সংসদে বিচারক অপসারণ ক্ষমতার লড়াইয়ের ফল : ড. ইয়ান ফান সেইল স্মিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. ইয়ান ফান সেইল স্মিট
ড. ইয়ান ফান সেইল স্মিট
ড. ইয়ান ফান সেইল স্মিটের জন্ম ১৯৭৯ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। কেপটাউন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে স্নাতক এবং ২০০২ সালে এলএলবি ডিগ্রি নেন। ২০০৪ ও ২০০৬ সালে অক্সফোর্ড থেকে বিসিএল ও এমফিল করার পরে মর্যাদাসম্পন্ন রোডস স্কলারশিপ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেই ব্রিটিশ মানবাধিকার আইনে ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি নেন, এরপর অক্সফোর্ডের ব্রুকস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। কেনিয়ার ২০১০ সালের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া এবং দেশটির বিচারপতিদের যোগ্যতা নির্ধারণী বিশেষজ্ঞ কমিটিতে যুক্ত হন। ২০১৩ সালে তিউনেসিয়ার বিচার বিভাগ সংস্কারে কনসালট্যান্ট নিযুক্ত হন। বর্তমানে তিনি লন্ডনভিত্তিক স্বাধীন থিংকট্যাংক বিংহ্যাম সেন্টার ফর দ্য রুল অব ল-এর রিসার্চ ফেলো হিসেবে কর্মরত রয়েছেন। কমনওয়েলথ সচিবালয় গত বছর বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিচারক নিয়োগ ও অপসারণ-সংক্রান্ত তাঁর রচিত ২৫২ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে। বিচারক অপসারণ-সংক্রান্ত ষোড়শ সংশোধনী বাতিল এবং অবসরে রায় লেখা নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে প্রথম আলোর পক্ষ থেকে সম্প্রতি ইমেইলে তাঁর একটি সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান

প্রথম আলো: উন্নত গণতন্ত্রে ক্ষমতার পৃথকরণ যখন মীমাংসিত, তখন আপনি কী করে সংসদ দ্বারা বিচারক অপসারণকে ‘ইতিহাসের দুর্ঘটনা’ বলছেন? বাংলাদেশের হাইকোর্টের একটি রায়ে আপনার এই দৃষ্টিভঙ্গীর প্রতিফলন ঘটেছে।

ইয়ান ফান: সংসদীয় অপসারণব্যবস্থা ‘ইতিহাসের একটি দুর্ঘটনা’। ইংল্যান্ডে এটি যে উপায়ে নিয়েছে, তা বিবেচনায় নিয়েই কথাটা বলা। সংসদীয় সমর্থক ও রাজতন্ত্রীদের মধ্যকার ক্ষমতার লড়াইয়ের পার্শ্ব ফল হচ্ছে এই ব্যবস্থা। ১৭০০ সাল পর্যন্ত ব্রিটিশ রাজারা তাঁদের খেয়াল-খুশি অনুযায়ী বিচারক অপসারণ করতেন। ১৭০১ সালে ‘দ্য অ্যাক্ট অব সেটেলমেন্ট’ পাস হলো এবং তাতে রাজার ক্ষমতা খর্ব করা হলো এবং নিয়ম করা হলো পার্লামেন্টের উভয় কক্ষে প্রস্তাবের মাধ্যমে সিদ্ধান্ত পাস না হওয়া পর্যন্ত কোনো বিচারককে রাজা অপসারণ করতে পারবেন না। অপর একটি কারণ হলো, সংসদীয় অপসারণব্যবস্থা দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের সাংবিধানিকতার অংশে পরিণত হয়ে আছে। কিন্তু সপ্তদশ শতাব্দীর গোড়ায় মাত্র একবার এই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। তার অর্থ হচ্ছে এই যে এই অপসারণ পদ্ধতি পুনঃপরীক্ষার কোনো সুযোগ আসেনি। একটি আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগীয় স্বাধীনতা সুরক্ষার অন্য কোনো উত্তম বিকল্প রয়েছে কি না, তা ভাবারই উপলক্ষ তৈরি হয়নি।
প্রথম আলো: কমনওয়েলথ কেবলই ৫৩টি দেশের একটি সংগঠন, সেখানে বেশির ভাগ দেশ এখন সংসদীয় ব্যবস্থা থেকে সরে এসেছে। কিন্তু এটা কি সত্য নয় যে জাতিসংঘের সংখ্যাগরিষ্ঠ দেশ, এখনো পর্যন্ত সংসদীয় অপসারণকেই অগ্রাধিকার দিয়ে আসছে?
ইয়ান ফান: যদিও কিছু ব্রিটিশ উপনিবেশ যখন তারা স্বাধীন হয়েছে, তখন তারা সংসদীয় অপসারণব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু অনেকেই তা করেনি। বর্তমানে বিচারক অপসারণে মাত্র ১৮টি কমনওয়েলথ দেশে সংসদীয় অপসারণ প্রক্রিয়া বহাল রয়েছে। তবে জাতিসংঘ সদস্যদের এ-বিষয়ক তথ্য আমার জানা নাই।
প্রথম আলো: বিচারক অপসারণের প্রক্রিয়া অনুসরণে কমনওয়েলথের ভেতরে ও বাইরের সাম্প্রতিক প্রবণতা কী?
ইয়ান ফান: ১৯৬০-এর দশক থেকে কমনওয়েলথের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ প্রবণতা হলো, অধিকাংশ দেশ যখন স্বাধীনতা লাভ করেছে, তখন তারা সংসদীয় অপসারণ-ব্যবস্থা গ্রহণ করেনি। অধিকাংশ কমনওয়েলথ রাষ্ট্র প্রধানত দুই ধরনের ব্যবস্থা অনুসরণ করে থাকে। একক বৃহত্তম গ্রুপ, যার মধ্যে ২০টি দেশ রয়েছে, তারা অ্যাডহক ট্রাইব্যুনাল-ব্যবস্থা মেনে আসছে। এর অর্থ হলো, যখন কোনো বিচারক গুরুতর কোনো ভুলের দায়ে অভিযুক্ত হবেন, তখন একটি ট্রাইব্যুনাল কর্মরত বা সাবেক বিচারক দিয়ে গঠিত হবে, তখন তাঁরা কোনো বিচারকের আচরণ তদন্তের সুনির্দিষ্ট উদ্দেশ্যে বসবেন। এই ট্রাইব্যুনাল কঠোরভাবে কতগুলো বিষয়ে নিশ্চিত করে থাকে। যেমন অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিচারককে বিস্তারিত বিবরণ জানিয়ে নোটিশ দেওয়া, তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া, আইনগত সহায়তা গ্রহণের অধিকার দেওয়া। প্রমাণ হাজির করা এবং সাক্ষীদের জেরা ও পাল্টা জেরা করা। যদি পার্লামেন্টের কাছে বিচারক অপসারণের সুপারিশ করে, তাহলে তারা কারণগুলোও ব্যাখ্যা করবে। বহু দেশে বিচারকেরা এই পর্যায়ে ওই সুপারিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। আর তখন আদালত সিদ্ধান্ত নেন যে চালু হওয়া প্রক্রিয়াটা ন্যায্য কি না এবং অপসারণ নিশ্চিত করা উচিত কি না।
অন্য ১০টি দেশের যে গ্রুপ আছে, সেখানে শৃঙ্খলা বিধান-সংক্রান্ত একটি স্থায়ী কমিটি রয়েছে। ২০১৪ সালের আগ পর্যন্ত বাংলাদেশের জুডিশিয়াল কাউন্সিল এ দায়িত্ব পালন করেছে। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রবণতা হচ্ছে, ১৮টি কমনওয়েলথ দেশের বেশির ভাগ সংসদে পাঠানোর আগে একটি প্রাথমিক পর্যায়ের তদন্ত সম্পন্ন করে থাকে। যদি এই কমিটি অপসারণযোগ্য হিসেবে মত দেয়, তাহলেই কেবল বিষয়টি সংসদে পাঠানো হয়। এর বড় যে দুটি সুবিধা তাহলো বিচারককে যেকোনো ন্যায্য প্রাপ্য সুবিধা দেওয়া হয়। আর সংসদের কাছে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে পুরো তথ্য এবং তার কারণ সংবলিত বিবৃতি পেশ করা হয়। এর অর্থ দাঁড়ায় এই যে, বিচারকের বিরুদ্ধে তদন্তের জন্য সংসদ সদস্যরা দায়ী থাকেন না। এবং বলা চলে, তাই তাঁরা দলীয়করণ করতে পারেন না। তদন্তকারী সংস্থা প্রমাণ হাজির করে যে বিচারকের আচরণ বা সামর্থ্য এতটাই গুরুতর, তাঁকে অপসারণ করা উচিত হবে।
প্রথম আলো: বাংলাদেশের মতো কমনওয়েলথ দেশগুলো সংসদীয় অপসারণ প্রক্রিয়াকে রাজনীতির বাইরে রাখতে কী ব্যবস্থা নিয়েছে?
ইয়ান ফান: সংসদীয় অপসারণরীতি অনুসরণকারী ১৮টি দেশের মধ্যে ১৪টি আইন দ্বারা স্বাধীন সংস্থা গঠন করেছে, যারা প্রাথমিক তদন্ত পরিচালনা করে। বাংলাদেশ ছাড়া ব্যতিক্রম হচ্ছে নউরু, সামওয়া ও শ্রীলঙ্কা। ২০১৩ সালের গোড়ায় শ্রীলঙ্কার প্রধান বিচারপতি শ্রী বন্দরনায়েক এক বিতর্কিত প্রক্রিয়ায় অপসারিত হন। পরে শ্রীলঙ্কার নির্বাচিত সরকার তাঁকে পুনঃনিয়োগের মধ্য দিয়ে ওই অপসারণ প্রক্রিয়ার অসাংবিধানিকতাকে স্বীকৃতি দেন।
প্রথম আলো: বিচারক অপসারণের বৈশ্বিক প্রবণতা সম্পর্কে বলুন।
ইয়ান ফান: এ বিষয়ে আমার কাছে এখন কোনো তথ্য নেই। কিন্তু এ প্রসঙ্গে শ্রীলঙ্কার বিষয়ে জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার যে মন্তব্য করেছেন, আমি তার উল্লেখ করতে চাই। তিনি মন্তব্য করেছেন যে বিচারকদের বিরুদ্ধে কোনো তদন্ত প্রক্রিয়া স্বাধীন সংস্থা দ্বারাই করা উচিত এবং সেখানে যথাযথ প্রক্রিয়া ও ন্যায্য বিচারের নিশ্চয়তা দিতে পূর্ণ শ্রদ্ধাশীল থাকা উচিত। ১৯৯৮ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে গৃহীত বেইজিং বিবৃতিতে সংসদীয় অপসারণব্যবস্থার বিরুদ্ধে কঠোর সমালোচনা করা হয়। তাতে বলা হয়, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ কতিপয় সমাজ ঐতিহ্যগতভাবে গ্রহণ করেছে। অন্য কিছু সমাজে সেই প্রক্রিয়া অনুপোযুক্ত বলে বিবেচিত হয়ে আসছে। বিচারক অপসারণ খুবই বিরল এবং যদি কখনো এর ব্যবহার দরকার পড়ে, তখন খুব গুরুতর কারণ না হলে তার অপব্যবহারের আশঙ্কাই বেশি থাকে।
প্রথম আলো: আপনি কীভাবে স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনালে শুনানি আশা করতে পারেন, যখন কোনো দেশের নির্বাহী বিভাগ দলীয় পছন্দের ভিত্তিতে বিচারক নিয়োগ করে থাকে?
ইয়ান ফান: ট্রাইব্যুনাল যদি বিচারকদের সমন্বয়ে গঠিত হয়, তাহলে তাঁরা কে তাঁদের নিয়োগ দিয়েছে, সেটা বিবেচনায় না নিয়ে কর্তব্য পালনের নিরপেক্ষতা এবং বিচার বিভাগীয় নীতিনৈতিকতা দ্বারা নিজেদের পরিচালিত করবেন।
প্রথম আলো: কোনো একটি অভিশংসন প্রক্রিয়ায় আইনসভা বিচারপতিদের দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু বিচারকেরা বিচারকদের দোষী সাব্যস্ত করতে পারেন না—এ কথার কি কোনো ভিত্তি আছে?
ইয়ান ফান: এটা নির্ভর করে কোন দেশ কোন প্রক্রিয়ায় বিচারক অপসারণ করা হয়। বাংলাদেশে সংসদ যেখানে বিচারক অপসারণের সিদ্ধান্ত চূড়ান্ত করবে, সেখানে আপনি বলতে পারেন যে বিচারকদের সংসদ দোষী সাব্যস্ত করেছে। কিন্তু আগেই যেমনটা উল্লেখ করেছি, একটি তদন্তকারী সংস্থা কিন্তু থাকতেই হবে, যারা বিচারকদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করবে এবং বিচারক অপসারণের পক্ষে বা বিপক্ষে মতামত দেবে। আর সেসব মতামত থাকবে উপযুক্ত কারণ ও ব্যাখ্যা দ্বারা সমর্থিত।
প্রথম আলো: আপনি কীভাবে বিচারক অপসারণে ‘প্রমাণিত অসদাচারণ’-এর প্রয়োগ লক্ষ করেন? আপনার কি মনে হয় না যে প্রাচীন এই ধারণাটি ত্রুটিপূর্ণ?
ইয়ান ফান: আপনার মন্তব্য সঠিক যে প্রমাণিত অসদারচণ কথাটি যথেষ্ট বিস্তৃত এবং নির্দিষ্ট করা কঠিন। সাধারণভাবে মনে করা হয়ে থাকে যে এটা হলো কোনো গুরুতর ভুলের ঘটনা, যা কিনা বিচার বিভাগের সম্মানহানী কিংবা বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে ক্ষুণ্ন² করবে। বিচারকদের অভ্যন্তরীণ আচরণবিধি এবং ব্যাঙ্গালুরু নীতিমালার আন্তর্জাতিক আচরণবিধি স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে যে বিচারকদের জন্য কোনটি উপযুক্ত আর কোনটি নয়। কিন্তু প্রশ্ন হলো, কোনো বিচারককে অপসারণের মতো অভিযোগ যথেষ্ট গুরুতর কি না, তা নির্ধারণ করতে হলে সংশ্লিষ্ট ঘটনার আলোকেই তা মূল্যায়ন করতে হবে।
উদাহরণ হিসেবে বলা যায়, ব্যাঙ্গালুরু আচরণবিধি বলেছে, কোনো স্বার্থের সংঘাত দেখা দিলে বিচারক নিজেকে সেই মামলা থেকে প্রত্যাহার করে নেবেন। এবং কোনো বিচারক যদি এটা করতে অপারগ থাকেন, তাহলে তেমন ঘটনার সবটাতেই বিচারক অপসারণের কারণ না-ও ঘটতে পারে। কোনো বিচারক যদি সততার সঙ্গে তেমন কোনো স্বার্থের সংঘাতের ক্ষেত্রে কোনো ভুল করেও থাকেন, আর যদি আপিলের ব্যবস্থা থাকে, তাহলে সেই রায় উল্টানো সম্ভব। কিন্তু যদি প্রমাণ মেলে একজন বিচারক সুপরিকল্পিতভাবে কোনো এক পক্ষের সঙ্গে চক্রান্ত করে মামলার সিদ্ধান্তকে একদিকে নিতে চেয়েছেন, তখন তা অপসারণযোগ্য। তাই সব থেকে গুরুত্বপূর্ণ হলো, যাঁরা বিচারকের কোনো তদন্ত প্রক্রিয়ায় যুক্ত হবেন, তাঁরা স্বাধীনচেতা হবেন এবং বিচার বিভাগের সততা তাঁদের হৃদয়ে থাকবে এবং তাঁরা কোনো একটা ছোটখাটো ভুলকে বিচারক অপসারণের অজুহাত হিসেবে খাড়া করতে উৎসাহী হবেন না। এমনকি সংশ্লিষ্ট বিচারকের সঙ্গে তাঁর রাজনৈতিক ভিন্নমত থাকলেও নয়।
প্রথম আলো: প্রকৃত অপসারণ ছাড়া কী ধরনের লঘু শাস্তি আপনি উপযুক্ত মনে করেন? ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের যদি অভ্যন্তরীণ শৃঙ্খলা কমিটি থাকে, তাহলে হাউস অব কমন্স কেন তার ঔপনিবেশিক আদালতের জন্য তেমন কোনো ব্যবস্থা রাখার কথা চিন্তা করেনি?
ইয়ান ফান: আমার জানামতে, ঔপনিবেশিক সময়ে ইংল্যান্ডের উচ্চ আদালতে কোনো অভ্যন্তরীণ শৃঙ্খলা কমিটি ছিল না। ইংল্যান্ডের সুপ্রিম কোর্ট নতুন, এটা কেবল ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
প্রথম আলো: লেটিমার হাউস নীতি প্রবর্তনের পরেও অনেক দেশের বিচার বিভাগ কোনো ধরনের অভ্যন্তরীণ শৃঙ্খলা কমিটি গঠনে দ্বিধান্বিত রয়েছে।
ইয়ান ফান: আমি এ বিষয়ে মন্তব্য করার অবস্থানে নেই। কারণ এ বিষয়টি এখন পর্যন্ত আমার গবেষণার মধ্যে আসেনি।
তবে বিচারক অপসারণের প্রক্রিয়া ছাড়া ল্যাটিমার হাউস নীতিতে কোনো শৃঙ্খলামূলক প্রক্রিয়ার দরকার পড়ে না। আপনি যেটা বলছেন, সেটা ল্যাটিমার হাউস গাইডলাইনে আছে। এটা সুশিল সমাজের করা। এটা সুপারিশ করছে যে এ ধরনের প্রক্রিয়া প্রতিষ্ঠা করা যেতে পারে। আর সেই গাইডলাইন বলেছে, শৃঙ্খলামূলক কোনো প্রক্রিয়ায় কোনো বিচারককে জনসমক্ষে নিন্দা করা যাবে না। যেকোনো ধরনের নিন্দা ঘরোয়াভাবে প্রধান বিচারপতিই করবেন।
প্রথম আলো: কতগুলো দেশ বিচারককে আনুষ্ঠানিক তিরস্কারের নীতি অনুসরণ করছে। এটা কি কার্যকর?
ইয়ান ফান: বিচারকদের আনুষ্ঠানিক তিরস্কার করার ক্ষেত্রে আমি বলব, একজন বিচারক যদি তাঁর দায়িত্ব থেকে অপসারিত না হন, তাহলে তাঁকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা সমীচীন হবে না। এমনকি কোনো সরকারি সূত্র থেকেও কোনো ধরনের সমালোচনা কাঙ্ক্ষিত নয়। তার কারণ হলো, বিচার বিভাগের প্রতি তাতে জনগণের আস্থা ক্ষুণ² হয়। এবং একই সঙ্গে সংসদের দিক থেকেও কোনো বিচারকের প্রতি এ রকম কোনো মনোভাব প্রকাশ করা গ্রহণযোগ্য নয়।
প্রথম আলো: আপনি কীভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠাতায় অভিশংসন প্রক্রিয়াকে সমর্থন করবেন? কারণ বেশির ভাগ ক্ষেত্রেই ঐকমত্যের অভাব ঘটছে।
ইয়ান ফান: আসলে বিচারক অপসারণের বিষয়টি অন্যান্য রাজনৈতিক প্রশ্নের মতো দলীয় নীতি-আদর্শের ভিত্তিতে বিবেচ্য হওয়া উচিত নয়। এখানে দেখার বিষয় হলো, একজন বিচারক এমন কিছু করেছেন, যাতে বিচারক বিভাগের মর্যাদা ক্ষুণ² হয়েছে কি না, জনগণের আস্থা নষ্ট হয়েছে কি না, কোনো একটি সংখ্যাগরিষ্ঠ দল রাজনৈতিক বিবেচনায় কোনো একটি রায়ের সঙ্গে একমত হতে পারবে না বলেই অপসারণের যুক্তি খাটবে না। দুই-তৃতীয়াংশ সংখ্যাঘরিষ্ঠতার বিষয়টি (বিচার বিভাগের স্বাধীনতার জন্য) সহায়ক, কারণ যেখানে ব্যাপকভিত্তিক মত আসবে যে দীর্ঘ মেয়াদে বিচারকের আচরণ বিচার বিভাগকে ক্ষতি করতে পারে, সেখানে একটা রক্ষাকবচ তৈরি হয়। আসলে বিচারক অপসারণে সরকার ও বিরোধী দল উভয়কে সমানভাবে যত্নশীল হওয়া উচিত।
প্রথম আলো: আপনি কি ম্যাডিসনের সঙ্গে একমত যে বিচারকদের সঙ্গে আইনসভার সম্পর্ক রয়েছে? কারণ তাঁরা ভোট না দিতে পারলেও সংসদে আলোচনায় অংশ নিচ্ছেন।
ইয়ান ফান: ফেডারলিস্ট পেপারে ম্যাডিসন তাঁর সহযোগী মার্কিন সাংবিধানিক প্রণেতাদের উদ্দেশে ব্রিটিশ ব্যবস্থার ব্যাপারে মন্তব্য করেছেন। ২০০৯ সালে সুপ্রিম কোর্ট সৃষ্টির আগ পর্যন্ত অল্প কিছুসংখ্যক বিচারক হাউস অব লর্ডসের সদস্য ছিলেন। এখন আর তাঁরা কেউ নেই, যদিও অবসরপ্রাপ্ত কিছু বিচারক এখনো লর্ডসে বসেন।
প্রথম আলো: আপনি কি মনে করেন না যে বিচার প্রশাসন ইত্যাদি বিষয়ে মন্ত্রী ও বিচারকদের মধ্যে সংলাপকে উৎসাহিত করার মধ্যে কোনো ঝুঁকি রয়েছে? এ বিষয়ে কমনওয়েলথ দেশগুলোতে কী চলছে? ব্রিটেনে এ বিষয়ে কি কোনো মীমাংসিত রেওয়াজ রয়েছে?
ইয়ান ফান: সর্বোচ্চ আদালতের সঙ্গে রাষ্ট্রের অন্যান্য সংস্থার মধ্যে বিভিন্ন উপায়ে যোগাযোগ ঘটে থাকে। এর মধ্যে রয়েছে আদালত প্রশাসন নিয়ে বৈঠক এবং সময়ে সময়ে সংসদীয় কমিটি বিভিন্ন ধরনের আইনব্যবস্থা বা বিচার প্রশাসন সম্পর্কে সাক্ষ্য দিতে বিচারকদের তলব করে থাকেন। কমনওয়েলথের অন্যান্য দেশ কী অনুসরণ করে, সে বিষয়ে আমি মন্তব্য করার অবস্থানে নেই।
প্রথম আলো: আপনি আপনার প্রতিবেদনে প্রকাশ্য আদালতে রায় ঘোষণার নিয়মের কথা বলেছেন, তার অর্থ কি এই যে বিচারকেরা কোনো মামলার শুনানি শেষে প্রকাশ্য আদালতে শুধু অপারেটিভ অংশ এবং পরে তার কারণ ও ব্যাখ্যা-সম্বলিত রায় দেবেন? অর্থাৎ কোনো একটা অনির্ধারিত তারিখে, যা ঘোষিত রায় থেকে অনেক দূরে থাকবে সেটা কি বোঝায়?
ইয়ান ফান: আদালত সাধারণত তাঁদের সিদ্ধান্ত ঘোষণার মুহূর্তেই কারণ দেখিয়ে থাকেন। কিন্তু যখন যথেষ্ট জরুরি দরকার পড়ে, তখন প্রথমে সিদ্ধান্ত ঘোষণা করা এবং পরের কোনো তারিখে কারণ ব্যাখ্যা করা যেতে পারে।
প্রথম আলো: এটা কি ঠিক যে মধ্যযুগের ইংল্যান্ডের বিচারকেরা অবসরে যাওয়ার পর পূর্ণ রায় লিখতে পারতেন? আপনি কি একমত যে ল্যাটিমার হাউস বা ব্যাঙ্গালুরুর নীতি কোনো বিচারকের অবসরের পরে রায় লেখায় বাধানিষেধ আরোপ করেছে?
ইয়ান ফান: আপনি যেভাবে বলছেন তাতে বলব যে এমন আন্তর্জাতিক নীতি নেই, যাতে বলা আছে যে কোনো বিচারক তাঁর অবসরের পরে রায় লিখতে পারবেন না। তবে এটা সংগত নয় যে কোনো বিচারক অবসরে গিয়ে কোনো নতুন মামলার শুনানি শুনবেন, যদি না তাঁকে ওই বেঞ্চে ভারপ্রাপ্ত বিচারক হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া না হয়। কতিপয় কমনওয়েলথ-সংশ্লিষ্ট সংবিধানে রায় প্রদানে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যেমন ছয় মাসের মধ্যে রায় লিখতে হবে। এটা হতে পারে যে যদি কোনো বিচারক নির্দিষ্ট সময়ের মধ্যে রায় লিখতে ব্যর্থ হন, তাহলে সেই মামলা অন্য বিচারকের কাছে স্থানান্তর করা যেতে পারে। মধ্যযুগীয় ইংল্যান্ডের প্রাকটিস সম্পর্কে মন্তব্য করার অবস্থানে আমি নেই।
প্রথম আলো: আমাদের প্রধান বিচারপতি বলেছেন, অবসরে রায় লেখা অসাংবিধানিক। আর অন্তত দুজন সাবেক প্রধান বিচারপতি এর বিরোধিতা করেছেন। আর পাকিস্তান ও ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু অবসরে গিয়ে রায় লেখাকে সায় দেন না। সুতরাং আন্তর্জাতিক নীতি না থাকার বিষয়টি কি আপনি অন্যান্য দেশের সংবিধান কী বলে সেই আলোকে ব্যাখ্যা করবেন?
ইয়ান ফান: যথাসময়ে রায় প্রদানের বিষয়টি বেঙ্গালুরুর আন্তর্জাতিক আচরণবিধিতে উল্লিখিত হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রধান বিচারপতিরা এটা করেছেন এবং পরে জাতিসংঘ তাকে অনুমোদন করেছে। ওই আচরণবিধির ৬.৫ দফায় বলা আছে, ‘একজন বিচারক তাঁর সংরক্ষিত রায় (রিজার্ভড জাজমেন্ট) প্রদানসহ তাঁর সকল বিচারিক কর্তব্য দক্ষতা, ন্যায্যতা এবং যুক্তিসংগত ক্ষিপ্রতার সঙ্গে করবেন।’ এই নীতির বিষয়ে জাতিসংঘের ভাষ্যে বলা আছে, একজন বিচারককে কোনো মামলার জরুরি দিক, অন্যান্য বিশেষ প্রেক্ষাপট, মামলার ব্যাপ্তি বা জটিলতা এবং অন্যান্য কাজের প্রতি অঙ্গীকার বিবেচনায় নিয়ে যুক্তিসংগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব তার সংরক্ষিত রায় প্রদান করা উচিত। বিশেষ করে কোনো সিদ্ধান্তের কারণ বিচারককে কোনো প্রকারের অসংগত বিলম্ব ছাড়াই প্রকাশ করা উচিত।’ এখানে ‘যুক্তিসংগত’ কী, সেটা প্রতিটি দেশের পরিস্থিতির ওপর নির্ভর করে এবং আমি নিশ্চিত যে মামলার জট ও কাজের অতিরিক্ত বোঝার জন্য কখনো কিছুটা দেরির কারণ হতে পারে।
প্রথম আলো: কিন্তু বাংলাদেশে কখনো কর্মরত বিচারক সংরক্ষিত রায় প্রকাশে ২ থেকে ৩ বছর নিচ্ছেন, এখন অবসরপ্রাপ্ত বিচারকেরাও তেমন ধরনের সময় নেওয়ার প্রবণতা দেখাচ্ছেন।
ইয়ান ফান: অবসরপ্রাপ্ত বিচারকেরা আইনগতভাবে রায় দিতে পারেন কি না, সেটা ভিন্ন প্রশ্ন। এটা নির্ভর করে প্রতিটি দেশের সংবিধান কী বলে তার ওপর। কতিপয় কমনওয়েলথ দেশে নিয়ম আছে যে যেসব বিচারক তাঁর অবসরের বয়সে পৌঁছাবেন অথচ তাঁর শুরু করা মামলাগুলো নিষ্পন্ন করা বাকি আছে, তিনি সেগুলো নিষ্পত্তি করবেন। অবসর বাধা হবে না। এসব দেশের মধ্যে বার্বাডোজ, বেলিজ, লেসেথো ও তাঞ্জানিয়া আছে।
প্রথম আলো: আমাদের প্রধান বিচারপতি অনধিক ছয় মাসের একটা বিধানের কথা বলছেন। আইনমন্ত্রীও একটা সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে।
ইয়ান ফান: ঘানা ও সোয়াজিল্যান্ড তার উদাহরণ। এ দুটি দেশের সংবিধানে ছয় মাসের বিধান আছে। আবার বাহামা, বোতসোয়ানা, জ্যামাইকা ও মরিশাসের মতো দেশের বিচারকদের এ ধরনের কাজ চলমান রাখতে গেলে তাঁর নিয়োগকারী বা কোনো বিচারিক কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। অনেক সময় সংবিধানেও বিচারকের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকে, যেমন নামিবিয়া ও সিঙ্গাপুর। যদি এ রকম কাজ জমা পড়ে, তাহলে ভারপ্রাপ্ত বিচারক হিসেবেও তাঁকে নিয়োগ দেওয়া যায়। আর তাহলে তাঁর পক্ষে নতুন করে শুনানিসহ অনিষ্পন্ন কাজগুলো সম্পন্ন করা যায়। সুতরাং সংক্ষেপে আমি বলব, এ বিষয়ে মোকাবিলা করার নানাবিধ উপায় আছে এবং কমনওয়েলথ দেশগুলো একই ধরনের রীতি অনুসরণ করে না।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
ইয়ান ফান: ধন্যবাদ।

ইংরেজি মূল সাক্ষাৎকারটি
www.en.prothom-alo.com–এ