দেশীয় কৃষি যন্ত্রে ভ্যাট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজ্জাদ জহির
সাজ্জাদ জহির
সম্প্রতি জাতীয় সংসদে পেশ হওয়া ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটের শিক্ষা ও কৃষি খাত বিষয়ে দুজন বিশেষজ্ঞের সাক্ষাৎকার ছাপা হলো প্রথম আলোর পাঠকদের জন্য। কৃষি বিষয়ে কথা বলেছেন অর্থনীতিবিদ ও ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির। সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলম

প্রথম আলো : আমাদের কৃষক কেন সব সময় দরিদ্র? কেন তার উন্নতি হয় না? সে যেন একটি অবহেলিত অর্থনৈতিক শ্রেণিতেই থেকে যায়। কেন?

সাজ্জাদ জহির : এই পর্যবেক্ষণের সঙ্গে আমার দ্বিমত আছে। আমার মনে হয়, কিছু অঞ্চলে কৃষকদের চরিত্রগত পরিবর্তন ঘটে গেছে। আগের দিনের প্রান্তিক বা বর্গাচাষি, যাঁরা জীবনধারণের জন্য কোনোমতে টিকে থাকত (সাবসিস্ট্যান্স পর্যায়ে), তাদের কিন্তু ভূমি ছাড়তে হয়েছে। এখনকার কৃষকেরা অধিকাংশ অঞ্চলে অনেক বেশি গতিশীল। এখন অনেক স্নাতকোত্তর ডিগ্রিধারী মানুষও কৃষিকাজ করছে। যে লোকটা প্রযুক্তিকে বুঝে কাজে লাগাতে পারবে, সে-ই বেশি সফল হবে। আর কৃষি এখন অনেক বাজারমুখী। সুতরাং আমরা যে কৃষককুলের কথা বলছি, তারা সরকারের নীতি দ্বারা প্রভাবিত হচ্ছে। হ্যাঁ, বাজারের বিরূপ প্রভাবের কারণে তাদের অনেকেই খারাপ অবস্থায় পড়তে পারে। কারণ, ফসল ওঠার সময় দাম কমে গেলে তারা ক্ষতিগ্রস্ত হয়। বাজারের অবস্থার সঙ্গে তাদের জীবিকা অনেকাংশে জড়িয়ে পড়েছে। আগে যেমন মানুষ মূলত ভোগের জন্য উৎপাদন করত, এখন সেটা অনেক কমে গেছে। তবে এখনো অনেকেই বছরের খোরাকি তোলার জন্য চাষাবাদ করে।

প্রথম আলো : এবারের প্রস্তাবিত জাতীয় বাজেটের সঙ্গে কৃষকের ভালো থাকা, মন্দ থাকা কতটা নির্ভর করবে?

সাজ্জাদ জহির : বাজেটে তো খাতওয়ারি ব্যয় বরাদ্দ ও রাজস্বনীতি পেশ করা হয়। নীতিমালার দিক থেকে ভর্তুকি ও করের কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা অধিক গুরুত্বপূর্ণ। খাতওয়ারি সম্পদ বিনিয়োগ পর্যালোচনা করলে দেখা যায় যে, কৃষিতে পুঁজি সৃষ্টির মাত্রা কমছে। এ বরাদ্দের অধিকাংশই ক্রমবর্ধমান শাখা-প্রশাখায় কর্মরত বেতনভোগীদের ভরণপোষণে ব্যয় হয়। করনীতিতে এবার কৃষিযন্ত্রসহ বেশ কিছু কৃষিসংশ্লিষ্ট খাতে ভ্যাট আরোপ করা হয়েছে, যার তাৎপর্য খতিয়ে দেখা উচিত। আসন্ন বছরে খাদ্যে ভর্তুকির পরিমাণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও চাল আমদানির ওপর বর্তমানে শুল্ক রয়েছে, বর্তমান ঘাটতির কারণে তা তুলে দেওয়া হতে পারে। এ–জাতীয় নীতির মৌসুমি দিক রয়েছে—কৃষকের স্বার্থ রক্ষার জন্য ফসল কাটার মৌসুমে যেমন অধিক কম দাম কাম্য নয়, তেমনি সারা বছর সরবরাহ নিশ্চিত করে ভোক্তাদের স্বার্থ দেখা জরুরি। সাধারণভাবে ব্যাপারগুলো ঠিক বাজেটে মীমাংসা হওয়ার নয়। তবে বাজারের স্বার্থান্বেষী ব্যবসায়ী বা চালকলের মালিকেরা নীতিনির্ধারণে যেন প্রভাব না ফেলেন, সে ব্যাপারে সরকারের সতর্ক থাকা প্রয়োজন।

প্রথম আলো : কৃষিযন্ত্রে ভ্যাট আরোপের কারণে কি কৃষক প্রযুক্তি ব্যবহারে নিরুৎসাহিত হয়ে প্রাচীন পদ্ধতিতে চাষাবাদে ফেরত যেতে পারে?

সাজ্জাদ জহির : কৃষি যন্ত্রপাতির ব্যাপারে উদ্ভট জটিলতা আছে। একটা হচ্ছে, মূল যন্ত্র, আরেকটা যন্ত্রাংশ। খুচরা যন্ত্রাংশে সরকার আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে। শুধু কৃষকের কথা ভাবলে, সস্তা জিনিসই ভালো। কিন্তু দীর্ঘমেয়াদি অর্থনীতির কথা ভাবলে, স্থানীয় পর্যায়ে কৃষি যন্ত্রপাতি উৎপাদনে উৎসাহিত করা ভালো। এতে উদ্ভাবনী প্রক্রিয়া সক্রিয় রাখা যায়। কিন্তু যন্ত্রাংশের জন্য বাইরের ওপর নির্ভরশীল হয়ে পড়লে বিপদ। দেশের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক জোন হচ্ছে। সেখানে কৃষি যন্ত্রপাতি উৎপাদনের দেশি-বিদেশি কারখানা
হতে পারে। এখন সরকারের কাজ হচ্ছে, স্থানীয় শিল্পের সঙ্গে, যেমন বগুড়ায় এর সংযোগ তৈরি করা। অন্তত নির্দিষ্ট পরিমাণ কিছু কৃষি যন্ত্রাংশ স্থানীয় পর্যায়ে উৎপাদিত হতে দিতে হবে। টেকসই উন্নয়নের জন্য এটা নিশ্চিত করা দরকার। কিন্তু স্থানীয়ভাবে উৎপাদিত যন্ত্রাংশে ভ্যাট দিতে হলে তা কৃষকের নাগালের বাইরে চলে যেতে পারে। তাই এখানে কর অব্যাহতি দেওয়া দরকার। তবে কেবল কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানির ওপর শুল্কের হেরফের ঘটিয়ে স্থানীয় শিল্পকে টেকসই করা যাবে কি না, তা প্রশ্নসাপেক্ষ। অর্থনৈতিক জোনে বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করলেও স্থানীয় শিল্প যেন তার সঙ্গে কাজ করতে পারে। অর্থাৎ তারা যাতে ভ্যালু চেইনের মধ্যে আসতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। থাইল্যান্ড, জাপানসহ নানা জায়গায় এটা হয়েছে। বড় উৎপাদকেরা সবকিছু এক জায়গায় বসে উৎপাদন করে না। এটা প্রাইস পলিসি দিয়ে করা যাবে না। তাদের সঙ্গে দর-কষাকষি করে এটা নিশ্চিত করতে হবে।

প্রথম আলো : গত বছর ধানের ফলন খুব ভালো হয়েছিল, কিন্তু তাতে কৃষকের খুব ক্ষতি হয়েছিল। কারণ, ধানের দাম খুব কমে গিয়েছিল। এবার ধানের উৎপাদন মার খেয়েছে, ফলে দাম চড়া। কৃষকেরা খুশি, কিন্তু ভোক্তারা অখুশি। এই সমস্যার সমাধান কী?

সাজ্জাদ জহির : মূলত আমদানি নীতিমালার কারণে ধানের দাম কমে গিয়েছিল। ধান বাজারে ওঠার সময় দাম কমে গেলে মিলার ও মধ্যস্বত্বভোগীদের লাভ হয়। তারা তখন কম দামে ধান কিনে মজুত করে এবং পরবর্তী সময়ে বেশি দামে বিক্রি করে। আমদানি ও মজুতের দিকে সরকারের নজর না থাকায় তখন দাম কমে গিয়েছিল। ছোট কৃষকদের, যাদের মজুত করার সামর্থ্য নেই, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তারা এবার ধান উৎপাদন কমিয়ে দিয়েছে। এটা নির্দিষ্ট কর্তৃপক্ষ সম্ভবত আগে ধরতে পারিনি। কৃষকের দাম পাওয়া নিশ্চিত করতে সরকার এবার আমদানি শুল্ক বাড়িয়ে রেখেছিল। ফলে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে এই কারণটি যুক্ত হয়ে উৎপাদন এতটা কমে গেছে। আমাদের দেশের খাদ্য ব্যবস্থাপনায় কিছু মৌলিক ঘাটতি আছে। সরকারের হাতে তথ্য নেই, তা নয়। কিন্তু মনে হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা পরনির্ভরশীল হয়ে পড়ছি।

প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।

সাজ্জাদ জহির : ধন্যবাদ।