
রবার্ট ডি ওয়াটকিন্স। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এই দায়িত্ব নেওয়ার আগে তিনি লিবিয়া, ইরান, ইসরায়েল, সিরিয়াসহ বিভিন্ন দেশে উন্নয়ন ও যুদ্ধোত্তর কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন। ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস সামনে রেখে প্রথমআলোর সঙ্গে তিনি কথা বলেন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, সুশাসন, গণতন্ত্রায়ণ এবং সাম্প্রতিক রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে।
প্রথম আলো:সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানাজরিপে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের গতি শ্লথ হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি সমাজে বৈষম্যও বেড়েছে। বৈষম্য কমানোই তো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির অন্যতম প্রধান উদ্দেশ্য। বৈষম্য বাড়ার বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করবেন?
রবার্ট ওয়াটকিন্স: স্বীকার করতে হবে যে নানা সমস্যার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ৬ থেকে ৭ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। অন্যদিকে রপ্তানি বাড়ছে। এতে কারখানার মালিকেরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি শ্রমিকদের কর্মসংস্থান হচ্ছে। এখন যা নিশ্চিত করতে হবে, তা হলো উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া। আর অর্থনৈতিক মন্দার বিষয়টি দেখতে হবে বিশ্ব পরিসরেই।
প্রথম আলো:এমডিজি ও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের মধ্যে আপনি কোনো বৈপরীত্য দেখতে পাচ্ছেন কি না?
রবার্ট ওয়াটকিন্স: এমডিজিতে শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ মানুষের জীবনধারণের মৌলিক চাহিদাগুলো পূরণের ওপরই জোর দেওয়া হয়েছিল। সেই উন্নয়ন ছিল প্রতিটি দেশের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা সামনে রেখে। আর এসডিজিতে সবার একযোগে এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। সেখানে বাংলাদেশের অগ্রসর হওয়ার কথা যেমন আছে, তেমনি অন্যান্য দেশেরও, যাতে জাতিসংঘের সদস্যদেশগুলো উন্নয়নে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। কিন্তু ইতিমধ্যে এসডিজি কর্মসূচি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা জানি, এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ জাতিসংঘের নেই। এমনকি বাংলাদেশের হাতেও নেই। এ কারণেই লক্ষ্য অর্জনে আমরা বাইরে থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছি। এমডিজিতে বাংলাদেশের অনেক অর্জন আছে। আমরা মনে করি, বাংলাদেশ জাতিসংঘের অন্যতম শক্তিশালী অংশীদার। বিশেষ করে, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশ অনেক ভালো করেছে। বিদ্যালয়ে
ভর্তি-ইচ্ছুক ছেলেমেয়েদের সংখ্যা অনেক বেড়েছে, ঝরে পড়ার হার কমেছে। কিন্তু এসবের পরও অনেক কিছু করার আছে বলে মনে করি।
প্রথম আলো:এ ব্যাপারে ইউএনডিপি নীতি-পরিকল্পনায় কোনো পরিবর্তন আনবে কি না?
রবার্ট ওয়াটকিন্স:পুরো বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। উন্নয়ন কর্মসূচির সুবিধা যাতে সব শ্রেণির মানুষ পায়, সেদিকেই অগ্রাধিকার থাকতে হবে।
প্রথম আলো:জাতিসংঘ এবার যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তার সঙ্গে সুশাসন, দুর্নীতিমুক্ত থাকা এবং গণতন্ত্রায়ণের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কীভাবে ব্যাখ্যা করবেন?
রবার্ট ওয়াটকিন্স: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পদ্ধতিগত দুর্নীতি হলে সেটি নিচ থেকে ওপর পর্যন্ত চলে যায়। এই দুর্নীতি কমানোর ক্ষেত্রে প্রথমে মাইন্ডসেট বা মনোভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এই যে ঢাকা শহরে এলোমেলো গাড়ি চলছে, কেউ আইন মানার প্রয়োজন বোধ করছে না, একজন আইন লঙ্ঘন করে উল্টো পথে গাড়ি চালানোয় যে অন্যের অসুবিধা হতে পারে, সেই বিষয়টি ভেবে দেখছে না। একজন যদি আইন ভেঙে পার পেয়ে যায়, অন্যরাও আইন ভাঙতে উৎসাহিত হয়। এটি রোধ করতে হলে নিচ থেকে ওপর পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। যাঁরা উচ্চপদে আসীন, তাঁরা আইন মানলে অন্যরাও মানবে।
দুর্নীতি রোধে বাংলাদেশ সরকার দুর্নীতি দমন কমিশন (দুদক) করেছে। এর কার্যকারিতা আরও বাড়াতে হবে। সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। একজনের শাস্তি হলে অন্যরাও দুর্নীতি করতে ভয় পাবে। আর দুর্নীতি বন্ধের ক্ষেত্রে ওপর থেকেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যদি মানুষ দেখে রিকশাচালক আইন মানছেন, কিন্তু মন্ত্রী মানছেন না, তাহলে তো আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এ কারণে সবারই জবাবদিহি থাকতে হবে।
প্রথম আলো:রোহিঙ্গা সমস্যার দায় পুরোটাই বাংলাদেশের ঘাড়ে এসে পড়েছে। এ ব্যাপারে জাতিসংঘকে যতটা সক্রিয় হওয়ার কথা ছিল, তা তারা হচ্ছে না বলেই প্রতীয়মান হয়। এখন পর্যন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর কার্যকর চাপ দিতে দেখা যায়নি।
রবার্ট ওয়াটকিন্স: প্রথমেই বলতে হবে, বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে খুবই প্রশংসনীয় কাজ করেছে। তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়। আঞ্চলিক তথা বৈশ্বিক সমস্যা। এই সংকট উত্তরণে বাংলাদেশকে সহায়তার ক্ষেত্রে জাতিসংঘও কঠিন পরীক্ষার মুখোমুখি। গুরুত্বপূর্ণ দিক হলো, এই বিপর্যয় কাটিয়ে উঠতে জাতিসংঘকে তার সামর্থ্য দেখাতে হবে। একই সঙ্গে যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। পৃথিবীর অন্যান্য দেশেও শরণার্থী আছে। কিন্তু এত অল্প সময়ে এত বেশি সংখ্যক শরণার্থী কোনো দেশে আসেনি; তা-ও এমন একটি দেশে, যেখানে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি। জাতিসংঘের সাধারণ পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সদস্যদেশগুলো মিয়ানমারের দমন–পীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। নিরাপত্তা পরিষদে কয়েক দফা আলোচনা হয়েছে। মানবিক সহায়তার ক্ষেত্রে তারা একমত হলেও নিরাপত্তার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি।
প্রথম আলো:তার মানে আপনি নিরাপত্তা পরিষদে চীন, রাশিয়াসহ পাঁচ স্থায়ী সদস্যের মতৈক্যের কথা বলছেন?
রবার্ট ওয়াটকিন্স: হ্যাঁ। এ নিয়ে জাতিসংঘে আমরা এখনো সর্বসম্মত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারিনি। তবে মানবিক সহায়তার ব্যাপারে একমত হয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিন দফা প্রস্তাব দিয়েছেন। যথাক্রমে ১. মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। ২. জাতিসংঘের প্রতিনিধিদলকে রাখাইনে যেতে দিতে হবে। ৩. সব শরণার্থীকে ফেরত নিতে হবে। শরণার্থীদের সহায়তায় আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সবকিছুই করছি। ২৪ অক্টোবর জেনেভায় অনুষ্ঠেয় সম্মেলনে সদস্যদেশগুলো বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করবে বলে আশা করি।
প্রথম আলো:মানবিক সহায়তা ছাড়া জাতিসংঘের আর কিছু করার নেই?
রবার্ট ওয়াটকিন্স: আমরা সদস্যদেশগুলোর কাছে আহ্বান জানিয়েছি, বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের যাতে সর্বাত্মকভাবে সহায়তা করে। অনেক দেশ সহায়তা করেছে। কিন্তু তার পরিমাণ খুবই কম। শরণার্থীদের ৫২ শতাংশ শিশু। তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে মিয়ানমারের মানবাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। আশা করছি, ভবিষ্যতে মিয়ানমারের ওপর আরও বেশি চাপ আসবে, যাতে তারা সমস্যা সমাধানে এগিয়ে আসে।
প্রথম আলো:আপনার তিন বছরের অভিজ্ঞতার আলোকে বলবেন কি বাংলাদেশের আগামী নির্বাচনটি কেমন হতে পারে?
রবার্ট ওয়াটকিন্স: বাংলাদেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছে। আগামী বছরের শেষ দিকে যে নির্বাচন হওয়ার কথা, সেটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা করি। বিগত নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ নেয়নি। নির্বাচন মানেই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিনিধি বাছাই।
প্রথম আলো:নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করেছে, তাকে কীভাবে দেখছেন?
রবার্ট ওয়াটকিন্স:এটি অবশ্যই ইতিবাচক। গণতন্ত্রে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হয়। আমরা আশা করি, আগামী জাতীয় সংসদ এমনভাবে গঠিত হবে, যেখানে সব মতের প্রতিফলন থাকবে।
প্রথম আলোlরোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনায় কী ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন। পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ বা ইউএনডিপিরই বা ভূমিকা কী হবে?
রবার্ট ওয়াটকিন্স: রোহিঙ্গা সমস্যাটি খুবই উদ্বেগের বিষয়। এ সমস্যা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ পড়বে। যেহেতু আমরা এই সমস্যার দ্রুত ও সহজ কোনো সমাধান দেখছি না, সেহেতু চেষ্টা করছি এর বিরূপ প্রভাব যতটা কমিয়ে আনা যায়। আমরা এও মনে করি, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মাধ্যমেই এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে। কিন্তু কয়েক মাসের মধ্যে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে মনে হয় না। অক্টোবরের শুরুতে জাতিসংঘের সংস্থাগুলো ৪৩ কোটি ৪০ লাখ ডলারের জরুরি সহায়তার আবেদন জানিয়েছিল। কিন্তু এ পর্যন্ত পাওয়া গেছে মাত্র ১০ কোটি ৫০ লাখ ডলার। এখন সবার কর্তব্য হবে, বাংলাদেশের অর্থনীতিতে রোহিঙ্গা সমস্যার চাপ যাতে সহনীয় থাকে, সে ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। শরণার্থীদের খাদ্য, স্বাস্থ্যসেবা, অবকাঠামোর উন্নয়নসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়িত হলে শরণার্থীদের পাশাপাশি সেখানকার মানুষও উপকৃত হবে।
প্রথম আলো:আপনাকে ধন্যবাদ।
রবার্ট ওয়াটকিন্স: আপনাদেরও ধন্যবাদ।