বিদেশিরা উদ্বিগ্ন নন, আমরা আশ্বস্ত করেছি : শাহরিয়ার আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার আলম
শাহরিয়ার আলম
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বর্তমানে একটি সম্মেলনে যোগ দিতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে আছেন। তাঁর সঙ্গে প্রথমআলোর কথা হয় সম্প্রতি গুলশানে জঙ্গি হামলা ও অন্যান্য বিষয়ে। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

প্রথম আলো : গুলশানে জঙ্গি হামলার পর বিদেশিদের মধ্যে যে উদ্বেগ দেখা দিয়েছে, তা প্রশমনে সরকার কী করছে?

শাহরিয়ার আলম : এর আগেও বাংলাদেশে টার্গেট করে জঙ্গিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা প্রতিটি ঘটনায় মামলার অবস্থা তঁাদের জানিয়েছি। প্রতিটি ক্ষেত্রে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, বেশ কিছু ঘটনায় জামায়াত-শিবির ও জেএমবির লোক ধরা পড়েছে। শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স দেখিয়ে আসছেন, তা বহির্বিশ্বে প্রশংসিত হয়েছে। গুলশানে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের পর জঙ্গি দমনের বিষয়টি আমরা বিশেষ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সেভাবে প্রস্তুত করা হয়েছে। আপনারা দেখবেন, ১ ও ৭ জুলাইয়ে তাদের ভূমিকার মধ্যে যথেষ্ট ফারাক আছে। শোলাকিয়ায় কিন্তু পুলিশ প্রথমে আক্রান্ত হয়নি। বাধা পেয়েই জঙ্গিরা পুলিশের ওপর হামলা চালায়। তারপরও বলব, নিরাপত্তার ব্যাপারে আমরা কোথাও ফাঁক
রাখব না। কূটনৈতিক পাড়ায় ইতিমধ্যে টহল বাড়ানো হয়েছে।

প্রথম আলো : জঙ্গি ধরা পড়লেও শাস্তি তো দেওয়া যাচ্ছে না। আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসছে।

শাহরিয়ার আলম : আমাদের এখানে বিচারের যে দীর্ঘসূত্রতা, তা বিদেশিরাও জানেন। কিন্তু তারপরও আইনমন্ত্রী জঙ্গিদের জামিন দেওয়ার ব্যাপারে কঠোর হতে বলেছেন। বাংলাদেশে জঙ্গিদের তৎপরতা নিয়ে বাড়তি উদ্বেগের কারণ দেখি না। জঙ্গি সমস্যাটি বিশ্বব্যাপী। ফ্রান্সের কথাই ধরুন। ভিড়ের মধ্যে ট্রাক ঢুকিয়ে ৮০ জনের বেশি মানুষকে হত্যা করা হলো। জাপানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইতালির সহকারী পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, তাতে তো অনাস্থার লেশমাত্র নেই। বরং ইতালীয় মন্ত্রী বলেছেন, জঙ্গি হামলা আমাদের এক করেছে, এদের মোকাবিলাও করতে হবে সবাই মিলে।

প্রথম আলো : আপনারা বলছেন, বিদেশিরা ভয় পাননি। কিন্তু তাঁরা বেশ কিছু বৈঠক তো বাতিল করেছেন।

শাহরিয়ার আলম : হ্যাঁ, এ কথা সত্য যে গুলশানে নারকীয় হত্যার পর কিছু কিছু বৈঠক বাতিল বা স্থগিত হয়েছে। কিন্তু তাতে রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলা যাবে না। যাঁরা দেশকে জঙ্গিবাদমুক্ত দেখতে চান, তাঁরা কখনোই মনে করেন না যে দেশের ভাবমূর্তি বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বা বাংলাদেশ ইমেজ-সংকটে ভুগছে। আর যেসব দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে, সেটি কেবল বাংলাদেশে করেনি, আমাদের অনেক প্রতিবেশী দেশগুলোতেও করেছে। সে ক্ষেত্রে বলা যাবে না যে বাংলাদেশকে তারা আলাদা করে দেখছে। কোনো বেদনাদায়ক ঘটনার পর কর্মসূচি বাতিলের ঘটনা আগেও ঘটেছে, অন্যান্য দেশেও হয়েছে। নিজ দেশের নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে তাদের উদ্বেগ থাকা অস্বাভাবিক নয়। প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। আসলে জঙ্গিবাদের এসব নির্মম ও নৃশংস হানার পর, বিশ্বের শান্তিকামী দেশগুলোকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।

প্রথম আলো : প্রধানমন্ত্রী বলেছেন, আরও হামলা হতে পারে। এতে কি জনমনে আরও আতঙ্ক বাড়বে না?

শাহরিয়ার আলম : আমার মনে হয় না জনমনে আতঙ্ক বাড়বে; বরং এর মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক থাকারই ইঙ্গিত দিয়েছেন। দেখুন, গুলশান হামলার আগে আমরা কেউ জানতাম না যে এত তরুণ নিখোঁজ রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আরও অনেক সজাগ হয়েছে, শোলাকিয়ার ঘটনাই প্রমাণ। সেখানে কিন্তু খুবই সাধারণ পুলিশ সদস্যরা জঙ্গিদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আমরা তাঁদের আশ্বস্ত করতে পেরেছি মনে হয়।

প্রথম আলো : গত তিন মাসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সফর কি অস্বাভাবিক নয়? সফরের ফলাফল নিয়েও কূটনৈতিক মহলে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে।

শাহরিয়ার আলম : গত কয়েক বছরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে নতুন মাত্রা পেয়েছে, এই সফর তারই ধারাবাহিকতা। এর মধ্যে অস্বাভাবিকতা নেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাঁর যে রুটিন সফর, সেটি দুই সপ্তাহ পর হওয়ার কথা ছিল। গুলশান ঘটনার পর তিনি দুই সপ্তাহ এগিয়ে এনেছেন। তিনি বলেছেন, জানতে-বুঝতে এসেছেন। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কীভাবে তাঁরা সহায়তা করতে পারেন—জানতে চেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে তাদের প্রয়োজনীয়তার কথা জানাবে। অনেকেই অনেক কথা বলেন, হয়তো না জেনেই বলেন। কিন্তু আমি বলতে পারি, গত দুই-আড়াই বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে এনগেজমেন্ট হয়েছে, সম্পর্কে যে ব্যাপ্তি ও গভীরতা এসেছে, তা অতীতে কখনো ছিল না।

প্রথম আলো : বাংলাদেশ হঠাৎ করে জঙ্গিবিরোধী সৌদি জোটে কেন যোগ দিল? আমাদের নীতি ছিল মুসলিম বিশ্বের মধ্যকার কোনো বিরোধে না জড়ানো। কিন্তু সৌদি জোট তো সরাসরি ইরান তথা শিয়া মুসলিমদের বিরুদ্ধে।

শাহরিয়ার আলম : আমরা কোনো পক্ষ নিইনি। মুসলমানদের পবিত্র স্থান মক্কা ও মদিনা আক্রান্ত হওয়ার হুমকির মুখে আমরা এই জোটে যোগ দেওয়ার ঘোষণা দিলেও সেখানে সেনা পাঠানো হবে না। আর মধ্যপ্রাচ্যে যখন কুয়েত আক্রান্ত হয়, তখনো সেখানে সেনা পাঠানো হয়েছিল। তাদের একাংশ এখনো কুয়েতে আছে। সৌদি আরবে যেটি হয়েছে নন–কমব্যাট অ্যালাইনমেন্ট। এটি যুদ্ধজোট নয়।

প্রথম আলো : একাত্তরের যুদ্ধাপরাধের বিচার, বিশেষ করে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিষয়ে পাকিস্তান ও তুরস্ক প্রায় একই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিন্তু এ ক্ষেত্রে বাংলাদেশ দ্বিমুখী নীতি নিল কেন?

শাহরিয়ার আলম : বাংলাদেশ দ্বিমুখী নীতি নেয়নি। আর যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারেও পাকিস্তান ও তুরস্ক এক অবস্থান নিয়েছে, তা-ও ঠিক নয়। তুরস্ক বিরোধিতা করেছে, মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে। ইউরোপীয় ইউনিয়নও মৃত্যুদণ্ডের বিরোধী। আর পাকিস্তান নিজের অপরাধ ঢাকতে বিচারকেই চ্যালেঞ্জ করেছে। আমরা আশা করব, পাকিস্তান তার এই অবস্থান থেকে সরে আসবে।

প্রথম আলো : অভিযোগ আছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আমরা যা দিয়েছি, তাদের কাছ থেকে সেই তুলনায় প্রতিদান পাইনি।

শাহরিয়ার আলম : এই অভিযোগ যাঁরা করছেন, তাঁরা না জেনেই করছেন। কেননা গত কয়েক বছরের হিসাব নিলে দেখা যাবে, আমরা অনেক পেয়েছি। দেওয়া-নেওয়ার মধ্যে অবশ্যই ভারসাম্য আছে। তবে আমাদের আগে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় ছিল, তারা আলোচনার টেবিলে সমস্যাগুলো তুলতেই পারেনি। এ কারণেই অনেকগুলো সমস্যা বকেয়া পড়ে ছিল। আমরা একটি একটি
করে সমাধানের চেষ্টা করছি। আমরা আত্মবিশ্বাস নিয়েই বলতে চাই, কোনো সমস্যাই বকেয়া থাকবে না। এমনকি বহুল আলোচিত তিস্তার পানি সমস্যার সমাধান হয়ে যাবে। সে রকমই ইঙ্গিত ভারতের কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে।

প্রথম আলো : কবে নাগাদ আশা করতে পারি?

শাহরিয়ার আলম : এ মুহূর্তে সময় বেঁধে দেওয়া না গেলেও বলতে পারি, সমস্যার সমাধান হয়ে যাবে।

প্রথম আলো : ধন্যবাদ।

শাহরিয়ার আলম : ধন্যবাদ।