বাংলাদেশিদের ক্ষমাশীলতার শক্তি অনেক বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ব্রেইথওয়েট
জন ব্রেইথওয়েট
অস্ট্রেলীয় অধ্যাপক ড. জন ব্রাডফোর্ড ব্রেইথওয়েটের জন্ম ১৯৫১ সালে। ‘সবচেয়ে স্বনামধন্য অপরাধতত্ত্ববিদদের অন্যতম’ হিসেবে তিনি বিশ্বব্যাপী পরিচিত। অস্ট্রেলীয় লেবার পার্টির আজীবন সদস্য। অপরাধবিদ্যা–সংক্রান্ত বই লিখেছেন এক ডজনের বেশি। ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজি তাঁকে ‘লাইফটাইম কন্ট্রিবিউশন টু ক্রিমিনোলজি’ পুরস্কারে ভূষিত করেছে। রেস্টোরেটিভ জাস্টিস বিষয়ে বাংলাদেশ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউকেএইড ও জার্মান সংস্থা জিআইজেড আয়োজিত এক সেমিনারে যোগ দিতে তিনি ঢাকায় আসেন। ১৮ আগস্ট তিনি হোটেল সোনারগাঁওয়ে প্রথম আলোর মুখোমুখি হন।

প্রথম আলো : রেস্টোরেটিভ জাস্টিস (আরজে) বা আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা একটি নতুন ধারণা। ১৯৭৭ সালে প্রথম এই পরিভাষা ব্যবহার করা হয়। কেন আপনি মনে করেন এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে?
জন ব্রেইথওয়েট : কবে প্রচলন, তা নিয়ে তর্ক আছে। তবে ৭৭ সাল ধরে নেওয়া চলে। আমি মনে করি, বাংলাদেশে এর ভালো সম্ভাবনা আছে। আরডিআরএস নামের একটি সংগঠন ইতিমধ্যে এর বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে। রংপুরে আমি পরিদর্শন করেছি। তাদের কর্মীরা খুবই প্রশিক্ষিত। আমি আশাবাদী, কারণ আমি দেখেছি, এটা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।
প্রথম আলো : বাংলাদেশের অবস্থার সঙ্গে মিল আছে—এমন আর কোথায় এটা চালু আছে?
জন ব্রেইথওয়েট : আমার শহরেও আমি এ বিষয়ে অনেক পরীক্ষা ও গবেষণা করেছি। সাফল্যের বিষয়ে আমাদের হাতে অনেক তথ্য-উপাত্ত আছে। অনেক উন্নয়নশীল দেশেও এ নিয়ে গবেষণা হয়েছে। পাপুয়া নিউগিনি একটি ভালো উদাহরণ। তারা এ বিষয়ে একটি জাতীয় নীতি গ্রহণ করেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে এই পদ্ধতি এখনো উন্নত বিশ্বেই প্রচলিত আছে। ইউরোপের প্রতিটি দেশে এই কর্মসূচি চালু আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্রে এটা আছে। আবার চিলি ও দক্ষিণ আমেরিকাতেও এটা সুফল দিচ্ছে। জাতিসংঘের কংগ্রেসে অপরাধ প্রতিরোধের কৌশল নিয়ে ২০০০ সালে অনেক বিতর্ক হয়েছিল, তখন থেকে অনেক দেশ এই পদ্ধতির দিকে ঝুঁকেছে। বাংলাদেশে এই পদ্ধতির শুরুটা যেভাবে হয়েছে, তা কিন্তু অনেক উন্নত দেশের সঙ্গে তুলনীয়।
প্রথম আলো : রুয়ান্ডায় কেন এটা ব্যর্থ হয়েছে?
জন ব্রেইথওয়েট : সেখানে গণহত্যা-পরবর্তী পরিস্থিতিতে অনেক ধরনের ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তির চেষ্টা হয়েছে। বাংলাদেশে যেভাবে ‘সালিস’ বা গ্রাম আদালত কাজ করে, সেখানে তারও প্রয়োগ ঘটেছে। আরজে কিছু ক্ষেত্রে কার্যকর হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি। তবে এটা স্বীকৃত হয়েছে, ঐতিহ্যগত যে অপরাধ বিচারব্যবস্থা ছিল, তার চেয়ে বিকল্প ব্যবস্থা বেশি সুফল দিয়েছে। রুয়ান্ডার অভিজ্ঞতার আলোকে আপনাদের অবস্থা পর্যালোচনা করা চলে। আপনাদের এখন প্রায় ৩০ লাখ মামলার জট লেগে আছে। বিদ্যমান ব্যবস্থায় এর সুরাহা চাইলে অন্তত এক শতাব্দী লেগে যাবে। সোয়া লাখ লোক রুয়ান্ডার গণহত্যায় অংশ নিয়েছিল। প্রচলিত বিচারব্যবস্থার পক্ষে এই বিপুল অভিযুক্ত ব্যক্তির বিচার করা সম্ভব ছিল না। ১০ বছরের বেশি সময় বিনা বিচারে বিপুলসংখ্যক লোক কয়েদখানায় দিন কাটিয়েছে। বিনা বিচারে বন্দী থাকা বিপুলসংখ্যক শিশু রুয়ান্ডার কারাগারে মারা গেছে। সেখানে প্রমাণিত হয়েছে, পাশ্চাত্য ধাঁচের প্রচলিত বিচারের চেয়ে আরজে অনেক ভালো ফল দিয়েছে, যদিও এই ব্যবস্থার ব্যর্থতার কথাও আমি স্বীকার করি।
প্রথম আলো : আমাদের দেশে গ্রাম আদালত ফলপ্রসূ না হলে আরজে কেন ফলপ্রসূ হবে ভাবছেন? তা ছাড়া মিমিক্রি বা অনুকরণ করার সমস্যা আছে, অর্থাৎ আপনার দেশে চলছে বলে আমরাও চালাতে পারব, তা না–ও হতে পারে। আপনার সামাজিক ও রাজনৈতিক অবস্থার সঙ্গে আমাদের মিল নেই। তাই প্রশ্ন হলো অনুকরণের ঝুঁকি সত্ত্বেও কেন বলছেন এটা কাজ দেবে?
জন ব্রেইথওয়েট : আমি জানি, এ দেশে গ্রাম আদালত ভালো চলছে না। আমাকে বলা হয়েছে, ইউএনডিপি গ্রাম আদালত পুনরুজ্জীবনের জন্য কাজ করছে। আর, অনুকরণের ঝুঁকি আমি নাকচ করব না। তবে আপনাদের মতো আমরাও একই কমন ল অনুসরণ করছি। আবার এও সত্য, অস্ট্রেলিয়ায় আমরা যেভাবে আরজে অনুসরণ করে চলেছি, সেভাবে কিন্তু বাংলাদেশেরটা হচ্ছে না। এখানে ভিন্ন প্রক্রিয়ায় ঘটছে। আবার ইংল্যান্ডের থেকেও অস্ট্রেলিয়ার আরজে ভিন্ন। সুতরাং, আমরা অনুকরণ করছি না। বাংলাদেশেও আপনারা করছেন না। আপনাদের সালিস ও গ্রাম আদালতের ঐতিহ্য আছে। আপনাদের নিজেদের অভিজ্ঞতা ও পরিবেশের আলোকেই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত রেস্টোরেটিভ জাস্টিস সৃষ্টি করতে হবে।
প্রথম আলো : আপনি যেটা বলছেন, সেটাও একটা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন (এডিআর)। এডিআর যদি এখনো ব্যর্থ থাকে, তাহলে রেস্টোরেটিভ জাস্টিস কেন কাজ দেবে?
জন ব্রেইথওয়েট : আপনাদের ৩০ লাখের জট তো কমছে না। দ্রুত বিচার ট্রাইব্যুনালেও তো তেমন কিছু দ্রুত বিচার দিচ্ছে না। এই প্রেক্ষাপটেই আরডিআরএস ও মাদারীপুর মধ্যস্থতা মডেল কাজ করছে। আপনাদের কারাগারগুলো ভিড়ের সমস্যায় আক্রান্ত। জিআইএস ও জিআইজেডের সহায়তাপুষ্ট একটি প্রকল্প ২০১৪ সালে হাতে নেওয়া হয়েছে। গত প্রায় এক বছরে প্রায় সাত হাজার বন্দী, যাদের কারাগারে থাকার কথা ছিল না, তাদের বিষয়ে একটা সুরাহা দিতে পারা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। রুয়ান্ডাতে দেখা গেছে, ১০ বছর ধরে এমন লোক কারাগারে ছিল, যার দণ্ডপ্রাপ্ত হওয়ার আদৌ কোনো সম্ভাবনা ছিল না। একজন পর্যবেক্ষক হিসেবে আমি আপনাদের সমস্যাকে যেভাবে দেখি, তা হলো কারাগারের প্রায় ৭০ শতাংশ লোক দণ্ডপ্রাপ্ত না হয়ে অবস্থান করছে। এখন রুয়ান্ডার কথা ভাবুন। প্রচলিত অপরাধ বিচারব্যবস্থা কাজ করছে না। সুতরাং, বিকল্প ব্যবস্থা হলো এ অবস্থা থেকে বেরিয়ে আসা। আমি আপনাদের মাঠপর্যায়ে কথা বলেছি। তারা সালিস বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের শরণাপন্ন হয়ে বিরোধ মেটাতে আগ্রহ দেখিয়েছেন।
প্রথম আলো : আমাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থায় কি অপরাধী ও ভুক্তভোগীদের মধ্যে আদালতের বাইরে আপসরফার জন্য সহায়ক, নাকি বাধা সৃষ্টি করে?
জন ব্রেইথওয়েট : আমি মনে করি, অস্ট্রেলিয়ায় আমরা যেটা চালু করেছি, তার চেয়ে আপনাদের পরিবেশ উন্নত। কারণ, বেশির ভাগ কাজ স্বেচ্ছাসেবীরা করছেন। দেখুন, প্রতিটি সমাজের রাজনৈতিক-সামাজিক পটভূমি আলাদা। আপনারা কারাগারে ৭০ শতাংশ লোক রেখেছেন, যারা দণ্ডিত নয়। আপনাদের আছে ৩০ লাখ বিচারাধীন মামলা। আর অপরাধ হলেই মানুষ পুলিশের কাছে ছোটে, যেটা অনেক দেশে এভাবে দেখা যায় না। সুতরাং, অন্যান্য দেশের তুলনায় আপনাদের একটি বৃহত্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এটা মীমাংসিত যে আদালতের বাইরে বিরোধ মেটাতে খরচ কম, সময়ও অনেক কম লাগে। রংপুরে ইউপি চেয়ারম্যান প্রতি মঙ্গলবার বিকল্প আদালত থেকে দ্রুত সুরাহা দিচ্ছেন। ৩০ লাখ ঝুলন্ত মামলার বেশির ভাগই গ্রাম থেকে এসেছে। আমাকে অনেকেই বলেছেন, বয়োজ্যেষ্ঠদের দিয়ে সালিসির যে প্রাচীন বিধান ছিল, তা অনেক কার্যকর ও উত্তম ছিল।
প্রথম আলো : হত্যা, ধর্ষণের মতো বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাতেও কি আপসের পথ বেছে নেওয়ার সুপারিশ করবেন?
জন ব্রেইথওয়েট : এটা বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করে। তারা আলোচনা করতে পারে। রুয়ান্ডাতে গণহত্যার ক্ষেত্রেও এটা অনুসরণ করা হয়েছে।
প্রথম আলো : ঘৃণ্য অপরাধের দায়ে মৃত্যুদণ্ড আইনের শাসনের শর্ত পূরণে কতটা সহায়ক?
জন ব্রেইথওয়েট : আমি শাস্তির বিরুদ্ধে নই; মৃত্যুদণ্ডের বিপক্ষে। যেকোনো প্রেক্ষাপটে মৃত্যুদণ্ড কোনো ভালো ধারণা নয়।
প্রথম আলো : আপনি কি মনে করেন, রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গণহত্যায় ভুক্তভোগী পরিবারগুলোর মৌলিক অধিকার আছে রেস্টোরেটিভ জাস্টিস গ্রহণ করার?
জন ব্রেইথওয়েট : আমরা এ বিষয়ে অক্সফোর্ডে একটি সম্মেলন করেছিলাম। ক্ষমা করার সুযোগ আছেই। আমি বিশ্বাস করি, কম অপরাধমূলক একটি সমাজ গঠনে ক্ষমাশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের এলিজা আহমেদ অস্ট্রেলিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আমার অধীনে (১৯৯৮ সালে) পিএইচডি করেছিলেন। তিনি এখন একজন জ্যেষ্ঠ একাডেমিক। তিনি এবং আমি মিলে বাংলাদেশি সমাজের ক্ষমাশীলতার ওপর একটি গবেষণা করেছিলাম। তিনি ঢাকার দুই হাজার স্কুলশিশুর ওপর বুলিইং (হয়রানি) বিষয়ে সমীক্ষা চালান। তিনি দেখান, বাংলাদেশি শিশু যারা ক্ষমা করতে শিখেছে এবং ক্ষমাপ্রাপ্ত হয়েছে, তারা বুলিংয়ের শিকার ও শিকারি কম হয়েছে। তাদের মধ্যে কম সহিংস প্রবণতা হতে দেখা গেছে। আপনি আমার কাছে রেস্টোরেটিভ জাস্টিস প্রচলনে একটি সমাজের কাঠামোগত শর্ত সম্পর্কে জানতে চেয়েছেন। আমি এটা বলতে পারি, বাংলাদেশ সমাজের যেমন সহিংস প্রবণতা আছে, তেমনি ক্ষমাশীলতার প্রবণতাও আছে। আমার মত হলো, অস্ট্রেলিয়ার মানুষের চেয়ে বাংলাদেশিদের ক্ষমাশীলতার শক্তি অনেক বেশি।
প্রথম আলো : উত্তর আয়ারল্যান্ড ক্ষমাশীলতার মাধ্যমে রেস্টোরেটিভ জাস্টিসের একটি বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছে। মন্তব্য করুন।
জন ব্রেইথওয়েট : আমি টনি ব্লেয়ারের গুণগ্রাহী নই। কিন্তু তাঁর শাসনের সুন্দরতম মুহূর্ত হলো, যখন তিনি আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) সন্ত্রাসীদের কারামুক্ত করে শান্তি প্রক্রিয়ায় শামিল করার উদ্যোগ নেন। এটা সহজ ছিল না। এ জন্য রাজনৈতিক প্রজ্ঞা ও সাহস দরকার। ইরাকে তিনি পারেননি, উত্তর আয়ারল্যান্ডে পেরেছেন। কিছুদিন আগে যেখানে রক্ত ঝরেছে, রেস্টোরেটিভ জাস্টিসের কারণে সে অঞ্চল এখন বসবাসের জন্য অধিক নিরাপদ। তবে এই পদ্ধতি অনুসরণ করতে বাংলাদেশের আশু লক্ষ্য হলো গ্রামবাসীর জীবনে বিচার নিশ্চিত করা, গ্রামেই বেশি মানুষের বাস, আর তাদের জীবনেই বিচারের সুযোগ লাভে বিরাট ঘাটতি চলছে। এর আরেকটি প্রধান লক্ষ্য হলো কারাগারে বিচারবঞ্চিত মানুষের ভিড় কমানো।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
জন ব্রেইথওয়েট : ধন্যবাদ।