয়া ছিল না। যেটুকুই জানতে পারছে, সেটিও ভয়েস অব আমেরিকা বা বিবিসির মাধ্যমে। তখন আমাদের ওপর চাপ সৃষ্টি হলো কাগজ খুলে দিন।

প্রথম আলো : এই চাপটা কোত্থেকে এল? রাজনীতিবিদদের কাছ থেকে, নাকি সাংবাদিকদের মধ্যে থেকে?

রিয়াজউদ্দিন আহমেদ : রাজনীতিক ও সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ বলছিলেন, এই কৌশল ভুল। কাগজও বের করা উচিত এবং আন্দোলনও চালু রাখতে হবে। শিল্পী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীরা প্রেসক্লাবকে কেন্দ্র করে জমায়েত হচ্ছিলেন। এরই মধ্যে একদিন তৎকালীন তথ্যমন্ত্রী গোলাম মোস্তফা এবং প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ সম্পাদকদের ডাকলেন। তাঁরা সচিবালয়ে বৈঠক করে সরকারের প্রস্তাব জানালেন, পত্রিকা বের করলে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে। কিন্তু ৩ ডিসেম্বর আমরা জানিয়ে দিই যে এরশাদের পতনের আগে কাগজ বের হবে না। কেননা, নিঃশব্দের শক্তি অপরিসীম। ৫ ডিসেম্বর রাত ৯টা-১০টার দিকে ঘোষণা হলো এরশাদ পদত্যাগ করলেন। পরদিন অনেকেই টেলিগ্রাম প্রকাশ করলেন।

প্রথম আলো : বিশেষ ক্ষমতা আইন এবং প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টের কালাকানুনগুলো বাতিলের দাবিও তো উঠেছিল। 

রিয়াজউদ্দিন আহমেদ : আমরা দাবিগুলো আলাদাভাবে রাজনীতিবিদের কাছে দিয়েছি। আমাদের দাবি ছিল স্বৈরাচার পতনের পরে দেশে গণতন্ত্র হবে। সংবাদপত্রের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বিচারপতি সাহাবুদ্দীন আহমদ একে একে সবার দাবি মানতে শুরু করলেন। শ্রমিকদের ব্যাপারে একটা কালাকানুন ছিল, তা-ও তিনি বাতিল করলেন। কিন্তু তিনি সংবাদপত্রের ব্যাপারে কিছুই করছিলেন না। তারপর একদিন বর্তমান প্রধানমন্ত্রীর অফিসে, যেটি তৎকালীন রাষ্ট্রপতির অফিস ছিল, আমাদের ডাকা হলো। সেখানে আমি বললাম, সাংবাদিকেরা সবার গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করলেও তাঁদের অধিকার সংরক্ষিত হয়নি। তখন তিনি বিচারপতি মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি কমিটি করে দিলেন। বর্তমানে গণমাধ্যমের যেটুকু স্বাধীনতা আমরা ভোগ করছি, তা কিন্তু সেই ’৯০-এর আন্দোলনেরই ফল। বিশেষ ÿক্ষমতা আইনের অধ্যাদেশ ১৬ ও ১৭ ধারায় ছিল যে যেকোনো সময় সরকার গণমাধ্যম বন্ধ করে দেওয়ার এখতিয়ার রাখে। পরে কমিটির সুপারিশে সেই ক্ষমতা রহিত হলো। আবার সাংবাদিকদের তাঁর খবরের সূত্র বা সোর্স প্রকাশের জন্য চাপ দেওয়ার যে আইন ছিল, তা-ও বাতিল হলো। ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে সংবাদপত্রের বিষয়ে যে দুটি কালো বিধি ছিল, তা বাতিল করা হলো। তারপরও একটা সমস্যা থেকেই গেল যে সংবাদপত্র প্রকাশের জন্য অনুমতি নেওয়া। যেটির জন্য তৎকালীন সর্বোচ্চ পর্যায়ে যেতে হতো। সেটাও কিছুটা শিথিল হলো। আইন করা হলো ডেপুটি কমিশনার যদি কাউকে ৬০ দিনের মধ্যে পত্রিকা প্রকাশের অনুমতি না দেন, তাহলে সেটি প্রেস কাউন্সিলে আসবে এবং কাউন্সিল যা সিদ্ধান্ত দেবে, সেটিই মেনে নিতে হবে। এর বিরুদ্ধে কোনো মামলা বা আপিল চলবে না।

প্রথম আলো : তাহলে মুক্ত সাংবাদিকতার পথে অনেকগুলো বাধা দূর হলো?

রিয়াজউদ্দিন আহমেদ : এরপরও দু-একটি কালাকানুন ছিল, যা আমরা রহিত করতে পারিনি। যেমন গ্রেপ্তারি পরোয়ানা। আমরা চেয়েছিলাম সাংবাদিকদের বিরুদ্ধে এটি জারি করা যাবে না, তাঁদের সমন দেওয়া যাবে। ঘুম থেকে তুলে একজনকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া চলতে পারে না। সাবেক মন্ত্রী আতাউদ্দিন খানের মামলায় জহুর হোসেন চৌধুরীকে ভোররাতে প্রায় দড়ি বেঁধেই থানায় নিয়ে যাওয়া হয়েছিল। বিএনপির আমলেও সেই সংশোধনী হলো না। তবে আওয়ামী লীগ সরকার সেটি করেছে। আমি মনে করি, এখন যেসব বড় বড় গণমাধ্যম রয়েছে, তাদের জন্ম নব্বইয়ের পর।  

প্রথম আলো : এরশাদের ক্ষমতা গ্রহণের পর থেকেই সেন্সরশিপ ছিল। কীভাবে মোকাবিলা করেছেন?

রিয়াজউদ্দিন আহমেদ : ওই সময় গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারত না দুটি কারণে। একটি হলো সরকার বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করত সেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এবং অন্যটি পত্রিকা বন্ধের ভয় দেখিয়ে। বিজ্ঞাপন এখন আর কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় না। নির্বাহী আদেশে পত্রিকা বন্ধের আইনও বাতিল হয়েছে।

প্রথম আলো : এখন কি তাহলে সাংবাদিকতা স্বাধীন?

রিয়াজউদ্দিন আহমেদ : গণতন্ত্র যদি প্রাতিষ্ঠানিকতা না পায়, দুর্বল থাকে, তাহলে সংবাদপত্রও স্বাধীনভাবে কাজ করতে পারে না। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী নয়। সংসদও প্রায় একদলীয় ও অকার্যকর। এ রকম অবস্থায় ভিন্নমতের প্রতি সহিষ্ণুতা আশা করা যায় না। এখন অনেক টিভি চ্যানেল, এফএম রেডিও এবং খবরের কাগজ বেরোচ্ছে। আবার ভয়ভীতি দেখানো ও হয়রানি বেড়েছে। সাংবাদিকদের মধ্যে আগে যে ঐক্য ছিল, দলীয় বিভাজনের কারণে তা নষ্ট হয়ে গেছে। দলীয় আধিপত্য বজায় রাখার চেষ্টা সব জায়গায়। রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকেই অনেক ধরনের বাধা তৈরি হচ্ছে। টক শোতে কারা কথা বলতে পারবেন, তা ঠিক করে দেওয়ার অভিযোগ আছে। সংবাদপত্রে বেসরকারি বিজ্ঞাপনে বাধা সৃষ্টির অভিযোগ আছে। স্বাধীন সাংবাদিকতার জন্য তাই আগে প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন। নব্বইয়ের আন্দোলনের প্রত্যাশা অনেক দিক দিয়েই পূরণ হয়নি। কার্যকর গণতন্ত্রের দিক থেকেও যেমন হয়নি, সংবাদপত্রের স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তার দিক থেকেও হয়নি।

প্রথম আলো : আপনাকে অনেক ধন্যবাদ।

রিয়াজউদ্দিন আহমেদ : আপনাকেও ধন্যবাদ।

আরও পড়ুন: