>

বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এ নিয়ে দলের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ ও সমালোচনা চলছে। নতুন কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, যিনি আগের কমিটিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। অন্যদিকে স্থায়ী কমিটিতে থাকা আ স ম হান্নান শাহ নতুন কমিটিতে একই অবস্থানে থাকলেও সামগ্রিকভাবে কিছুটা অসন্তুষ্ট। বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে বিতর্কের পটভূমিতে প্রথম আলো এই দুই নেতার মুখোমুখি হয়। সাক্ষাৎকার নিয়েছেন শরিফুজ্জামান
প্রথম আলো : দল যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারেনি, এমন আক্ষেপ শোনা যাচ্ছে চারদিকে। এত দিন পর একটি কমিটি হয়েছে, কিন্তু এটা নিয়ে দলের ভেতর এত সমালোচনা ও প্রশ্ন কেন?
আমীর খসরু মাহমুদ চৌধুরী : আমরা অনেকটা বিস্ময়ের সঙ্গে দেখলাম যে গণমাধ্যম অন্ধের মতো কিছু ভাসা ভাসা সমালোচনা করে গেল। কেউ বিষয়টি পর্যালোচনা ও বিশ্লেষণ করল না। হ্যাঁ, কিছু সমালোচনা থাকতেই পারে। কোনো কোনো নেতা সম্পর্কে প্রশ্ন উঠতে পারে। কিন্তু যেসব ভালো দিক ছিল, সেগুলো সম্পর্কে কেউ কিছু বলল না।
প্রথম আলো : তাহলে আপনি বলেন, এমন কী বৈশিষ্ট্য আছে বিএনপির এই কমিটিতে?
আমীর খসরু : শোনেন তাহলে, কমিটিতে ১৩ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে। দেখান তো কোন দলে এটা আছে? এবার তরুণদের কেন্দ্রীয় কমিটিতে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ২৫ শতাংশের কম হবে না। সংখ্যালঘুদের সংখ্যাও উল্লেখযোগ্য। এসবের পাশাপাশি দলের ত্যাগী, নির্যাতিত ও গ্রহণযোগ্য নেতাদের অগ্রাধিকার দিতে হয়েছে। এসবের সমন্বয়ে যে কমিটি, তা উড়িয়ে দিতে পারেন না।
প্রথম আলো : দলের ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন কি যথার্থ হয়েছে?
আমীর খসরু : কমিটি করার ক্ষেত্রে সিনিয়রিটি একমাত্র ইস্যু হতে পারে না, এটা অনেকগুলো যোগ্যতার মধ্যে একটি। তা ছাড়া রাজনৈতিক দল তো আর আমলাতন্ত্র নয় যে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। রাজনৈতিক দলের কমিটি করার ক্ষেত্রে ত্যাগ, অবদান, মেধা, গ্রহণযোগ্যতা, অতীত রেকর্ড, জ্যেষ্ঠতা ও ভবিষ্যৎ-প্রাপ্তির বিষয়গুলো দেখা হয়েছে। এর ফলে কমিটির মিশ্রণটা অনন্য (ইউনিক) হয়েছে বলা যায়।
প্রথম আলো : নেতাদের যিনি যে পদ পেলেন, সে বিষয়ে কি তাঁদের সম্মতি নেওয়া হয়েছিল? মানে কোনো আলোচনা হয়েছিল? কিসের ভিত্তিতে এসব দায়িত্ব বণ্টন করা হলো?
আমীর খসরু : নেতা-কর্মীদের অতীত কর্মকাণ্ডের ভিত্তিতে তাঁদের কমিটিতে নেওয়া হয়েছে। কারও মতামত নিয়ে দলের পদ দেওয়া সম্ভব নয়। তা ছাড়া এটা পরিবর্তনশীল ব্যাপার। কারও মত নেওয়ার পর তাঁকে ওই পদ দেওয়া সম্ভব না-ও হতে পারে।
প্রথম আলো : কমিটি ঘোষণার পর খবর বেরিয়েছে যে দলের নেতৃত্বে সম্ভাব্য উত্তরসূরি তারেক রহমান এই কমিটিতে সায় দেননি। কথাটি কি সত্য?
আমীর খসরু : এটা একটা অবাস্তব, মনগড়া ও ভিত্তিহীন কথা। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে ওনার সাথে আলোচনা (কনসালটেশন) হয়েছে।
প্রথম আলো : দলের অসন্তুষ্ট বা ক্ষুব্ধ নেতাদের অনেকে পদত্যাগের কথা বলেছেন। তাঁরা দল ছেড়ে গেলে কিংবা আওয়ামী লীগ বা জাতীয় পার্টিতে যোগ দিলে তার প্রতিক্রিয়া কী হতে পারে?
আমীর খসরু : কারও ক্ষোভ থাকতে পারে, কিন্তু কেউ দল ছেড়ে যাবেন না। তাঁরা দলের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছেন। তাই দলত্যাগের প্রশ্ন নেই, অন্য দলেও কেউ যাবেন না।
প্রথম আলো : তারেক রহমানের স্ত্রীর দলের নেতৃত্বে আসার সম্ভাবনা কতটুকু? সম্প্রতি তাঁর আগমনের সম্ভাবনায় সরকারের পক্ষ থেকে উৎসাহজনক মন্তব্য করা হয়েছে।
আমীর খসরু : এটা ‘সাইড টক’ বলা যায়। রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা হয়, হতে পারে। কিন্তু এ রকম কিছু আমার জানা নেই।
প্রথম আলো : দলের প্রধান কাজ এখন কী হবে?
আমীর খসরু : প্রথমে দলের অন্যান্য কমিটি ও উপকমিটিগুলো করা হবে। জেলা ও মহানগর কমিটিগুলো করা হবে।
প্রথম আলো : কী ধরনের কর্মসূচির কথা ভাবা হচ্ছে? আন্দোলন, নাকি সম্ভাব্য মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি?
আমীর খসরু : এ দেশের মানুষ এখন মুক্তির অপেক্ষায় আছে। তারা রাগে ও ক্ষোভে ফুঁসছে। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দলের প্রধান ও একমাত্র কাজ মানুষকে সম্পৃক্ত করে তাদের ভোটাধিকার ফিরিয়ে আনা। জনগণের ভোটে প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার দেশে আইনের শাসন, বাক্স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। এ জন্য নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালন করা হবে।
প্রথম আলো : বিএনপি একটি সভা-সমাবেশ করার মতো শক্তিও হারিয়ে ফেলেছে কেন?
আমীর খসরু : বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়, আন্ডারগ্রাউন্ড পার্টি নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা যায়। কিন্তু গুম, হত্যা, হামলা, মামলা ও জেল-জুলুম করে দলটির লাখ লাখ নেতা-কর্মীর জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। এমন ভয়ংকর অবস্থা বেশিদিন চলতে পারে না। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। এ দেশের অতীত ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ কিন্তু কারও অজানা নয়।
প্রথম আলো : দলের নেতাদের বড় অংশের বিচার সম্পন্ন হলে অনেকেই দণ্ডিত হবেন বলে ধারণা করা হয়। তখন দলের ভবিষ্যৎ কী দাঁড়াবে?
আমীর খসরু : অসৎ উদ্দেশ্য নিয়ে করা এসব কাজ শেষ পর্যন্ত বুমেরাং হয়ে যাবে। জনগণ এসব উদ্দেশ্য বুঝতে পারে। সময়মতো তারা এর জবাব দেবে। এসব মামলা, হামলা ও জেল দিয়ে সরকার সাময়িক স্বস্তি খুঁজতে পারে, এটাই অস্বস্তির কারণ হবে।
প্রথম আলো : কমিটিতে যুদ্ধাপরাধীদের ছেলেদের নেওয়াটা কি জরুরি ছিল?
আমীর খসরু : সরকারি দলে তো মুক্তিযুদ্ধের বিপক্ষের নেতাদের ছেলেরা আছে। আমরা তো এটা নিয়ে প্রশ্ন তুলি না। এখানে ছেলেদের কী করার আছে? বাবা অন্যায় করলেও সেই দায়দায়িত্ব সন্তানের ওপর বর্তায় না। তা ছাড়া যুদ্ধাপরাধী হিসেবে যে বিচার হয়েছে, তা-ও তো প্রশ্নের ঊর্ধ্বে নয়।
প্রথম আলো : জঙ্গিদের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা কতটুকু? জঙ্গি কর্মকাণ্ডে দলটি মদদ দিচ্ছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিএনপি এই বদনামের ভাগীদার হচ্ছে কেন?
আমীর খসরু : জঙ্গিবাদে বিএনপির কেউ কি এ পর্যন্ত ধরা পড়েছে? বরং সরকারি দলের কিছু নেতা বা তাদের আত্মীয়স্বজন ধরা পড়ছে। তারপরও আমরা কিন্তু এটা বলছি না। বরং আমরা বলছি, জঙ্গিবাদ একটা সামাজিক সমস্যা। এটা প্রতিরোধে জাতীয় ঐক্য দরকার। কিন্তু সরকার সেদিকে না গিয়ে এটা নিয়ে রাজনীতি করছে।
প্রথম আলো : রাজনৈতিক নেতা হিসেবে দেশের ভবিষ্যৎ কী দেখতে পান?
আমীর খসরু : জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার যে অবস্থা তৈরি করেছে, তার পরিণতি কোথায়, কীভাবে শেষ হবে, তা বলা কঠিন। এই সরকার জনগণ ও রাজনীতি থেকে এতটাই দূরে সরে গেছে, যা চরম অনিশ্চয়তা ছাড়াও শঙ্কা ও ভীতিকর অবস্থা তৈরি করেছে।
প্রথম আলো : ক্ষমতায় থাকতে বিএনপির কোনো ভুল ছিল বলে মনে করেন? কী ধরনের ভুল করেছিলেন আপনারা?
আমীর খসরু : কিছু ভুল তো ছিলই। ভুলের ধরন নিয়ে এত দিন পর আর কথা বলতে চাই না। তবে ভুলের পুনরাবৃত্তি আর হবে না।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।
আমীর খসরু : ধন্যবাদ।