যতীন রায় চাকমার সাক্ষাৎকার
বন রক্ষায় এত সুফল আসবে ভাবিনি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী গ্রামে দীর্ঘ ৩০ বছর ধরে প্রায় পাঁচ হাজার একর বন রক্ষা করে আসছে গ্রামবাসী। সারোয়াতলী সংরক্ষিত বনাঞ্চল কমিটির নামে বনটির যত্ন চলছে। যতীন রায় চাকমা এই কমিটির সভাপতি। গত ১৫ জানুয়ারি পরিবেশবাদী সংগঠন তরুপল্লবের উদ্যোগে সিটি ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার দেওয়া হয়। এবার এই কমিটিকে পুরস্কার দেওয়া হয়েছে। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে যতীন রায় চাকমার সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: আপনারা কত বছর ধরে বন রক্ষা করে আসছেন? কেন বন রক্ষার কথা মনে এল?
যতীন রায় চাকমা: ১৯৯২ সালে বনটি রক্ষায় উদ্যোগ নেওয়া হয়। ওই বন থেকে গ্রামবাসীরা তাঁদের প্রয়োজনীয় বাঁশ ও গাছ সংগ্রহ করতেন। ১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তির পর বনদস্যুরা বন দখল করে উজাড় করে ফেলেন। গ্রামবাসীরা জোরালোভাবে বনটি রক্ষায় উদ্যোগ নেয়। এত বছর ধরে পালাক্রমে পাহারা দিয়ে যাচ্ছে গ্রামের মানুষ। তখন থেকে বনটি রক্ষা করে আসছি। আমরা আসলে শুধু গ্রামবাসীর প্রয়োজনীয় গাছ-বাঁশ সংগ্রহের জন্য বনটি সংরক্ষণ করছিলাম। বর্তমান সময়ে এসে আমাদের বন এত উপকারে আসবে তা ভাবিনি। এত সুফল পাব, তা চিন্তা করা হয়নি।
প্রশ্ন :
প্রথম আলো: বন রক্ষার সঙ্গে কটি গ্রাম আছে? কীভাবে বন রক্ষা করে আসছেন?
যতীন রায় চাকমা: বনের চারদিকে সাতটি গ্রাম আছে। বন রক্ষায় সব গ্রামের মানুষ সংশ্লিষ্ট আছে। সবার আপ্রাণ চেষ্টায় বনটি টিকিয়ে রাখা সম্ভব হয়েছে। সাত গ্রামের মানুষ মিলে সারোয়াতলী সংরক্ষিত বন রক্ষা কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির পরিচালনায় বন রক্ষা করা হচ্ছে। বনটি আরও শত বছর টিকিয়ে রাখার চিন্তাভাবনা আছে। অসংখ্য শতবর্ষী গাছসহ পুরোটাই প্রাকৃতিক বন। কোনো বাঁশ, গাছ বা অন্য উদ্ভিদ লাগানো হয়নি।
প্রশ্ন :
প্রথম আলো: বন রক্ষা করে এখন কী কী উপকার পাওয়া যাচ্ছে?
যতীন রায় চাকমা: বন রক্ষার ফলে সেখান থেকে পাওয়া বাঁশ, গাছ গ্রামবাসীর প্রয়োজন মেটাচ্ছে। পাশাপাশি কমিটি প্রতি বছর অন্তত চার লাখ টাকার বাঁশ বিক্রি করে। এ ছাড়া বন থেকে পাওয়া মৌসুমি ফল, মধু, সবজি সংগ্রহ করেন গ্রামবাসী। বনের ছড়ার পানি দিয়ে ৫০০ একর জমি সেচ করা যাচ্ছে। গ্রামগুলোতে সারা বছর পানি পাওয়া যাচ্ছে। অথচ অন্যান্য এলাকার বিভিন্ন গ্রামে শুষ্ক মৌসুমে চরম পানি সংকট দেখা দিয়েছে। বন যদি সংরক্ষণ করা না হতো, গ্রামগুলোতে চরম পানি সংকট এবং ৫০০ একর ধানি জমি অনাবাদি হয়ে পরিত্যক্ত হয়ে পড়ত।
প্রশ্ন :
প্রথম আলো: বনে কী ধরনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রয়েছে?
যতীন রায় চাকমা: সম্প্রতি ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বনে বেশ বিপন্ন ও বিরল প্রজাতির গাছ পাওয়া গেছে। সংরক্ষণ করা বনে বিপন্ন উল্লুক, হনুমান, ভালুক রয়েছে। এ ছাড়া হরিণ, বন্য শূকর, হাতি বনবিড়াল, বনমোরগ, ধুমকল, টিয়া, ধনেশ, ময়না, হরিয়ালসহ অসংখ্য পাখি আছে। আছে সাপ ও নানা উভচর প্রাণী। এক কথায় বলা যায়, এই বন বন্যপ্রাণীর অভয়াশ্রম।
প্রশ্ন :
প্রথম আলো: বন ঘিরে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে?
যতীন রায় চাকমা: বন রক্ষায় আমাদের অনেক পরিকল্পনা আছে। তবে অর্থের অভাবে আমরা এগোতে পারছি না। বন সুরক্ষায় চারদিকে কাটা তারের বেড়া ও অগ্নিনির্বাপণের ব্যবস্থা করতে চাই। সম্প্রতি সিটি ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার হিসেবে পাওয়া অর্থের ৮০ শতাংশ টাকা ফাঁকা স্থানে গাছ-বাঁশ লাগানোর পরিকল্পনা রয়েছে।
প্রশ্ন :
প্রথম আলো: এখন বনের অবস্থা কেমন?
যতীন রায় চাকমা: বনের বিভিন্ন স্থানে বাঁশ, গাছ না কাটার সাইনবোর্ড টাঙিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া সাইনবোর্ড টাঙিয়ে বন্যপ্রাণী হত্যা ও শিকার নিরুৎসাহিত করা হয়েছে। কমিটির মাধ্যমে বনে বাঁশ, গাছ না কাটার প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের সাইন বোর্ড টানানোর কারণে মানুষ এখন অনেক সচেতন হয়েছেন। আগের মতো মানুষ সারোয়াতলী সংরক্ষিত বন এলাকায় বন্যপ্রাণী শিকার করেন না।