
প্রথম আলো : ভারতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন লক্ষ করছেন কি?
প্রদীপ দত্ত ভৌমিক : ভারতে নির্বাচনী প্রচারণার সময় নানা ধরনের রাজনৈতিক বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্কের ব্যাপারে যে শঙ্কা-উদ্বেগ দেখা দিয়েছিল, নির্বাচনের পরে গত কয়েক মাসে সেসব শঙ্কা-উদ্বেগ অমূলক প্রমাণিত হয়েছে। নির্বাচনের আগে নরেন্দ্র মোদি বিজেপির নেতা ও প্রার্থী হিসেবে যেসব বক্তব্য দিয়েছিলেন, সেগুলো ছিল নিছকই নির্বাচনী প্রচারণা। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি শুধু আর বিজেপির নেতা নন, তিনি সমগ্র ভারতের প্রধানমন্ত্রী। আর যেহেতু বাংলাদেশ ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী, তাই দুই দেশের সম্পর্কও তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে।
প্রথম আলো : সে রকম কোনো লক্ষণ কি বাস্তবে দেখা যাচ্ছে?
প্রদীপ দত্ত ভৌমিক : প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ গ্রহণের অনুষ্ঠানে বাংলাদেশ-পাকিস্তানসহ সার্ক দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় জাপান সফর নিয়ে ব্যস্ত ছিলেন বলে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ সার্ক দেশগুলোর নেতারা উপস্থিত ছিলেন। এটার তাৎপর্য হলো, ভারত তার নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়, প্রতিবেশী দেশগুলোও একই মনোভাব প্রকাশ করছে। সুতরাং সম্পর্কোন্নয়নের ব্যাপারে কোনো সংশয়-সন্দেহের অবকাশ নেই।
প্রথম আলো : কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতে বেশ কিছু অনিষ্পন্ন সমস্যা রয়ে গেছে, সেগুলোর সমাধান না হলে দুই দেশের সম্পর্কের আরও উন্নয়ন হওয়া কঠিন।
প্রদীপ দত্ত ভৌমিক : এটা আমিও মনে করি। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলোর যুক্তিসংগত ও ন্যায্য সমাধান হওয়া উচিত। বিশেষ করে তিস্তা নদীর পানিবণ্টন, সীমান্তে হত্যাকাণ্ড, সীমানা নির্ধারণ—এই সমস্যাগুলোর সমাধান হওয়া খুব প্রয়োজন। ভারতের নতুন সরকার এ ব্যাপারে আগ্রহী বলেই আমি ধারণা করি। এই সমস্যাগুলোর সমাধান করেই সামনে এগোতে হবে।
প্রথম আলো : আপনি ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, আর ত্রিপুরা বাংলাদেশের অতি কাছের রাজ্য। সেখানে বাংলাদেশের ব্যাপারে সাধারণ মানুষের মনোভাব কেমন?
প্রদীপ দত্ত ভৌমিক : বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার সরকার ও সাধারণ মানুষ আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আমাদের পত্রিকা আগরতলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ সে সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির কাজ করেছে। এখান থেকে অনেক মুক্তিযোদ্ধা গিয়েছিলেন, আমাদের পত্রিকার অফিসেই তাঁদের অনেকে দীর্ঘ সময় ছিলেন। সুতরাং বন্ধুত্বের বিষয়টি দীর্ঘদিনের, বাংলাদেশের স্বাধীনতার পরেও এর কোনো হেরফের ঘটেনি। তবে খুব কাছের অঞ্চল হওয়া সত্ত্বেও মানুষে মানুষে, জনগণ পর্যায়ে যাওয়া-আসা, মেলামেশার ক্ষেত্রে ঘনিষ্ঠতা যতটা বাড়তে পারত, ততটা হয়নি। আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর যে উদ্যোগ চলছে, তা বাস্তবায়িত হলে বাড়বে বলে আমার বিশ্বাস।
প্রথম আলো : এই ব্যাপারে সংবাদপত্র কী ভূমিকা পালন করতে পারে?
প্রদীপ দত্ত ভৌমিক : সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষে মানুষে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। আমরা বাংলাদেশের সাহিত্য ত্রিপুরার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। প্রতিবছর শারদীয় দুর্গোৎসবে দৈনিক সংবাদ ম্যাগাজিন আকারে প্রকাশ করে বাংলাদেশের ঈদসংখ্যাগুলোর মতো। আমরা প্রতিবছরই বাংলাদেশের অন্তত ১০ থেকে ১২ জন কবি, গল্পকার, ঔপন্যাসিকের লেখা শারদীয় সংখ্যায় প্রকাশ করি।
প্রথম আলো : ত্রিপুরায় একসময় বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ছিল এবং সেটা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার শান্তিশৃঙ্খলার জন্যও একটা সমস্যা ছিল। এখন কী অবস্থা?
প্রদীপ দত্ত ভৌমিক : এখন সে রকম তৎপরতা নেই। ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে এ ব্যাপারে একধরনের বোঝাপড়া আছে। ফলে আগে যেমন এক দেশের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো অন্য দেশের ভূমি ব্যবহার করে তৎপরতা চালানোর সুযোগ পেত, এখন তা নেই, কিংবা থাকলেও খুবই কম। দুই দেশের সরকারই বলছে, আমরা নিজেদের মাটি কোনো বিদেশি বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ব্যবহার করতে দেব না। আঞ্চলিক শান্তির জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এ ধরনের বোঝাপড়া খুবই প্রয়োজন।
প্রথম আলো l ত্রিপুরায় সংবাদমাধ্যমের স্বাধীনতা কেমন?
প্রদীপ দত্ত ভৌমিক : আমরা মোটামুটি স্বাধীনভাবেই কাজ করি। তবে বিভিন্ন মহলের চাপ যে একেবারেই নেই, তা বলা যাবে না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে যাদের স্বার্থে আঘাত লাগে, তারা অসন্তুষ্ট হয়। তারা ক্ষমতাধর ও প্রভাবশালী হলে তাদের দিক থেকে একটা চাপ তো থাকেই। এটা রাজনৈতিক দল হতে পারে, কোনো ব্যবসায়ী মহল হতে পারে, সমাজের আরও কোনো প্রভাবশালী শক্তি বা গোষ্ঠী হতে পারে। আমরা সেসব চাপ মোকাবিলা করেই পেশাদারত্বের সঙ্গে সংবাদমাধ্যমের দায়িত্ব পালনের চেষ্টা করি।
প্রথম আলো : আপনাকে অনেক ধন্যবাদ।
প্রদীপ দত্ত ভৌমিক : আপনাকেও অনেক ধন্যবাদ।