
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশের বন্ধুরা এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সাংবাদিক, শিক্ষাবিদ, কূটনীতিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি। তাঁরা কথা বলেছেন বাংলাদেশ, গণমাধ্যম, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে। আজ প্রকাশিত হলো পাকিস্তানের জিয়ো টিভির প্রধান নির্বাহী হামিদ মিরের সাক্ষাৎকার।
হামিদ মির পাকিস্তানের জিয়ো টিভির প্রধান নির্বাহী। এর আগে তিনি উর্দু দৈনিক জংসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়ে আলোড়ন সৃষ্টি করেন। চলতি বছর ১৯ এপ্রিল করাচিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের আক্রমণের শিকার হন। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান
প্রথম আলো পাকিস্তানের গণতন্ত্রায়ণ এখন কোন পর্যায়ে?
হামিদ মির পাকিস্তান একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ২০১৩ সালে পাকিস্তান তার ইতিহাসের প্রথম নির্বাচিত সংসদের মেয়াদ পুরা করেছে। পিপিপি সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। সরকারের নিরাপত্তা সংস্থাগুলো তার নিয়ন্ত্রণে ছিল না। অ্যাবোটাবাদ অভিযানে ওসামা বিন লাদেন নিহত হলেন। এর পরও তাদের জবাবদিহির প্রশ্ন বড় হয়ে দেখা দিল না। বরং তারা মেমোগেট কেলেঙ্কারির জন্ম দিল। সরকারকে দোষারোপ করা হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগসাজশে পাকিস্তানি সামরিক বাহিনীর মর্যাদাকে খাটো করতে সরকার ষড়যন্ত্র করছে। আদালতে হাজিরা দিতে এসে জেনারেল মোশাররফ নাটক করলেন। তিনি ‘অসুস্থ’ হলেন। তিনি সামরিক হাসপাতালে ভর্তি হলেন। সেখানে পুলিশ তাঁকে ছুঁতে পারল না। সুতরাং, সেনা হাইকমান্ডের সমর্থন খুবই স্পষ্ট।
প্রথম আলো তাহলে সেনাশাসকের বিচারে সরকার ও বিচার বিভাগ এক হলো। কিন্তু সংসদ কী করল?
হামিদ মির বিশ্বাসঘাতকতার দায়ে তাঁর বিচারের জন্য সিনেট দুবার প্রস্তাব পাস করল।
প্রথম আলো সুতরাং, একজন পতিত স্বৈরশাসকের বিচারে সামরিক বাহিনী বাদে রাষ্ট্রের অন্য সব অঙ্গ ঐক্যবদ্ধ হতে পারল? এটাও নতুন ঘটনা নয় কি?
হামিদ মির হ্যাঁ। অবশ্যই। আমাদের ইতিহাসের প্রথম ঘটনা। পিপিপি সরকার ভুট্টোকে যারা ফাঁসি দিয়েছিল বা যারা সংবিধান ধ্বংস করেছে, তাদের বিচারে কোনো পদক্ষেপ নিতে পারেনি। সামরিক বাহিনীর ভয়ে এটা তারা করেনি। নওয়াজ শরিফ, যিনি প্রকৃতপক্ষে জেনারেল জিয়াউল হকের ফসল, কারণ তিনি তাঁকে প্রথম অর্থমন্ত্রী এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করেছিলেন, সেই নওয়াজ সামরিক এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। কারণ, ১৯৯৯ সালে তাঁর সরকারকে সেনাবাহিনী উৎখাত করেছিল। সুপ্রিম কোর্ট তখন সামরিক বাহিনীকে সমর্থন দিয়েছিলেন। পরে তাঁরাই তাঁকে অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে গণ্য করলেন।
প্রথম আলো কার কৃতিত্ব বেশি, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠান হিসেবে নাকি একজন দ্রোহী প্রধান বিচারপতি ইফতেখার আহমেদ চৌধুরীর?
হামিদ মির এটা ব্যক্তি বিচারপতি চৌধুরীর কৃতিত্ব। প্রতিষ্ঠান হিসেবে নয়। তাঁর অবসরের পরে পাকিস্তান সুপ্রিম কোর্ট আর সেভাবে সক্রিয় ও স্পন্দমান নয়। পারভেজ মোশাররফের বিচার-প্রক্রিয়া সুপ্রিম কোর্টই নিশ্চিত করলেন। এই বিচারকে ঘিরে সামরিক মহলে আতঙ্ক দেখা দিল। আদালতই ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সিকে (এফআইএ) দিয়ে তদন্ত, অভিযোগ গঠন এবং এমনকি তিন প্রদেশের হাইকোর্ট বিচারককে দিয়ে বিশেষ আদালত গঠন করে দিলেন। এর মধ্যে বেলুচিস্তানের একজন তরুণ নারী বিচারক, যিনি আদালতে মোশাররফের বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনিয়েছিলেন। তাঁকে নিয়ে সামরিক মহল বিশেষ আপত্তি তুলল। বলল, বেলুচিস্তানি বিচারককে অন্তর্ভুক্ত করা হয়েছে সামরিক বাহিনীকে খাটো করতে। কারণ, জেনারেল পারভেজ বেলুচিস্তানে সামরিক অভিযান চালিয়েছিলেন। সেই বিচার-প্রক্রিয়া এখনো চলছে। এই বিচার পণ্ড করতে নওয়াজকে হুমকি দেওয়া হলো। কতিপয় বিচারকের চরিত্র হনন চলল। ইমরান খানকে দিয়ে নওয়াজ সরকারকে উৎখাতের চেষ্টাও এই একই সূত্রে গাঁথা। এবং আমাকে হত্যার চেষ্টা হলো কারণ পাকিস্তানে সম্ভবত আমিই একমাত্র সাংবাদিক যে এই বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলাম। অন্য সব টিভি সামরিক বাহিনীর পক্ষে বিচারবিরোধী অবস্থান নিয়েছিল। কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। সিভিল-মিলিটারি সম্পর্ক কিছুটা অগ্রগতি ঘটেছে। বিশেষ করে নতুন সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের নিয়োগের পরে অবস্থার বেশ উন্নতি ঘটেছে। বর্তমান সেনাপ্রধান রাজনীতিতে হস্তক্ষেপ চান না। মোশররফপন্থী কতিপয় জেনারেল অবসরে গেছেন এবং চলতি মাসে আরও পাঁচ জেনারেল অবসর নিচ্ছেন। এটা জেনারেল রাহিলের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তিনি ধর্মীয় উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। আফগানিস্তানের সঙ্গে তিনি ভালো সম্পর্ক রাখতে চান। ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান সেনাবাহিনী আফগান প্রেসিডেন্টকে গার্ড অব অনার দিয়েছে।
প্রথম আলো তার মানে আপনি বলতে চাইছেন যে পাকিস্তানের সামরিক বাহিনী আর নির্বাচিত সরকারের প্রতি হুমকি নয়?
হামিদ মির আমি কেবল নতুন সেনাপ্রধানের ব্যক্তিগত ভূমিকার কথাই বলছি। আমি অন্যদের চিন্তাভাবনা সম্পর্কে অবহিত নই।
প্রথম আলো বর্তমান সেনাপ্রধান ইমরান খানের সাম্প্রতিক আন্দোলনকে কী চোখে দেখেছেন? তাঁর ভূমিকা কি সত্যিই পরিচ্ছন্ন?
হামিদ মির সরকার ইমরানের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছে। কিন্তু তিনি সরকারি প্রতিনিধির সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। ইমরান বললেন, তিনি কেবল সেনাপ্রধানের সঙ্গে কথা বলবেন। সরকার সে মতে সেনাপ্রধানকে সাক্ষাতের অনুমতি দিল। জেনারেল রাহিল ইমরানের কাছে জানতে চাইলেন, আপনি কী চান? ইমরান বললেন, তিনি নির্বাচনে কারচুপির তদন্ত চান। সেনাপ্রধান তাঁকে আশ্বস্ত করেন। এরপর ইমরান বলেন, আমার আরেকটি গুরুত্বপূর্ণ দাবি আছে। আমি নওয়াজের পদত্যাগ চাই। সেনাপ্রধান বলেছেন, এটি তাঁর কাজ নয়। আমি মনে করি, সেনাপ্রধানের ভূমিকা যথেষ্ট পরিচ্ছন্ন। ইমরান, সেনা ও বিমানবাহিনীর কতিপয় অবসরপ্রাপ্ত জেনারেল তাঁকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সেনাপ্রধান নওয়াজ বা ইমরান কারও পক্ষ নেননি। নিরপেক্ষ থেকেছেন। তাই নওয়াজ টিকে গেলেন। এবং আমি মনে করি, তাঁর ভূমিকার কারণে নওয়াজ সরকার টিকে যাবে। সেনাপ্রধানের কারণেই ইমরান প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নেওয়া থেকে নিবৃত্ত ছিলেন। সেনাপ্রধান গণতন্ত্র রক্ষা করেছেন।
প্রথম আলো সাম্প্রতিক সংকটে আইএসআইয়ের প্রধান বা এই প্রতিষ্ঠানটির ভূমিকা কী ছিল?
হামিদ মির নওয়াজ মন্ত্রিসভার কতিপয় সদস্য আমাকে বলেছেন, নওয়াজকে উৎখাতে পাকিস্তান সেনাবাহিনীর কতিপয় জেনারেল জড়িত।
প্রথম আলো তাঁরা ঠিক বলছেন?
হামিদ মির আমিও তা–ই মনে করি।
প্রথম আলো সমাজে জঙ্গিদের জোর এখন কেমন?
হামিদ মির পিপিপি ও অন্য বড় রাজনৈতিক দলগুলো তাদের ভয়ে সভা-সমিতি করতে পারে না। জঙ্গিরা হামলা চালাচ্ছে। অথচ ইমরান খান গোটা পাকিস্তানে দিব্যি সভা-মিছিল করছেন। তাঁর ওপর কোনো আক্রমণ নেই। ধর্মীয় নেতা ফজলুর রহমান আক্রান্ত হয়েছেন। এর কারণ তিনি প্রকাশ্যে বলেছেন, রাজনীতিতে সেনা হস্তক্ষেপ তিনি সমর্থন করবেন না।
প্রথম আলো গণতন্ত্রের বড় হুমকি কে? সেনাবাহিনী না জঙ্গিবাদ?
হামিদ মির l নতুন সেনাপ্রধানের উপলব্ধি হচ্ছে পাকিস্তানের বৃহত্তম হুমকি কোনো বিদেশি রাষ্ট্র নয়। হুমকিটা অভ্যন্তরীণ। জঙ্গিবাদই বৃহত্তম হুমকি। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সেনাপ্রধান এবং আমি অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করি যে ধর্মীয় জঙ্গিবাদ পাকিস্তানের গণতন্ত্রের জন্যই কেবল নয়, পাকিস্তানের অখণ্ডতার জন্যও বৃহত্তম হুমকি। দ্বিতীয় হুমকি হলো আইএসআইয়ের মধ্যকার কতিপয় হতাশ ও বিপথগামী কর্মকর্তা। ইমরানের সঙ্গে তাঁদের যোগসাজশ রয়েছে বলে মনে করা হয়। ৩০ নভেম্বর ইমরান সমাবেশের ডাক দিয়েছেন। বলেছেন, এবার তিনি শান্তিপূর্ণ থাকবেন না। সরকার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সন্ত্রাস দমন আদালত তাঁকে পলাতক ঘোষণা করেছেন। ইমরান তাঁর রাজনৈতিক জীবন নিয়ে জুয়া খেলছেন। ৩০ নভেম্বর সেনাপ্রধান যদি রাজনীতিতে হস্তক্ষেপ না করেন, তাহলে নওয়াজ আবার টিকে যাবেন এবং গণতন্ত্রের প্রতি হুমকি হ্রাস পাবে। সংসদের সব রাজনৈতিক দল ইমরান ও সেনা হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম জামায়াতে ইসলামি সেনাবাহিনীর পক্ষ অবলম্বন থেকে বিরত রয়েছে। তবে তারা একই সঙ্গে খাইবারপাখতুনওয়ালায় ইমরানের দলের সঙ্গে কোয়ালিশন সরকারে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জামায়াত নওয়াজ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বিবৃতি দেওয়াতে পেরেছে। কিন্তু এটাও সত্য, পিপিপিসহ সংসদের অন্য সব দল ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ করা ঠিক নয়।
প্রথম আলো স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কী করে লিখিত বিবৃতি দিলেন?
হামিদ মির তিনি পারিবারিকভাবে জামায়াতের সঙ্গে সম্পর্কযুক্ত। মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী মতিউর রহমান নিজামীর পক্ষে অবস্থান নিতে প্রধানমন্ত্রীকে চাপ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী তখন তাঁর প্রতিরক্ষামন্ত্রীর মতামত জানতে চাইলে তিনি তার বিরোধিতা করেন। তিনি বলেন, আমাদের কোনো বিবৃতি দেওয়া ঠিক হবে না। তথ্যমন্ত্রীও তাঁকে সমর্থন করেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গেই একমত হন। এর কিছুদিন পরে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্রশ্নের জবাবে বলেছিলেন, আমরা পর্যবেক্ষণ করছি। এতেই আসলে প্রধানমন্ত্রীর সরকারি অবস্থানের প্রতিফলন ঘটেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিৃবতিতে নয়।
প্রথম আলো জঙ্গিগোষ্ঠীগুলো এখন কতটা সক্রিয়?
হামিদ মির এক দল আছে তারা খেলাফত বা ধর্মরাষ্ট্র গড়বে। অথচ তারা নির্বিচারে নিরীহ শিশু ও নারীকে হত্যা করে। কিছু লোক জঙ্গি হয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। কারণ, ড্রোন হামলায় তারা তাদের পরিবারের সদস্য হারিয়েছে। কতিপয় জঙ্গি আদর্শগত কারণে রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে। আর কতিপয় আছে তারা স্রেফ অপরাধী, তারা বিভিন্ন স্থান থেকে অর্থ পাচ্ছে। আর সবচেয়ে যারা মারাত্মক অস্ত্র নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে, তারা আফগানভিত্তিক। হামিদ কারজাইয়ের আমলে তারা সমর্থন পেয়েছিল। কিন্তু নতুন আফগান প্রেসিডেন্ট এর পরিবর্তন চান। উভয় সরকার জঙ্গিবাদী তৎপরতা বন্ধ করতে সংকল্পবদ্ধ হয়েছে। অঙ্গীকার করেছে, তারা আর একে অপরের বিরুদ্ধে তাদের ভূমি বা রসদ ব্যবহার হতে দেবে না।
প্রথম আলো আপনাকে ধন্যবাদ।
হামিদ মির ধন্যবাদ।