রসরাজের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন : শাহরিয়ার কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়ী স্থানীয় রাজনীতি ও প্রশাসনের গাফিলতি
শাহরিয়ার কবির
শাহরিয়ার কবির
নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে যে হামলার ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে প্রশাসন ও রাজনৈতিক দল কী ভূমিকা নিয়েছে, কী ভূমিকা নেওয়া জরুরি ছিল, সে বিষয়ে আমরা মুখোমুখি হই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যকরী সভাপতি শাহরিয়ার কবিরের। দুজনই এই হামলার পেছনে মৌলবাদী গোষ্ঠীর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা এবং বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

প্রথম আলো: নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার ঘটনা কেন ঘটল, কারা ঘটাল?

শাহরিয়ার কবির: কারা ঘটিয়েছে, তা পরিষ্কার। একাত্তরে যে মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশকে হিন্দুশূন্য করতে চেয়েছিল, তারা কখনোই বাংলাদেশের অস্তিত্বকে মেনে নিতে পারেনি। সেই অপশক্তিই বারবার সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। ২০০১ সালের নির্বাচনের পরও আমরা দেশব্যাপী তাদের ভয়াবহ তাণ্ডব দেখেছি। নাসিরনগরের ঘটনা তারই ধারাবাহিকতা।

প্রথম আলো: কিন্তু গণমাধ্যমে খবর এসেছে, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জের হিসেবেই হিন্দুসম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলা হয়েছে।

শাহরিয়ার কবির: সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের জামায়াতীকরণ হয়েছে। জামায়াতের ক্যাডাররা আওয়ামী লীগে ঢুকে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালাচ্ছে।

প্রথম আলো: কিন্তু জামায়াত তো এখন দৌড়ের ওপর আছে। ...

শাহরিয়ার কবির: গোপনে তারা এসব করছে। তাদের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক অনেক শক্তিশালী। আওয়ামী লীগে ঢুকে তারা নিজেদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে। ওরা বিএনপিকে গিলে ফেলেছে। এখন আওয়ামী লীগে হাত দিয়েছে।

প্রথম আলো: আপনারা নাসিরনগরে গিয়েছিলেন, কী দেখলেন?

শাহরিয়ার কবির: স্থানীয় প্রশাসন সীমাহীন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তারা কেবল মৌলবাদী গোষ্ঠীকে সমাবেশ করতেই দেয়নি, ওসি ও ইউএনও বক্তৃতা দিয়েছেন। স্থানীয় প্রশাসন শক্ত হলে মৌলবাদীরা এই কাণ্ড ঘটাতে পারত না।

প্রথম আলো: ২০০১ সালে হিন্দুদের ওপর হামলা হয়েছিল, তখন বিএনপি-জামায়াত ক্ষমতায়। কিন্তু এখন আওয়ামী লীগের শাসনামলেও সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা হচ্ছে। কীভাবে দেখছেন?

শাহরিয়ার কবির: ২০০১ সালে হামলা-নির্যাতনের কথা পুরোপুরি অস্বীকার করা হতো। এখন তো সেটি হচ্ছে না। রামুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে এলাকায় গিয়ে আক্রান্ত মানুষগুলোকে সহায়তা করেছেন। নাসিরনগরে স্বরাষ্ট্রমন্ত্রীর যাওয়া উচিত ছিল।

প্রথম আলো: কিন্তু ২০০১ সাল থেকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যেসব হামলা হয়েছে, তার বিচার হয়েছে?

শাহরিয়ার কবির: আমার জানামতে সিরাজগঞ্জের পূর্ণিমা শীলের ঘটনা ছাড়া কোনোটির বিচার হয়নি। বারবার বিচারের কথা বলে আসছি। এই বিচারহীনতার দায় সরকার এড়াতে পারে না।

প্রথম আলো: নাসিরনগরের আক্রান্ত মানুষকে রক্ষায় সরকার কি যথাযথ পদক্ষেপ নিয়েছে?

শাহরিয়ার কবির: এই মুহূর্তে সেখানকার আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। একই সঙ্গে আমরা রসরাজ দাসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। এ কারণে আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাছে দাবি জানিয়েছি যে তাঁর মামলাটি যেন ঢাকায় স্থানান্তর করে তাঁর নিরাপত্তা ও আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া হয়।