রাজনৈতিক স্থিতি ছাড়া বিনিয়োগ বাড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনাম আহমদ চৌধুরী
ইনাম আহমদ চৌধুরী
দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী। আলোচনায় এসেছে রাজনীতির গতি-প্রকৃতিও। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও ফখর্ুল ইসলাম।

প্রথম আলো : দেশের বিনিয়োগ পরিস্থিতি কেমন?

ইনাম আহমদ চৌধুরী : বিনিয়োগ আশাব্যঞ্জক নয়, যদিও আমাদের এমডিজির অর্জন সন্তোষজনক। এখন আমরা এসডিজি বাস্তবায়নে রয়েছি। সাফল্য পেতে হলে অর্থনীতির গতিকে আরও ত্বরান্বিত করতে হবে। পরিসংখ্যানমতে, বিশ্বের সরাসরি বিনিয়োগের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ বাংলাদেশে আসছে। পুরো দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের মাত্র ৩ দশমিক ৭ শতাংশ আমরা পাচ্ছি। এশিয়ার নব-উত্থিত অর্থনৈতিক শক্তি যথাক্রমে থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন থেকেও আমরা অনেক পিছিয়ে আছি।

প্রথম আলো : এই অবস্থার কারণ কী?

ইনাম আহমদ চৌধুরী : বিনিয়োগের জন্য প্রথমে দরকার অনুকূল পরিবেশ। সফল দেশগুলো সেটিই করেছে। কিন্তু আমাদের এখানে আস্থার সংকট রয়েছে। প্রথম কারণ রাজনৈতিক অস্থিরতা। যিনি বিনিয়োগ করবেন, তিনি তো দেখতে চাইবেন আগামী ১০ থেকে ১৫ বছরে পরিস্থিতি কী দাঁড়াবে? সরকারে পরিবর্তন কীভাবে আসবে? দেশের কী পরিবর্তন হতে পারে? দ্বিতীয়ত, তাঁরা চাইবেন সামাজিক স্থিতি। অনেক দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই, কিন্তু সামাজিক স্থিতি আছে। যেমন থাইল্যান্ড। কিন্তু আমাদের এখানে দুটোই ভঙ্গুর, অনিশ্চিত। ব্যবসাবান্ধব পরিবেশ বলতে আমরা যা বুঝি, তা হলো বিনিয়োগের জন্য আইনের শাসন ও টেকসই অবকাঠামো—দুটোই থাকতে হবে। অবকাঠামোর মধ্যে জমি প্রাপ্তি, বিদ্যুৎ সরবরাহ, উন্নত যোগাযোগব্যবস্থা—আমরা এর কোনোটাই নিশ্চিত করতে পারছি না। অন্যদিকে জঙ্গি তৎপরতাও ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে।

প্রথম আলো : এটি কি কেবল বর্তমান সরকারের আমলে ঘটছে?

ইনাম আহমদ চৌধুরী : না, আমি সব সরকারের কথাই বলছি। কোনো সরকারই সমস্যাটি যেভাবে দেখার কথা সেভাবে দেখেনি, দেখছে না। দ্বিতীয়ত, এ রকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে সবাই সবার বিরুদ্ধে কথা বলছে, দোষারোপ করছে। এ রকম দেশ সম্ভবত দ্বিতীয়টি নেই।

প্রথম আলো : কিন্তু সরকার তো বলছে, জঙ্গিদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নিয়েছে।

ইনাম আহমদ চৌধুরী : সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ঠিকই; কিন্তু আক্রান্তরা তো বিচার পাননি এবং প্রকৃত আসামিরা ধরা পড়েনি। যে কারণে নিহত এক প্রকাশকের বাবা ‘বিচার চান না’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপির আমলেও বোমাবাজি ও হত্যার জন্য ‘জজ মিয়া’ বলে এক বানানো ‘আসামি’কে ধরা হয়েছিল। এখনো তা-ই হয়েছে। যারা জঙ্গি, যারা মানুষ হত্যা করে, তাদের বিরুদ্ধে আমাদের একটি রাজনৈতিক ঐক্য গড়ে তোলা দরকার। দোষারোপের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

প্রথম আলো : ব্যাংকে অঢেল টাকা পড়ে আছে। কিন্তু দেশীয় ব্যবসায়ীরাও বিনিয়োগ করছেন না কেন?

ইনাম আহমদ চৌধুরী : কারণ, আইনের শাসনের অভাব ও দুর্নীতির প্রাদুর্ভাব। সবাই এখন বুঝে গেছেন, দলীয় লোক না হলে ব্যবসা করা যাবে না। এ ছাড়া অবকাঠামোর সমস্যা তো আছেই। এই যে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক এলাকা ঘোষণা করেছে, তার কোনোটিতেই বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়নি। কোরীয় অর্থনৈতিক জোন করা হয়েছিল বহু বছর আগে। এখন পর্যন্ত সেখানে ভূমি হস্তান্তরই হয়নি। তাহলে অন্যরা কী ভরসায় আসবেন? আমরা জাপানকে ডাকছি, স্পেনকে ডাকছি—সবাই তো একই প্রশ্ন করবে।

উদাহরণই হচ্ছে সর্বোৎকৃষ্ট নিদর্শন। আমাদের বেপজা রপ্তানি উন্নয়ন এলাকাগুলোর কার্যক্রম ভালোই এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। ঢাকা ইপিজেড স্থাপিত হয় ১৯৮০ সালে আর চট্টগ্রাম ইপিজেড ১৯৯৩ সালে। এরপরে ২০০৯ পর্যন্ত ইপিজেড হয়েছে মংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলীতে। কিন্তু মুশকিল হয়েছে বিশেষ অর্থনৈতিক জোন নিয়ে। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) করা হয়েছিল বহু বছর আগে। সেখানে কোরিয়ার বিখ্যাত ইয়াঙ্গুন কোম্পানি বিনিয়োগের বিভিন্নমুখী বিরাট পরিকল্পনা করে। দুর্ভাগ্যবশত, বহুবিধ সমস্যার সম্মুখীন হয়ে এটা এখনো বাস্তবায়ন হয়নি। এটা সফল না হলে আমার মনে হয় জাপান, জার্মানি, স্পেন বা অন্য কোনো দেশই বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগে সাহসী হবে না। আর শুধু সস্তা শ্রমের কথা বলে বিনিয়োগ আসবে না। সক্ষমতা বাড়িয়ে শ্রমের মান ও উৎপাদন ক্ষমতাও বাড়াতে হবে।

প্রথম আলো : আপনি বিনিয়োগের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলেছেন। কিন্তু বিএনপি সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগই নিল না কেন?

ইনাম আহমদ চৌধুরী : না নিলে এটি তাদের ব্যর্থতা। তবে বিদ্যুৎই তো বিনিয়োগের একমাত্র সমস্যা নয়। আরও অনেক সমস্যা আছে, যার কোনোটারই পূর্ণ সুরাহা হয়নি। যেমন ধরুন, আমাদের নীতি পরিকল্পনায় ধারাবাহিকতা থাকে না। আগের সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ধারাবাহিকতা না থাকলে বিনিয়োগকারীরা উৎসাহ হারিয়ে ফেলেন। ভাবেন, এ সরকারের গৃহীত কর্মসূচিও পরের সরকার বাতিল করে দিতে পারে। তা ছাড়া দেশের সব ধরনের উন্নয়ন প্রচেষ্টা, বিনিয়োগব্যবস্থা, সরকারি-বেসরকারি উদ্যোগ উন্নয়নের সামগ্রিক দিকনির্দেশনা—সবই পঞ্চবার্ষিক পরিকল্পনায় সমন্বিত থাকতে হবে।

প্রথম আলো : বেসরকারীকরণ কমিশন প্রধান থাকতে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে কী কী উদ্যোগ নিয়েছিলেন?

ইনাম আহমদ চৌধুরী : আমাদের দায়িত্ব ছিল বেসরকারি খাতকে উৎসাহিত করা, নীতিগত সহায়তা দেওয়া। এবং অচল বা লোকসানি সরকারি শিল্পকারখানা বেসরকারি খাতে উপযুক্ত মূল্যে হস্তান্তর করা, তা আমরা করেছি সাফল্যের সঙ্গে। কিন্তু এখানেও ধারাবাহিকতা নেই। বর্তমান সরকার তো বেসরকারীকরণ কমিশনই কার্যত তুলে দিল। বেসরকারি কমিশনের লক্ষ্য ছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বিপুল লোকসানে অর্থনীতিতে যে রক্তক্ষরণ ঘটছে, সেটি বন্ধ করা। এখন এ বিষয়ে কোনো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না।

আওয়ামী লীগ সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি নিয়ে জোর প্রচারণা চালিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু দেখছি না। বিনিয়োগের ক্ষেত্রে দেখতে হবে কোন কোন খাতে আমাদের সম্ভাবনা বেশি। সেদিক থেকে তৈরি পোশাক ছাড়াও চামড়া, পাটজাত পণ্য, ট্যানারি, মেরিন প্রোডাক্ট, ওষুধ, সি-শিল্প, জাহাজ নির্মাণ, কৃষিজাত পণ্য ইত্যাদির ওপর জোর দিতে হবে। বিনিয়োগের জন্য গণতান্ত্রিক কাঠামোকেও জোরদার করা জরুরি। আর সেটি হতে পারে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমাদের রাজনৈতিক হিংসা, বিদ্বেষ, বিভাজন ও সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রশাসন যন্ত্রে দলীয়করণ আগেও ছিল। কিন্তু এখন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। ফলে প্রশাসনের দক্ষতা ও যোগ্যতা মারাত্মকভাবে কমে গেছে। বঙ্গবন্ধু বা জিয়া সরকারের আমলে কিন্তু এ রকম ছিল না।

প্রথম আলো : এ থেকে উত্তরণের উপায় কী?

ইনাম আহমদ চৌধুরী : পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি ভারতেও প্রশাসনিক ধারাবাহিকতা ও নিরপেক্ষতা যেমন থাকে, তেমনি আগের সরকারের অভিজ্ঞতাও কাজে লাগায় পরবর্তী সরকার। সাবেক শীর্ষ আমলাদের এবং বিশেষজ্ঞদের নিয়ে পুল তৈরি করা হয়, যেমন: ফরেন সার্ভিস উপদেষ্টা গ্রুপ, বিজনেস পুল ইত্যাদি। কিন্তু আমাদের এখানে এটি একেবারেই নেই। এ কারণে আমাদের দর-কষাকষির দক্ষতাও কমে গেছে। সরকারের প্রাতিষ্ঠানিক জ্ঞান ও অভিজ্ঞতা সংরক্ষিত হচ্ছে না। তাতে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ি। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা করলাম, যার অন্যতম লক্ষ্য ছিল বিনিয়োগ বাড়ানো এবং শুল্ক ও জিএসপি-সুবিধা পাওয়া। কিন্তু আমরা এখনো দর-কষাকষিতে পেরে উঠছি না। আরেকটি বিষয় খুবই জরুরি বিদেশি বিনিয়োগের জন্য। আমাদের যেসব ব্যক্তিত্ব আছেন, যাঁরা বিদেশে বাংলাদেশকে তুলে ধরতে পারেন, তাঁদের আমরা কাজে লাগাচ্ছি না, বরং অনেক ক্ষেত্রে নাজেহাল করছি। বিদেশিরা এটি মোটেও ভালো চোখে দেখেন না। এ ক্ষেত্রেও আমরা একধরনের ভাবমূর্তির সমস্যায় আছি। দেশে-বিদেশে পরামর্শ সহায়তা দেওয়ার জন্য অনেকেই আছেন। তাঁদের তো আমাদের কাজে লাগানো উচিত।

প্রথম আলো : বিদ্যুৎ উৎপাদনে এ সরকারের সাফল্য কি স্বীকার করেন না?

ইনাম আহমদ চৌধুরী : এই সরকার যেভাবেই হোক বিদ্যুৎ উৎপাদনে কৃতিত্ব দেখিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। কী মূল্যে সেটি অর্জন করেছে, জনগণকে কতটা খেসারত দিতে হয়েছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু বিনিয়োগের অন্যান্য যে উপাদান ও দুর্বলতা, সেগুলো পূরণ না করলে সর্বোপরি রাজনৈতিক স্থিতিশীলতা না আনতে পারলে বড় বিনিয়োগ আশা করা যায় না। তাই বিনিয়োগের জন্য প্রথমেই রাজনৈতিক ও সামাজিক যে অস্থিরতা আছে, তা দূর করতে হবে। সরকারি প্রশাসন ও বেসরকারি খাতের দক্ষতা বাড়াতে হবে। অধিকাংশ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর জোগান যাতে আমরাই দিতে পারি, সেই পরিকল্পনা নিতে হবে। আমাদের মনিটরিং সিস্টেম উন্নত করতে হবে। শক্তিশালী ব্যবসায়ী সংগঠন করতে হবে। ব্যবসায়ী সংগঠনের নেতারা বিভিন্ন ডেলিগেশনে বিদেশে যাচ্ছেন। কিন্তু বিনিয়োগ আসছে না। এসব প্রচেষ্টাকে সমন্বিত করতে হবে।

প্রথম আলো : ব্যবসায়ীরা দলে দলে রাজনীতিতে আসছেন। কীভাবে দেখছেন?

ইনাম আহমদ চৌধুরী : ব্যবসায়ীদের রাজনীতিতে ঝুঁকে পড়া সুস্থতার লক্ষণ নয়। এতে ব্যবসায়িক প্রতিযোগিতা থাকে না। এক পক্ষ এখন রাজনৈতিক সুবিধা নিচ্ছে। আরেক পক্ষ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এভাবে দেশের অর্থনৈতিক উন্নতি বা বিনিয়োগ কোনোটাই হবে না। তা ছাড়া প্রশাসনে যে সর্বগ্রাসী রাজনীতিকীকরণ চলছে, তা থেকে বেরিয়ে না আসতে পারলে সর্বনাশ হয়ে যাবে। সরকারি কার্যক্রম স্তিমিত হয়ে যাবে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক অনুসন্ধানভিত্তিক প্রতিবেদনে দেখা যাচ্ছে উন্নয়ন পরিকল্পনাগুলোর বাস্তবায়নে গত পাঁচ বছর শতকরা ২২টি প্রকল্পে কোনো কার্যক্রম বা ব্যয় করা হয়নি। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এবং তাদের বাস্তবায়নে হয়ে যাচ্ছে বিরাট ‘গ্যাপ’। অধিকাংশ প্রকল্প বাস্তবায়নে হচ্ছে মাত্রাধিক দেরি। তাতে খরচের সীমাও যাচ্ছে বেড়ে। বিলম্বিত প্রকল্প বাস্তবায়িত হলেও সংযোজিত হচ্ছে হরবছর অনেক নতুন প্রকল্প। পাইপলাইনে থেকে যাচ্ছে অব্যবহৃত অর্থ। এই অচলাবস্থার নিরসন প্রয়োজন। রাজনৈতিক হস্তক্ষেপ বা মাস্তানি ব্যতিরেকে সরকারি যন্ত্রকে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অগ্রগতি ত্বরান্বিত করতে হলে ক্যাপিটাল মার্কেটকেও চাঙা করতে বিশেষ নজর দিতে হবে। গত ছয় বছরে একটিও বহুজাতিক কোম্পানি শেয়ারবাজারে আসেনি। এ ব্যাপারে সরকারের যথাযোগ্য উদ্যোগ গ্রহণ এবং আইনি দুর্বলতা সারানোর বিশেষ প্রয়োজন রয়েছে। সমস্যা বহুবিধ ও কঠিন। তবে আন্তরিক প্রচেষ্টা ও রাজনৈতিক সংকল্প থাকলে সেগুলো সমাধান ও দূরীকরণও অসম্ভব নয়।

প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।

ইনাম আহমদ চৌধুরী : ধন্যবাদ।