রাষ্ট্রপতির উচিত বিলটি সংসদে ফেরত পাঠানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ
মওদুদ আহমদ

জাতীয় সংসদে সম্প্রতি পাস হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে প্রথম আলোর মুখোমুখি হন সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ
প্রথম আলো: সংবিধানের ষোড়শ সংশোধনীকে কীভাবে দেখছেন?
মওদুদ আহমদ: রহস্যজনক মনে হয়। আওয়ামী লীগ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন তারা এই দাবি তোলেনি। ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বিল বাতিল করেনি। ১৫তম সংশোধনীতে ৫০-৫১টি অনুচ্ছেদ সংশোধন করেছে। সেখানেও তারা সংশোধন করেনি।
প্রথম আলো: নারায়ণগঞ্জের ঘটনার পর সরকারকে উদ্যোগ নিতে দেখা গেল। আপনার কাছে কী মনে হয়? এটা তাদের সংস্কারের চিন্তাধারা, নাকি সমসাময়িক ঘটনার দ্বারা প্রভাবিত?
মওদুদ আহমদ: সে কারণেই আমি রহস্যজনক বলছি। সংস্কারের দৃষ্টিভঙ্গি নেই। দুটি বিষয় আছে। সমসাময়িক কিছু ঘটনা। নারায়ণগঞ্জের ঘটনায় হাইকোর্টের আদেশ সরকারকে নিশ্চয়ই বিচলিত করেছে। এটাকে তারা মোটেই পছন্দ করেনি। সরকারের বক্তব্যে তা বেরিয়ে এসেছে। তারা ক্ষমতায় থাকতে চায়। এ জন্য গণমাধ্যমে নীতিমালা করেছে। সরকারের যাতে তাদের একদলীয় শাসন দীর্ঘস্থায়ী করতে সুবিধা হয়, সই দৃষ্টিভঙ্গি থেকে এই সংশোধনী তারা এনেছে বলে আমি মনে করি।
প্রথম আলো: নারায়ণগঞ্জের ঘটনা ছাড়া আপনি আর কোনো উদাহরণ দেখাতে পারবেন, যেখানে আওয়ামী লীগের স্বেচ্ছাচারী শাসন বিচার বিভাগের কারণে বাধাগ্রস্ত হয়েছে?
মওদুদ আহমদ: না, কোনো উদাহরণ নাই। তার পরেও তারা কেন করছে। তার উত্তরটা হলো, তারা একটি অনির্বাচিত সরকার। তাদের প্রচণ্ড দুর্বলতা আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বাইরে যত কথাই বলুক না কেন। নিজেদের অধিকতর ক্ষমতায়নের জন্য তারা এই প্রচেষ্টা করছে। ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ ২৯৩টি আসন পেয়েছিল। মাত্র সাতটি আসন ছিল বিরোধী দলের। তার পরও তারা কেন একদলীয় শাসনে গেল? হয়তো সমাজতান্ত্রিক একটা ধ্যান-ধারণা ছিল। আমার বইতেও সেটা আছে। দ্বিতীয় আরেকটি কারণ হলো, এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তারা একদলীয় শাসনে গেল। মনস্তাত্ত্বিকভাবে তারা আরও ক্ষমতার প্রয়োজন মনে করল। আর সেটা করতে গিয়ে তারা একদলীয় শাসন কায়েম করল। এবারের বিষয়টি পুরোপুরি একই রকম না হলেও বর্তমান সরকার অনির্বাচিত বলে তারা অস্বস্তিতে আছে। সেই মনস্তত্ত্ব থেকে তারা হয়তো ভাবছে যে তাদের হাতে আবারও ক্ষমতা আসা উচিত। ভবিষ্যতে আরও কিছু পদক্ষেপ সরকার হয়তো নিতে পারে, যাতে করে মোটামুটিভাবে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্রের অধীনে আনা যায়।
প্রথম আলো: এটা প্রতিহত করতে হলে কী ধরনের ভূমিকা বিএনপিকে নিতে হবে, আর নাগরিক সমাজের কী করণীয়?
মওদুদ আহমদ: একটি প্রচণ্ড জনমত সৃষ্টি করতে হবে।
প্রথম আলো: এর ভিত্তি কী হবে? আমরা কি আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবনের আন্দোলন করব, নাকি অভিশংসন প্রক্রিয়ার মধ্যে মধ্যে প্রতিকার খুঁজব?
মওদুদ আহমদ: যদি আমরা সত্যিকারভাবে সুপ্রিম কোর্টের স্বাধীনতায় বিশ্বাস করি, তাহলে কাউন্সিলের বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত।
প্রথম আলো: তাহলে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে আমরা দুদক করলাম কেন? যদি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পূর্বানুমোদন অনাবশ্যক হয়, তাহলে বিচারকদের ক্ষেত্রে সেটা হবে কেন?
মওদুদ আহমদ: এখানে আমি বরং উল্টোটা বলতে চাই।
প্রথম আলো: প্রধানমন্ত্রীর পূর্বানুমোদন ছাড়া কাউন্সিল তো তদন্ত করতেই অক্ষম।
মওদুদ আহমদ: না, তা তো নয়।
প্রথম আলো: সংবিধানে কিন্তু তাই লেখা। আইনবিদদের অনেকে কাউন্সিলের সংস্কার চেয়েছেন।
মওদুদ আহমদ: এই কাউন্সিলের বর্তমানে যে কাঠামো আছে, তাকে আরও উন্নত করা যায় কি না, এটাকে আরও কার্যকর করা যায় কি না এবং স্বাধীন করা যায় কি না, এ ব্যাপারে আলাপ-আলোচনা হতে পারে।
প্রথম আলো: আপনি যেটা লিখেছেন, কী কারণে বিএনপি গত আমলে বাহাত্তরে ফিরতে চেয়েছিল?
মওদুদ আহমদ: এর কারণ ছিল, সবকিছুর একটা জবাবদিহির প্রয়োজন। একটা যুক্তি হলো, জাজেজ আর প্রসিকিউটিং জাজেজ অ্যান্ড জাজেজ আর দ্য জাজেজ অব দ্য জাজেজ মানে বিচারকেরাই সর্বোপরি একটি সমগোত্রীয় বিষয়ে এখানে জড়িত। একজন বিচারক, যিনি যাঁদের সঙ্গে কাজ করছেন, তাঁর বিরুদ্ধে আবার বিচারকেরাই বসেছেন। তিনি অসদাচরণ করেছেন কি করেননি, এ ক্ষেত্রে একটি ধূসর এলাকা রয়েছে। এটা কতটুকু কার্যকর হতে পারে। যেমন ধরুন, প্রধান বিচারপতির বিরুদ্ধে একটা অভিযোগ আছে। তখন সেটা কীভাবে নিষ্পত্তি হবে? সে জন্য এই কতগুলো অস্পষ্টতা যাতে না থাকে, সেজন্য আমার মনে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বর্তমান কাঠামোটা আছে, এর ওপরে আরও গবেষণা করা যেতে পারে। এটাকে আরও কীভাবে কার্যকর করা যায়, সেটা চিন্তা করা যেতে পারে।
প্রথম আলো: এটা সত্য কিনা যে বিচারপতি এ বি এম খায়রুল হক পঞ্চম সংশোধনী মামলায় ২০০৫ সালে রায় দানের পরপরই আপনাদের মন্ত্রিসভা উচ্চকিত হয়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান সরব ছিলেন। আপনি সম্ভবত এর অনুকূলে মত দেননি।
মওদুদ আহমদ: এটা সঠিক। আমি পুরোপুরি বাহাত্তরে ফিরে যাওয়ার পক্ষে ছিলাম না।
প্রথম আলো: বেগম খালেদা জিয়া কি অবস্থান নিয়েছিলেন?
মওদুদ আহমদ: তিনি কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই রাখতে চেয়েছিলেন। আমাদের তো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। আমরা চাইলে সংবিধান সংশোধন করে এই ক্ষমতা সংসদের কাছে নিয়ে যেতে পারতাম। কিন্তু খালেদা জিয়া তা চাননি।
প্রথম আলো: কিন্তু আপনি লিখেছেন, এটি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিচার বিভাগ পৃথককরণকালে আপনারা এই ক্ষমতা সংসদের কাছে নেবেন।
মওদুদ আহমদ: সংশোধন করব, ঠিক এটা বলিনি। এটা আমরা চিন্তা করে দেখব—কথাটা এভাবে ছিল। বলতে পারেন, জিনিসটা যাতে তখন না করা হয়, সে জন্য ও কথাটা একটা অজুহাত হিসেবে খাড়া করা হয়েছিল।
প্রথম আলো: এখন এখানে একটা পরিহাস হলো, বিএনপি ও আওয়ামী লীগ যখন আদালতের কাছ থেকে অনুকূল রায় পায়নি, তখন তারা এ বিষয়ে ভেবেছিল?
মওদুদ আহমদ: না, এটা আমি সম্পূর্ণভাবে অস্বীকার করি। আমরা ইচ্ছা করলে সংসদের কাছে ক্ষমতা নিতে পারতাম। আমরা অনেক চিন্তা-ভাবনা করে দেখেছি, এটা করা ঝুঁকিপূর্ণ হবে। এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে ব্যবস্থা ছিল, সেটাই থাকুক।
প্রথম আলো: আপনারা কেবল বিচার বিভাগ নিয়ে আছেন, কিন্তু আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে এর প্রভাব সম্পর্কে নীরব।
মওদুদ আহমদ: আপনি আপনার লেখায় বিষয়টি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
প্রথম আলো: আপনার কি মনে হয়, এ ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠানে জটিলতা বাড়াবে?
মওদুদ আহমদ: আরও জটিলতা সৃষ্টি করল। কারণ, নির্বাচন কমিশনাররা বা দুদকের চেয়ারম্যান, তাঁরাও সংসদের অধীনে চলে যাচ্ছেন। সত্যি বলতে কি, দুই ব্যবস্থাই হতে পারে। কিন্তু যেহেতু আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতির অভাব আছে এবং আমাদের পরিপক্বতার অভাব আছে। যেসব দেশে এ ক্ষমতা সংসদের কাছে আছে, সেসব দেশ অনেক আগে বেড়ে গেছে। আমাদের দেশের মতো নয়। ক্ষমতার অপব্যবহার হতে পারে। তবে প্রধান হলো মনস্তত্ত্বগত। হয়তো কারও বিরুদ্ধেই সংসদ অভিশংসনের কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। ধরে নিচ্ছে। মনস্তত্ত্বগতভাবে বিচারপতিরা একটু শঙ্কিত থাকবেন। আরও একটু বেশি সচেতন থাকবেন। তাঁদের ভেতরে একটা শঙ্কা সব সময় থাকবে। কারণ, সংসদে একটা উঠলে তো তার বেইজ্জতি হবে। কথাটা সত্য হোক আর না হোক। সবাই তো আর দায়িত্বশীল সাংসদ নন। সবাই তো এক রকম কর্তব্যপরায়ণ নন। কোনো একজনের কোনো রায়

মনঃপূত হয়নি, তখন তিনি ক্ষিপ্ত হয়ে সংসদে একটা কথা তুলে বসলেন সংশ্লিষ্ট বিচারক সম্পর্কে।
প্রথম আলো: কিন্তু একটি প্রস্তাব আনতে ১০০ সংসদের সই লাগবে। তা ছাড়া আপনি যে আশঙ্কা করছেন, তেমন অপব্যবহার এখনো মাঝেমধ্যে হচ্ছে এবং হতে পারে। তবে কার্যপ্রণালি বিধিতে বিচারক ও বিচারাধীন বিষয়ে মন্তব্য করা নিষিদ্ধ করা আছে।
মওদুদ আহমদ: কিন্তু কথাটা একবার বলে ফেললে, আমি তো বলে ফেললামই। তারপর সেটা এক্সপাঞ্জ করবেন স্পিকার। আমরা সংসদে অনেক কথা বলে ফেলি। আচরণবিধির পরিপন্থি তুলে ধরি। তখন স্পিকার তা এক্সপাঞ্জ করেন। তখন আমি যেটা বললাম, সেটা তো খবরের কাগজে বের হবে। তাই বলছি, বিচারপতিরা মানসিকভাবে এখন যতটা সাবলিল ও স্বাধীন মনে করেন, তখন হয়তো ততটা করবেন না।
প্রথম আলো: যদি প্রধামন্ত্রীর নির্বাহী ক্ষমতা অন্যান্য দেশের সংবিধানে যেমনটা থাকে তেমন করা হয়, ৭০-অনুচ্ছেদ যদি সংশোধন করা হয়, তখন কী বলবেন?
মওদুদ আহমদ: যেটা বাংলাদেশে অদূর ভবিষ্যতে হতে যাচ্ছে না, সেটা বলে লাভ নেই।
প্রথম আলো: তার মানে কি এই যে অবাস্তব হবে বলে যা হওয়া উচিত, সেটা বলা থেকে বিরত থাকছেন?
মওদুদ আহমদ: ঠিক তাই।
প্রথম আলো: এটা কি বলবেন না যে সুষ্ঠু ও স্বাধীন সংসদের ওপরই সব অঙ্গের প্রকৃত স্বাধীনতা নির্ভর করে?
মওদুদ আহমদ: সংসদের স্বাধীনতার মানে এই নয় যে আরেকটি অঙ্গের স্বাধীনতাকে নিয়ন্ত্রণে আনা।
প্রথম আলো: আপনি নীতিগতভাবে অভিশংসন প্রক্রিয়ার বিরোধিতা করতে পারেন না। কারণ এটা মীমাংসিত। সেখানে পৌছানোর একটা আকাঙ্ক্ষাও আমাদের থাকতে হবে।
মওদুদ আহমদ: অবাস্তব কথা বলে লাভ নেই। বাংলাদেশের বাস্তবতার ভিত্তিতে আমাদের কথা বলতে হবে।
প্রথম আলো: যে কাউন্সিল প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া বসতে পারে না, তা কীভাবে আত্মমর্যাদাসম্পন্ন বলে গণ্য হতে পারে?
মওদুদ আহমদ: যদি জুডিশিয়াল কাউন্সিল সত্যিকারের একটি সিদ্ধান্ত নিয়ে পাঠান, তখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে না করা সম্ভব নয়।
প্রথম আলো: কিন্তু সেটা তো আপনি পাঠানোর পরের কথা বলছেন। তার তো স্বাধীনভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে বসারই সুযোগ নেই।
মওদুদ আহমদ: না, প্রথম দুটো তো তারা পারবে।
প্রথম আলো: না ,তার পক্ষে তদন্ত শুরু করাই সম্ভব নয়।
মওদুদ আহমদ: যদি জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করতে চায়, আমার মনে হয় না প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সেটা না করবেন।
প্রথম আলো: আপনি কিন্তু যাকে বাস্তবতা বলছেন, সেই বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির ওপরেই তাহলে সেটা নির্ভর করছে।
মওদুদ আহমদ: সেটা করছে এবং করবে।
প্রথম আলো: আপনি আপনার নতুন বইয়ে বিচার বিভাগের যে ভূমিকাকে ‘কৃষ্ণতম অধ্যায়’ বলেছেন, তার জন্ম কাউন্সিল ঠেকাতে পারেনি।
মওদুদ আহমদ: আমি এটা মানছি এবং সংসদও হয়তো তা ঠেকাতে পারবে না। কিন্তু তফাতটা হলো বর্তমান রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই ক্ষমতাটা সংসদে যাওয়াটা। বিচারপতিরা আর ততটা সহজভাবে বা স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন না। হয়তো কিছুই হবে না, হয়তো সংসদ কখনোই ব্যবস্থা নেবে না।
প্রথম আলো: সংবিধানে কিন্তু লেখা আছে, বিচারকেরা বিচারকাজে স্বাধীন থাকবেন। আপনি কেন বিচারকদের ৯৬ অনুচ্ছেদের দিকে না তাকিয়ে এদিকে নজর দিতে আহ্বান জানাচ্ছেন না?
মওদুদ আহমদ: সেটাই যদি হতো, তাহলে গত ছয় বছরে এই অবস্থা হয়েছে কেন? আগেও প্রভাব ছিল, এখন বিচার বিভাগের ওপর রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ বেড়ে গেছে। এটা অনস্বীকার্য।
প্রথম আলো: আপনি কি এই বিল পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবেন? নাকি অবাস্তব ভেবে বিরত থাকবেন?
মওদুদ আহমদ: সেটা তো নির্ভর করছে আজ বার বৈঠকে বসেছে, প্রতিটি বারের প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে ডাকা হয়েছে এবং তাঁদের মতামত নেওয়া হচ্ছে। সেখানে তাঁরা একটা কর্মসূচি নেবেন।
প্রথম আলো: আপনার নিজের মত বলুন। আইন না করে সংশোধনী একটি শূন্যতা সৃষ্টি করছে। সংসদের কাছে ক্ষমতা নিতে কোনো তাড়া ছিল না।
মওদুদ আহমদ: না, তা ছিল না। আমি মনে করি, রাষ্ট্রপতির সামনে সুযোগ রয়েছে বিষয়টি সংসদে আবার পাঠিয়ে দেওয়া। পুনর্বিবেচনা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে সেই আহ্বান জানাব।
প্রথম আলো: সাবেক প্রধান বিচারপতিকে ঘিরে এত কিছু ঘটে গেল, এখন আবার আইনমন্ত্রী বলছেন, এমন একজনকেই কমিটির প্রধান করা হতে পারে।
মওদুদ আহমদ: আমি যেহেতু নীতিগতভাবে নুতন ব্যবস্থার বিরোধী, তাই এ ক্ষেত্রে মন্তব্য নিষ্প্রয়োজন মনে করি।
প্রথম আলো: তবে পদাধিকার বলে একজন সাবেক প্রধান বিচারপতিকেই কেন্দ্রবিন্দু করা সম্পর্কে বলুন।
মওদুদ আহমদ: আমি মনে করি, এটা সরকারের স্ববিরোধিতা। কারণ, তত্ত্বাবধায়ক সরকারের এই সাবেক প্রধান বিচারপতিকে নিয়েই সমস্যা হলো এবং তাঁরা বিলুপ্ত করলেন। এখন আবার তাঁরা একজন সাবেক বিচারপতির ওপরই আস্থান জ্ঞাপন করছেন, এটা তো ঠিক নয়।
প্রথম আলো: ভারতের আইন করতে চার বছর লেগেছিল। তারা কি করে তিন মাসে করবে?
মওদুদ আহমদ: তাড়াহুড়া করা তাদের একেবারেই উচিত হয়নি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী।
প্রথম আলো: রাষ্ট্রপতি বিলে সই দিলে সুপ্রিম সুডিশিয়াল কাউন্সিল কি বিলুপ্ত হয়ে যাবে?
মওদুদ আহমদ: বিলুপ্ত হবে।
প্রথম আলো: ২০০০ সালে তারা যে আচরণবিধি করেছিল, সেটা কি থাকবে?
মওদুদ আহমদ: না থাকবে না।
প্রথম আলো: তাহলে তারা শূন্যতা সৃষ্টি করছেন।
মওদুদ আহমদ: এই শূন্যতা থাকবে। সরকারকে এখন তাই চিন্তা করতে হবে। এখানে একটা বিরাট সমস্যা দেখা দিতে পারে। বিচার প্রশাসনে এই শূন্যতা একটি সংকট সৃষ্টি করতে পারে।
প্রথম আলো: চারটি সাংবিধানিক সংস্থায় জবাবদিহির প্রশ্ন পরিকল্পিতভাবে শূন্য করা হচ্ছে। এ রকম একটি শূন্যতার বৈধতা কি চ্যালেঞ্জযোগ্য নয়?
মওদুদ আহমদ: সে জন্য এটি আবেদন আকারে আদালতের সামনে নিয়ে যেতে হবে। আমি বরং বলব, জবাবদিহির প্রশ্ন সরকার তাদের নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করবে। আসলে এর মাধ্যমে সাংবিধানিক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
প্রথম আলো: তার মানে, শূন্যতার কাল যত দীর্ঘ হবে, সরকারের নিয়ন্ত্রণ ততটাই দীর্ঘ হবে?
মওদুদ আহমদ: আমি ঠিক তাই মনে করি। আইন করা যত বিলম্বিত হবে, সরকারের নিয়ন্ত্রণ ততটাই প্রলম্বিত হবে। সরকার যদি সংস্কারে আন্তরিক হত, যদি সেই দৃষ্টিভঙ্গিতে দেখত, তাহলে সংসদের অনুকূলে বিধান করার যুক্তি দেওয়া যেত। ’৭২ সালে তো এটা ছিল। কিন্তু তারাই বাতিল করেছিল। শহীদ জিয়াউর রহমানকে দোষারোপ করা অন্যায়।
প্রথম আলো: এখন সরকারের দিক তো গেল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কথা বলুন। আপিল বিভাগ যখন এটা কার্যত বাতিল করলেন, তখন আপনার ও তাদের কোনো বিবৃতি আমরা দেখিনি। বিএনপিকে প্রতিবাদ করতে দেখিনি। বিএনপি নিয়ন্ত্রিত বার একদম চুপ থেকেছে। এটা কী প্রমাণ করে?
মওদুদ আহমদ: বিষয়টি আমি একটু বুঝে নেই। আমি যত দূর জানি, বিচারপতি খায়রুল হক সাহেব তাঁর রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মার্জনা করলেন, সেটাই তো এখনো রয়ে গেছে।
প্রথম আলো: না, এটা ঠিক নয়। এখানেই প্রশ্ন।
মওদুদ আহমদ: অপনি তাহলে কি বলতে চাইছেন, এত দিন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল না?
প্রথম আলো: আইনবিদ হিসেবে আপনিই বলুন, সেই যুক্তি কি দেওয়া যায় না? খায়রুল হক সাহেবের মার্জনায় যদি ওই বিধান টিকে যায়, তাহলে আপিল বিভাগ সর্বোচ্চ আদালত হয়ে তার আয়ু বেঁধে দেওয়ার পর সেটা কি করে টিকে থাকে?
মওদুদ আহমদ: এটা আমার জানা নেই। কী ঘটেছিল?
প্রথম আলো: আপিল বিভাগও তার রায়ে প্রথমে ওটা টিকিয়ে রাখেন। পরে রিভিউতে নিজেদের অবস্থান উল্টে দেন। আর তাতে তাঁরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আয়ুষ্কাল ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত নির্দিষ্ট করেন। এটা নিয়ে কথা বলতে আপনারা তখন ব্যর্থ হলেন কেন? এর কৈফিয়ত কী?
মওদুদ আহমদ: এটা আমার কাছে নতুন তথ্য।
প্রথম আলো: স্যার, এই হলো বাংলাদেশ, এটা এভাবেই চলে। যেমন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া, তেমনি আমাদের বার ও নাগরিক সমাজ।
মওদুদ আহমদ: (হাসি) কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা সংবিধানে রয়েছে, ততক্ষণ ধরে নিতে হবে যে এটা সংবিধানে আছে। তবে এখন এই সংশোধনীর পরে তা বাতিল হবে।
প্রথম আলো: কিন্তু এর আগে রায়ের পরে আমরা সে মতে একটা সংবিধান ছাপাতে দেখলাম, বরেণ্য আইনবিদেরা সেটা সমর্থনও করলেন। সেটা কি আমাদের দুঃস্বপ্ন ছিল? এবং এবারই কি এই অধ্যায়ের যবনিকাপাত? দয়া করে মন্তব্য করুন।
মওদুদ আহমদ: কোনো মন্তব্য নয়।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
মওদুদ আহমদ: ধন্যবাদ।