মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ফারুক খান
ফারুক খান
রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলার জন্য সরকার যেসব উদ্যোগ নিয়েছে ও নিচ্ছে, তা নিয়ে নানান মত রয়েছে। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান


প্রথম আলো
: সরকার বলছে, রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে মানবিক বিবেচনায় এবং তা সাময়িক। কিন্তু বর্তমান শরণার্থী সংকটের আগেও রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে এবং তাদের ফেরত পাঠানো যায়নি। সামগ্রিকভাবে রোহিঙ্গা সংকট সামাল দিতে সরকারের উদ্যোগে কোনো ঘাটতি বা ত্রুটির বিষয়টি স্বীকার করবেন কি?

ফারুক খান : রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিনের। বাংলাদেশ শুরু থেকেই কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধানের নীতি নিয়েছে। আমরা এ ব্যাপারে দ্বিপক্ষীয় উদ্যোগ ও চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে গেছি। রোহিঙ্গা সমস্যা নিয়ে কফি আনান কমিশন গঠন এবং সেই কমিশনের প্রতিবেদনের কথা আমরা জানি। আমাদের এটা মনে রাখতে হবে যে মিয়ানমার সরকার নিজে এই কমিশন গঠন করেছিল। এ ধরনের কমিশন তারা এমনি এমনি করেনি। দ্বিপক্ষীয়ভাবে এ ব্যাপারে মিয়ানমারকে আমরা সব সময়ই চাপ দিয়ে এসেছি। বলা যায়, সংকট সমাধানে আমাদের অব্যাহত চাপ বিবেচনায় নিয়েই মিয়ানমার সরকারকে এ ধরনের একটি কমিশন গঠন করতে হয়েছিল। ফলে আমাদের উদ্যোগে কোনো ঘাটতি আছে, তা বলা যাবে না। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আমাদের বিরোধ ছিল, আমরা শুরুতে দ্বিপক্ষীয়ভাবে তা সমাধানের চেষ্টা করেছি। তা যখন হয়নি, তখন আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি। এবারের ঘটনায় দেখবেন, আমরা শুরুতে রোহিঙ্গাদের ঢুকতে দিইনি। আমরা মিয়ানমার সরকারকে শুরুতেই রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ করতে বলেছি। সেখানে সহিংসতা দ্রুত বন্ধ হবে, সেই প্রত্যাশা আমরা করেছিলাম। কিন্তু পরিস্থিতি এতটা খারাপ ও সেখানে যে মাত্রায় মানবিক বিপর্যয় হয়েছে, তাতে আমরা সেখান থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিতে বাধ্য হই।

প্রথম আলো : রোহিঙ্গা সংকটকে এবার বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে। কিন্তু আমরা দেখছি, সেখানে সহিংসতা বন্ধে মিয়ানমারকে বাধ্য করা যায়নি। শরণার্থীরা এখনো আসছে। এমনকি রোহিঙ্গা প্রশ্নে দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের প্রতিবেশী ও বন্ধুদেশগুলোকে সেভাবে পাশে পাচ্ছি না। তাদের অবস্থান স্পষ্টতই মিয়ানমারের পক্ষে। এটাকে অনেকেই কূটনৈতিক সামর্থ্যে ঘাটতি হিসেবে বিবেচনা করছেন।

ফারুক খান : কূটনৈতিক সাফল্য বা ব্যর্থতার প্রশ্ন কখন আসে? যখন বিষয়টির কোনো সুরাহা না হয় তখন। কূটনৈতিক উদ্যোগ একটি দীর্ঘ প্রক্রিয়া। এখনই এ ধরনের কোনো সিদ্ধান্তে আসার সুযোগ আছে কি? দেখুন, আমরা বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছি। জাতিসংঘে তুলেছি, এ নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা পরিষদে এ নিয়ে দুই দফা আলোচনা হয়েছে। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। দেশটির এক মন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন। মিয়ানমারকে এটা বলতে হয়েছে যে তারা তাদের নাগরিকদের ফেরত নিতে প্রস্তুত আছে। চীন, ভারত বা রাশিয়ার অবস্থান নিয়ে অনেকে কথা বলছেন। কিন্তু দেখুন, এই দেশগুলোও কিন্তু আরাকানে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বা সেখানকার সংকটের কথা স্বীকার করে। শরণার্থীদের কারণে বাংলাদেশ যে চাপে পড়েছে, সেটাও তারা মানে। চীন ও রাশিয়া নিরাপত্তা পরিষদে ভেটো দেয়নি। বিশ্বরাজনীতিতে নানা বিবেচনা থাকে এবং কূটনীতিরও নানা পর্যায় রয়েছে। মিয়ানমারের পক্ষ থেকে দেশটি সন্ত্রাসী হামলার শিকার বলে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটা অনেক দেশ বিবেচনায় নিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশ কোনো দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। কূটনীতি একটি দীর্ঘ প্রক্রিয়া, আমরা নানা পর্যায়ে কাজ করছি। ফলে এখনই সাফল্য বা ব্যর্থতার প্রশ্ন তোলার সুযোগ আছে বলে মনে হয় না।

প্রথম আলো : আপনার নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল সম্প্রতি চীন সফর করে এসেছে। রোহিঙ্গা ইস্যুতে আপনারা চীন সরকারকে কী বার্তা দিয়েছেন? তাদের মনোভাব কী বুঝলেন?

ফারুক খান : আমরা চীনের নেতাদের এটা বোঝাতে চেয়েছি যে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের শান্তি নষ্ট হতে পারে। তারাও বিষয়টি স্বীকার করেছে। তারা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া ও আমাদের মানবিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। তারা বলেছে, আমাদের সমস্যার ব্যাপারে চীন সজাগ ও সচেতন রয়েছে। চীনের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আমরা কত তাড়াতাড়ি শরণার্থীদের প্রত্যাবাসন চাই। আমরা বলেছি, আগামী বর্ষার আগেই তা করতে চাই। চীন এই সমস্যার সমাধান চায়, তবে তারা বিষয়টিকে খুব আন্তর্জাতিক করার পক্ষে নয়। চীন এরই মধ্যে প্রস্তাব দিয়েছে যে শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার পর তাদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দিতে দেশটি প্রস্তুত রয়েছে।

প্রথম আলো : আপনি মিয়ানমারের মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা বললেন, শরণার্থীদের ফেরত পাঠাতে দুই দেশ যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করতে রাজি হয়েছে। কিন্তু রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের সঙ্গে আমাদের অতীতে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আশাবাদী হওয়ার সুযোগ কতটুকু? বিশেষ করে, আমরা যদি মিয়ানমারের রোহিঙ্গা নীতি বিবেচনায় নিই।

ফারুক খান : দেখুন, এটি একটি প্রাথমিক উদ্যোগ। এর ফলাফল নিয়ে কথা বলার সময় এখনো হয়নি। এটাকে আপনি একটি শুরু হিসেবে বিবেচনা করতে পারেন। এর ফলাফল ও অগ্রগতি কী হয়, সেটা দেখার জন্য তো অপেক্ষা করতে হবে।

প্রথম আলো : অনেকেই এ ধরনের উদ্যোগের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা বা সম্প্রদায়ের যুক্ততার ওপর জোর দিচ্ছেন। সে ধরনের কিছু ছাড়া মিয়ানমারকে তার নাগরিকদের ফেরত নিতে বাধ্য করা যাবে না বলেই অনেকের ধারণা।

ফারুক খান : আপনি যা বললেন, তা তো ধারণা মাত্র। দুই দেশের মধ্যে ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নেওয়ার কথা বলেছে। একটি সফরেই এই অগ্রগতি হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে যাবেন। পুরো প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি হতে পারে। বলতে পারেন, সেই প্রক্রিয়ার শুরু হয়েছে মাত্র। আগেই বলেছি, প্রাথমিক পর্যায়ে এখনই এ নিয়ে সিদ্ধান্তে আসা ঠিক হবে না। সময়ই বলে দেবে আমরা কোন দিকে যাব।

প্রথম আলো : আঞ্চলিক ভূরাজনীতিতে চীন ও ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সংকট সমাধানে এই দুই দেশের মধ্যস্থতা বা সহায়তার ব্যাপারে বাংলাদেশ জোর দিচ্ছে না কেন?

ফারুক খান : তা যে হচ্ছে না, সে ব্যাপারে আপনি নিশ্চিত হলেন কীভাবে! দেখুন, কূটনীতি একটি নিরবচ্ছিন্ন ও দীর্ঘ প্রক্রিয়া। নানা পর্যায়ে ও নানা স্তরে এর কাজ চলে। এর সব কটি প্রকাশিত হয় না বা সবাই জানতে পারে না। আমরা সব পর্যায়েই কাজ করে যাচ্ছি।

প্রথম আলো : রোহিঙ্গা প্রশ্নে আপনারা এ পর্যন্ত যেসব উদ্যোগ নিয়েছেন, তার সাফল্য মিলছে বলে মনে করেন কি?

ফারুক খান : আমাদের নেওয়া উদ্যোগ কাজে দিয়েছে। রোহিঙ্গা ইস্যুকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা ও উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। তিনি সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘে ভাষণ দিয়ে বিশ্ববাসীর কাছে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেছেন। বিশ্ব এখন জানে যে মিয়ানমারের আরাকান রাজ্যে কী হয়েছে বা হচ্ছে। বিশ্বব্যাপী এ ব্যাপারে জনমত তৈরি হয়েছে। এটা আমাদের জন্য বড় সাফল্য।

প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।

ফারুক খান : প্রথম আলোকে ধন্যবাদ।

আরও পড়ুন...