প্রতিষ্ঠানগুলো ভেঙে না পড়লে আরও এগিয়ে যেতাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. সেলিম জাহান
ড. সেলিম জাহান
ড. সেলিম জাহান নিউইয়র্কে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক। জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদনের মূল লেখক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক সম্প্রতি ঢাকায় এসেছিলেন। তখনই মানব উন্নয়ন, গণতন্ত্রসহ নানা বিষয়ে প্রথম আলোর সঙ্গে তাঁর কথা হয় : সাক্ষাৎকার নিয়েছেন ফারুক ওয়াসিফ ও প্রতীক বর্ধন

প্রথম আলো : জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৯। বাংলাদেশ তো আচমকা সৃষ্টি হয়নি, একটি লক্ষ্য নিয়ে সৃষ্টি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এই অবস্থানকে কি স্বাধীনতার ৪৬ বছরের অর্জন বলব, নাকি ব্যর্থতা বলব?

সেলিম জাহান : আমরা এটাকে ইতিবাচক ও আশাবাদী বলব। গত পাঁচ দশকের নানান প্রতিকূলতা সত্ত্বেও আমাদের অর্জন অনেক। সময়ের ধারাবাহিকতায় যদি দেখি, তাহলে দেখব যে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর একে একে আমাদের চারটি মূলনীতি ভূলুণ্ঠিত হয়েছে। একটা সময় বলা হয়েছিল, বাংলাদেশ ইসলামি রাষ্ট্র হবে। এরপর সমাজতন্ত্রের অপব্যাখ্যা দেওয়া হয়েছে। তৃতীয়ত, ১৯৮০-এর দশকে স্বৈরশাসন  চলেছে আমাদের দেশে। চতুর্থত, দুটি ব্যাপার আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। একটি হচ্ছে, জবাবদিহির অনুপস্থিতি ও প্রাতিষ্ঠানিক দৃশ্যমানতার অভাব ১৯৮০-এর দশকে। ব্যাপারটা হচ্ছে, আমাদের উন্নয়নের গতিধারার একটি অর্থনৈতিক দিক, আরেকটি প্রতিষ্ঠানগত দিক বা সুশাসনের দিক। অর্থ কোনো সমস্যা নয়—এমন কথা বলার মাধ্যমে জবাবদিহি ভূলুণ্ঠিত করে রাজনীতির অগ্রগতি ব্যাহত হয়েছে। মতানৈক্য থাকতে পারে, আলাপ-আলোচনা থাকতে পারে, সেটা নষ্ট করে দেওয়া হয় যখন রাজনীতির স্বাভাবিক গতিকে রুদ্ধ করা হয়। রাজনীতিতে মতানৈক্য থাকা সুস্বাস্থ্যের লক্ষণ। এসব কারণে আমাদের দুটি দশক নষ্ট হয়েছে। আত্মসত্তার সন্ধানে আমরা ব্যাপৃত হয়েছি, অর্থাৎ আমরা বাঙালি না বাংলাদেশি—এ দুটির মধ্যে যে দ্বন্দ্ব নেই, তা আমরা বিস্মৃত হয়েছি।  এসব না ঘটলে আমরা হয়তো আরও এগিয়ে যেতাম।

প্রথম আলো : আট বছর ধরে তো একটি সরকার ক্ষমতায় আছে। তো, এখন কি জবাবদিহি, অংশগ্রহণমূলক রাজনীতি দেখতে পাচ্ছেন, নাকি পশ্চাদপসরণ ঘটছে?

সেলিম জাহান : আমি বলব অগ্রগতি হচ্ছে, পশ্চাদপসরণ ঘটছে না। তিনটি দিক থেকে অগ্রগতি দেখা যাচ্ছে। অন্তত তথ্যপ্রযুক্তির বিকাশের কারণে জনগোষ্ঠী বিভিন্নভাবে মত প্রকাশ করতে পারছে। আশা করি, এটা পরবর্তীকালে আমাদের নীতি প্রণয়নে প্রভাব ফেলবে। মানুষের চেতনা ও আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে পারছি। দ্বিতীয়ত, বাংলাদেশে এখন নানা রকম প্রচারমাধ্যম আছে। সেটা নানান মতাদর্শের প্রতিফলন ঘটায়। অনেকেই বলে থাকেন, মুক্ত আলোচনা ও বিতর্কের অভাব আছে। আমি মনে করি, মুক্ত আলোচনা ও বিতর্ক হচ্ছে বলেই অনেক কিছু উঠে আসছে। যেমন অসমতার ব্যাপারটা এখন সরকারও বলছে। আলাপ-আলোচনা আছে
বলেই এটা হচ্ছে। তৃতীয়ত, বিতর্কের জায়গাটা একসময় ঢাকাকেন্দ্রিক থাকলেও এখন তা মফস্বল এলাকায় ছড়িয়ে পড়ছে। এটা ইতিবাচক। গণতন্ত্র মূলত চর্চা ও সংস্কৃতির বিষয়। এখানে নির্বাচন থাকবে, তার আঙ্গিক থাকবে। তবে গণতন্ত্রের মূল ব্যাপারটা হলো এমন একটা জায়গা তৈরি করা, যেখানে সবাই মত প্রকাশ করতে পারে। সবাই একমত হবে, তা নয়। কিন্তু আপনার মতের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকব। অন্যকে কথা বলার সুযোগ দিতে হবে—এটাই গণতন্ত্র। এটার দায়িত্ব কিন্তু সরকার বা রাষ্ট্রের একার নয়, সমাজের ও ব্যক্তি মানুষের।

প্রথম আলো : কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্র সব ধরনের বিরোধী মত দমন করছে। নির্যাতন চলছে। গণমাধ্যমে কথা বলার সুযোগ সংকুচিত হচ্ছে। আন্তর্জাতিক সংগঠনগুলোও তা বলছে। গণমাধ্যম স্বাধীন না হলে আমরা সরকারের দুর্নীতি ও ভুল উন্নয়নকে প্রশ্ন করতে পারি না। যেমন রামপাল বিদ্যুৎকেন্দ্রের কথা বলা যায়। ফলে গণতন্ত্র ছাড়া উন্নয়ন স্থবির হয়ে পড়তে পারে কি না?

সেলিম জাহান : আমি মনে করি, গণতন্ত্র ও উন্নয়ন হাত ধরাধরি করে চলে। উন্নয়নের কয়েকটি দিক যদি আমরা মেনে নিই, তাহলে বলতে হয় উন্নয়ন মানে সমতামুখী উন্নয়ন হবে। সবাই এর সুফল ভোগ করবে। তার দৃশ্যমানতা থাকবে। তার মধ্যে জবাবদিহির ব্যবস্থা থাকবে। অর্থাৎ গণতন্ত্রের মধ্যে যত অসুবিধাই থাকুক না কেন, এর বিকল্প নেই। আপনি যেসব নির্দিষ্ট বিষয় তুললেন, আমি প্রবাসে থাকায় সে বিষয়ে আমার জ্ঞান সীমিত। গণতন্ত্র না থাকলে উন্নয়ন টেকসই হবে না। আর উন্নয়ন না থাকলে গণতন্ত্র সীমিত হয়ে পড়বে।

প্রথম আলো : ইউএনডিপির এবারের মানব উন্নয়ন প্রতিবেদনে সবার জন্য উন্নয়নের কথা বলা হয়েছে। বিষয়টা ব্যাখ্যা করবেন?

সেলিম জাহান : গত ২৫ বছরে যে উন্নয়ন হয়েছে তার সুফল সবাই পায়নি। সারা পৃথিবীতেই বৈষম্য বাড়ছে। আবার দেশের একটি গোষ্ঠী উন্নয়নের সুযোগ পাচ্ছে, আরেকটি গোষ্ঠী তা পাচ্ছে না। নারী-পুরুষ সমান সুযোগ পাচ্ছে না। শরণার্থীরা সে সুযোগ পাচ্ছে না। এ
কথা শুনে সবাই হতবাক হয়ে যান, একজন শরণার্থী গড়ে ১৭ বছর শরণার্থী থাকছেন। কারণ, ফিলিস্তিন থেকে যাঁরা শরণার্থী হয়ে এসেছিলেন, তাঁদের অনেকেই তৃতীয় বা চতুর্থ প্রজন্ম পর্যন্ত শরণার্থী হিসেবে জীবন কাটাচ্ছেন। প্রত্যেকের জন্য উন্নয়নের কথা যখন
বলছি, তখন আমরা বলছি, এটা আর্থ-রাজনৈতিক সমস্যা। ফলে এটার সে জাতীয় সমাধান দরকার। সাধারণ ব্যবস্থায় আদিবাসী বা শরণার্থীদের উন্নয়ন হবে না, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। মানব উন্নয়ন করতে হলে প্রত্যেকের সক্ষমতা বাড়াতে হবে, সবার জন্য সুযোগ বাড়াতে হবে। ফলে যারা পিছিয়ে আছে, তাদের ওপর জোর দিতে হবে। আমরা যদি তাদের গণতান্ত্রিক উপায়ে তুলে আনতে পারি, তাহলে বলা যাবে, বৈষম্য কমাতে পেরেছি। তারপরও হয়তো তাদের বঞ্চনা থাকবে, কিন্তু আমরা বলতে পারব, আমরা সেটা কিছুটা কমাতে পেরেছি।

প্রথম আলো : মানব উন্নয়ন প্রতিবেদনে তো মূলত রাষ্ট্রের ভূমিকার বিচার করা হয়। কিন্তু এখনকার বিশ্বায়িত পৃথিবীতে অনেক কিছুই আন্তর্জাতিক সংস্থা ঠিক করে। রাষ্ট্রের অর্থনৈতিক নীতিতেও বহুজাতিকর পুঁজি ও ব্যবসার প্রাধান্য থাকে। এদের জবাবদিহির বিষয়ে ইউএনডিপির বক্তব্য আছে কি?

সেলিম জাহান : হ্যাঁ, উন্নয়নের অনেক কিছুই রাষ্ট্রের হাতে নেই। সেটা বিশ্বায়িত ব্যবস্থা দ্বারা নির্ধারিত হয়। বিশ্বায়িত ব্যবস্থায় আমাদের  তিনটি দিকে নজর দিতে হবে। বিশ্ব পর্যায়ের প্রাতিষ্ঠানিক রূপ কী, তার নীতিমালা কী, আর সবচেয়ে বড় কথা, অনেক বহুজাতিক প্রতিষ্ঠানের আয় ও ক্ষমতা অনেক রাষ্ট্রের চেয়ে বেশি। আমরা কিন্তু প্রতিবেদনে সূচকের বাইরে গিয়ে এই বিষয়গুলোর ওপর একটি আলাদা অধ্যায় রেখেছি। আমরা সেখানে খুব দৃঢ়ভাবে বলেছি, পৃথিবীতে বৈষম্য বেড়েছে। এরও তিনটি দিক আছে। প্রথমত, বাণিজ্য উদার হলেও ছোট দেশগুলো নানা রকম শুল্ক ও অশুল্ক বাধার মুখে পড়ছে। দ্বিতীয়ত, পণ্য ও পুঁজির চলাচল অবাধ হলেও মানুষের চলাচলের ওপর অনেক বাধা। আগের যুগে মানুষের অভিবাসন বাধাহীন ছিল। কিন্তু এখন আর তা নেই। অভিবাসনকে এখন বহু ক্ষেত্রেই নিরাপত্তার পরিপ্রেক্ষিতে বিবেচনা করা হচ্ছে। কিন্তু একে অর্থনৈতিক সুযোগের দিক থেকে দেখতে হবে। তৃতীয়ত, বিশ্বের বিভিন্ন বহুজাতিক সংস্থার প্রতিনিধিত্ব কিন্তু এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালের রীতিতে চলছে। অথচ পৃথিবীতে অনেক কিছু বদলে গেছে। এখন চীন, ব্রাজিল ও ভারত অনেক এগিয়ে গেছে। কিন্তু বিশ্বব্যাংকের প্রধান এখনো মার্কিন নাগরিক, আইএমএফের প্রধান এখনো ইউরোপীয় নাগরিক। এটার পরিবর্তন দরকার। চতুর্থত, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো আইনি কাঠামোর মধ্যে থাকতে চায় না। তারা কীভাবে মুনাফা নিয়ে যাচ্ছে, আমরা তা জানি না। ফলে তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য বৈশ্বিক নীতিমালা থাকতে হবে। তাদের কাঠামোর মধ্যে আনতে হবে। এরপর আমরা সুশীল সমাজ ও গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তার কথা বলেছি। কারণ, তাদের মাধ্যমে আমরা জানতে পারছি, বিশ্বের নানা জায়গা—যেমন সিরিয়া বা দক্ষিণ সুদানে কী হচ্ছে।

প্রথম আলো : এ ব্যাপারে জাতিসংঘের কিছু করণীয় আছে?

সেলিম জাহান : এ ক্ষেত্রে জাতিসংঘের বড় ভূমিকা পালন করার অবকাশ আছে। এখন জাতিসংঘের বিভিন্ন আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধিত্ব থাকছে। এ ছাড়া চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারেও আমরা কথা বলেছি। আমাদের সহকর্মীদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমান মহাসচিব এ ব্যাপারে কাঠামো প্রণয়নে আগ্রহী। তবে সব দেশ হয়তো তা মেনে নেবে না। কিন্তু আমাদের একটি কাঠামো থাকা প্রয়োজন।

প্রথম আলো : উন্নয়ন–সহযোগী হিসেবে এনজিওগুলো দেশে অনেক ভূমিকা পালন করেছে। কিন্তু এখন তাদের বিদেশি তহবিল কমে আসায় অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান হয়ে উঠছে। এ অবস্থায় এনজিওর ভূমিকা কী হবে?

সেলিম জাহান : স্বাধীনতার পর স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো আর্তের সেবা করেছে। দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করেছে। তবে তাদের সবাই একই কাজ করে না। কিন্তু আমরা একনিশ্বাসে সবাইকে উন্নয়ন সংস্থা বলে থাকি। অনেক স্থানীয় প্রতিষ্ঠান আছে, যাদের কাজ অত্যন্ত প্রশংসনীয়। তাদের নাম জাতীয় পর্যায়ে উঠে আসে না। কিন্তু তাদের কাজের ধরন কখনো রাষ্ট্রের মতো হতে পারে না। কারণ, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা তার কাছে জবাবদিহি চাইতে পারি, যেটা আমরা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে চাইতে পারি না। তারা যদি ব্যবসায়িক হয়ে যায়, তাহলে তাদের সেবাদানের চরিত্র থাকে না। ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ মুনাফা সর্বোচ্চকরণ। ফলে স্বেচ্ছাসেবী সংগঠন ব্যবসাপ্রতিষ্ঠান হতে পারে না। এ বিষয়টি নিয়ে এখন আলোচনা হওয়া উচিত।

প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।

সেলিম জাহান : আপনাকেও ধন্যবাদ।