
প্রথম আলো: আমাদের অর্থনীতি বাড়ছে, মানুষের ক্রয়ক্ষমতাও বাড়ছে। মধ্যবিত্তের পরিধি সম্প্রসারিত হচ্ছে। কিন্তু সেই তুলনায় বিনিয়োগ বাড়ছে না কেন?
জাহিদ হোসেন: আমরা যদি বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে চাই কিংবা প্রবৃদ্ধিকে সাড়ে ৭ বা ৮ শতাংশে নিয়ে যেতে চাই, তাহলে উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং সেটি আসবে বিনিয়োগের মাধ্যমে। এই বিনিয়োগের দুটি ধরন আছে। একটি সরকারি, আরেকটি বেসরকারি। বাংলাদেশে সরকারি বিনিয়োগ তো বাড়ছে। যদিও এর কার্যকারিতা নিয়ে প্রশ্নও আছে। নির্মীয়মাণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যয় প্রতিবছরই বাড়ছে। কিন্তু জনগণ সুবিধা তো পাচ্ছে না। দ্বিতীয়ত, বেসরকারি বা ব্যক্তি খাতের বিনিয়োগে কয়েক বছর ধরেই স্থবিরতা চলছে। জিডিপি ২১-২২ ভাগের মধ্যে স্থির হয়ে আছে।
প্রথম আলো: এই স্থবিরতার কারণ কী?
জাহিদ হোসেন: প্রথম কারণ হলো অবকাঠামোগত। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের সক্ষমতা প্রতিবেদন অনুযায়ী ১৪০টি দেশের মধ্যে আমাদের অবস্থান ১০৭। অবকাঠামো, সামগ্রিক ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিচারে এটি নির্ধারণ করা হয়। আমরা সামষ্টিক অর্থনীতিতে ভালো করছি। কিন্তু আমাদের প্রধান দুর্বলতা হলো অবকাঠামো যথা—টেলিযোগাযোগ, বিদ্যুৎ, সড়ক, রেল ইত্যাদি। এখানে বিদ্যুতের সংযোগ নিতে কিংবা জমি রেজিস্ট্রেশন করতে দেড় থেকে দুই বছর অপেক্ষা করতে হয়। বহু উদ্যোক্তা কারখানা প্রতিষ্ঠা করেও গ্যাস ও বিদ্যুৎ-সংযোগের অভাবে উৎপাদনে যেতে পারছেন না। কিন্তু তাঁদের ব্যাংকঋণের সুদ গুনতে হচ্ছে। এরপর বিদ্যুতের সংযোগ দেওয়া হলেও হয়তো তাঁরা উৎপাদনে যেতে পারবেন না। আমাদের চেয়ে মিয়ানমার কিন্তু এগিয়েছে। এ ছাড়া অস্বচ্ছ রেগুলেশনও বড় সমস্যা। বাংলাদেশের উদ্যোক্তারা সুযোগ পেলে কিন্তু বিনিয়োগ করতে প্রস্তুত আছেন।
যে প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের কাজ করছে, সেটি চীনের খুবই নামকরা প্রতিষ্ঠান। অনেক বড় বড় কাজ তারা সময়মতো করেছে, কিন্তু এখানে করছে না। কাজ না করে যদি টাকা পাওয়া যায়, করবে কেন? দুর্নীতি সব দেশেই আছে। চীনে আছে, মালয়েশিয়ায় আছে। ওসব দেশে টাকা দিয়ে কাজ পাওয়া যায়, এখানে যায় না। আমরা চার বছরের ব্যয় বৃদ্ধির পরিমাণটা হিসাব করছি, কিন্তু কাজ শেষ না হওয়ায় সার্বিক অর্থনীতির যে বিশাল ক্ষতি হলো, সেটি হিসাব করছি না।
প্রথম আলো: এটি তো গেল কাঠামোগত সমস্যা। এর বাইরে?
জাহিদ হোসেন: অবকাঠামোগত সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা। নব্বইয়ের পর থেকে আমাদের এখানে একধরনের প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা চলে আসছিল। বিনিয়োগকারীরা ভাবতেন, পাঁচ বছর পরপর নির্বাচন হবে। নির্বাচনে যে দল জয়ী হবে, তারা দেশ চালাবে। যে দল পরাজিত হবে, সে দল ‘মানি না, মানি না’ বলে আওয়াজ তুললেও তিন-চার মাস পর মেনে নিত। ব্যবসায়ীরা ধরে নিতেন, আগামী তিন বছর মোটামুটি নীতিগত নিশ্চয়তা থাকবে। চতুর্থ বছরে গিয়ে আবার গোলযোগ হবে। আবার একটি নির্বাচন হবে। বিজয়ী দল সবকিছু দখল করবে। পরাজিতরা ‘মানি না’ বলে আওয়াজ তুলবে। এই ধারাবাহিকতায় ব্যবসায়ীরা অভ্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এখন কি বলা যায়, ২০১৯ সালের আগে বা পরে কী হবে? এই অনিশ্চয়তার মধ্যে কে বিনিয়োগ করবেন? অর্থনীতিবিদ কেইনসের মতে, ঝুঁকি ও অনিশ্চয়তা এক নয়। ঝুঁকি থাকলে সেটি পরিমাপ করে মাত্রা অনুয়ায়ী ব্যবস্থাও নেওয়া যায়। হিসাব-নিকাশ করা যায়। কিন্তু অনিশ্চয়তা থাকলে সেটি করা যায় না। অন্ধকারে ঢিল ছুড়তে হয়। তাই আমি মনে করি, বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক অনিশ্চয়তাও একটি বড় বাধা।
প্রথম আলো: আপনি ইতিবাচক কিছু দেখছেন না?
জাহিদ হোসেন: বাংলাদেশে ইতিবাচক তো অনেক কিছু আছে। প্রথমত, এখানকার ভৌগোলিক অবস্থান, পৃথিবীর মোট ভোক্তার ৫০ শতাংশ বাস করে বাংলাদেশের তিন হাজার মাইলের মধ্যে। আমাদের এক দিকে চীন, আরেক দিকে ভারতের বিশাল বাজার। এ ছাড়া এখানে আছে খুবই কর্মশীল ও অনুগত একটি শ্রমিক শ্রেণি। বাংলাদেশের চেয়ে অনেক বেশি শ্রমিক আন্দোলন হয় কম্বোডিয়ায়। নেপাল ভূমিবেষ্টিত। আর পাকিস্তানে রাজনৈতিক সংঘাত লেগেই আছে। সে ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতই বিনিয়োগের জন্য উপযুক্ত জায়গা। আইনি বাধা ভারতেও আছে। কিন্তু মোদি সরকার এসে অনেকগুলো সংস্কারে হাত দিয়েছে।
প্রথম আলো: আপনি যে আইনি বাধার কথা বলছেন, সে বিষয়ে ব্যবসায়ীদের অবস্থান কী? বলা হয়, ব্যবসায়ীরাই দেশ চালাচ্ছেন। তাহলে তাঁরা কেন আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছেন না?
জাহিদ হোসেন: কিছুদিন আগে বিশ্বব্যাংকের একজন ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন কোম্পানি আইনের সংস্কার নিয়ে কথা বলতে। তিনি চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন। কিন্তু ব্যবসায়ীরা নিজে থেকে এ বিষয়ে কিছু বললেন না। এর একটি কারণ হতে পারে, প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ব্যবসা করছেন, তাতে অভ্যস্ত হয়ে গেছেন। আইনটি সহজ হলে তরুণ উদ্যোক্তারা আসবেন, তা হয়তো পুরোনোরা চান না। এখানেও মনোপলি। কিন্তু প্রতিযোগিতা না থাকলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে কীভাবে? আমাদের কোম্পানি আইন বেশ সেকেলে। সেখানে একটি বৈঠক ডাকতেও রেজিস্টার্ড খামে চিঠি পাঠাতে হয়। ই-মেইলের আমন্ত্রণ গ্রাহ্য নয়। এ যুগে এটি চলতে পারে না। কোম্পানি আইন ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ স্বীকার করে না। কিন্তু এখন অর্থ একমাত্র পুঁজি নয়, মেধাও পুঁজি।
প্রথম আলো: বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে সরকার। এর জন্য সরকারের পক্ষ থেকে তো নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাহিদ হোসেন: বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নীতিগত সমস্যা তেমন নেই। কিন্তু একজন বিদেশি উদ্যোক্তা প্রথমেই হোঁচট খান তাঁর দেশে ভিসা নিতে গিয়ে। এরপর বিমানবন্দরে নামার পর পদে পদে বাধার মুখোমুখি হন। একজন ব্যাংকার আমাকে বলেছিলেন, স্যামসাংয়ের এক কর্মকর্তা তথ্যপ্রযুক্তি খাতে বড় অঙ্কের বিনিয়োগ করতে এখানে এসেছিলেন। তিনি অনেক কাঠখড় পুড়িয়ে ১০ মিনিটের জন্য বিনিয়োগ বোর্ডের প্রধানের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন। এরপর স্যামসাং দু-তিন বছর চেষ্টা করেও বিফল হয়ে ভিয়েতনামে চলে যায়। আমরা বলছি, দ্বার খোলা হওয়া উচিত; কিন্তু দ্বারটা খুলছি না।
প্রথম আলো: বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে বিশ্বব্যাংকের কান্ট্রি ফ্রেমওয়ার্কে কী সুপারিশ থাকছে?
জাহিদ হোসেন: আমাদের সুপারিশে রূপান্তরমূলক অগ্রাধিকার ও মৌলিক অগ্রাধিকারের ওপর জোর দেওয়া হয়েছে। রূপান্তরমূলক অগ্রাধিকারের মধ্যে আছে জ্বালানি, কানেকটিভিটি, আন্তর্জাতিক ও আঞ্চলিক বাজারের সম্প্রসারণ। জাপানের মতো আমাদেরও রপ্তানিমুখী অর্থনীতিকে অগ্রাধিকার দিতে হবে। এরপর আসে নগর ব্যবস্থাপনা। ঢাকা ও চট্টগ্রাম বাংলাদেশের জিডিপির প্রায় ৫০ শতাংশ আয় করে। কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর সড়কটি ৪০ বছর ধরে নাজুক অবস্থায়। ঢাকা শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দিন পার হয়ে যায়। বিনিয়োগ বাড়াতে হলে নগর ব্যবস্থাপনার উন্নয়ন করতেই হবে। এরপর আসে নদী ব্যবস্থাপনা। এর উন্নয়ন ছাড়া কৃষি এগোবে না।
প্রথম আলো: কিন্তু বর্তমান সরকারের আমলে তো বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
জাহিদ হোসেন: বেড়েছে। ২০০৬ সালে ঢাকায় দিনে ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং ছিল। সে সময়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এক টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর বাড়িতে বিদ্যুৎ যায় না, কারণ জেনারেটর আছে। এ অবস্থা এখন আর নেই। কিন্তু বিদ্যুতের উৎপাদন আরও বেশি হারে বাড়াতে হবে। অন্তত জাতীয় উৎপাদন বৃদ্ধির দেড় গুণ হারে। কেননা, জাতীয় উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মান ও চাহিদা বাড়ছে। বিদ্যুতের উৎসগুলোর নিশ্চয়তা দিতে হবে। সেটি কয়লাভিত্তিক হতে পারে, কিংবা জলবিদ্যুৎ হতে পারে। এ ছাড়া সমুদ্রেও বিশাল গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে।
প্রথম আলো: আপনি কানেকটিভিটির ওপর জোর দিয়েছেন। কিন্তু ভারতের মতো বড় অর্থনীতির সঙ্গে সংযোগ বাড়লে আমরা ক্ষতিগ্রস্ত হব কি না?
জাহিদ হোসেন: ইউরোপীয় ইউনিয়ন গঠনের সময় ছোট ছোট দেশগুলো এ প্রশ্ন তুলেছিল। কিন্তু কানেকটিভিটিতে তারা লাভবান হয়েছে। নাফটার সময় বলা হয়েছিল, আমেরিকা ও কানাডা মেক্সিকোকে গিলে ফেলবে। কিন্তু মেক্সিকো সুফল পেয়েছে। বড় অর্থনীতির সঙ্গে সংযুক্তি হলে যে ঝুঁকি আছে, তা মোকাবিলা করতে হবে, কিন্তু দরজা বন্ধ করা যাবে না।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
জাহিদ হোসেন: আপনাকেও ধন্যবাদ।
সাক্ষাৎকার নিয়েছেন: সোহরাব হাসান ও জাহাঙ্গীরশাহ