পাকিস্তানের প্রতিবিম্ব হয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান হাবিব
ইরফান হাবিব

প্রখ্যাত ইতিহাসবিদ রোমিলা থাপার, বিডি চট্টোপাধ্যায়, উপিন্দর সিং, এম জি এস নারায়নান ও ডি এন ঝাসহ ৫০ জন ভারতীয় ইতিহাসবিদ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন, ‘দেশের পরিবেশ অত্যন্ত বিষিয়ে উঠেছে, নানা ধরনের অসহিষ্ণুতার মধ্য দিয়ে তা প্রকাশিত হচ্ছে, এই অসহিষ্ণুতাই এর বৈশিষ্ট্য।’ ইতিহাসবিদ ইরফান হাবিবও এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। উদয় সিং রানার সঙ্গে আলাপচারিতায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, ভারতে ধর্মীয় ও বর্ণগত সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন, আরএসএসের শাসনে ভারত পাকিস্তানের প্রতিবিম্বে পরিণত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সাক্ষাৎকারের নির্বাচিত অংশ নিচে প্রকাশ করা হলো:
টাইমস অব ইন্ডিয়া (টিওআই): ইতিহাসবিদেরা তাঁদের যৌথ বিবৃতিতে বলেছেন, এই সরকার ‘বিধিবদ্ধ ইতিহাস’ চায়। কথা হচ্ছে, এই ইতিহাস বিকৃতির পেছনে সরকারের কি অভিসন্ধি রয়েছে?
ইরফান হাবিব: এই সরকারকে কে চালাচ্ছে জানেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। এটা তো গোপন ব্যাপার নয় যে আরএসএসের আদর্শিক গুরু এম এস গোলওয়াকার হিটলার ও নাৎসি পার্টির ভক্ত ছিলেন। এই সরকার এখন গোলওয়াকারের স্বপ্ন পূরণ করছে। নাৎসিদের জার্মানির মতো তারা এখন ভারতে প্রচারণা কৌশল ব্যবহার করে নির্যাতনের ভীতি (প্যারানইয়া) ছড়াচ্ছে। আমার ভয় হচ্ছে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। তারা খুব শক্তিশালী এক হিন্দু সাম্প্রদায়িক আদর্শ সৃষ্টি করেছে। আরএসএস স্রেফ সাম্প্রদায়িক, তারা দেশপ্রেমিক নয়। ১৯৪৭ সালের আগে জাতীয়তাবাদী আন্দোলনের সময় তাদের দেশপ্রেম জাতির জন্য প্রয়োজনীয় ছিল। কিন্তু তারা তখন মাঠেই ছিল না।
টিওআই: ইতিহাস বিকৃত করতে তারা কী কী পদক্ষেপ নিচ্ছে? সেগুলো কি সাধারণ মানুষের বোঝার জন্য খুব কঠিন?
ইরফান হাবিব: না, মোটেই তা নয়। আমি মনে করি, মানুষ এটা একরকম পরিষ্কারভাবেই বুঝতে পারছে। আমি মনে করি, দেশের প্রধানমন্ত্রী যখন এমন অবৈজ্ঞানিক কথা বলেন যে দেবতা গণেশের শুঁড় প্লাস্টিক সার্জারি করে লাগানো হয়েছিল, তখন সেটা খুব বিরক্তিকর হয়। অটল বিহারি বাজপেয়ির অনেক খুঁত থাকলেও তিনি কখনো এমন ধারার কথা বলেননি। নরেন্দ্র মোদি আরও খারাপ। তারা অনেক দিন থেকেই দাবি করে আসছিল, আওরঙ্গজেব সড়কের নাম বদলে দিতে হবে। আর শেষমেশ তারা সেটা করতেও পেরেছে। আবার কৌতূহলোদ্দীপক ব্যাপার হচ্ছে, তারা মান সিংয়ের মতো অন্য রাজাদের নামে যে সড়ক রয়েছে, সেগুলোর নাম বদলাতে চায়নি। এই মান সিং মহারানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, ফলে তাদের চোখে তো তিনি বিশ্বাসঘাতক হওয়ার কথা। আওরঙ্গজেব মুসলিম শাসক ছিলেন, সে কারণেই আরএসএস তাঁকে দানব বানাতে চায়। তারা ঐতিহাসিকভাবে প্রমাণ করতে চায়, মুসলমানরা ভিনদেশি।
টিওআই: কিন্তু বুদ্ধিজীবী ও সৃজনশীল মানুষের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাদের প্রতিক্রিয়া সব ক্ষেত্রে এক নয়। ব্যাপারটা এমন নয় যে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর আগে সাম্প্রদায়িক সহিংসতা ও উত্তেজনা ছিল না।
ইরফান হাবিব: এটা সত্য, সহিংসতা ও উত্তেজনা আগেও ছিল। যদিও আমাদের এটা মনে রাখতে হবে যে এসব দাঙ্গার যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যায়, আরএসএস কোনো না কোনোভাবে সেগুলোর সঙ্গে জড়িত ছিল। সেই আরএসএস-ই এখন ক্ষমতায়, ফলে বুদ্ধিজীবীরা বিরক্ত। এরা অতীতে কখনোই ক্ষমতাকাঠামোর কাছ থেকে এত সমর্থন পায়নি। গুজবকে কেন্দ্র করে একটি গ্রামে একজন মানুষ খুন হয়েছেন, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী সেখানে গিয়ে দাবি করলেন, কেউ কেউ নির্দোষ। এ রকম পরিস্থিতিতে সেখানে কারও মুখে কি এমন কথা মানায়, বিশেষ করে একজন মন্ত্রীর মুখে? উত্তর প্রদেশে তারা ক্ষমতায় না থাকলেও সেখানকার ঘটনাপ্রবাহ উসকে দেওয়ার বেলায় তাদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। ধর্মীয় ও বর্ণগত সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে। এই আরএসএসের শাসনামলে ভারত পাকিস্তানের প্রতিবিম্বে পরিণত হয়েছে।
টিওআই: অর্থমন্ত্রী অরুণ জেটলি সম্প্রতি বলেছেন, বুদ্ধিজীবীদের প্রতিবাদ ‘তৈরি করা বিদ্রোহ’। আপনি কী বলবেন?
ইরফান হাবিব: গুজরাটে ২০০২ সালের দাঙ্গার সময় অরুণ জেটলি বিজেপির মুখপাত্র ছিলেন, তখন থেকে আমি তাঁর কথাবার্তা শুনে আসছি। এমনকি তখনো তিনি দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলতেন।
টিওআই: লেখক ও চলচ্চিত্র নির্মাতারা যে সাহিত্য আকাদেমি ও জাতীয় পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, সেটা কি আপনি সমর্থন করেন?
ইরফান হাবিব: আমি মনে করি, জাতীয় সম্মান ফিরিয়ে দেওয়া বা না দেওয়া একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, কে কীভাবে প্রতিবাদ করবে, তার পন্থা বেছে নেওয়ার অধিকার সবারই আছে। প্রতিবাদের এই ধরনের মধ্যে অযৌক্তিক কিছু নেই।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
ইরফান হাবিব: প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ।