বহির্বিশ্বে ভাবমূর্তি সংকটে পড়বে
>

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হওয়ার প্রেক্ষাপটে গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছেন। চুরি যাওয়া অর্থ ফেরত আনা এবং দেশের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা বিধানে করণীয় সম্পর্কে লিখেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের টাকা এভাবে খোয়া যাওয়ার ব্যাপারটা খুবই দুঃখজনক, একই সঙ্গে তা উদ্বেগজনকও বটে। টাকা তো খোয়া গেলই, এরপর বাংলাদেশ ব্যাংক সময়মতো সরকারকে যে তা জানাল না, সেটাও সমর্থনযোগ্য নয়। এরপর ঘটনাটি গণমাধ্যমে ফাঁস হওয়ার পর তারা যে ব্যাখ্যা দিল, সেটাও গ্রহণযোগ্য নয়। এটাকে আমি এরর অব জাজমেন্ট বলেই আখ্যা দেব। এরপর তো পরিবর্তন হয়ে গেল। ফলে এখন আমাদের উচিত হবে, এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া। আইটি বিশেষজ্ঞদের দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ইন্টারনেট ব্যবস্থায় ফায়ারওয়াল তৈরি করাতে হবে, যাতে এটি সর্বাঙ্গীণভাবে নিরাপদ ও অভেদ্য থাকে।
এখন কথা হলো, ব্যাপারটা তো ঘটে গেছে। ফলে এ অবস্থায় আমাদের দেখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত আছেন কি না। তদন্ত কমিটি যদি দেখে কেউ জড়িত, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তদন্ত কমিটিতে একজন আইটি বিশেষজ্ঞকে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম আমি। সরকার একজন আইটি বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছে।
টাকার হিসাবে এই অঙ্ক হয়তো খুব একটা বড় নয়, কিন্তু এর ফলে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি সংকটে পড়বে। বাইরের মানুষ এটাকে আমাদের দক্ষতা ও সুশাসনের অভাব হিসেবেই চিহ্নিত করবে। তবে এ কারণে আমাদের আন্তর্জাতিক লেনদেনে সমস্যা হবে বলে মনে হয় না। আমরা যদি পাওনাদারদের সময়মতো টাকা পরিশোধ করতে পারি, তাহলে তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আর এ ঘটনার পর তো আমাদের সতর্কতা নিশ্চয়ই বাড়বে, ফলে লেনদেনে তেমন সমস্যা সৃষ্টি হবে না।
এই রিজার্ভ খোয়া যাওয়ার কিছুদিন আগে এটিএম বুথে স্কিমিং মেশিন বসিয়ে কার্ড ক্লোন করে কয়েকজন গ্রাহকের টাকা জালিয়াতি করে তুলে নেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ আমানতকারীরাও আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। তবে ইতিবাচক দিক হচ্ছে, দু-একটি ব্যাংক ইতিমধ্যে গ্রাহকদের ক্ষতিপূরণ দিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশনা দিয়েছিল।
তবে ব্যাংকগুলো এই নির্দেশনা কতটা প্রতিপালন করে, তা বলতে পারব না। আবার আমাদের একটি প্রবণতা হচ্ছে, সবকিছুই আমরা সস্তায় পেতে চাই। প্রযুক্তির ক্ষেত্রেও আমরা সস্তা জিনিসটাই খুঁজি। এ ক্ষেত্রে তা করা ঠিক নয়। মান ও খরচের মধ্যে আমাদের একটা ভারসাম্য রাখা উচিত। পুরো ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা সংহত করায় জোর দেওয়া উচিত। তবে সামগ্রিকভাবে ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থাহীন হওয়ার কারণ নেই।
এদিকে খোয়া যাওয়া টাকা ফেরত আনা যাবে কি না, তা সময় হলেই জানা যাবে। গণমাধ্যম থেকে আমরা জানতে পারলাম, টাকা ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যক্তিগতভাবে আমি আশাবাদী, এ টাকা ফেরত আনা যাবে। আরও আশার কথা হচ্ছে, ফিলিপাইন সরকার আমাদের সাহায্য করছে। তারা নিজেরাও তদন্ত শুরু করেছে।
ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু যে হিসাবে ওই টাকা গিয়েছে, সেটি নাকি ভুয়া হিসাব। ফলে কার কাছে টাকা গেছে, সে কোথায় গেছে—এসব তথ্য যদি ঠিকঠাক জানা না যায়, তাহলে টাকা উদ্ধার করা একটু কঠিন হবে। যে জালিয়াতি করেছে, তাকে চিহ্নিত করা গেলেই তো মামলা করে টাকা উদ্ধারের প্রক্রিয়া শুরু করা যায়, কিন্তু তাকে চিহ্নিত করা না গেলে তো মুশকিল। তবে একটি দূরবর্তী সম্ভাবনা আছে। সেটা হলো, রিজাল ব্যাংক স্বতঃপ্রণোদিত হয়ে যদি খোয়া যাওয়া টাকা পরিশোধ করে দেয়, তাহলে আমাদের আর দুশ্চিন্তা নেই। যেহেতু তাদের ব্যাংক হয়ে লেনদেন হয়েছে, সেহেতু তাদের ভাবমূর্তিও সংকটে পড়েছে। তারাও ব্যাংকিং নৈতিকতা লঙ্ঘন করেছে। ফলে তারা বিষয়টি ভেবে দেখতে পারে।
এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ।