সন্তোষজনক নয় সংস্কারের গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসেন খালেদ
হোসেন খালেদ

প্রথম আলো: উদ্যোক্তা হিসেবে এখন কেমন আছেন? বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ কেমন?
হোসেন খালেদ: এই মুহূর্তে আমরা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছি বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে। ফলে আয় ও লেনদেন (টার্নওভার) অনেক কমে এসেছে। সুনির্দিষ্ট করে এর কারণ বলা মুশকিল। কিন্তু কেন জানি একধরনের স্থবিরতা রয়ে গেছে, যেটা থাকা উচিত নয়। আমরা যদি নতুন বিনিয়োগের দিক থেকে চিন্তা করি, আমাদের এখন যে সামর্থ্য তা দিয়ে দেশে ভালোভাবেই বিনিয়োগ করা সম্ভব। কিন্তু এ জন্য প্রয়োজন আস্থা ও নিশ্চয়তা। এই আস্থা ও নিশ্চয়তা প্রয়োজন সরকার ও বাজার—দুই জায়গা থেকেই। বোস্টন কনসালটিং গ্রুপ বলেছে যে আগামী ১০ বছরের মধ্যে আমাদের ক্রয়ক্ষমতা বেড়ে যাবে তিন-চার গুণ। এখন দেখতে হবে সেই সুবিধা নেওয়ার মতো প্রস্তুতি আমাদের আছে কি না। যদি না থাকে, সেটা বাড়ানোর জন্য আমাদের সেখানে বিনিয়োগ করা প্রয়োজন।
প্রথম আলো: সরকার তো বলছে, দেশে বিনিয়োগের পরিবেশ অনেক ভালো। আপনার মূল্যায়ন কী?
হোসেন খালেদ: আমিও মনে করি, দেশে এখন বিনিয়োগের পরিবেশ ভালো। কিন্তু এতেই আমাদের সন্তুষ্ট হয়ে বসে থাকলে হবে না। তাহলে তো সমস্যার সমাধান হবে না। সরকার ও বেসরকারি খাত—উভয়েই বলছে বিনিয়োগের গতি বাড়াতে হবে। বিষয়টা এমন যে রাস্তা করাই আছে, কিন্তু চলার জন্য পথটাকে মসৃণ করে দিতে হবে। দেখেন, শিল্পে প্রথম যে কাঁচামালটা প্রয়োজন, সেটা হলো বিদ্যুৎ। কিন্তু আমরা বিদ্যুৎ-সংযোগ পাচ্ছি না। অনেক জায়গায় বিদ্যুৎ আছে, কিন্তু বিতরণ চ্যানেলের সক্ষমতা নেই। আবার অনেক জায়গায় বিতরণ চ্যানেলই নেই। যার কারণে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। জমি নিবন্ধনেও জটিলতা আছে। এটা এতই বেশি যে অনেকে আস্থা হারিয়ে ফেলেন। জমি নিবন্ধনের প্রক্রিয়া দেশে যতটা কঠিন, বিদেশে ততটাই সহজ। অবকাঠামোর সমস্যা তো আছেই। বড় কথা হলো, বিনিয়োগের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি। আইন সবার জন্য এক রকম হতে হবে। ছোট ব্যবসায়ীর জন্য এক রকম আর বড় ব্যবসায়ীর জন্য আরেক রকম হলে চলবে না। নিরাপত্তাগত যে চ্যালেঞ্জ বর্তমানে আমরা মোকাবিলা করছি, সে বিষয়েও সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে হবে। ব্যবসা করার জন্য যেসব প্রক্রিয়া আছে, সেগুলো সহজীকরণ করা প্রয়োজন। পদ্ধতি সহজ করার কাজ শুরু হয়েছে। কিন্তু যে গতিতে সংস্কারগুলো করা প্রয়োজন, সেই গতিতে হচ্ছে না। কাজ যে হচ্ছে, সেটা সবার নজরে আনতে হবে। তাহলেই না সবার আস্থা ফিরে আসবে। সবচেয়ে বেশি প্রয়োজন হলো, সরকার ও বেসরকারি খাতের মধ্যে চোর-পুলিশ খেলা থেকে বেরিয়ে আসা। এর বদলে একটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে।

প্রথম আলো: অনেক বছর ধরে বেসরকারি বিনিয়োগের হার একই জায়গায় আটকে আছে। বেসরকারি খাত বিনিয়োগ করছে না কেন?

হোসেন খালেদ: আমি বিষয়টির সঙ্গে পুরোপুরি একমত নই। টাকার অঙ্কে প্রতিবছরই বিনিয়োগ বাড়ছে। কিন্তু যেহেতু জিডিপির আকার বাড়ছে, তাই বিনিয়োগের অনুপাত বাড়ছে না। তবে এও মনে করি, বেসরকারি বিনিয়োগ আরও বাড়ার প্রয়োজন ছিল। আমরা সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগাতে পারছি না। এখানে বলে রাখি, সরকার যদি এক পা এগিয়ে আসে, তাহলে আমরা দশ পা এগিয়ে যাব। ঢাকা থেকে চট্টগ্রামের যে দূরত্ব, তাতে কেন আমার ৮-১০ ঘণ্টা লাগবে?

প্রথম আলো: দুই বিদেশি হত্যার ঘটনায় নতুন করে বিনিয়োগ পরিবেশ নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছে। শুরুতে যে ধরনের প্রতিক্রিয়া পেয়েছিলেন, এখন কি মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে?

হোসেন খালেদ: কয়েকটি দূতাবাস যখন সতর্কতা জারি করল, তখন তো কিছুটা উদ্বিগ্ন ছিলামই। ওই ভীতিটা এখন আর নেই। বিদেশি ক্রেতারা, প্রতিনিধিরা এখন বাংলাদেশে আসছেন। তবে তাঁরা এখন আগের চেয়ে বেশি সতর্ক হয়েছেন। আগে যেমন হুটহাট বাংলাদেশে চলে আসতেন, এখন আগে থেকে অনেক খোঁজখবর নিয়ে তারপর আসেন। আমার পর্যবেক্ষণ হলো, বিদেশিরা বাংলাদেশ নিয়ে এখনো উদ্বিগ্ন, তবে তাঁরা এ দেশে ঠিকই ব্যবসা করে যাচ্ছেন।

প্রথম আলো: অবকাঠামো সব সময়েরই বড় সমস্যা। ইদানীং জ্বালানি, বিশেষ করে গ্যাসের প্রাপ্যতা ও বিদ্যুতের দাম নিয়ে হতাশার কথা বলছেন আপনারা। পরিস্থিতি কতটা হতাশাজনক?

হোসেন খালেদ: আমার জানামতে, দেশের ৪২ শতাংশ বিদ্যুৎ উৎপাদন জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম অর্ধেকের বেশি কমে গেছে, সেখানে দেশে তো এর দাম কমেইনি, উল্টো বিদ্যুতের দাম বাড়ানো হলো। উচিত ছিল বিদ্যুতের দামটা যৌক্তিক করা। কারণ, বিশ্বব্যাপী প্রতিযোগিতা যেভাবে বেড়েছে, সেখানে দাম কমানোর কোনো বিকল্প নেই। সে কারণেই বিভিন্ন দেশ জ্বালানি তেলের দাম কমিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত এ বছর দুবার তেলের দাম কমিয়েছে। ফলে ওদের উৎপাদন ব্যয় কমে গেছে। অন্যান্য প্রতিযোগী দেশের উৎপাদন ব্যয়ও অনেক কমে গেছে। কিন্তু দেশে কমানো হয়নি। তাই আমাদের ব্যয় কমেনি।

প্রথম আলো: আজকাল বাংলাদেশের উদ্যোক্তারা অন্য দেশে বিনিয়োগ করার অনুমতি চাইছেন। দেশে বিনিয়োগ না করে বিদেশে যেতে চাইছেন কেন?

হোসেন খালেদ: সম্ভাবনা আছে বলেই ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগ করতে চাইছেন। প্রাণ (প্রাণ-আরএফএল গ্রুপ) যেমন ভারতের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বিনিয়োগ করেছে। সেখানে বাজার আছে বলেই কিন্তু তারা গেছে। মনে রাখা প্রয়োজন, পশ্চিমা দেশগুলোকে যেমন আমরা অনুসরণ করি, তেমনি আফ্রিকার কিছু দেশ আবার আমাদের অনুসরণ করে। ওরা আমাদের জন্য সুযোগ অবারিত করে দিচ্ছে, যেন আমরা সেখানে বিনিয়োগ করি। দেশের একটি প্রতিষ্ঠান ইথিওপিয়ায় পোশাক কারখানা করছে। সম্প্রতি যে টিপিপি সই হয়েছে, তার একটি অংশীদার দেশ হলো ইথিওপিয়া। ফলে দেশটি যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কসুবিধা পাবে। আবার ইথিওপিয়া যুক্তরাষ্ট্রের খুবই কাছে। ফলে ওই দেশে বিনিয়োগটি খুবই লাভজনক। বর্তমানে দেশের তৈরি পোশাক খাতের আয়ের একটি বড় অংশই চলে যায় বায়িং হাউসগুলোর কাছে। আমাদের এখন সক্ষমতা হয়েছে হংকংয়ে গিয়ে নিজেদের অফিস করার, ক্রেতাদের সঙ্গে দেনদরবার করার। এটি করতে পারলে তো বায়িং হাউসগুলোর কাছে যেতে হয় না। আরেকটি বিষয়
দেখতে হবে যে বিদেশে বিনিয়োগের সুবিধাভোগী কিন্তু হবে বাংলাদেশই। কারণ, বিদেশে বিনিয়োগ করে যে মুনাফা হবে,
সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে। ওই অর্থ কিন্তু দেশেই ফিরে আসবে। আবার আমাদের এখানকার লোকজনই তো সেসব কারখানায় কাজ করবেন। এতে কিছু কর্মসংস্থানও হবে। আমার মনে হয়, বিদেশে বিনিয়োগ করার প্রক্রিয়াটা আরও সহজ করা উচিত। আইনি প্রক্রিয়া মেনে বিদেশে অনুমতির সুযোগ দেওয়া উচিত।

 প্রথম আলো: আজকাল টাকা পাচারের অভিযোগ জোরালো হচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় কী?

হোসেন খালেদ: আমি যদি উল্টো প্রশ্ন করি যে পাচার হওয়া অর্থের মধ্যে ব্যবসায়ীদের অংশ কতটুকু? ব্যবসায়ীরা টাকা লুকিয়ে রাখেন না। পুনরায় ব্যবসায় খাটান। তাই পাচার হওয়া অর্থটা আসলে অব্যবসায়ী অর্থ। এ নিয়ে আমি বেশি মন্তব্য করব না। তবে হ্যাঁ, কালোটাকাটা উৎস থেকে বন্ধ করতে হবে। তা হলেই অর্থ পাচার কমে যাবে।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
হোসেন খালেদ: আপনাকেও ধন্যবাদ।

সাক্ষাৎকার নিয়েছেন: আবুল হাসনাত
আরও পড়ুন:
অর্থনীতিতে কিছুটা স্থবিরতা এসেছে