নাসিরনগর ও সাঁওতালপল্লিতে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঙ্কজ ভট্টাচার্য
পঙ্কজ ভট্টাচার্য
ঐক্য ন্যাপের সভাপতি ও সামাজিক আন্দোলনের নেতা পঙ্কজ ভট্টাচার্য। একসময় ঐক্যবদ্ধ ন্যাশনাল আওয়ামী পার্টির (মোজাফফর) সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তিনি আক্রান্ত নাসিরনগর ও গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লি পরিদর্শন করেন। তাঁর অভিজ্ঞতা ও উপলব্ধি নিয়ে প্রথম আলোরপক্ষ থেকে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়। : সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

প্রথম আলো : আক্রান্ত নাসিরনগর এবং গোবিন্দগঞ্জের উচ্ছেদ করা সাঁওতালপল্লিতে আপনি গিয়েছিলেন। কী দেখলেন?

পঙ্কজ ভট্টাচার্য : আমিসেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস দেখেছি। প্রথমে যদি নাসিরনগরের কথা বলি, সেখানে প্রশাসনের একাংশ, পুলিশ বাহিনীর একাংশ এবং শাসক দলের একাংশ সমন্বিতভাবে হামলার ঘটনা ঘটায় জামায়াত ইত্যাদির সহায়তায়। যে ছেলে ফেসবুক ব্যবহার করতেই জানে না, তার নামে পোস্ট করে ধর্ম অবমাননার অপপ্রচার চালানো হয়েছে। ছেলেটিকে গ্রেপ্তারের পরদিন সমাবেশের অনুমতি দেওয়া হলো হেফাজতে ইসলাম ও আহলে সুন্নত ওয়াল জামাআতকে এবং ওসি-ইউএনও সেখানে বক্তব্যও দিলেন। সেই সমাবেশ থেকেই সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হলো।

প্রথম আলো : ওইদুটি সংগঠনের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পর্ক কী?

পঙ্কজ ভট্টাচার্য : জেলা প্রশাসন বলেছে, ক্ষমতাসীনদের সঙ্গে ওই দুই সংগঠনের সম্পর্ক ঘনিষ্ঠ বলেই আমরা অনুমতি দিয়েছি। সেখানে আওয়ামী লীগের জেলা সভাপতির সঙ্গে এলাকার দুই মন্ত্রীর বিরোধ আছে। এক মন্ত্রী (আইনমন্ত্রী) এলাকায়ই যান না। আরেক মন্ত্রী (মৎস্য ও প্রাণিসম্পদ) জেলা সভাপতির বিরুদ্ধে টাকা খেয়ে ইউপি নির্বাচনে নমিনেশন দেওয়ার নালিশ করেছেন। আবার জেলা সভাপতি মন্ত্রীকে সাম্প্রদায়িক বলেন। নাসিরনগরে গিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দেখিনি, মোশতাকের আওয়ামী লীগকে দেখেছি। আমি সে কথা ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদেরও বলেছি।

প্রথম আলো : মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে আওয়ামী লীগের সদ্ভাব হলো কীভাবে?

পঙ্কজ ভট্টাচার্য : ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাদের সঙ্গেই জামায়াত-হেফাজত ঘরানার লোকদের যোগাযোগ আছে। এই ঘরানার লোকেরাই সুরসম্রাট দ্য আলাউদ্দিন সংগীতাঙ্গনে হামলা করেছে। আওয়ামী লীগের যে তিন নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তার বাইরেও দলের একাধিক নেতা ঘটনার সঙ্গে জড়িত বলে আক্রান্ত ব্যক্তিরা জানিয়েছেন। ঘটনার সঙ্গে বিএনপিরও কিছু লোক জড়িত। তবে আওয়ামী লীগের ভূমিকাই ছিল মুখ্য। দুঃখজনক হলো, এখন আওয়ামী লীগের লোকজন দেখলে নাসিরনগরের সংখ্যালঘুরা ভয় পান। আর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাটি নাসিরনগরে সীমিত থাকেনি, সারা দেশে অভিঘাত ফেলেছে। আমরা রাষ্ট্রের সাম্প্রদায়িক চরিত্রই লক্ষ করছি। আওয়ামী লীগের অনেকটা জামায়াতীকরণ হয়ে গেছে। বিএনপি আকণ্ঠ নিমজ্জিত, আওয়ামী লীগ আবক্ষ। বিভিন্ন স্থানে জামায়াতের বহু নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। সাতকানিয়া জামায়াতের রুকন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান হয়েছেন।

প্রথম আলো : গোবিন্দগঞ্জের ঘটনার সূচনা তো জমি নিয়ে?

পঙ্কজ ভট্টাচার্য : ১৯৬২ সালে রংপুর চিনিকল প্রতিষ্ঠার জন্য পাকিস্তান সরকার সাঁওতালদের ১৫টি ও বাঙালিদের ৫টি গ্রাম অধিগ্রহণ করেছিল। তখন এসব গ্রামের বাসিন্দাদের গ্রাম ছেড়ে যেতে বাধ্য করা হয়। মোট জমি ১ হাজার ৮৪২ দশমিক ৩০ একর। ২০০৪ সালে চিনিকল লে-অফ করা হয়, সেখানকার জমিতে গম, তামাক ইত্যাদি চাষ করা হয়। চিনিকল কর্তৃপক্ষ কোটি কোটি টাকার এই জমি নামমাত্র মূল্যে প্রভাবশালী ব্যক্তিদের কাছে লিজ দেয়। কিন্তু সাঁওতালরা লিজ নিতে চেয়েও পাননি। নির্বাচনের আগে স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদ এখানে সাঁওতালদের বসতি গড়তে উৎসাহিত করেন। আর নির্বাচনের পর তাঁদের উচ্ছেদ করতে মরিয়া হয়ে ওঠেন। মাত্র ১০০ একর জমিতে সাঁওতালরা ঘরবাড়ি করে বসবাস করতেন। আমরা শিল্পমন্ত্রী ও প্রশাসনকে বলেছিলাম, গায়ের জোরে ওঠাতে যাবেন না, রক্তপাত হবে। কিন্তু তাঁরা আমাদের কথা শোনেননি। আমরা ডেপুটি স্পিকারকে বলেছি, সংসদীয় কমিটিতে বলেছি। সেখানে ১ হাজার ৫০০ লোক বসতি স্থাপন করেছিলেন, ১ হাজার ২০০ সাঁওতাল ও ৩০০ বাঙালি। সবাইকে উচ্ছেদ করা হয়েছে। আক্রান্ত এলাকায় কোনো পুরুষ মানুষ নেই। নারীরা অসহায়, শিশুরা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, অনেকের ঘরে খাবার নেই। স্বাধীন বাংলাদেশে এই দৃশ্য কল্পনা করা যায়?

প্রথম আলো : কিন্তু সাঁওতালরা তো মনোবল হারাননি?

পঙ্কজ ভট্টাচার্য : সাঁওতালদের মনোবল অটুট আছে। প্রথমে সরকারের সাহায্যও প্রত্যাখ্যান করেছিলেন এই বলে যে, যে ইউএনও তাঁদের গুলি করার নির্দেশ দিয়েছেন, তাঁর হাত থেকে তাঁরা ত্রাণ-সহায়তা নিতে পারেন না। পরে অন্য কর্মকর্তারা গিয়ে ত্রাণসামগ্রী দিয়েছেন এবং তাঁরা নিয়েছেন। এই মানুষগুলো কোথায় যাবেন? আমরা বলেছি, মামলা প্রত্যাহার করো, গ্রেপ্তার করা ব্যক্তিদের ছেড়ে দাও। চিনিকল এলাকায়ই তাঁদের বসবাসের সুযোগ করে দিতে হবে। আহত ও ক্ষতিগ্রস্ত মানুষ এবং নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তাঁরা প্রকৃতির সন্তান। তাঁদের অন্য কোথাও নেওয়া চলবে না।

প্রথম আলো : দেশের সার্বিক পরিস্থিতি কেমন মনে করছেন?

পঙ্কজ ভট্টাচার্য : লক্ষণ ভালো না। মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছে। তার অর্জন ও চেতনা অনেকটাই ভূলুণ্ঠিত। দিনাজপুরের একটি গির্জায় হামলা করতে গিয়ে একজন হৃদ্‌রোগে মারা গেলেন। আর পুলিশ গির্জার লোকজনদের বিরুদ্ধে মামলা করল, কিন্তু আক্রমণকারীদের কিছু বলল না। জেলা প্রশাসন বলল, সংখ্যাগুরু সম্প্রদায়ের অনুভূতিকে সম্মান দিতে হবে। কিন্তু সংখ্যালঘুদের কি অনুভূতি নেই? প্রশাসন গ্রামে গ্রামে মেলা বন্ধ করে দিয়েছে, এমনকি পয়লা বৈশাখের অনুষ্ঠানও বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে বলছে। এতে মেলাবিরোধী গোষ্ঠীই আশকারা পাচ্ছে।

প্রথম আলো : তাহলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো ফারাক নেই?

পঙ্কজ ভট্টাচার্য : ঐতিহ্যগত ফারাক আছে, বাস্তবে ফারাকটি কমে আসছে। আওয়ামী লীগের জন্ম গণমানুষের মধ্যে থেকে। তারা গণমানুষের অধিকার আদায়ে লড়াই করেছে, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিন্তু এখন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে
আপস করছে। মৌলবাদী অর্থনীতিতেও আওয়ামী লীগ জড়িয়ে পড়েছে। ফরিদপুরে জামায়াতের কো–অপারেটিভে, বিভিন্ন স্থানে হাসপাতালে, আর্থিক প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোক ঢুকছে। তবে একটি বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ফারাক আছে। আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করছে। বিএনপি বিরোধিতা করছে। বিএনপি জামায়াতকে ছাড়ছে না। আর আওয়ামী লীগ ছাড় দিচ্ছে। পাকিস্তান আমলে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়াতে পারলেও এখন পারছি না। তখন মানুষ এসে পাশে দাঁড়াত। এখন অনেককে পাওয়া যায় না। কোথাও বঙ্গবন্ধু, ভাসানী কিংবা মণি সিংহের অনুসারীদের দেখছি না। সবাই সুযোগ–সুবিধা, ভাগ-বাঁটোয়ারা নিয়ে ব্যস্ত।

প্রথম আলো : আপনি যা বললেন, সবই তো হতাশার কথা। উত্তরণের পথকী?

পঙ্কজ ভট্টাচার্য : কেবল রাজনীতি দিয়ে হবে না। সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ চাই। অর্থনীতির সূচকের পাশাপাশি মানবিক মূল্যবোধের সূচকও বাড়াতে হবে। নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। এ জন্যই আমরা জাতীয় কনভেনশন ডাকার আহ্বান জানাই। সবাই মিলে দেশটাকে রক্ষা করতে হবে। রাজনীতিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। শিক্ষাঙ্গনে মূল্যবোধের উজ্জীবন ঘটাতে হবে। কিন্তু ২৫ বছর ধরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নেই। নতুন নেতৃত্ব না গড়লে সৃজনশীল ধারায় দেশকে এগিয়ে নেবে কে?

প্রথম আলো : কিন্তু আওয়ামী লীগ তো ধর্মবাদী গোষ্ঠীগুলোকে চটাতে চাইছে না। দলের সাধারণ সম্পাদক বলেছেন, রাষ্ট্রধর্ম বাতিলের চিন্তা তাঁদের নেই।

পঙ্কজ ভট্টাচার্য : এই নীতি তাৎক্ষণিক সুবিধা দিলেও দীর্ঘ মেয়াদে ক্ষতি ডেকে আনবে। এ ক্ষেত্রে আমাদের লেখক-বুদ্ধিজীবী-সাংবাদিক তথা নাগরিক সমাজেরও দায়িত্ব আছে। তারা তো রাজনীতিবিদদের বলতে পারে, এটাঠিক নয়।

প্রথম আলো : কিন্তু আওয়ামী লীগ কি তাদের কথা শুনবে?

পঙ্কজ ভট্টাচার্য : না শুনলেও বলতে হবে। যে সংসদে ৮০ শতাংশ ব্যবসায়ী সে সংসদে রাজনীতি আদর্শবাদের ভিত্তিতে চালিত হতেপারে না।

প্রথম আলো : এর দায় কি বামপন্থীরাও এড়াতেপারেন? তাঁরা  এত বিভক্ত কেন?

পঙ্কজ ভট্টাচার্য : তাঁরা এখন চিন্তার দিক থেকেও প্রান্তিক। জনগণ এগিয়ে গেলেও বামপন্থীরা পুরোনো ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে পারেন না। গোবিন্দগঞ্জ চিনিকল এলাকায় একজন বামপন্থী নেতা শতাধিক একর জমিলিজ নিয়েছেন।

প্রথম আলো : ১৪ দলীয় জোটের সঙ্গে ঐক্য ন্যাপের সম্পর্ক কী? আপনারা জোটেআছেন, না নেই?

পঙ্কজ ভট্টাচার্য : আনুষ্ঠানিকভাবে আমরা ১৪ দলে নেই। তারা ডাকলে আমরা গিয়ে আমাদের কথা বলি। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের কথা তাদের পছন্দ নয়। আওয়ামী লীগ অন্যদের অবদান স্বীকার করতে চায় না। হাইকোর্টের রায়ে মুক্তিযুদ্ধে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সমন্বয়ে গঠিত গেরিলা সংগঠনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু সরকার এর বিরুদ্ধে আপিল করেছে। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা প্রতিক্রিয়াশীল চক্রকে নিবৃত্ত করতে না পারলে কিছুই হবে না। জনগণের স্বার্থে সরকার যেসব আইন করেছে, সেগুলো বাস্তবায়ন করতে গিয়ে আওয়ামী লীগ একবার এগোয়, দুবার পেছায়। পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনটিও আটকে দিয়েছেন প্রশাসনেরকর্মকর্তারা।   

প্রথম আলো : রাষ্ট্রধর্ম রেখে কি সংখ্যালঘুদের অধিকারপ্রতিষ্ঠা সম্ভব?

পঙ্কজ ভট্টাচার্য : আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম বাতিল করবে না। যেদিন ১৫তম সংশোধনী পাস হয় সেদিন বলেছিলাম, সামরিক শাসক জিয়া ও এরশাদের বুটে পা রেখে শেখ হাসিনা দেশ চালাচ্ছেন। চার মূলনীতির পুনঃস্থাপন ব্যতীত আদর্শিক রাজনীতি আশা করা যাবে না, সাম্প্রদায়িক শক্তির উত্থান ঠেকানোও কঠিন হবে। আসলে আওয়ামী লীগ ঐতিহ্য ধারণ করলেও আদর্শ অনুশীলনের সামর্থ্য হারিয়েছে। তবে আওয়ামী লীগ যতই নিজেকে ধর্মবাদী প্রমাণের চেষ্টা করুক না কেন, মৌলবাদী গোষ্ঠী কিন্তু বরাবর তাকে শত্রুই ভাবছে। এখন সংকট উত্তরণের দুটি উপায় আছে। একটি হলো সবাই মিলে জাপানিদের মতো হারিকিরি বা আত্মহননে লিপ্ত হওয়া অথবা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরিয়ে আনা।

প্রথম আলো : আপনি প্রত্যন্ত অঞ্চলে ঘোরেন, মানুষের সঙ্গে মেশেন। বর্তমান অবস্থাটা তারা কীভাবে দেখছে?

পঙ্কজ ভট্টাচার্য : আওয়ামী লীগ আত্মবিশ্বাসী হতে পারছে না। তারা কম গণতন্ত্র, বেশি উন্নয়নের কথা বলছে। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রত্যয়ই ছিল গণতন্ত্র। তাই শাসক দলের উচিত ছিল গণভিত্তি বাড়ানো, বাস্তবে তার লক্ষণ দেখতে পারছি না। রাজনৈতিক আওয়ামী লীগের জায়গা দখল করেছে আমলাশাসিতআওয়ামী লীগ। 

প্রথম আলো : ২০১৯ সালের নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে।আশা দেখেন কি?

পঙ্কজ ভট্টাচার্য : ২০১৯ সালের আগ পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল থাকবে, প্রান্তিক জনগণ সব অন্যায় মুখ বুজে সহ্য করবে, তা
ভাবা ঠিক নয়। ভোটব্যবস্থার আমূল পরিবর্তন না আনতে পারলে ভোটের মাধ্যমে স্থিতিশীলতা আশা করা যায় না। পৃথক সচিবালয়সহ স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই। আর মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসছে, তারা তো ভয়ংকর। তাই ক্ষমতাসীনদের বলব, অন্যকে দোষারোপ করার আগে আত্মজিজ্ঞাসা ও আত্মসমালোচনা করুন। ধর্মকে রাজনীতিতে আনলে সমাজের বহুমাত্রিকতা, বহু চিন্তার পরিসরটিকমে যায়।

পঙ্কজ ভট্টাচার্য : ভারতের ক্ষমতাসীন বিজেপি যেসব নীতি ও পরিকল্পনা নিয়েছে, তা কি বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থের অনুকূল?

পঙ্কজ ভট্টাচার্য : ভারত সরকার সার্বিকভাবে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা উপলব্ধি করছে বলে মনে হয় না। তারা উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল, সেটি সমাধান হয়েছে, তাতেই তারা খুশি। তবে তাদের উদ্বেগ আছে সংখ্যালঘুরা যাতে ব্যাপক হারে এখান থেকে না যায়। চীন ও আমেরিকার সঙ্গে বেশি মাখামাখি কিংবা সৌদি আরবের সঙ্গে সামরিক জোট গঠনকেও তারা ভালোভাবে নেবে না। 

প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।

পঙ্কজ ভট্টাচার্য : আপনাকেও ধন্যবাদ।