সাক্ষাৎকার: মোস্তফা কামাল
যথাসময়ে আবহাওয়া পূর্বাভাস না পাওয়ায় বারবার ভুগছে কৃষক
মোস্তফা কামাল। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনিবিলিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক। তথ্য প্রযুক্তির উৎকর্ষের এই যুগেও মাঠ পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না আবহাওয়া পূর্বাভাস। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান থাকলেও সেটির কোনো কার্যকরী ভূমিকা দেখা যায় না। আচমকা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির কারণে সার ও জ্বালানিতে যে ভর্তুকি দেওয়া হয়, সেসবও মাঠে মারা যায়। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই আবহাওয়া বিশেষজ্ঞ। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর সহসম্পাদক রাফসান গালিব।
প্রশ্ন :
প্রথম আলো: ৪-৫ ফেব্রুয়ারির আচমকা ও অস্বাভাবিক বৃষ্টিতে কৃষকেরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে আলু ও শর্ষেচাষিরা। হঠাৎ এ বৃষ্টির আগাম খবর কি আবহাওয়া অধিদপ্তরের কাছে ছিল না?
মোস্তফা কামাল: একজন আবহাওয়া পূর্বাভাসবিদ ও গবেষক হিসেবে আমি এই বৃষ্টিকে হঠাৎ বৃষ্টি বলতে রাজি নই। পাঁচ বছর ধরে বিভিন্ন লেখালেখিতে বলে আসছি যে বর্তমানে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেলের মাধ্যমে ১৬ দিন পূর্ব থেকে ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের মাধ্যমে ১০ দিন পূর্ব থেকে কোনো স্থানের দৈনন্দিন আবহাওয়ার (বৃষ্টিপাত, তাপমাত্রা ইত্যাদি) পূর্বাভাস দেওয়া যায়। গত ১৯ জানুয়ারি একটি জাতীয় পত্রিকাতেও আমি জানিয়েছিলাম, ফেব্রুয়ারি মাসের ৩, ৪ ও ৫ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
ফেসবুক পোস্টের মাধ্যমে আমি আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার মডেল থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের সম্ভাব্য মানচিত্র প্রকাশ করেছিলাম। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে রেকর্ড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মডেলগুলো যে পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা নির্দেশ করছিল, তেমনটা সাধারণত বাংলাদেশে শীতকালে হয় না। কিন্তু এসব মডেল থেকে প্রাপ্ত তথ্য সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এক টিভি চ্যানেলেও আমি জানাই, কোন কোন বিভাগের কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলোতেই ফেব্রুয়ারি মাসের ৪ ও ৫ তারিখে ভারী বৃষ্টিপাত ও কৃষিশস্যের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি হয়। আমি জানি না, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিংবা বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের চোখে সেই খবর চোখে পড়েছিল কি না।
প্রশ্ন :
প্রথম আলো: এখন আপনি এত আগে পূর্বাভাস দিতে পারলেন, সেটি তো আবহাওয়া অধিদপ্তরেরও পারার কথা। তাদের সীমাবদ্ধতা বা ঘাটতি কোথায়?
মোস্তফা কামাল: আবহাওয়া অধিদপ্তর আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের মডেলের দৈনন্দিন আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুসরণ ও বিশ্লেষণ করে কি না আমি জানি না। এখানে উল্লেখ্য যে পুরো বিশ্বে মাত্র ১৫ থেকে ২০টি দেশ নিজেরা আবহাওয়া পূর্বাভাসের বিশ্বব্যাপী (গ্লোবাল) মডেল তৈরি করেছে। অন্য দেশগুলো নিজেদের অর্থনৈতিক সামর্থ্য অনুসারে সেসব মডেল ব্যবহার করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া পূর্বাভাসের জন্য নিজেরা যে গাণিতিক আবহাওয়া মডেল ব্যবহার করে (ওয়েদার রিসার্চ অ্যান্ড ফরকাস্টিং—ডব্লিউআরএফ মডেল) সেটিও আমেরিকার তৈরি। তবে মডেলটি হলো আঞ্চলিক মডেল। আবহাওয়া পূর্বাভাসের গাণিতিক মডেলগুলো চালাতে খুবই উচ্চ শক্তির কম্পিউটার দরকার। বিশেষ করে গ্লোবাল মডেলগুলো চালানোর জন্য শক্তিশালী সুপারকম্পিউটার দরকার, সেটি আমাদের কাছে নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট ঘেটে দেখা যায় যে, বর্তমানে ডব্লিউআরএফ নামক গাণিতিক আবহাওয়া পূর্বাভাস মডেলটি ব্যবহার করে। এ মডেল থেকে ৭ থেকে ১০ দিনের আবহাওয়া পূর্বাভাস অনেক নির্ভুলভাবে পাওয়া যায়। কিন্তু সেটি তারা কৃষকদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। এর জন্য সব ধরনের গণমাধ্যমের সাহায্য নেওয়া উচিত বলে মনে করি।
প্রশ্ন :
প্রথম আলো: বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র নামে আলাদা একটি প্রতিষ্ঠান আছে। সেটি তাহলে কৃষকদের কোনো উপকারেই আসছে না?
মোস্তফা কামাল: প্রতিষ্ঠানটির কৃষি আবহাওয়া পূর্বাভাসের মধ্যে ব্যাপক সীমাবদ্ধতা ও ত্রুটি রয়েছে। প্রথমত এ পূর্বাভাস খুবই সরলীকরণ করে প্রচার করা হয়। যেমন ‘রাজশাহী বিভাগের জেলাগুলোতে হালকা থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে’, এ রকম তথ্য কৃষকদের প্রায় কোনো উপকারেই আসে না। যদি নির্দিষ্ট করে বলা হতো যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় উচ্চগতির বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে, তবে সেই জেলার আমচাষিরা আমের মৌসুমে গাছের ডাল ভেঙে পড়া রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতেন। কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র যত দিন পর্যন্ত বৃষ্টিপাতের স্থান, পরিমাণ ও সময় যথাসম্ভব নির্দিষ্ট করে জানাতে পারবে না, কৃষকেরা খুব বেশি উপকার পাবেন না; শস্যের ক্ষতিও কমিয়ে আনা সম্ভব না। টানা কয়েকদিন ধরে বৃষ্টির সম্ভাবনা দেখা গেলে সেই তথ্য পাঁচ থেকে সাত দিন আগে কৃষকদের কাছে পৌঁছাতে হবে, যাতে তারা প্রথম দিন বৃষ্টি হওয়ার পরেই জমিতে সার না দেন। শীতকালে শৈত্যপ্রবাহ ও কুয়াশার সংবাদ কমপক্ষে সাত দিন আগেই দেওয়া সম্ভব আবহাওয়া পূর্বাভাস মডেলের তথ্য বিশ্লেষণ করে। এসব তথ্য কৃষকদের কাছে তিন–পাঁচ দিন আগে পৌঁছালে কৃষকেরা শীত সহ্য করতে পারে না এমন শস্য কিংবা বীজতলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
প্রশ্ন :
প্রথম আলো: অনেক সময় মানুষ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের প্রতি আস্থা রাখতে চায় না। সেটি কেন ঘটে?
মোস্তফা কামাল: ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের সুন্দরবন উপকূলভাগে আঘাত হানার এক দিন আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস নিয়ে প্রথম আলোতে একটি কলাম লিখেছিলেন অধ্যাপক আইনুন নিশাত, সেখানের কিছু বক্তব্য এখানে প্রাসঙ্গিক হতে পারে। তিনি বলেছেন, ‘বাংলাদেশে সেই ব্রিটিশ আমলের সাইক্লোন ওয়ার্নিং সিস্টেম সামান্য একটু বদলেছে। নৌ আর সমুদ্রবন্দরের পার্থক্যটা ঘুচেছে। হাতজোড় করে বলছি, বন্দরের জন্য পূর্বাভাস দেওয়া বন্ধ করুন। মানুষের জন্য পূর্বাভাস দিন। পাশের দেশ ভারতে যেভাবে পূর্বাভাস দেয়, উন্নত বিশ্বে যেভাবে পূর্বাভাস দেয়, সেই পদ্ধতি অবলম্বন করুন। যখন মোংলা ও পায়রা বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হচ্ছে, তখন চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর সংকেত দেওয়া হচ্ছে। ৮, ৯ ও ১০ নম্বর সংকেতের মানে হচ্ছে প্রশাসনের দায়িত্ব, সবাইকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া। কক্সবাজার অঞ্চলে তো এ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। তাহলে সেখানে ৯ নম্বর সংকেত দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের কেন একটা সংশয়ের মধ্যে ফেলা হচ্ছে?’ এমন সংশয় থেকেই আসলে মানুষ আস্থা রাখতে চায় না।
প্রশ্ন :
প্রথম আলো: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার গতি-প্রকৃতি বোঝা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে অনুযায়ী আমাদের আবহাওয়া অধিদপ্তরের কার্যক্রম কতটা যুগোপযোগী?
মোস্তফা কামাল: যথেষ্ট সময়ের আগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেশের মানুষের কাছে পৌঁছানোর ব্যর্থতা প্রমাণ করে যে, আবহাওয়ার গতি-প্রকৃতি বুঝতে আবহাওয়া অধিদপ্তরের অনেক সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতা বিভিন্ন প্রকারের হতে পারে: প্রযুক্তিগত, মানবসম্পদগত, আমলাতান্ত্রিক, ইত্যাদি। আবহাওয়া পদার্থবিদ্যায় মানুষের অর্জিত জ্ঞান এমন পর্যায়ে পৌঁছেছে যে তিন দিনের পূর্বাভাস প্রায় শতকরা ৮০ থেকে ৯০ ভাগ নিশ্চয়তাসহ করা যায়। এক–দুই দিনের আবহাওয়ার পূর্বাভাস করা যায় প্রায় ঘড়ি-ঘণ্টা ধরে। কৃষিপ্রধান ও জনবহুল দেশ হিসেবে আমাদের আবহাওয়া–সম্পর্কিত স্যাটেলাইট জরুরি। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট একটি যোগাযোগ উপগ্রহ। আমি আশা করব বাংলাদেশের দ্বিতীয় কৃত্রিম ভূ-উপগ্রহটি আমেরিকার জিওস্টেশনারি অপারেশনাল এনভায়রনমেন্টাল স্যাটেলাইটের মতো বহুমুখী ব্যবহারের উপযোগী করে তৈরি করা হবে। এ কৃত্রিম ভূ-উপগ্রহটি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পশ্চিম গোলার্ধের জলভাগের সব ঘূর্ণিঝড় ও স্থলভাগের বজ্রবৃষ্টি ও টর্নেডোর পূর্বাভাস করা হচ্ছে। এক বা দুই সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস খুব দ্রুত সময়ের মধ্যে পেতে চাইলে একটি সুপারকম্পিউটার ক্রয় করতে হবে, যেটির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে মানুষের কাছে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পৌঁছে দেওয়া যাবে। সর্বোপরি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরেও আবহাওয়াবিজ্ঞানের ওপর ডিগ্রি অর্জন করা আবহাওয়াবিদ নিয়োগ দিতে হবে।
বাংলাদেশের কৃষকসমাজের বিশাল একটি অংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে শুধু সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের নিজদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতা বা গাফিলতির কারণে।
প্রশ্ন :
প্রথম আলো: ঝড়-বৃষ্টি এখন আর বৈশাখ ও বর্ষাকালে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে, হচ্ছেও। ফলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার গুরুত্ব কি আবহাওয়া অধিদপ্তর বুঝতে পারছে?
মোস্তফা কামাল: আবহাওয়া অধিদপ্তরের গত এক বছরের পূর্বাভাস বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসের উচ্চতা নিয়ে, কালবৈশাখীর মৌসুমে বজ্রপাতের ঝুঁকি এড়ানো, বর্ষা মৌসুমের শেষের দিকে তিস্তা উজান থেকে আসা বন্যা নিয়ে, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সৃষ্ট ডিসেম্বর মাসে অতিবৃষ্টির কথা, সর্বশেষ ফেব্রুয়ারি মাসের ৪ ও ৫ তারিখের অতিবৃষ্টির বিষয়ে পূর্বাভাস যথাসময়ে দিতে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। প্রতিটি উদাহরণ প্রমাণ করে আবহাওয়া অধিদপ্তর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে পরিবর্তিত আবহাওয়ার গতি-প্রকৃতি ও তার কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে দেশের মানুষকে অগ্রিম পূর্বাভাস দিতে সক্ষম নয়। বর্তমানে আবহাওয়া অধিদপ্তর যে প্রকৃতিতে দেশের মানুষের কাছে যে পদ্ধতিতে কিংবা যে সময় আবহাওয়া পূর্বাভাস পৌঁছায়, তাতে করে মানুষের জান রক্ষা করা সম্ভব হলেও তাদের সম্পদ রক্ষা করা সম্ভব নয়। পার্শ্ববর্তী দেশ ভারতের আবহাওয়া পূর্বাভাস বাংলাদেশের অপেক্ষা কয়েক গুণ শ্রেয় ও প্রায় ইউরোপ-আমেরিকার সঙ্গে তুলনাযোগ্য।
বাংলাদেশের কৃষকসমাজের বিশাল একটি অংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে শুধু সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের নিজদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতা বা গাফিলতির কারণে। কৃষকের কাছে যদি সাম্প্রতিক অতিবৃষ্টির পূর্বাভাস পাঁচ–সাত দিন আগেই পৌঁছানো সম্ভব হতো, তবে নিশ্চিত করেই এই কৃষকেরা দুই সপ্তাহ আগেই আলু ঘরে তুলতেন। বৃষ্টির পরেও মাঠের আলুর বড় একটা অংশ তোলা সম্ভব হবে অতিরিক্ত কৃষি শ্রম ব্যবহার করে। কিন্তু পানিতে ডুবে থাকা মাঠ থেকে সংগৃহীত আলু দীর্ঘমেয়াদি কৃষকের ঘরে কিংবা হিমাগারে সংরক্ষণ করা যাবে না। বৃষ্টিভেজা আলু পচে যাবে দুই–তিন মাসের মধ্যে। ফলে আলু খুবই অল্প দামে বিক্রি করে দিতে বাধ্য হবেন এবং বছরের অবশিষ্ট সময় বাজার থেকে উচ্চ দামে একই পণ্য কিনতে বাধ্য হবেন।
প্রশ্ন :
প্রথম আলো: আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে বজ্রপাত থেকে রেহাই পাওয়া সম্ভব কি না। গত বছর কিন্তু বিপুলসংখ্যক মানুষ মারা গেছে বজ্রপাতের শিকার হয়ে।
মোস্তফা কামাল: আবহাওয়া রাডার ব্যবহার করে বৃষ্টিপাতের পরিমাণ, কালবৈশাখীর কারণে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা ও ঘূর্ণিঝড় প্রবাহের দিক নির্দেশ নির্ণয় করা যায়। রাডার থেকে প্রাপ্ত চিত্র দেখে কালবৈশাখীর কারণে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা পূর্বাভাস করা যায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি উচ্চ মানের রাডার আছে মৌলভীবাজার জেলায়। গত কয়েক বছর কালবৈশাখীর মৌসুম শুরু হলে বারবার চেষ্টা করে দেখতে পেয়েছি এই রাডার বেশির ভাগ সময় বন্ধ থাকে। প্রতিবছর সংবাদে প্রকাশ হয় যে সিলেটের হাওর অঞ্চলে একাধিক কৃষক ও কৃষিশ্রমিক ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন। অথচ মৌলভীবাজার জেলার এ রাডার ব্যবহার করে মোবাইল প্রযুক্তির মাধ্যমে ওই এলাকার কৃষকদের বজ্রপাত নিয়ে কালবৈশাখীর পূর্বাভাস দিলে মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব। পরিবর্তিত আবহাওয়ার ফলে সারা বছরই রাডারটি চালু রাখা এখন জরুরি হয়ে পড়েছে।
প্রশ্ন :
প্রথম আলো: আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নে সরকারের নীতিনির্ধারকদের বড় ভূমিকা রয়েছে, সেটি কি তাহলে তারা বুঝতে পারছে না?
মোস্তফা কামাল: স্বাধীনতার ৫০ বছর পরও আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারেনি যুগের সঙ্গে তাল মিলিয়ে। কৃষকদের কাছে বাংলাদেশ সরকার ভর্তুকি মূল্যে রাসায়নিক সার বিক্রি করছে প্রায় স্বাধীনতার পর থেকেই। যথাসময়ে ও সঠিক বৃষ্টিপাতের পূর্বাভাসের তথ্য না পাওয়ার কারণে দেশের কৃষকেরা জমিতে সার প্রদান করার কয়েক ঘণ্টা পরেই ভারী বৃষ্টিপাতের কারণে সেই সার ধুয়ে নদী–নালায় চলে যায়। সরকারের দেওয়া ভর্তুকিতে জ্বালানি তেল কিনে জমিতে সেচ দেওয়ার এক–দুই দিনের মধ্যে বৃষ্টি হওয়ায় সেই ভর্তুকিও বৃথা যাচ্ছে। এসবের দিকে নীতিনির্ধারকদের নজরই নেয় বলে মনে করি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেয় শেষ মুহূর্তে, তা–ও সেই তথ্য কৃষকদের কাছে পৌঁছায় না। কারণ, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রেস বিজ্ঞপ্তি আকারে এ তথ্য কৃষি অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি অধিদপ্তরে পাঠিয়ে নিজেদের দায় সারেন তাঁরা। যেহেতু পূর্বাভাসে নির্দিষ্ট করে উল্লেখ থাকে না কোন জেলায় কোন সময় কী পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যকে খুব বেশি গুরুত্ব দিতে চান না। ফলে কৃষি মন্ত্রণালয় থেকে সেই তথ্য কৃষকদের কাছে যথাসময়ে পৌঁছায় না। একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কৃষি অধিদপ্তরের কার্যক্রম বিস্তৃত হলেও তাদের সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের খুব একটি সমন্বয় নেই, থাকলেও কার্যকর নয়। একই কথা প্রযোজ্য তথ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রেও। ফলে আমি মনে করি ডিজিটাল বাংলাদেশের সুবিধা কৃষকদের কাছে পৌঁছাতে বাংলাদেশের সরকারি সংস্থাগুলো চরমভাবে ব্যর্থ।
প্রশ্ন :
প্রথম আলো: জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়েই আবহাওয়াবিজ্ঞান এখন গুরুত্বপূর্ণ বিষয়, এ নিয়ে নানা গবেষণা ও ফান্ডিং বাড়ছে। এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা কী? কৃষিভিত্তিক দেশে আবহাওয়াবিজ্ঞান নিয়ে একাডেমিকভাবে কেন আমরা এত পিছিয়ে আছি?
মোস্তফা কামাল: স্বাধীনতার প্রায় ৫০ বছর পর এসে বাংলাদেশের একটি মাত্র বিশ্ববিদ্যালয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয়ে) আবহাওয়া পদার্থবিদ্যার ওপর অনার্স চালু করা হয়েছে ২০১৭ সালে, তা–ও একজন মাত্র শিক্ষক দিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ হিসেবে নিয়োগ দেওয়া হয় পদার্থ, রসায়ন ও পরিসংখ্যান বিভাগ থেকে পাস করা গ্র্যাজুয়েটদের। সেখানে নিয়োগ পাওয়ার পরে অধিকাংশই চাকরিজীবনে আবহাওয়াবিজ্ঞান বিষয়ে উচ্চ ডিগ্রি নিতে আগ্রহী হয় না, গবেষণাও করেন না। কারণ, সেখানে পদোন্নতির জন্য গবেষণা কিংবা উচ্চশিক্ষার দরকার হয় না।
৩০ বছর আগে যে ফরম্যাটে আবহাওয়ার পূর্বাভাস দিত অধিদপ্তর, এই ২০২২ সালেও সেই একই ফরম্যাটে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা গেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ১ থেকে ১০ নম্বরের বিভিন্ন সতর্কসংকেত জারি করে সমুদ্র ও নদীবন্দরের জন্য। কিন্তু সেসব সতর্কতা উপকূলীয় এলাকার কিংবা দেশের অভ্যন্তরের বিভিন্ন বিভাগের কৃষকদের জন্য কি গুরুত্ব বহন করে, সে বিষয়ে কোনো তথ্যই থাকে না। ২০২১ সালের এপ্রিল মাসে মৌসুমের প্রথম যে শক্তিশালী কালবৈশাখীতে গাইবান্ধা জেলায় ১৩ জন মানুষ মারা যায়, সেই কালবৈশাখীটি নিয়ে ব্যক্তিগতভাবে গবেষণার জন্য উদ্যোগী হই এবং ওই ঝড়ের এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর আবহাওয়া বিভাগে ওই দিনের আবহাওয়া রাডারের চিত্র চেয়ে একটি ই-মেইল করি। ওই একই দিনে কৃত্রিম ভূ-উপগ্রহের চিত্র চেয়ে একটি ই-মেইল করি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার দায়িত্বপ্রাপ্ত বৈজ্ঞানিককে। অবিশ্বাস্য হলেও সত্য যে নাসার ই–মেইলের উত্তর পেয়ে যাই ছয় ঘণ্টার কম সময়ে। পক্ষান্তরে গত ১০ মাসেও বাংলাদেশ বিমানবাহিনীর আবহাওয়া বিভাগ থেকে আমার করা দুটি ই–মেইলের কোনো উত্তর পাইনি। এ হচ্ছে পরিস্থিতি।
প্রশ্ন :
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ
মোস্তফা কামাল: আপনাকেও ধন্যবাদ