প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশের বন্ধুরা এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সাংবাদিক, শিক্ষাবিদ, কূটনীতিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি। তাঁরা কথা বলেছেন বাংলাদেশ, গণমাধ্যম, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে। আজ প্রকাশিত হলো মেঘালয়ের দ্য শিলং টাইমস-এর সম্পাদক মানস চৌধুরী, ত্রিপুরার দৈনিক সংবাদ–এর প্রকাশক ও বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক ও অসমীয় প্রতিদিন-এর জ্যেষ্ঠ সাংবাদিক কঙ্কন আচার্যের সাক্ষাৎকার।

প্রথম আলো : ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসছে—এমন খবরে বাংলাদেশে উদ্বেগ দেখা দিয়েছিল দুই দেশের সম্পর্ক নিয়ে...
মানস চৌধুরী : সেটা ইতিমধ্যে অমূলক প্রমাণিত হয়েছে। আপনি যদি গত ছয় মাসে আমাদের প্রধানমন্ত্রীর কর্মপন্থা দেখেন, তাহলে সেটা পরিষ্কার হবে। ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সম্পর্কের উন্নয়ন চান, তা প্রকাশ পেয়েছে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়েই। তাঁর প্রথমেই কাছে টানার চেষ্টা পাশের বাড়িগুলোর লোকদের। তারপর তিনি নেপাল-ভুটান সফর করেছেন, সর্বশেষ মিয়ানমারেও গেছেন—এভাবে তিনি যে সবার কাছে যাচ্ছেন, এতে পরিষ্কার হয় যে তিনি এই অঞ্চলের সব রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চান। আর বাংলাদেশ তো ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এ দেশের স্বাধীনতাযুদ্ধে ভারত বিরাট ভূমিকা রেখেছে; এই বন্ধুত্ব ঐতিহাসিক এবং খুব শক্ত ভিতের ওপর দাঁড়ানো। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তো ভালো হবেই।
প্রথম আলো : কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ কয়েকটি সমস্যা আছে, যেগুলো বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ সময় ধরে সেগুলোর সমাধান হচ্ছে না।
মানস চৌধুরী : হ্যাঁ, অভিন্ন নদীগুলোর জল বণ্টন, সীমানা নির্ধারণ করা—এগুলো গুরুত্বপূর্ণ অনিষ্পন্ন সমস্যা। আমাদের দিক থেকে আছে, আমরা বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য আনা-নেওয়া করতে চাই, স্থলপথ-জলপথ উভয় পথে। সেটা কিছুটা চালু হয়েছেও। বাস্তবিক কারণেই এ সমস্যাগুলোর সমাধানে পৌঁছাতে হবে।
প্রথম আলো : মেঘালয়-আসামসহ উত্তর-পূর্ব ভারতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো আঞ্চলিক শান্তিশৃঙ্খলার পক্ষে বেশ ক্ষতিকর হয়েছে। এখন পরিস্থিতি কেমন দেখছেন?
মানস চৌধুরী : এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে, পুরোটা নয়। এই যে নিয়ন্ত্রণে এসেছে, এর প্রধান কারণ বাংলাদেশ ও মিয়ানমারে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের গুপ্ত ঘাঁটি ছিল। সেটা সরকারের সহযোগিতায় হোক বা যেকোনোভাবেই হোক, ঘাঁটিগুলো ছিল। এখন এ দৃশ্যপটে অনেক পরিবর্তন ঘটেছে; বাংলাদেশ ও মিয়ানমারের সরকার ভারত সরকারকে সহযোগিতা করছে। ভারতীয় উগ্রপন্থীরা যদি বাংলাদেশে ঘাঁটি গেড়ে থাকে, তাহলে তার নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে। আর এটা কেন করব আমরা? এই বৈরী ভাব কেন রাখব?
প্রথম আলো : সে ক্ষেত্রে বাংলাদেশ কিংবা মিয়ানমারে সরকার পরিবর্তনের ওপরও ভবিষ্যতের আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা কিছুটা নির্ভরশীল?
মানস চৌধুরী : সম্পর্কটা স্থির হওয়া উচিত রাষ্ট্রীয় নীতি হিসেবে, যাতে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই নীতির পরিবর্তন না ঘটে। আমার ধারণা, বাংলাদেশে যারা এই মুহূর্তে সরকারে আছে, তাদের মধ্যে এমন সচেতনতা এসেছে যে বিদেশি উগ্রপন্থীদের এ দেশের মাটি ব্যবহার করতে দেওয়া ঠিক নয়। এটা একটা বাস্তবসম্মত উপলব্ধি। কেননা, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এতে কোনো পক্ষেরই লাভ হয় না। সুতরাং ভবিষ্যতেও ওই ভাবনা পরিহার করে চলতে হবে এবং আঞ্চলিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর বেশি গুরুত্ব দিতে হবে। কারণ, এভাবে উভয় পক্ষই লাভবান হতে পারে, উভয় দেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। আর শান্তি ও স্থিতিশীলতা তো সব পক্ষেরই প্রয়োজন।
প্রথম আলো : বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে আপনার সংবাদপত্র কী ভূমিকা পালন করে এসেছে এবং সাধারণভাবে সংবাদমাধ্যম কী ভূমিকা পালন করতে পারে?
মানস চৌধুরী : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় কী হচ্ছে, বাংলাদেশের মানুষের সে সম্পর্কে ধারণা খুবই কম। আর বাংলাদেশে কী হচ্ছে, সেটাও আমরা মেঘালয়ে বসে বা আসামে বসে জানি না। কারণ, উভয় তরফে তথ্যের ঘাটতি আছে। সে জন্য প্রথমেই আমি বলব ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংবাদপত্রগুলো ও বাংলাদেশের সংবাদপত্রগুলোর মধ্যে কিছু চুক্তি হওয়া দরকার যে আপনাদের কিছু খবর আমরা ছাপব আর আমাদের কিছু খবর আপনারা ছাপবেন। বড় কাগজগুলোর মধ্যে কিন্তু এ ধরনের উদ্যোগ দেখা যায়। এভাবে পরস্পর সম্পর্কে আমাদের জানাশোনার ঘাটতি দূর হতে পারে এবং সেটা করা খুব জরুরি। পরস্পরকে যদি আমরা না-ই জানি, যদি একজন আরেকজনের খবরই না রাখি, সম্পর্ক উন্নত হবে কী করে?
প্রথম আলো : সেই ক্ষেত্রে আপনার কাগজ কী করছে?
মানস চৌধুরী : আমরা তৈরি আছি। আমি খোলা মন নিয়ে এসেছি। বাংলাদেশের যেকোনো ইংরেজি কাগজের সঙ্গে আমরা চুক্তি করতে পারি।
প্রথম আলো : বাংলা কাগজের সঙ্গেই বা নয় কেন?
মানস চৌধুরী : বাংলা কাগজের সঙ্গেও হতে পারে। সাংবাদিক হিসেবে এটা আমাদের একটা বড় দায়িত্ব।
প্রথম আলো : মেঘালয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা কেমন?
মানস চৌধুরী : আমাদের দেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে, ওটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই।
প্রথম আলো : আপনাকে অনেক ধন্যবাদ।
মানস চৌধুরী : আপনাকেও ধন্যবাদ।