
জাতীয় সংসদে সম্প্রতি পাস হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে প্রথম আলোর মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক
প্রথম আলো: বিচারপতি অপসারণ আইন কবে করছেন? তিন মাসে সম্ভব?
আনিসুল হক: একটি খসড়া তৈরির আদেশ ইতিমধ্যে আমি মন্ত্রণালয়কে দিয়েছি। যখন আলোচনায় বসব, তখন খসড়া থাকলে সুবিধা হবে।
প্রথম আলো: আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই। কোন কোন দেশ বিবেচনায় নিচ্ছেন?
আনিসুল হক: রাষ্ট্রপদ্ধতিশাসিত মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা, যেখানে তদন্ত করেন জুডিশিয়াল কাউন্সিল। আর ভারতের জাজেজ ইনকোয়েরি অ্যাক্ট। এ ছাড়া অন্যত্রও খুঁজব।
প্রথম আলো: কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বে রাখা যায় কি না?
আনিসুল হক: আমি সাবেক প্রধান বিচারপতির কথা যেটা বলেছিলাম, সেটা ছিল আমার নিজস্ব ধারণা। সবার সঙ্গে আলাপ করে যেটা ভালো হয়, সেটা করব। আমরা বিচার বিভাগের সম্মান সমুন্নত রাখতে চাই। এর সঙ্গে কোনো আপস করব না। এখানে অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষ থাকবে। দুই পক্ষই যাতে আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ পায়, সেই ব্যবস্থা আমরা করতে চাই।
প্রথম আলো: যুক্তরাষ্ট্রে তদন্ত কমিটিতে বিচারক রাখা হয় না।
আনিসুল হক: সেখানে অভিযোগটা প্রতিনিধি পরিষদে পাস হলে সিনেটে যায়। সিনেট তখন অভিশংসন-প্রক্রিয়া শুরু করে। সেখানে প্রতিনিধি পরিষদ তাদের মোশন সমর্থন করতে ১০ জনকে নিয়োগ দিতে পারে। আর অভিযুক্ত স্বাধীনভাবে তাঁর আইনজীবী নিয়োগ করতে পারেন।
প্রথম আলো: তাহলে আমরা যখন ভারতীয় সংবিধানের ১২৪ অনুচ্ছেদ অবিকল নিলাম, এখন কেন তাহলে আশা করব না যে বিচারকদের দিয়েই তদন্ত হোক।
আনিসুল হক: মার্কিন বিধান অনুসরণ করা কঠিন হবে। ভারতীয়টা অনুসরণ করা হয়তো সহজ হবে। কিন্তু আমরা আলাপ-আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাই। ভারতে একজন আইনবিদকে স্পিকার বাইরে থেকে নিয়োগ দিতে পারেন।
প্রথম আলো: কমিটিতে যদি সংখ্যাগরিষ্ঠ কর্মরত বিচারক রাখেন, তাহলে হয়তো দ্বিধা ঘুচবে। সেটা পাঁচ সদস্যের হতে পারে।
আনিসুল হক: আমারও তা-ই মনে হয়। সাবেক প্রধান বিচারপতির কথাটা তুলে আমি যেটা আঁচ পেলাম, সেটা হলো এখানে কর্মরত বিচারক রাখলে তাঁরা যে হুমকিগ্রস্ত মনে করছেন, সেটা হয়তো মনে করবেন না।
প্রথম আলো: সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান বিতর্কে আপনারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন। এখন কীভাবে একই পদধারীর কথা বলছেন?
আনিসুল হক: (হাসি) দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। তা ছাড়া, ত্রয়োদশ সংশোধনী অন্তত আমার কাছে সব সময় প্রশ্নবিদ্ধ ছিল।
প্রথম আলো: তাহলে কি আপনি কর্মরত প্রধান বিচারপতি ও সাবেক প্রধান বিচারপতি দুই বিকল্পই খোলা রাখছেন?
আনিসুল হক: অবশ্যই।
প্রথম আলো: তার মানে আপনি কর্মরত প্রধান বিচারপতিকেই কমিটির প্রধান রাখতে পারেন?
আনিসুল হক: নিশ্চয়ই পারি।
প্রথম আলো: অপসারণের ভোটাভুটিতে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে না, সেটা কি পরীক্ষা করে দেখা যায় না?
আনিসুল হক: বিষয়টি আমি পরীক্ষা করে দেখব।
প্রথম আলো: এটা কি ঠিক যে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে, প্রস্তাবিত আইন তৈরির ভার আইন কমিশনকে দেওয়া হবে?
আনিসুল হক: আমি আগেই বলেছি, সবারই মতামত নেব। ষোড়শ সংশোধনী বিল আনার আগে থেকেই আমি বলা শুরু করেছি, বাহাত্তরের বিধানটি প্রতিস্থাপিত হলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আইনটি তৈরি করা। এটা বাহাত্তরে হয়নি। এমনকি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও তার বিধি তৈরি করেনি।
প্রথম আলো: এই কাউন্সিল প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া তদন্তই করতে পারত না। অথচ নির্বাহী প্রধান বা সংসদ নেতারা গত দুই দশক কেন একে অকার্যকর রাখলেন, সে বিষয়ে ব্যাখ্যা দিলেন না।
আনিসুল হক: আমার আট মাসের কথা বলতে পারি। এর আগে যে হয়নি, সেটা বাস্তব সত্য। সংবিধানের সপ্তম অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যতা আনতেই এ সংশোধনী আনা হয়েছে। তবে এটা সংবিধানে লিখে দিলেই চলবে না।
প্রথম আলো: তাহলে আপনি কেন আগে সংশোধনীটা আনলেন? সংশোধনী আর আইন একই দিনে পাস করতে পারতেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কখন বিলোপ হবে, যেদিন রাষ্ট্রপতি সই করবেন?
আনিসুল হক: হ্যাঁ, নিশ্চয়ই। কারণ, এটা সংবিধান বিল।
প্রথম আলো: তাহলে আচরণবিধি কি থাকবে?
আনিসুল হক: আচরণবিধি পৃথক বিষয়—
প্রথম আলো: এটা জুডিশিয়াল কাউন্সিল ৯৬ অনুচ্ছেদের ক্ষমতাবলেই করেছে। সুতরাং এটা থাকছে না।
আনিসুল হক: আইনগতভাবে থাকছে না। আমার একটি উল্টো প্রশ্ন আছে। আচরণবিধিতে দেখবেন, এটা পারবেন না, ওটা পারবেন না। কিন্তু তা পালনে ব্যর্থ হলে কী হবে সে কথা লেখা নেই।
প্রথম আলো: এটা অন্তর্নিহিত। কেউ আচরণবিধির লঙ্ঘন ঘটালে তিনি অপসারণযোগ্য হবেন।
আনিসুল হক: না, এখানেই আমার প্রশ্ন। যেকোনো জুরুসপ্রডেন্সের কথা বলেন, আইন সব সময় নির্দিষ্ট হতে হয়। না করলে কী হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আচরণবিধিতে তা অনুপস্থিত।
প্রথম আলো: ইসিসহ অন্যদের আচরণবিধির কথা ভাববেন না কেন?
আনিসুল হক: তাঁদের সবাইকে হাইকোর্টের বিচারকের মর্যাদা দেওয়া হয়েছে। যে আইন করব, তার আওতায় তাঁরাও আসবেন।
প্রথম আলো: কিন্তু বিচারকদের আচরণবিধি দিয়ে সিইসির অসদাচরণের বিচার করতে পারবেন না।
আনিসুল হক: সত্যি বলতে কি, এটা নিয়ে আমি এখনো ভাবিনি।
প্রথম আলো: কিন্তু এটা ভাবার বিষয়।
আনিসুল হক: আমি একমত। সব দায়িত্বশীল পদের জন্যই এই জিনিসটা থাকা উচিত।
প্রথম আলো: কিন্তু একটি পেশাজীবী মহল বাদে সবাই এ নিয়ে নীরব, এমনকি ওই সব পদধারীও। আপনি তাঁদের কাছে একটা আবেদন রাখতে পারেন।
আনিসুল হক: আইন যেটা আমি করতে যাচ্ছি, সেটা পাঁচ বছরের জন্য করতে যাচ্ছি না। এই বাংলাদেশ যত দিন থাকে তত দিন যেন এই আইন থাকে। এসব সাংবিধানিক সংস্থার কথা যেটা আপনি বললেন, সংবিধানে সবগুলোর আলাদা বিশেষায়িত অবস্থান রয়েছে। তাই তাঁদের সঙ্গেও আমি আলাপ করব। বলব, আপনারা কিসে প্রভাবিত হবেন বা হবেন না, তা বলুন।
প্রথম আলো: বিষয়টি সময়সাপেক্ষ। এই বিবেচনায় রাষ্ট্রপতি যদি বিলটিতে সই না দিয়ে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠান, তাহলে আপনি অবাক হবেন?
আনিসুল হক: রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি যদি তাঁর ক্ষমতা প্রয়োগ করেন, তাহলে আমরা দেখব। কিন্তু এখানে একটা কথা বলতে হবে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে। এটাই আইনে বলা আছে। এ বিল পাসে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। তাহলে আমার মনে হয় না, আপনার প্রশ্নটি প্রাসঙ্গিক।
প্রথম আলো: আপনারা অন্যান্য গণতন্ত্রের দোহাই দেন। কিন্তু কোথাও প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ ক্ষমতা নেই। এখন যা করছেন তাতেও ইচ্ছা-অনিচ্ছা একজনেরই। তবে নতুন ব্যবস্থায় বিচারকদের মনস্তাত্ত্বিক দ্বিধাদ্বন্দ্ব, শঙ্কা বাড়তে পারে।
আনিসুল হক: আমার তা মনে হয় না। আমার বক্তব্যে যদি মাননীয় বিচারপতিরা আশ্বস্ত হন, তাহলে আমি বলতে পারি এখানে শঙ্কিত হওয়ার কিছু নেই। বরং এতে তাঁদের সম্মান আরও বাড়বে। বিচার বিভাগের পবিত্রতাও অধিকতর রক্ষা পাবে। তাঁরা যেন মনে না করেন, এটা কোনো একজনের ডিকটেটরশিপ। আর সে কারণেই এটা করা হয়েছে। তাঁদের আরও বেশি স্বাধীনতার সুযোগ দেওয়ার জন্য এটা করা হয়েছে।
প্রথম আলো: বিচার বিভাগের কথা থাক, গত দুই দশকে এ জাতির জীবনে এমন কিছুই কি ঘটেনি, যেখানে অন্য সাংবিধানিক সংস্থাগুলোর সদস্যদের আচরণ খতিয়ে দেখতে বলা যেত। নির্বাচন কমিশন, মহাহিসাব নিরীক্ষক, দুদক- এদের জীবনে এমন কিছুই কি ঘটেনি যে, গত দুই দশকে একটি তদন্ত অনুষ্ঠান করা দরকার ছিল। সংবিধানে যাদের ক্ষমতা ছিল, তার কেন প্রয়োগ হয়নি, কেন তার কোনো ব্যাখ্যা আমরা পাইনি?
আনিসুল হক: যা ঘটেনি সে সম্পর্কে আমার বলার কিছুই নেই।
প্রথম আলো: কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অকার্যকর ছিল বলে আপনি বাতিল করছেন না, তাই আপনার মন্তব্য শুনতে চাই।এ ধরনের কাজের কথা না বলে জিয়াউর রহমান সামরিক ফরমান দিয়ে চতুর্থ সংশোধনীর একটি বিধান বাতিল করেছেন, সেটার ওপরে আপনি জোর দিয়েছেন।
আনিসুল হক: আমি প্রয়োজনীয় একটি জিনিসও কিন্তু বাদ দিইনি। আমি যেটা পরিষ্কার বলতে চাই, ১৬তম সংশোধনীটা আনার গোড়াতেই কিছু যুক্তি আমি দিয়েছিলাম। আমি কোথাও এড়িয়ে যাইনি। আমি বলেছি যে দেখুন, দায়বদ্ধতা, জবাবদিহি এবং স্বচ্ছতার কারণে এই ব্যবস্থায় আমাদের যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আপিল বিভাগের রায়, যেটা রিভিউ হয়েছে, সেই রায়ে কিন্তু
সংবিধানের ৭ অনুচ্ছেদকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। সেটার সঙ্গে সামঞ্জস্যতা রাখতেই আজ এই নতুন বিধান করতে হয়েছে। এটা আমরা করলাম।কিন্তু এখন বইটার মধ্যে লিখে দিলেই এর কার্যকারিতা শুরু হয়ে যাবে না।
প্রথম আলো: তাহলে আপনি কেন এত তাড়াহুড়ো করলেন? এমন তো আর নয় যে, সংবিধানে এটা না ঢুকিয়ে আপনি আইনের খসড়া তৈরি করতে পারতেন না। আপনি একই দিনে সংশোধনী বিল এবং তদন্ত আইনটা পাস করতে পারতেন। এই বিকল্প আপনার সামনে এখনো খোলা রয়েছে।
আনিসুল হক: আপনার প্রশ্নটা বুঝিনি।
প্রথম আলো: আচ্ছা। আপনারা সব সময় পৃথিবীর অন্যান্য দেশকে দেখান, আমরা তো কোনো দেশ থেকে এমন উদাহরণ পাই না, যেখানে বাংলাদেশ সংবিধানের মতো প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে।
আনিসুল হক: কেন ভারতেরটি?
প্রথম আলো: ভারতের সংবিধানে নির্বাহী ক্ষমতা দেওয়া আছে রাষ্ট্রপতির কাছে। সেখানে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্য। প্রধানমন্ত্রীকে আমাদের মতো কেবিনেট থেকে বিচ্ছিন্ন করা হয়নি।
আনিসুল হক: সেটার সবচেয়ে বড় কারণ হলো, ভারত হলো ইউনিয়ন অব ইন্ডিয়া। এটা হলো কম্পোজিট অব মেনি স্টেটস।
প্রথম আলো: না, মোটেই সে কারণে নয়। আপনি ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়াকে দেখুন। সেখানেও ওই একই মডেল। এর সার কথা হলো, রাষ্ট্রের নির্বাহী ক্ষমতাটা রাজা বা রানির থাকবে।আর রাষ্ট্রপ্রধানের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হবেন ফার্স্ট অ্যামোঙ দ্য ইকুয়েলস। দুঃখ হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী তা নন। তিনিই সর্বেসর্বা। তিনিই প্রথম। তিনিই শেষ। তিনিই নিরঙ্কুশ।
আনিসুল হক: আপনি ব্রিটিনকে দেখুন। সেখানেও কিন্তু লেজিসলেশন হতে হতে যদিও বলা হয়, কুইন ইজ অ্যাবোভ অল, সেই ক্ষেত্রেও কিন্তু সংসদের কাছেই সব ক্ষমতা।
প্রথম আলো: আপনার সঙ্গে একমত কিন্তু সেখানে ৭০ অনুচ্ছেদ (ফ্লোর ক্রসিংসংক্রান্ত) নেই।
আনিসুল হক: এই যে আপনি ৭০ অনুচ্ছেদের কথা বলেছেন, এইটার ব্যাপারে আলাপ করতে গেলে কিন্তু ১৯৪৭ থেকে আজ পর্যন্ত যে ইতিহাস, তাকে দেখতে হবে। আমাদের বাস্তবের নিরিখে অনেক কিছু করতে হয়। কিন্তু আমি একটি জিনিস আপনাকে বারবার বলছি, বিচারকদের জন্য এই আইনটা বানানোর সময় আমি কিন্তু ৭০ অনুচ্ছেদের ব্যাপারে নিশ্চয়ই চিন্তাভাবনা করব।
প্রথম আলো: আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এখন বলুন, অধস্তন আদালত নিয়ন্ত্রণসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে আজও জিয়ার সামরিক ফরমানের ছাপ আছে। আপনি ৯৫(২) গ অনুচ্ছেদের অধীনে বিচারক নিয়োগের আইন করার কথা বলছেন, সেটাও তো জিয়ার ফরমানবলে এসেছিল। ওটায় ভুলছেন কেন? ওটা তো আইওয়াশ ছিল । বিচারকেরা অবসরের পরে কোনো কাজ করবেন না, ৭২-এর ৯৯ অনুচ্ছেদ যথার্থ নিয়মই করা ছিল। এখানেও জিয়ার সামরিক ফরমান রেখে দিয়েছেন।
আনিসুল হক: আমার কথা হলো, আমি অবশ্যই সামরিক ফরমানের বিরুদ্ধে। এটার ব্যাপারে আপসের কোনো প্রশ্নই ওঠে না। কারণ এই সংবিধানের মধ্যে পরিষ্কার লেখা আছে যে, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ।
প্রথম আলো: তাই বলি, স্ববিরোধী হচ্ছে নাকি? জিয়ার তিনখানা ফরমান পছন্দনীয়। একখানা অপছন্দনীয় হলো কেন?
আনিসুল হক: সংবিধানে বলা আছে, সকল ক্ষমতার অধিকারী জনগণ। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, সংসদ আইন সৃষ্টি করতে পারে। এবং সংশোধন ও তা বাতিল করতে পারে। আমার এখানে বক্তব্য হচ্ছে, এই ধরুন সংবিধানের ৯৫(২)গ এর অনুচ্ছেদের কথাই বলি। সেখানে বলা আছে, হাইকোর্টের বিচারক নিয়োগে যোগ্যতা নির্ধারণী একটি আইন করা হবে। এটা সংবিধানে যেভাবেই এসে থাকুন না কেন, আজকের বাস্তবতায় এর কি প্রয়োজনীয়তা আছে না? আমার তো মনে হয়, এর দরকার আছে। আমি যদি এখন সেটা গ্রহণ করি।
প্রথম আলো: আচ্ছা গ্রহণ করুন। কিন্তু বিচারক নিয়োগে এখন কমিশন করার যুগ। ব্রিটেন ও ভারত সেই পথে গেছে।
সংসদে আপনি বলেছেন বিচারক নিয়োগের একটা নীতিমালা করবেন। বিশ্ব এখন কমিশনের দিকে যাচ্ছে, কেন নীতিমালা চাইছেন?
আনিসুল হক: আমি নীতিমালার কথা বলিনি। ৯৫ (২) ক অনুচ্ছেদে যে আইনের কথা বলা আছে, সেই আইনটি আমি করব। ৭২-এর নিয়োগ প্রেক্ষাপট আজ বদলে গেছে। এখন এই জিনিসটা বিচার বিভাগের উন্নয়নের স্বার্থে করা প্রয়োজন।
প্রথম আলো: সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে একটি বিধিমালার খসড়া তৈরি করে রেখে গেছেন। দেখেছেন কি?
আনিসুল হক: না আমি দেখিনি। বিগত তত্ত্বাবধায়ক সরকার একটি অধ্যাদেশ করেছিল।
প্রথম আলো: আপনি সেটা আরও উন্নত করে নিতে পারেন।
আনিসুল হক: হ্যাঁ, আমি সেটা পরীক্ষা করব।
প্রথম আলো: এ ব্যাপারে কি একটা সময়সীমা দিতে পারেন।
আনিসুল হক: না, এটা পারি না। সবগুলোর সময়সীমা দিলে কোনোটাই হয়তো পারব না।
প্রথম আলো: আচ্ছা ধরে নিই, জিয়ার এই ফরমানটি দরকারি। তবে এখনই আপনি নিজের যুক্তিতে আটকে যেতে পারেন, অনুমতি দিলে বলতে পারি?
আনিসুল হক: আচ্ছা বলুন।
প্রথম আলো: সুপ্রিম কোর্টের দুটি রায়ে নির্দিষ্ট করে এবং আরেকটি রায়ে পরোক্ষভাবে সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে ৭২–এর সংবিধানে ফিরিয়ে নিতে বলেছে। এখন বলুন, এটা করতে আপনি প্রয়োজনীয়তা অনুভব করছেন না কেন?
আনিসুল হক: আপনাকে ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমার মন্ত্রণালয় কি করে থাকে? মাসদার হোসেন মামলার রায়ের পরে ১১৬ অনুচ্ছেদ এতটাই কার্যকর হয়েছে যে, আমি কিন্তু কেবলই একটি পোস্ট বক্সের মতো কাজ করি। পোস্ট বক্সের চেয়ে একটু উন্নত তার কারণ হলো, আমি সুপ্রিম কোর্টে একটি প্রস্তাব (নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি ও শৃঙ্খলা বিধান) পাঠাই। কেন এটা পাঠাই? এর কারণ হলো, বিচার বিভাগ প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হতে চায় না। আমি কেবল প্রস্তাবটি পাঠাই, সেটি তারা জিএ কমিটিতে বিবেচনা করেন। আমাদের প্রস্তাব যদি তারা পছন্দ না করেন, সেটার বিপরীতে তাঁরা প্রস্তাব দেবেন, আর তখন সেটা মানতে আমি কিন্তু বাধ্য।
প্রথম আলো: এই পুরোনো ব্যাখ্যার সঙ্গে আমরা পরিচিত।
আনিসুল হক: না, আপনি আমার কথা শুনুন। এখন এখানে দেখা যায় সুপ্রিম কোর্টের অভিমতই প্রাধান্য পেয়ে থাকে এবং ১১৬ অনুচ্ছেদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পূর্ণ কার্যকর রয়েছে।
প্রথম আলো: সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আমাদের ঠিক এই ব্যাখ্যাই দিয়েছেন। তিনিও মনে করেন, ৭২-এর ১১৬ অনুচ্ছেদে ফিরিয়ে আনা বা না-আনা এখন অপ্রাসঙ্গিক। কারণ, বাস্তবে সরকারের কাছ থেকে এর সুবিধা সুপ্রিম কোর্ট নাকি পেয়ে যাচ্ছেন।
আনিসুল হক: তিনি যেটা বলেছেন, সেটা আমি জানতাম না।
প্রথম আলো: দুই আইনমন্ত্রীর মধ্যে এই একটি মিল দেখতে পেলাম।
আনিসুল হক: একটি ব্যাপার হচ্ছে কী, দেশের বাস্তবতার প্রতি একটু লক্ষ রাখতে হবে। ৭২-এ একটি বিষয় গঠন করার পর্যায়ে ছিল। তখন তারা (সংবিধানপ্রণেতারা) বলেছিলেন, আমরা এটা চাই। তাদের যে ধারণাগুলো ছিল, সংবিধানপ্রণেতারা সেটাই সংবিধানে লিখে গেছেন। এখন ৪২ বছর হয়ে গেছে। আমি একটি কথা বলি, এটা আপনারা মানতে পারেন বা না–ও পারেন। ১৯৭৫ সাল থেকে সামরিক ফরমান দ্বারা রাষ্ট্র পরিচালনার যে স্বাভাবিক গতি, সেটাকে নষ্ট করা হয়েছে। এখন আমাদের সামনে একটি ভিন্নতর বাস্তবতা এসেছে। এখন যদিও আমি বলি, আমি ৭২-এর ১১৬ অনুচ্ছেদ ফেরত চাই, কিন্তু আমার সেই অবকাঠামো নেই। সে জন্য অধস্তন আদালতে উপযুক্ত পরিপক্বতার উন্নয়ন সাধন লাগবে। এসব কিছু অর্জনের পরেই কেবল আমাকে ’৭২ সালের ১১৬ অনুচ্ছেদে ফিরে যাওয়া সম্ভব হবে, অন্যথায় সম্ভব নয়।
প্রথম আলো: যেসব অবকাঠামোর কথা আপনি বলছেন, সেটা গড়ে তোলার জন্য আপনি কি ইতিমধ্যে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করছেন?
আনিসুল হক: আমি নিশ্চয়ই সেটা করছি। ইতিমধ্যে আমি সেটা শুরুও করে দিয়েছি।
প্রথম আলো: বিচারপতি আবদুল মতিন তাঁর রায়ে বলেছিলেন, ১১৬ অনুচ্ছেদকে ৭২-এর সংবিধানের মতো ফিরিয়ে না আনা পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা দূরবর্তী ঢোলের শব্দ হয়ে থাকবে। আপনি কি সেই ঢোলের শব্দ শুনছেন?
আনিসুল হক: আমি তাঁর সঙ্গে একমত নই। কারণ, অনেক কিছুই এগিয়ে গিয়েছে। বিশ্বাস করুন, আমার মন্ত্রণালয় একটি সেতুর মতো কাজ করছে।
প্রথম আলো: কিন্তু আপনার মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে বিধি লঙ্ঘন করে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ছাড়াই নিয়োগ দেওয়ার দৃষ্টান্ত আছে।
আনিসুল হক: কোন পদে এমন রয়েছে?
প্রথম আলো: আছে। মোট কথা এর ফলে আপনার দাবির ভিত নড়ে যায়।
আনিসুল হক: দেখুন, আইনসচিব একটি প্রশাসনিক নিয়োগ। ব্যাপারটা হচ্ছে, অধস্তন আদালতে যারা আছেন, তাঁদের আমি যদি নিজ থেকে বদলি করি তাহলে ১১৬ অনুচ্ছেদ লঙ্ঘিত হবে। আমি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হব। সেটা মাসদার হোসেন মামলার নির্দেশনার পরিপন্থী হবে।
প্রথম আলো: তার মানে দাঁড়াচ্ছে, সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়াই কাউকে বছরের পর বছর আইন মন্ত্রণালয়ে রেখে দেওয়া আদালত অবমাননাকর নয়!
আনিসুল হক: আজ আপনি আমাকে পাঁচ বছর আগে কী হয়েছে, সেটার জন্য দায়ী করছেন। আমাকে তো ঠিক করার সময় দেবেন।
প্রথম আলো: এবারে মানছি, আপনাকে ধন্যবাদ। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বেশ কিছু সংস্কার দরকার। কী কী বিষয় আশু বিবেচনায় রেখেছেন?
আনিসুল হক: বিচার বিভাগের স্বাধীনতা এমন একটি বিষয়, যা প্রতিদিনই একটি পরিবর্তনশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখার জন্য যা যা করার দরকার, আমি আমার সময়ে তাই আমি করব, ইনশা আল্লাহ।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
আনিসুল হক: ধন্যবাদ।