বীণা সিক্রি বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার (২০০৩ থেকে ২০০৬)। পরে পঁাচ বছর অধ্যাপনা করেছেন নয়াদিল্লির জামিয়ামিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে।
বর্তমানে তিনি সাউথ এশিয়া ফাউন্ডেশনের ভারতীয় চ্যাপ্টারের ভাইস চেয়ারপারসন

প্রথম আলো : আপনি যখন বাংলাদেশে ছিলেন সে সময়ের তুলনায় বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কী?
বীণা সিক্রি : শেখ হাসিনার সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দুই দেশের পারস্পরিক সহযোগিতার চেতনা আরও শক্তিশালী হয়েছে। এটা বলব না যে সব সমস্যার সমাধান হয়েছে। এটা ইতিবাচক, দুই দেশই পারস্পরিক সহযোগিতার মর্ম বুঝতে পেরেছে। যেমন, ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির পর ২০১১ সালে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি ঐকমত্যে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর তাঁর মধ্যে এই ঐকমত্য বাস্তবায়নের অঙ্গীকার দেখা যাচ্ছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলোই কাজ শুরু করেছে। আমি আশা করি, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনেই এ সমস্যার সমাধান হয়ে যাবে। তবে সেটা করতে গিয়ে আমাদের কিছু রাজনৈতিক বাধার মুখে পড়তে হতে পারে। এ নিয়ে জাতীয়তাবাদী আবেগ তৈরি হতে পারে। কিন্তু কোনো রাজনৈতিক বিবেচনা আমরা এর মধ্যে আসতে দেব না। আমি মনে করি, ব্যাখ্যা দিয়ে আমরা মানুষের এই আবেগ কাটাতে পারব।
প্রথম আলো : শেখ হাসিনার সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে বলে মনে করেন?
বীণা সিক্রি : হ্যাঁ, অবশ্যই। যেমন, অবৈধ অভিবাসনের মতো সাধারণ একটি বিষয়েই আগে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ১৯৯২ সালে ভারত সফরে এসেছিলেন। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নরসীমা রাও। আনুষ্ঠানিক আলোচনার পর একটি যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-বাংলাদেশ আলোচনার মাধ্যমে এই অবৈধ অভিবাসনের সমস্যা সমাধান করবে। কিন্তু সেই আলোচনা আজ পর্যন্ত আর হয়নি। যারা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে এসে গ্রেপ্তার হয়, তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তাদের যাওয়ার কোনো জায়গা থাকে না। বাংলাদেশ তাদের ফিরিয়ে আনতে আগ্রহী ছিল না। খালেদা জিয়ার আমলে আমি যখন হাইকমিশনার ছিলাম, তখন এ প্রসঙ্গটি তুলেছিলাম। কিন্তু কোনো উত্তর আমি পাইনি। কিন্তু এখন শেখ হাসিনার আমলে এটা আর কোনো সমস্যাই নয়। কথা হচ্ছে, যা-ই ঘটুক না কেন, আমাদের একত্রে বসে সমাধান বের করতে হবে।
প্রথম আলো : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সম্পর্কে মনোভাব কেমন দেখছেন?
বীণা সিক্রি : প্রথমত, তিনি জানেন, একটি দেশের আন্তর্জাতিক পরিসরে অংশগ্রহণের জন্য পররাষ্ট্রনীতি খুবই জরুরি বিষয়। তিনি একটি বিষয়ে পরিষ্কার, একটি ভালো পররাষ্ট্রনীতির ভিত্তি হচ্ছে সেই দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক শক্তি। ফলে অভ্যন্তরীণ নীতিই হচ্ছে পররাষ্ট্রনীতির চালিকাশক্তি। সে লক্ষ্যে তিনি ভারতের অর্থনৈতিক শক্তি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। আর তা নিশ্চিত করতে হলে ভারতকে তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। বস্তুত, পুরো দক্ষিণ এশিয়াই হচ্ছে একটি সমন্বিত অর্থনৈতিক অঞ্চল। তাই এ অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে ভালো বোঝাপড়া দরকার। নরেন্দ্র মোদি সেটা বোঝেন, আর তাই তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর ভুটান সফর করেছেন। তিনি নেপালে গেছেন, নেপালের প্রধানমন্ত্রীও ভারতে এসেছেন, ১৭ বছর পর ভারত-নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সফর হলো। বিষয় হচ্ছে, একটি দেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক অংশীদারি প্রয়োজন, তার নিরাপত্তা বিধানের জন্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক দরকার। সে লক্ষ্যে নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের ব্যাপারেও অত্যন্ত আগ্রহী।
প্রথম আলো : সীমান্তবর্তী রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় প্রভৃতি রাজ্যগুলোর রাজনীতি কি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে?
বীণা সিক্রি : আপনি একটি গুরুত্বপূর্ণ ইস্যু তুলেছেন। প্রথমত, রাজনীতি তো রাজনীতিই, যেমন পশ্চিমবঙ্গের কথাই ধরুন। এ রাজ্যটি যেমন সীমান্ত চুক্তির সঙ্গে যুক্ত, তেমনি আবার তিস্তার পানিবণ্টনের সঙ্গেও। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসব কোনো ইস্যুই ছিল না। তিস্তা সেখানে একটি ইস্যু হলো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন। আগে ধারণা করা হতো, রাজ্যে এক সরকার আর কেন্দ্রে আরেক সরকার থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। কিন্তু মোদি বলেছেন, সব রাজ্যই টিম ইন্ডিয়ার অংশ। পররাষ্ট্রনীতি কেন্দ্রীয় বিষয়, সেখানে রাজ্য সরকারের অংশগ্রহণ নেই। কিন্তু ভূমির মতো বিষয়ে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে রাজ্য সরকারকেই তা বাস্তবায়ন করতে হবে। ভারতে অর্থনৈতিক সংস্কার হওয়ার ফলে রাজ্যগুলোর ক্ষমতায়ন হয়েছে। তারাও এখন কেন্দ্রীয় সরকারের অংশীজনে পরিণত হয়েছে। যেমন, আগে তারা বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সরাসরি কথাও বলতে পারত না, কিন্তু এখন তারা সেটা পারছে। এর ফলে ভারতের যেসব রাজ্যের সঙ্গে বিদেশি রাষ্ট্রের সীমান্ত আছে, তারা তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। এমনকি সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যেও যোগাযোগ বেড়েছে। এসব কারণে রাজ্য সরকার আর তিস্তা ও সীমান্ত চুক্তির মতো বিষয়ে আর বাগড়া দেবে বলে মনে হয় না।
প্রথম আলো : সীমান্ত চুক্তি নিয়ে আপনি আশার কথা শোনালেন, তিস্তার পানিবণ্টন চুক্তি কবে হবে?
বীণা সিক্রি : তিস্তা চুক্তিও হওয়া সম্ভব বলেই আমি মনে করি। কিন্তু এ ক্ষেত্রে আমাদের কিছু বিষয় আমলে নিতে হবে। গঙ্গা চুক্তি কেন সফল হলো, সেটা আমাদের বুঝতে হবে। শুষ্ক মৌসুমে (১ জানুয়ারি-৩১ মে) গঙ্গা নদীর দুটি স্থানে যৌথভাবে প্রতি ১০ দিনে নদীর পানির পরিমাপ করা হয়। ফলে চুক্তি অনুসারে পানি আসছে কি না, তা পরিমাপ করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত, এই চুক্তির গঙ্গার পানির ৪০ বছরের প্রবাহের ভিত্তিতে করা হয়েছে। কিন্তু তিস্তার ক্ষেত্রে এসব কিছুই নেই। বাংলাদেশ এক কথা বলছে, ভারত এক কথা বলছে। সে কারণে আমাদের একটি যৌথ সমীক্ষা করা উচিত। গঙ্গা চুক্তিতে অভিন্ন নদী ব্যবস্থাপনার কথা বলা হয়েছিল। মনমোহন-হাসিনা চুক্তিতেও এ বিষয়ে ঐকমত্য হয়েছিল। ফলে আমাদের উভয় দেশকেই চেষ্টা করতে হবে, শুষ্ক মৌসুমে কীভাবে পানির প্রবাহ বাড়ানো যায়। আমাদের সমন্বিত ব্যবস্থাপনার দিকে যেতে হবে।
প্রথম আলো : বাংলাদেশের বর্তমান সরকারের বৈধতা, গ্রহণযোগ্যতা ও মেয়াদ নিয়ে দিল্লির কোনো উদ্বেগ আছে কি? বাংলাদেশে একটি ধারণা আছে যে ভারত সমর্থন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না, এ বিষয়ে আপনার অবস্থান কী?
বীণা সিক্রি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দক্ষিণ এশিয়ার সব দেশেই এখন নির্বাচিত সরকার ক্ষমতাসীন। ফলে সহযোগিতার চমৎকার এক পরিবেশ বিরাজ করছে। আর গণতন্ত্র মানে তো অংশগ্রহণ। গত জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে বলব, নির্বাচন গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে সেটাই শেষ কথা নয়। কারণ, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। নির্বাচন তো হতেই হবে, এর বিকল্প নেই। কথা হচ্ছে, ভারত আওয়ামী লীগকে সমর্থন করছে না, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করছি। নির্বাচন না হলে তো একটি সাংবিধানিক সংকট হতো। নির্বাচন না হলে আগের সরকারই ক্ষমতায় থেকে যেত, কোনো পরিবর্তন তো হতো না। আর নির্বাচনে সব দলেরই অংশগ্রহণ করা উচিত। নির্বাচন থেকে তো দূরে থাকা সম্ভব নয়।
প্রথম আলো : কিন্তু সংসদে তো এখন বিরোধী দল নেই, এটা বাংলাদেশে একধরনের অনিশ্চয়তা সৃষ্টি করছে, এ বিষয়ে কী বলবেন?
বীণা সিক্রি : হ্যাঁ, অর্ধেকেরও বেশি সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সে বিবেচনায় সংসদে কোনো বিরোধী দল নেই। সেটা ঠিক। ফলে এখন সরকারের কাঁধেই এক বিশেষ দায়িত্ব বর্তেছে। সরকারকেই এখন সবার কাছে যেতে হবে। যেসব আসনে কোনো বিরোধী পক্ষ নেই, সেখানে সরকারের উচিত, সবার অংশগ্রহণে উন্নয়ন নিশ্চিত করা। আমার মনে হয়, সরকার সেটা অনুধাবন করতে পেরেছে। সংলাপ সব জায়গাতেই গুরুত্বপূর্ণ। কিন্তু সামনে এগোনোর পথ বাতলানোই সংলাপের লক্ষ্য হওয়া উচিত, পেছনে যাওয়া নয়।
প্রথম আলো : বর্ধমানে বোমা বিস্ফোরণের পর কী মনে করছেন?
বীণা সিক্রি : আসলে ভারত ও বাংলাদেশের নিরাপত্তাবিষয়ক কিছু অভিন্ন চিন্তা রয়েছে। এটা দ্বিপক্ষীয়ভাবে মোকাবিলা করা যায়, আবার সার্কের মাধ্যমেও করা যায়। শেখ হাসিনা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেননি, তাদের ধরে ভারতের হাতে সোপর্দ করেছেন, যেটা খালেদা জিয়া করেননি। ফলে আমরাও বাংলাদেশের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়েছি। এনআইএর কর্মকর্তারা এখানে এসেছেন খতিয়ে দেখতে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের একত্রে কাজ করতে হবে।
প্রথম আলো : ভারত-বাংলাদেশ সংযোগ বা কানেকটিভিটি বিষয়ে কিছু বলবেন?
বীণা সিক্রি : হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুই দেশের জন্যই এ সংযোগ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেকেই মনে করে, এতে শুধু ভারতই লাভবান হবে। ফলে বাংলাদেশ কেন এ সুবিধা দেবে। কিন্তু এটা বাংলাদেশের জন্যই বেশি দরকার। বাংলাদেশের এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, এশিয়ান রেল নেটওয়ার্ক এবং পুরো উত্তর-পূর্ব ভারত ও মিয়ানমারে প্রবেশের সুযোগ রয়েছে। বাংলাদেশি পণ্য এসব এলাকায় ঢুকতে পারবে। বাংলাদেশ ভূকৌশলগত দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। ফলে বিবিআইএন গঠনের প্রস্তাব রয়েছে। অর্থাৎ বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল—এ চার দেশের সমন্বয়ে একটি সংযোগ গড়ে তোলার প্রস্তাব নিয়ে কাজ হচ্ছে। সংযোগের পরিপ্রেক্ষিত প্রস্তুত আছে। তবে সেটা শুধু দ্বিপক্ষীয় নয়, আঞ্চলিক পরিসরে আমাদের সংযোগ স্থাপন করতে হবে।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
বীণা সিক্রি : আপনাদেরও ধন্যবাদ।