পাঠ্যবইয়ের ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্ত কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের বরাবর প্রতিবেদন দিয়েছে, তার ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম, ত্রুটি ও দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি হলেও প্রতিকার মেলে না। অনেক সময় প্রতিবেদনও আলোর মুখ দেখে না। আমরা আশা করতে চাই যে পাঠ্যবইয়ের ভুলের কারণ অনুসন্ধানে গঠিত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে এবং তাদের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

পত্রিকার খবর অনুযায়ী কমিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ বা উৎকর্ষের কেন্দ্র করার সুপারিশ করেছে। যে প্রতিষ্ঠান সম্পাদকদের না জানিয়ে পাঠ্যবইয়ের রচনা অদলবদলের ঘটনা ঘটায়, সেই প্রতিষ্ঠানের কাছে খুব বেশি গুণগত উৎকর্ষ আশা করা যায় না। তবে শিশু-কিশোরদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের এমন কিছু করা ঠিক হবে না যাতে শিক্ষার স্বাভাবিক গতি পদে পদে হোঁচট খায়। 

এবার প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যবইয়ে বানান ও অন্যান্য ভুলের চেয়ে যে ‘ভুলটি’ গুরুতর তা হলো, প্রগতিশীল লেখকদের বেশ কিছু রচনা বাদ দেওয়া, যা কওমি মাদ্রাসাভিত্তিক একটি সংগঠনের দাবি ছিল। এর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও আন্দোলন হলেও সরকার বা শিক্ষা মন্ত্রণালয় নিশ্চুপ থাকাকেই শ্রেয় মনে করছে। ফলে পাঠ্যবইকে হেফাজতীকরণের অভিযোগ উঠেছে। ২০১০ সালে সরকার ঘোষিত বিজ্ঞানমনস্ক শিক্ষানীতির সঙ্গে এটি কেবল সাংঘর্ষিক নয়, আত্মঘাতীও। শিক্ষা মন্ত্রণালয়ের শুভবুদ্ধির উদয় হোক। তাদের মনে রাখা প্রয়োজন, মুক্তবুদ্ধির নিরন্তর অনুশীলন ছাড়া সত্যিকার জ্ঞান অর্জন কিংবা মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করা যায় না।