নদী নিয়ে বাঁচো, নদীকে বাঁচাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিন্ন নদীভিত্তিক মানুষের জীবনধারা এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ৮-১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হলো দ্বিতীয় নদী উৎসব। এটি ছিল গত বছরের জুলাইতে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে আয়োজিত প্রথম নদী উৎসবের ধারাবাহিকতা। উৎসবের উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশের বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের সভাপতি এ এস এম শামসুল আরেফিন এবং ভারতের এশিয়ান কনফ্লুয়েনসের নির্বাহী পরিচালক সব্যসাচী দত্ত কথা বলেন প্রথম আলোর সঙ্গে। তাঁদের কথোপকথনে উঠে আসে দুই দেশের অভিন্ন নদীভিত্তিক
উন্নয়ন পরিকল্পনা ও স্বপ্নের কথা। কথোপকথনে প্রথম আলোর পক্ষে ছিলেন সোহরাব হাসান

এ এস এম শামসুল আরেফিন, সব্যসাচী দত্ত
এ এস এম শামসুল আরেফিন, সব্যসাচী দত্ত

প্রথম আলো: যখন এ অঞ্চলের নদীগুলো মরে যাচ্ছে, তখন আপনারা নদী উৎসব করছেন। এই উদ্যোগ কীভাবে সফল হবে?
এ এস এম শামসুল আরেফিন: নদীকে কেন্দ্র করেই সভ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশে সাড়ে চার শ নদী আছে, যার দৈর্ঘ্য ২৮ হাজার কিলোমিটার। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক এই নদীকে কেন্দ্র করেই। একাত্তরের মুক্তিযুদ্ধ সেই সম্পর্ক আরও গভীর করেছে। ভৌগোলিকভাবে দেশ ভাগ হলেও নদী ভাগ হয়নি। ব্রহ্মপুত্র নদ অববাহিকার মানুষের মধ্যকার যোগাযোগ ও সংযুক্তি বাড়ানোই নদী উৎসবের লক্ষ্য। বিষয়টি এশিয়ান কনফ্লুয়েনসের সব্যসাচী দত্তের মাথা থেকেই এসেছে। গত বছর শিলংয়ে প্রথম নদী উৎসবে বাংলাদেশ থেকে একটি বড়সড় প্রতিনিধিদল গিয়েছিল। তখনই সিদ্ধান্ত হয় দ্বিতীয় উৎসব ঢাকায় করার।
সব্যসাচী দত্ত: নদীর উৎস পাহাড় আর গন্তব্য সমুদ্র। উৎস থেকে গন্তব্য পর্যন্ত নদীর যে দীর্ঘ যাত্রা, তাকে কেন্দ্র করেই মানববসতি, চাষবাস, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি। আরেফিন ভাই ঠিকই বলেছেন, নদীকে ভাগ করা যায় না। নদী আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, কৃষির চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সর্বোপরি নদী আমাদের জীবনযাত্রায় মুখ্য ভূমিকা রাখছে। এই নদীকে কীভাবে উপেক্ষা করি? নদী যাতে বেঁচে থাকে, সেটাই উৎসের প্রধান উদ্দেশ্য। প্রথম উৎসবের প্রতিপাদ্য ছিল ‘নদীর কথা শোনো’। নদী নিয়ে আমাদের যেমন ইতিহাস-ঐতিহ্য আছে, তেমনি আছে ভবিষ্যৎ। বাংলাদেশ কিন্তু একটি বিরল দৃষ্টান্ত; আর কোথাও একসঙ্গে এতগুলো নদী সমুদ্রে মেশেনি। অতএব, কেবল বাংলাদেশ নয়, এ অঞ্চলের প্রতিটি দেশের স্বার্থে নদীগুলো বাঁচিয়ে রাখতে হবে। নদীর ওপর এ অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন–জীবিকা নির্ভরশীল।
শামসুল আরেফিন: আমাদের আরেকটি লক্ষ্য হলো জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের উন্নয়ন। ফ্রেন্ডস অব বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম মুক্তিযুদ্ধের সময় যাঁরা আমাদের সহযোগিতা করেছেন, তাঁদের সঙ্গে একটি সংযোগ রক্ষা করার জন্য। বাংলাদেশের জন্মের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁরা তো বাংলাদেশকে ভুলতে পারেন না। কীভাবে আমরা একসঙ্গে থাকতে পারি, জীবনমানের উন্নয়ন করতে পারি, সেসব নিয়েই বিভিন্ন ফোরামে আলোচনা হয়। আমরা সরকারকে বলি, মানুষের কথা শোনো, তারা কী চায়, কী করলে দুই দেশের মানুষ উপকৃত হবে। যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লুক ইস্ট নীতির কথা বলেছেন। পুব দিকে রয়েছে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। এসব দেশ কীভাবে একে অপরের কাছাকাছি এসেছে, তা থেকে আমরা শিক্ষা নিতে পারি।
প্রথম আলো: নদী উৎসবের অর্জন কী?
সব্যসাচী দত্ত: এই উৎসবে আমরা সরকারের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং নদীভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরশীল মানুষকে একসঙ্গে বসাতে পেরেছি। তাঁরা একে অপরের কথা শুনেছেন, শুনিয়েছেন। অনেক সময় বিশেষজ্ঞ কিংবা নাগরিক সমাজের প্রতিনিধিরা আলোচনা করেন, প্রস্তাব নেন কিন্তু সেটি নীতিনির্ধারকদের কাছে পৌঁছায় না। দুটি উৎসবেই বাংলাদেশ ও ভারতের নদী বিশেষজ্ঞ, পরিবেশবিদদের পাশাপাশি মন্ত্রী-সচিবদেরও একত্র করেছি। বিভিন্ন বিষয়ে তাঁরা ভাবের আদান-প্রদান করেছেন, প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেছেন। এতে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়েছে।
শামসুল আরেফিন: উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আরেকটি উদ্দেশ্য অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বার্থ। বাংলাদেশ শিল্পে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতে এখনো পিছিয়ে। আমরা ভারতের শিল্প উদ্যোক্তাদের বলেছি, বাংলাদেশে শিল্পকারখানা করুন। এখান থেকে কম খরচে উত্তর-পূর্ব ভারতে পণ্য নেওয়া যাবে। মুম্বাই, কলকাতা থেকে আনতে অনেক খরচ ও সময়ের প্রয়োজন। প্রতি মাসে প্রাণের ৮–১০ কোটি টাকার পণ্য যাচ্ছে। বেঙ্গল গ্রুপের পণ্য যাচ্ছে, সিমেন্ট যাচ্ছে। এরপরও যেসব বাধা আছে, সেগুলো ধীরে ধীরে উঠে যাবে।
প্রথম আলো: উত্তর-পূর্ব ভারতে সাতটি রাজ্য আছে। সেখানকার সরকারগুলো বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে কতটা আগ্রহী?
সব্যসাচী দত্ত: উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যের সরকারই বাংলাদেশের সঙ্গে কাজ করতে উদ্‌গ্রীব। ডাউকি উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। ঢাকা উৎসবে আসামের পানিসম্পদমন্ত্রী এসেছিলেন, তিনি যোগাযোগ বাড়ানোর কথা বলেছেন। আমাদের হাইকমিশনার তাঁকে নতুন সড়ক সম্পর্কে বলেছেন। এটি হবে আন্তর্জাতিক সড়ক, এশীয় হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। পুরোনো রেললাইন চালুরও চেষ্টা চলছে। উত্তর-পূর্ব ভারতে অনেক সবজি ও ফল উৎপন্ন হয়। বাংলাদেশের উদ্যোক্তারা সেখানে কৃষিভিত্তিক যৌথ শিল্প গড়ে তুলতে পারেন।
শামসুল আরেফিন: উত্তর–পূর্ব ভারতে নৌপথে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের ছয়টি নদীবন্দর কাজ শুরু করেছে। আশুগঞ্জ ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হয়েছে। আসাম থেকে কলকাতা পর্যন্ত জাহাজে পণ্য যাবে। ভবিষ্যতে মানুষও আসা–যাওয়া করতে পারবেন। জাহাজেই ইমিগ্রেশন হবে। এ ছাড়া সুন্দরবনে ‘ওয়ান সার্কেল’ হচ্ছে। বাংলাদেশের যাত্রীরা মোংলা থেকে জাহাজে উঠে কালিন্দি হয়ে ফিরে আসবেন। আবার ভারতের যাত্রীরা কালিন্দি থেকে জাহাজে উঠে বাংলাদেশের সুন্দরবন দেখে ফিরে যেতে পারবেন। কিন্তু তাঁরা জাহাজ থেকে নামবেন না। প্রতি মাসে আমাদের সাংস্কৃতিক প্রতিনিধিরা যাচ্ছেন। তাঁরাও আসছেন। এর মাধ্যমে যোগাযোগটা নিবিড় হচ্ছে।
প্রথম আলো: এই মুহূর্তে যৌথ নদীগুলোর অবস্থা কেমন?
সব্যসাচী দত্ত: অবস্থা ভালো নয়। ব্রহ্মপুত্র ভরাট হয়ে যাচ্ছে, প্রচুর পলি পড়ছে। উজানে বাঁধ দেওয়া হচ্ছে। শুধু ড্রেজিং করলেই নদী বাঁচবে না, নদীকে বাঁচিয়ে রাখতে সম্মিলিত ও সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। নদীর সঙ্গে এ অঞ্চলের মানুষের কৃষি, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সংযোগ বাড়াতে হবে। এত দিন আমরা কেবল নদী থেকে নিয়েছি; নদীর যে নিজস্ব চাহিদা আছে, সেদিকে নজর দিইনি।
প্রথম আলো: ধারণা ছিল, দুই দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন তথা সড়ক, নৌ ও রেল যোগাযোগ বাড়লে দুই দেশের মানুষের যাতায়াত বাড়বে। বাস্তবে দেখছি বাংলাদেশের মানুষই বেশি যাচ্ছে ভারতে, ওখান থেকে তেমন আসছে না।
সব্যসাচী দত্ত: আমার ধারণা, বাংলাদেশের দর্শনীয় স্থান, ঐতিহাসিক জায়গাগুলো সম্পর্কে ভারতের মানুষ তেমন জানে না। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, অবকাঠামো, ক্ষুদ্রঋণ ইত্যাদি ক্ষেত্রে যেসব সাফল্য আছে, ভারতের মানুষের কাছে তা তুলে ধরতে হবে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কেও তাদের জানাতে হবে। বাংলাদেশে যে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত অনেক স্থান আছে, সে সম্পর্কেও তারা জানে না। জানাতে পারলে বাংলাদেশ সম্পর্কে তাদের আগ্রহ বাড়বে।
শামসুল আরেফিন: আমি পর্যটনের মানুষ। সত্যিকার অর্থে এ অঞ্চলে পর্যটক নেই। বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে, সেই ফাঁকে পাঁচ–ছয় দিন কোথাও ঘুরে আসছে। ভারতেও পূজার সময় মানুষ ছুটি কাটাতে কোথাও ঘুরতে যাচ্ছে। কিন্তু পর্যটন হলো অবকাশ উদ্‌যাপন। পশ্চিমারা যেটি করে, নতুন জায়গা নতুন দেশ দেখে। ভারতের পশ্চিমবঙ্গে ৬০ শতাংশ রোগী বাংলাদেশের। শাড়ি কাপড় কিনতেও তারা যায়। তবে এখন বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভারতের অনেক শিক্ষার্থী আছেন। আরেকটি সমস্যা, আমাদের এখানে পর্যটনের মৌসুমে রাজনৈতিক আন্দোলন হয়ে থাকে। পর্যটন বোর্ড গঠনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, মানুষ যাতে আজ পাহাড় দেখে কাল সমুদ্র দেখতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে; কাঠমান্ডু–গুয়াহাটির মতো পাহাড়ি এলাকার মানুষও যাতে কম সময়ে সমুদ্র দেখতে আসতে পারে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ চালু হয়েছে। এটিও পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় বিষয়।
প্রথম আলো: প্রথম নদী উৎসবে ভারত ও বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, মিয়ানমারের প্রতিনিধিরা ছিলেন। এবার দুই দেশের প্রতিনিধিরা এসেছেন। তাহলে কি এটি দ্বিপক্ষীয় হয়ে গেল?
সব্যসাচী দত্ত: ঠিক দ্বিপক্ষীয় নয়। কয়েক দিন আগেই নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় আরেকটি আঞ্চলিক সংলাপ হলো, যেখানে মিয়ানমার ও বাংলাদেশের প্রতিনিধিরা ছিলেন। আমরা বিমসটেক, বিবিআইএনের অন্তর্ভুক্ত সব দেশের মধ্যে নদীভিত্তিক পর্যটন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছি।
প্রথম আলো: বাংলাদেশ সম্পর্কে ভারতীয় নীতিনির্ধারকদের মনোভাব কতটা পরিবর্তন হয়েছে বলে মনে করেন? একসময় তো সাউথ ব্লকের দৃষ্টি ছিল পাকিস্তানের দিকে।
শামসুল আরেফিন: অনেক পরিবর্তন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বা সাউথ ব্লক পাকিস্তানকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে সরে এসেছে। তারা বুঝতে পেরেছে কলকাতা থেকে গুয়াহাটি যেতে লাগে চার দিন। চট্টগ্রাম বন্দর দিয়ে এক দিনে গুয়াহাটিতে পণ্য পৌঁছানো যায়, ত্রিপুরায় কয়েক ঘণ্টায়।
প্রথম আলো: মেঘালয় বাংলাদেশের কাছে থেকেও এত দূরে কেন?
সব্যসাচী দত্ত: কারণ যোগাযোগ। ডাউকি ছাড়া দ্বিতীয় কোনো সড়ক নেই। একসময় ট্রেন যোগাযোগ ছিল, সেটি আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে চারটি সীমান্ত হাট আছে। আমরা ২৪টির প্রস্তাব দিয়েছিলাম। ডাউকিতে পূর্ণাঙ্গ স্থলবন্দর হচ্ছে। সড়ক প্রশস্ত হচ্ছে। আমরা বাংলাদেশের উদ্যোক্তাদের কাছে সেখানে তৈরি পোশাকশিল্প করার প্রস্তাব দিয়েছি।
প্রথম আলো: আপনারা জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বাড়ানোর পক্ষে কাজ করছেন। কিন্তু ভিসা পাওয়া তো একটি সমস্যা?
শামসুল আরেফিন: ভিসা সমস্যা এখানকার চেয়ে কলকাতায় আরও বেশি। এখানে ভারতের ভিসা সহজেই পাওয়া যায়। দিল্লিতেও হয়তো বাংলাদেশের ভিসা পাওয়া সহজ। কিন্তু কলকাতায় কঠিন। কারণ নিরাপত্তা। এখান থেকে অনেক জঙ্গি গিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে। ওপার থেকেও জঙ্গিরা আসতে পারে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হয়। কিন্তু আগরতলা, গুয়াহাটিতে বাংলাদেশের ভিসা পেতে সমস্যা হয় না। আশা করি, ভবিষ্যতে ভিসার সমস্যা থাকবে না।
প্রথম আলো: নদীর পানি ভাগাভাগির সমস্যা তো রয়েই গেছে।
সব্যসাচী দত্ত: পানি সমস্যার মূল কারণ নদীগুলো মরে যাচ্ছে। তাই এ সমস্যা সমাধানে নদীগুলোকে বাঁচাতে হবে। এ ছাড়া পানি সমস্যার ব্যাপারে আমাদের আরও সংবেদনশীল হতে হবে। অন্যের সমস্যা বুঝতে হবে। নদী বাঁচলে এ অঞ্চলের সব দেশের মানুষই উপকৃত হবে।
প্রথম আলো: আপনাদের পরবর্তী পদক্ষেপ কী?
শামসুল আরেফিন: বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সব রাজ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা হবে। সাংস্কৃতিক যোগাযোগ আরও বাড়াতে হবে। ১৩, ১৪, ১৫ জানুয়ারি ঢাকায় আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন হবে। সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ ভারত থেকে অনেকে আসবেন। মার্চে কক্সবাজারে বাংলাদেশ–ভারত সংলাপ হওয়ার কথা আছে।
প্রথম আলো: এসব সত্ত্বেও সম্পর্কের টানাপোড়েন লক্ষ করা যাচ্ছে। মাঝেমধ্যে সাম্প্রদায়িক বিষয়গুলো মাথাচাড়া দিয়ে উঠছে।
শামসুল আরেফিন: ইউরোপ যখন ধর্ম থেকে বেরিয়ে এসেছে, তখন কিন্তু আমাদের এ অঞ্চলে ধর্মীয় উন্মাদনা ছিল না। সেখানে রেনেসাঁ হয়েছে। আর আমরা ধর্মে ঢুকে পড়ছি। এটি মধ্যপ্রাচ্য থেকেই এসেছে। তবে এখানকার সাধারণ মানুষ কখনোই উন্মাদনাকে প্রশ্রয় দেয়নি। বিশ্বায়নের যুগে উন্নয়নই চালিকাশক্তি। তাই ধর্মীয় বিভেদকে পেছনে ফেলে মানুষ এগিয়ে যাবে।
সব্যসাচী দত্ত: মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়লে বিভাজন আপনাতেই কমে যাবে। এ অঞ্চলের সব কটি দেশের সঙ্গে কাজ করার সুযোগ আছে। সম্প্রতি কোহিমায় আঞ্চলিক সম্মেলন হয়েছিল। সেখানে বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিনিধিরা একসঙ্গে বসে কথা বলেছেন। তবে মিয়ানমারের প্রতিনিধিরা রাখাইনের সাম্প্রতিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
প্রথম আলো: সরকারগুলো নাগরিক সমাজের কথা কতটা শুনছে?
শামসুল আরেফিন: বাংলাদেশের সমাজ সংস্কৃতিচালিত, ভারতেরও। এখানে রাজনীতি সমাজকে চালিত করে না। সমাজই রাজনীতিকে চালিত করে। তাই আমরা আশাবাদী। তা ছাড়া আগের প্রজন্মের কাছে দেশভাগের যে তিক্ততা ছিল, সেটি আর নতুন প্রজন্মকে স্পর্শ করছে না। তারা নিজেদের অর্থনৈতিক উন্নয়নে পরস্পরের কাছে আসছে।
সব্যসাচী দত্ত: আমরা প্রতিবছরই নদী উৎসব করে নদী অববাহিকার মানুষগুলোর সুখ–দুঃখ ভাগ করে নেওয়ার কথা বলব। এ–ও বলব, একসঙ্গে থাকলে সমৃদ্ধি আসবে, সমস্যা লাঘব হবে। নদী নিয়ে বাঁচতে হবে, নদীকেও বাঁচাতে হবে।
প্রথম আলো: আপনাদের ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।