ব্রিটিশ জিহাদিরা কট্টরপন্থীদের ইন্ধন দিচ্ছে: ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যুক্তরাজ্যের বাঙালি সম্প্রদায়ের মধ্য থেকে যারা আইএসসহ অন্যান্য সংগঠনকে জঙ্গি সংগ্রহ করে দিচ্ছে, তাদের মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সাক্ষাৎকারের আলোকে গার্ডিয়ান ১৬ সেপ্টেম্বর এই প্রতিবেদনটি তৈরি করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে সতর্ক করেছেন, কট্টরপন্থার বিরুদ্ধে লড়াইয়ে তাঁকে আরও তৎপর হতে হবে। কারণ, ব্রিটিশ জিহাদিরা বাংলাদেশে সন্ত্রাসবাদ ছড়াতে সহায়তা করছে।
ঢাকার নিরাপত্তা ও গোয়েন্দা বিশেষজ্ঞরা বলেন, ব্রিটিশ জিহাদিরা বাংলাদেশে ইসলামপন্থীদের পুনর্জাগরণে ইন্ধন জোগাচ্ছে। তারা সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আকৃষ্ট ধার্মিক তরুণদের একটি প্রজন্মকে প্রশিক্ষিত করছে। ব্রিটেনের বাঙালি সম্প্রদায়ের মানুষেরা আন্তর্জাতিক জিহাদি কর্মকাণ্ডে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের স্থানীয় লোকজনকে প্ররোচনা দিচ্ছে। এসব কাজের তহবিলও আসছে ব্রিটেন থেকে। সালাফি সংগঠনগুলোর সঙ্গে জড়িত বাংলাদেশির সংখ্যা বাড়ছে।
বিশ্বের তৃতীয় শীর্ষ মুসলিম জনবহুল দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ডিয়ানকে বলেন, ব্রিটিশ সরকারের এ ব্যাপারে আরও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া উচিত। পূর্ব লন্ডনে জামায়াতে ইসলামীর জোরালো প্রভাব রয়েছে, এটা সত্যি। তারা অর্থ সংগ্রহ করছে, বাংলাদেশে অর্থ পাঠাচ্ছে।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান গত মাসে ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশ সরকার যুক্তরাজ্যকে সতর্কবার্তা পাঠায়। ইসলামপন্থীরা বাংলাদেশে চাপাতি দিয়ে কুপিয়ে দুজন ব্লগারকে (প্রকৃত তথ্য তিনজন) এ বছর হত্যা করেছে। পুলিশের অভিযোগ, তৌহিদুর এ দুটি ঘটনার ‘পরিকল্পনাকারী’।
বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য স্থানে সক্রিয় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), আইএস, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) প্রভৃতির সঙ্গে ব্রিটেনে প্রবাসী বাঙালিদের জড়িত থাকার আরও কয়েকটি ঘটনা সম্প্রতি আলোচনায় এসেছে। সর্বশেষ এ ধরনের ঘটনাটি হলো, সিরিয়ায় আইএসের পক্ষে কাজ করতে গিয়ে ব্রিটিশ ও মার্কিন ড্রোন হামলায় নিহত তিন ব্রিটিশ নাগরিকের দুজন—রুহুল আমিন ও রিয়াদ খান—বাংলাদেশি বংশোদ্ভূত।
প্রায় ১৬ কোটি মানুষের বাংলাদেশে মৌলবাদের ক্ষেত্র ক্রমেই প্রস্তুত হচ্ছে বলে ঢাকার কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক, গোয়েন্দা বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন। তাঁরা বলেন, নিম্ন–মধ্য আয়ের দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী হামলার সংখ্যা কমেছে। এ ক্ষেত্রে সরকারের কিছুটা ভূমিকা রয়েছে। কিন্তু সুন্নি মুসলিম-অধ্যুষিত দেশটিতে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মতো করে মৌলবাদের পুনরুত্থান হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে কিছুটা স্তিমিত হয়ে এলেও সেটা দ্রুত জেগে উঠতে পারে।
একজন সাবেক সামরিক গোয়েন্দা বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশের দিকে আইএসের নজর আছে। বেসরকারি হিসাবে, সিরিয়া ও ইরাকে গিয়ে জিহাদি লড়াইয়ে অংশগ্রহণকারী বাংলাদেশির সংখ্যা প্রায় ৩০। ভারত থেকে আইএসে যাওয়ার জন্য বাংলাদেশ একটি পথ বা রুটে পরিণত হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে এসে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতাও বাড়ছে।
উর্বর ভূমি বিদেশি দর্শনার্থীদের জন্য অপেক্ষায় থাকে। নিরাপত্তাবিষয়ক একটি বেসরকারি সংস্থার (এনজিও) পরিচালক বলেন, বাংলাদেশজুড়ে মৌলবাদের বিভিন্ন শক্তিশালী ক্ষেত্র রয়েছে। তৃণমূল পর্যায়ে জামায়াতে ইসলামীর জনসমর্থন অনেক। চাকরি বা কোনো সম্ভাবনা নেই—এমন তরুণদের সংখ্যা অনেক। মাদ্রাসায় পড়াশোনা বা মসজিদ থেকে অর্জিত শিক্ষাই তাদের একমাত্র অভিজ্ঞতা। গ্রামাঞ্চলে তারা সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম ব্যবহারেরও সুযোগ পায় না। জনসংখ্যার এই অংশটা নিজেদের কাজে লাগাতে চায়। তাই সহজেই তাদের কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায়। বাঙালিরা যখন যুক্তরাজ্য থেকে আসে, তারা খুব সহজেই নেতৃত্ব দিতে পারে। লন্ডন, জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে যেসব জিহাদি নিয়োগকারী বাংলাদেশে আসছে, তারা বিশ্ববিদ্যালয় পাস করা শিক্ষিত মানুষ, সে কারণে তাদের বাস্তব বুদ্ধিও বেশি।
ওই এনজিও পরিচালক আরও বলেন, সরকারি চাকরির অভাব এবং রাজনৈতিক বাধার কারণে (জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে) মৌলবাদীদের জন্য সুযোগ তৈরি হয়েছে। তারা মানুষকে বলছে: ‘মসজিদে এসো, ধর্মীয় বিধিবিধান অনুসরণ করো, বন্ধুদেরও নিয়ে এসো।’ এটা খুব ধীরে ধীরে ঘটছে। এসব শিশু-কিশোর-তরুণদের যা বলা হবে, তারা তা-ই করবে। ধর্মীয় নেতাদের কেউ প্রশ্ন করে না। যদি তাঁরা বলেন: ‘এটা করো’, তাহলে সেটাই করা হয়।
নাগরিক স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব থাকা সত্ত্বেও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, তার প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে। তবে ঢাকার অভ্যন্তরীণ মানুষেরা বলছেন, বড় একটি ছবি আড়ালে রয়ে যাচ্ছে: সবার অগোচরে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক হারে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে।
সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনা তাঁর ‘জিরো টলারেন্স’ নীতির ব্যাপারে অনড় রয়েছেন। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো তাঁর ওই অবস্থানের সমালোচনা করেছে। তবে শেখ হাসিনা জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘মৌলবাদীরা চেষ্টা করছে, এতে সন্দেহ নেই। আর কিছু মানুষ তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।’
বাংলাদেশে কট্টরপন্থার বিস্তার ঠেকাতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও ঘনিষ্ঠ আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা অবশ্যই অন্য সব দেশের কাছ থেকে সহযোগিতা চাই, যাতে তারা সতর্ক হয়ে যায়, অবৈধ অর্থ, অস্ত্রশস্ত্র বা সন্ত্রাসীরা অন্য কোনো দেশে সমস্যা তৈরি করার সুযোগ না পায়।’
ব্রিটেন ও যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীকে একটি উদারপন্থী ইসলামি রাজনৈতিক দল বলে মনে করে, কিন্তু অন্যরা এর সঙ্গে জোরালোভাবে দ্বিমত পোষণ করে। ঢাকার সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির জামায়াতকে ‘সন্ত্রাসের গডফাদার’ আখ্যা দিয়ে বলেন, এই সংগঠন বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে যদি বিএনপি (জামায়াতের সঙ্গে জোটবদ্ধ বিরোধী দল) জয়ী হয়, তাহলে বাংলাদেশ ইসলামি রাষ্ট্র হবে। আইএস ও আল-কায়েদা এখন বাংলাদশকে তাদের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করছে। জিহাদিরা বিদেশ থেকে এখানে আসছে। যুক্তরাজ্য থেকে তারা বাংলাদেশে এসেছে। আর ইসলামপন্থীদের জন্য অর্থ আসছে ইসলামি বিভিন্ন এনজিও এবং ব্রিটেন, সৌদি আরব ও পাকিস্তানের ব্যক্তিদের কাছ থেকে।
শাহরিয়ার কবির আরও বলেন, ‘আমরা একটা সেক্যুলার সমাজ বজায় রাখার জন্য লড়াই করছি। কিন্তু আমরা পায়ের নিচের মাটি হারিয়ে ফেলছি। আমরা যদি হেরে যাই, তাহলে এ দেশ বৈশ্বিক জিহাদি সন্ত্রাসবাদের কেন্দ্রভূমিতে পরিণত হবে।’
লন্ডনের পূর্ব অংশ ও যুক্তরাজ্যের অন্যান্য শহরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সম্প্রদায়ের সঙ্গে জামায়াতে ইসলামীর সংযোগ থাকার বিষয়টি সুপ্রতিষ্ঠিত। ইস্ট লন্ডন মসজিদের ওয়েবসাইটে ওই সম্প্রদায়ের উদ্দেশে বলা হয়েছে, ‘আমরা জামায়াতে ইসলামীর অধীন নই বা তার দ্বারা নিয়ন্ত্রিত নই।’ তবে ওই মসজিদ কর্তৃপক্ষ বলেছে, তারা অতীতে জামায়াতে ইসলামীর বক্তাদের আতিথেয়তা দিয়েছিল।
এ রকম বক্তাদের একজন ছিলেন জামায়াতের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক সাংসদ দেলাওয়ার হোসাইন সাঈদী। আওয়ামী লীগ সরকারের প্রতিষ্ঠিত বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালতের বিচারে ২০১৩ সালে তাঁর কারাদণ্ড হয়েছে। ওই আদালত জামায়াতে ইসলামীর অধিকাংশ নেতাকেই সন্ত্রাসী হিসেবে বিবেচনা করেন।
ইহুদি-মুসলিম আস্থাশীল সংগঠন স্ট্যান্ড ফর পিস বলছে, ইস্ট লন্ডন মসজিদ ও ইসলামিক ফোরাম অব ইউরোপ—দুটিই ব্রিটেনে জামায়াতের সংগঠকদের নেতৃত্ব দিচ্ছে। দুটি প্রতিষ্ঠানই জামায়াতের ইসলামি মতবাদের প্রতিষ্ঠাতা সৈয়দ মওদুদীর লেখা প্রচার ও প্রসারের জন্য বেশ সক্রিয়ভাবে কাজ করে। মওদুদীর লেট আস বি মুসলিমস বইয়ে অনুসরণকারীদের উদ্দেশে বলা হয়েছে: ‘সরকারের ভুল ভিত্তির বিরুদ্ধে তোমাদের অবশ্যই সংগ্রাম করতে হবে এবং শাসন করার জন্য সব ক্ষমতা দখল করতে হবে।’
বাংলাদেশে ব্লগার হত্যায় ব্রিটিশ নাগরিকের জড়িত থাকার ঘটনাটি এ ধরনের যোগসাজশের একটি উদাহরণমাত্র। ঢাকা ও সিলেটে আইএসে লোক নিয়োগকারী সন্দেহে গত বছর সামিউন রহমান নামের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করে। তা ছাড়া বেশ কয়েকজন ব্রিটিশ বাংলাদেশি সিরিয়ায় আইএস বা অন্যান্য ইসলামপন্থী সংগঠনের পক্ষে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন। এ রকম আরেকটি বহুল আলোচিত ঘটনা হচ্ছে, পোর্টসমাউথের মাশুদুর চৌধুরী সন্ত্রাসী কার্যক্রমের দায়ে দোষী সাব্যস্ত হন, যাঁর সঙ্গে সিরিয়ার সন্ত্রাসীদের সংযোগ ছিল। তিনি ‘ব্রিটানি বাংলাদেশ ব্যাড বয়েজ’ নামের একটি সংগঠনে যুক্ত ছিলেন। এর বাকি চার সদস্য আগেই নিহত হয়েছেন।
জেএমবিসহ বাংলাদেশে মৌলবাদের পুনরুত্থানের সঙ্গে জড়িত বা তার সুবিধাভোগী ইসলামপন্থী সংগঠনগুলো ২০০৫ সালে এক দিনে ৫০০টি বোমা বিস্ফোরণের মতো ঘটনার জন্য কুখ্যাত। জেএমবির বিভিন্ন শাখা ক্রমশ সক্রিয় হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। পুলিশ গত জুলাইয়ে বলেছে, তারা জেএমবির একজন নেতাসহ আট জঙ্গিকে গ্রেপ্তার করেছে। দেশের ‘গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিকে হত্যা এবং জঙ্গি নেতাদের কারাগার থেকে মুক্ত করার’ ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ওই আটজনের বিরুদ্ধে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা গত অক্টোবরে বলেন, শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে জেএমবির একটি ষড়যন্ত্র উদ্ঘাটন করা হয়েছে। ওই সংগঠনের দুই সদস্য সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হওয়ার পর ষড়যন্ত্রটি প্রকাশ পায়।
উল্লিখিত সাবেক সামরিক গোয়েন্দা বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশি ইসলামপন্থীদের সঙ্গে ভারত, পাকিস্তান ও মিয়ানমারে সক্রিয় জঙ্গি সংগঠন একিউআইএস এবং পাকিস্তানভিত্তিক ভারতবিরোধী সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) যোগসাজশ রয়েছে। ২০০১ সালে ভারতের পার্লামেন্ট ভবনে হামলা এবং ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য এলইটি দায়ী ছিল। এ সংগঠনের লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ায় একটি খিলাফত বা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, সিলেটসহ কয়েকটি শহরের মানুষের মৌলবাদীদের প্রতি সমর্থন রয়েছে বলে মনে করা হয়।
বাংলাদেশে অহিংস ইসলামপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের পুনরুত্থানের নেপথ্যে যেসব মানুষ জড়িত রয়েছেন, তাঁরা ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশেও সক্রিয় বলে মনে করেন ওই গোয়েন্দা বিশেষজ্ঞ। তিনি বলেন, হিযবুত তাহ্রীর বাংলাদেশে অত্যন্ত সক্রিয়। এরা অত্যন্ত সূক্ষ্মভাবে তথ্য সরবরাহ করে যোগাযোগ বজায় রাখে। শেখ হাসিনার আমলে সৃষ্ট রাজনৈতিক শূন্যতাও হিযবুত তাহ্রীরের সাফল্যের একটি কারণ। তারা খিলাফত চায়। তারা আইএসের রাষ্ট্রের অংশ প্রদেশ হতে চায়। হিযবুতের কর্মীরা মধ্যবিত্ত বা উচ্চমধ্যবিত্ত শ্রেণির। তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আছে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে তাঁদের উপস্থিতি বাড়ছে। আর তাঁদের অনুসারীদের মধ্যে অনেক নারীও রয়েছেন। তাঁরা মাথায় হিজাব পরেন। বাংলাদেশে তাঁরা মাঠপর্যায়ের কর্মী নিয়োগ করেন।
বাংলাদেশে ইসলামপন্থীদের প্রভাব বৃদ্ধি সম্পর্কে ঢাকার একজন প্রবীণ রাজনীতিক তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যেগুলো আরও বেশি ব্যক্তি পর্যায়ের। তাঁর পরিবারের অভিজ্ঞতায় সম্প্রতি ধরা পড়েছে যে বাংলাদেশের মানুষ মৌলবাদের দিকে ঝুঁকে পড়েছে। তিনি বলেন, ‘আমার ভাতিজা যুক্তরাষ্ট্রের একটি কলেজ থেকে ফিরেছে। সে খুব ভালো মানের শিক্ষা গ্রহণ করছে, যা আমি কখনো পাইনি। সে প্রথমে কী বলল? আমাকে বলল: “আপনি দাড়ি রাখেন না কেন?”’
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর স্বীকার করে যে সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের আরও বেশি কিছু করণীয় রয়েছে। কিন্তু তারা এটাও বলেছে যে আইএসে যোগদানকারী বিদেশি যোদ্ধাদের মধ্যে অনেকেই অন্যান্য দেশের। ডেভিড ক্যামেরনের সরকারি মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী ক্যামেরন মনে করেন, দেশের বিভিন্ন স্থানের সম্প্রদায়গুলোর সঙ্গে সরকারের কাজ করা প্রয়োজন। তা ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে—এমন অনেক দেশের নেতাদের সঙ্গেও তিনি কট্টরপন্থা মোকাবিলার বিষয়ে যৌথ করণীয় নির্ধারণের ব্যাপারে কথা বলেছেন। দক্ষিণ এশিয়া সফরের সময়ও তিনি বিষয়টি নিয়ে আলাপ করেছেন।
ব্রিটেন চরমপন্থা বিকাশের ক্ষেত্রে পরিণত হচ্ছে এবং অন্যান্য দেশকে প্রভাবিত করছে—এমন উদ্বেগের ব্যাপারে জানতে চাইলে ক্যামেরনের মুখপাত্র বলেন, তিনি মনে করেন না এ ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে। আইএসের পক্ষে যুদ্ধ করতে যাওয়া ব্রিটিশ নাগরিকদের নিয়ে তাঁরা স্পষ্টতই উদ্বিগ্ন। তবে আইএসের বিদেশি যোদ্ধাদের সংখ্যা বিবেচনা করলে দেখা যায়, ইউরোপ ও এশিয়ার আরও অনেক দেশ এ সমস্যার মুখোমুখি হয়েছে।
অনুবাদ: আশিস আচার্য।