>

বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এ নিয়ে দলের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ ও সমালোচনা চলছে। নতুন কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, যিনি আগের কমিটিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। অন্যদিকে স্থায়ী কমিটিতে থাকা আ স ম হান্নান শাহ নতুন কমিটিতে একই অবস্থানে থাকলেও সামগ্রিকভাবে কিছুটা অসন্তুষ্ট। বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে বিতর্কের পটভূমিতে প্রথম আলো এই দুই নেতার মুখোমুখি হয়। সাক্ষাৎকার নিয়েছেন শরিফুজ্জামান
প্রথম আলো : দলের নতুন কমিটিতে অনেকের যথাযথ মূল্যায়ন করা হয়নি, তাঁদের মধ্যে আপনার নামও আসছে। স্থায়ী কমিটিতে আপনার অবস্থান এক ধাপ নেমে যাওয়া কি ভুল, না ইচ্ছাকৃত?
আ স ম হান্নান শাহ : এ বিষয়ে কিছু বলতে চাই না। তবে ভুল হওয়ার কথা নয়।
প্রথম আলো : প্রবীণদের কি নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সময় আসেনি?
হান্নান শাহ : একটি রাজনৈতিক দলের নেতৃত্বে সব ধরনের নেতার দরকার হয়। এবারের জাতীয় নির্বাহী কমিটিতে নতুন মুখ, তরুণ বা যুবকদের অংশগ্রহণ চোখে পড়ার মতো, যা ২৫ শতাংশের কম হবে না। এই নতুন মুখদের জন্য সামনে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে, কাজের মাধ্যমে তাঁদের যোগ্যতা প্রমাণ করতে হবে।
প্রথম আলো : কমিটি নিয়ে প্রকাশ্য বিবাদ বা অসন্তোষ কি দলের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে না?
হান্নান শাহ : নেতৃত্বে কিছু লোক ঢুকেছে, যারা অনেকের অপছন্দের। আবার কেউ কেউ পদবঞ্চিত হয়েছে। একটা বড় দলে এটা থাকবে। তবে এমনটি না হলেই ভালো হতো। দলের চেয়ারপারসন ত্যাগী নেতাদের কমিটিতে নেওয়ার কথা বলেছিলেন। সেই চেষ্টাও করেছেন। তারপরও হয়তো কেউ কেউ বাদ পড়েছে। চেয়ারপারসন যখন জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বসবেন, তখন বিষয়টি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে।
প্রথম আলো : দলের মহাসচিব বঞ্চিতদের আগামী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। তাতে আপনার প্রতিক্রিয়া কী?
হান্নান শাহ : আমি ওনার এই বক্তব্যের সঙ্গে একমত নই। যদি কেউ বঞ্চিত হয় এবং কারও সত্যিকার অবদান থাকে, সেটি নিশ্চিত হলে যেকোনো সময় তাকে কমিটিতে নেওয়া যায়। এর প্রমাণ মহাসচিব নিজেই, তাঁকে দলের কাউন্সিল ছাড়া মহাসচিব করা হয়েছে। অতএব, প্রয়োজনে যে কাউকে কমিটিতে নেওয়া যায়।
প্রথম আলো : এই কমিটি গঠনে কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে আপনার ধারণা? বলা হচ্ছে, চেয়ারপারসনের কার্যালয়ের কারও কারও ভূমিকা ছিল।
হান্নান শাহ : মূল ভূমিকা তো একজনেরই, তিনি দলের চেয়ারপারসন। কাউন্সিল থেকে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এত বড় কাজ করতে গিয়ে তিনি অনেকেরই সহায়তা বা পরামর্শ নিতে পারেন। সেই সুযোগে কম যোগ্য কেউ ঢুকে পড়তেও পারে। এটা অস্বাভাবিক নয়।
প্রথম আলো : দল থেকে কেউ কেউ অবসর নেবেন, কেউবা রাজনীতি ছেড়ে দেবেন বা অন্য দলে যাবেন—এমনটা বলা হচ্ছে।
হান্নান শাহ : দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কেউ পদত্যাগ করবেন না। অতীতে যাঁরা পদত্যাগ করেছেন, তাঁরা ‘না ঘরের না বাইরের’ অবস্থায় আছেন। সেই অবস্থানে কেউ যেতে চাইবেন বলে মনে হয় না। রাজনীতিতে রাগ বা অনুরাগের বশবর্তী হলে নিজেরই ক্ষতি হয়। বরং দলের ভেতরে থেকে নিজের যোগ্যতা প্রমাণ বা সংস্কারের চেষ্টা করাটাই শ্রেয়।
প্রথম আলো : এক-এগারোর পর সংস্কারপন্থী কয়েকজনকে আগে কমিটিতে নেওয়া হয়েছিল, কিন্তু তাঁদের কেউ কেউ এবার জায়গা পাননি। সরকারি দল আওয়ামী লীগ তো সংস্কারপন্থী অনেককেই দলে বা সরকারে অন্তর্ভুক্ত করেছে। বিএনপি কেন করছে না?
হান্নান শাহ : বিএনপির তৃণমূলের মূল দাবি হচ্ছে, সাবেক মহাসচিব মরহুম মান্নান ভূঁইয়ার সঙ্গে গিয়ে যাঁরা দলের চেয়ারপারসনকে জেলে পাঠান, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, তাঁদের যেন কমিটিতে না রাখা হয়। তারপরও কোনো কোনো নাম আছে। সেটি দলীয় চেয়ারপারসনের সিদ্ধান্ত হওয়ায় সবাই মেনে নিয়েছে। সংস্কারপন্থীদের বেশিসংখ্যায় নেওয়ার ঝুঁকি হচ্ছে, দলের ভেতর কোন্দল ও বিশ্বাসঘাতকতা বাড়বে।
প্রথম আলো : সরকারের পক্ষ থেকে তারেক রহমানের স্ত্রী জোবাইদার রাজনীতিতে আগমনের সম্ভাবনাকে স্বাগত জানানো হয়েছে।
হান্নান শাহ : বিএনপি হচ্ছে সরকারের বিপক্ষের রাজনৈতিক শক্তি। বিএনপির নেতৃত্বে কে আসবেন, কে আসবেন না, সেটি দল ঠিক করবে। আওয়ামী লীগ সমালোচনা করলে বুঝতে পারি, বিএনপি সঠিক রাস্তায় আছে। কিন্তু প্রশংসা করলে মনে হয় তাতে ‘রাজনৈতিক কিন্তু’ আছে।
প্রথম আলো : বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির অবস্থান এখন কোথায় বলে আপনার মনে হয়?
হান্নান শাহ : বিএনপির অবস্থান দেশপ্রেমিক মানুষের মধ্যে। মানুষ এখন সুষ্ঠু নির্বাচন চায়, তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায়। হামলা-মামলা ও বহুমুখী হয়রানি ও নির্যাতন উপেক্ষা করে মানুষের এই ইচ্ছাপূরণে বিএনপি কাজ করে যাবে।
প্রথম আলো : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হওয়ায় নির্বাচন করতে পারবেন না, চেয়ারপারসন খালেদা জিয়াও দণ্ডিত হলে নির্বাচনের সুযোগ পাবেন না। তখনকার পরিস্থিতি বিএনপি কীভাবে সামাল দেবে?
হান্নান শাহ : মিথ্যা মামলা ও প্রহসনের বিচারে বিএনপির চেয়ারপারসনকে দণ্ড দেওয়া হলে তা এ দেশের মানুষ মেনে নেবে না। তখন উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে এবং ওই পরিস্থিতি সামাল দিতে পারবে কি না, সেটি নিশ্চয়ই বিবেচনা করবে।
প্রথম আলো : বিএনপি তো একটি বড় কর্মসূচি পালন করতে পারে না। সভা-সমাবেশ করতে অনুমতির জন্য অপেক্ষা করতে হয়। একটা বড় রাজনৈতিক দলের জন্য এটা একটু লজ্জার বিষয় নয় কি?
হান্নান শাহ : বিএনপি একটি গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় দল। এখন পর্যন্ত বিএনপি সেই অর্থে সরকারের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কর্মকাণ্ডের তুমুল বিরোধিতা করেনি। কিন্তু সরকার যদি আরও খেলতে থাকে, তাহলে একপর্যায়ে নেতা-কর্মীদের মাঠে নেমে আসা ছাড়া উপায় থাকবে না। যদিও আমরা মনে করি, বিএনপির কর্মসূচিতে যেকোনো সময় যেকোনো বড় ঘটনা ঘটানো হতে পারে।
প্রথম আলো : ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে দলের চেয়ারপারসনের জন্মদিন পালন হয়। বিষয়টি কি শোভনীয়?
হান্নান শাহ : এই সরকারের সঙ্গে কিন্তু জোট বেঁধেছে ১৫ আগস্টের পর আনন্দ-উল্লাস করা গণবাহিনীর শীর্ষ নেতারা। গণবাহিনী তখন হাজার হাজার মানুষ হত্যা করেছে, সেই সময়ের পরামর্শদাতা, নির্দেশদাতা এবং অপারেশনে অংশ নেওয়া নেতারাই আজ সরকারের সঙ্গে আছে।
প্রথম আলো : জামায়াতের সঙ্গ ছাড়লে জাতীয় ঐক্য হতে পারে—সরকারের এই প্রস্তাব মেনে নিলে ক্ষতি কী?
হান্নান শাহ : ঐক্যের যে আহ্বান দেশনেত্রী জানিয়েছেন, তাতে সহায়তা করাটা সরকারের উচিত ছিল। আর জামায়াত নিয়ে সরকারের এই আহ্বানকে মোটেও গুরুত্ব দিই না। জামায়াতকে সরকার রাজনৈতিক ‘তুরুপের তাস’ হিসেবে ব্যবহার করছে। বারবার সরকার বলছে জামায়াত নিষিদ্ধ করবে, কিন্তু তারা এটা করবে না।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
হান্নান শাহ : ধন্যবাদ।