সন্ত্রাসবাদ দমনে ভালো সহযোগিতা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম শ্যানন
টম শ্যানন
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক করিডর বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হবে। সেই বিবেচনায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি-বিষয়ক পরবর্তী আন্ডার সেক্রেটারি টম শ্যানন এ বিষয়ে বলেছেন বিস্তারিত। সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজ

প্রথম আলো: গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়েছে। আবার বাংলাদেশের সুশাসন ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সমালোচনামূলক মনোভাব দেখিয়েছে। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন থেকে নিরাপত্তা—নানা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর পেছনে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সামাজিক বৈশিষ্ট্য কতটা ভূমিকা রাখছে?

 টম শ্যানন: বাংলাদেশের সমাজ যেমন গতিশীল, বৈচিত্র্যময়, উদ্যোগী, তেমনি এখানকার সমাজ প্রমাণ করেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে বহুমতের ভিত্তিতে গণতন্ত্র কার্যকর হতে পারে এবং এই দেশ খুব অল্প সময়ের মধ্যে নিম্ন-মধ্য আয় ও আধুনিক দেশ হিসেবে নিজেদের পরিচিত করেছে। এত অল্প সময়ের মধ্যে যেকোনো দেশের জন্য এটা বিরাট অর্জন। সারা বিশ্বে অংশীদার বেছে নেওয়ার সময় আমরা এমন দেশগুলোকে খুঁজি, যারা গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে উন্নয়নের সমস্যাগুলোর সমাধান করেছে। রাজনৈতিক প্রক্রিয়ায় গণতন্ত্র মানে স্থিতাবস্থা নয়, বরং শান্তিপূর্ণ হয়েও সেটা যে বৈপ্লবিক হতে পারে, বাংলাদেশ তা প্রমাণ করেছে। তাই আমাদের বিবেচনায়, যেসব উন্নয়নশীল দেশ বাংলাদেশের মতো একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, তাদের জন্য দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশের বিকাশ। দ্বিতীয়ত, নিজের কূটনৈতিক সামর্থ্যকে কাজে লাগিয়ে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মোটরযান চুক্তি সই, সীমান্ত সমস্যার সমাধান কিংবা উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি সই এবং দক্ষিণ এশিয়ার সব কটি দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর মধ্য দিয়ে ভারত মহাসাগরীয় প্রেক্ষাপটে বাংলাদেশের একধরনের উচ্চাকাঙ্ক্ষা আছে। এরপর অভিবাসনের প্রেক্ষাপটে রোহিঙ্গাদের নিজের দেশে আশ্রয় দিয়ে এবং নিজেদের লোকজনের জন্য বিভিন্ন দেশে কাজের সুযোগ করে দিয়ে বাংলাদেশ একটি ভূমিকা রাখছে। ভবিষ্যতের প্রেক্ষাপটে আমাদের মূল্যায়ন হচ্ছে, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অবস্থানে থাকা ভারত মহাসাগর হয়ে উঠবে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র। তাই ভবিষ্যতের দিকে তাকালে বলা যায়, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক থাকাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

প্রথম আলো: গত কয়েক মাসে বিদেশিদের ওপর হামলার মতো কিছু দুঃখজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পবিত্র স্থানে হামলা হয়েছে। এসব হতাহতের ঘটনা বিবেচনায় এনে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে কীভাবে দেখছেন?

টম শ্যানন: সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সরকার, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কার্যকর সহযোগিতা রয়েছে। আর এ সহযোগিতার জন্য বাংলাদেশের কাছে আমরা কৃতজ্ঞ। সম্প্রতি সহিংসতার নতুন মাত্রার সাক্ষী হয়েছে বাংলাদেশ। আইএস সিরিয়া ও ইরাকের মতো নিজস্ব ক্ষেত্র ছাড়িয়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার যে চেষ্টা করছে, সে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছি। শারম-আল-শেখে রাশিয়ার বিমানে ও বৈরুতে বোমা হামলা এবং প্যারিসে নির্বিচারে গুলি ও বোমায় লোকজনকে খুনের সঙ্গে ক্যালিফোর্নিয়ার স্যান্ডবার্গের কিংবা এখানকার ঘটনার মিল আছে। আমরা দুই ধাপে উগ্র সহিংসতা দমন করতে রাজি হয়েছি। প্রথমত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এদের হামলা দমন করার। দ্বিতীয়ত, উগ্রপন্থার মূল উৎস খুঁজে বের করতে হবে, যাতে করে তরুণেরা তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে সন্ত্রাসের ওপর ভর না করেন। এ জন্য তাঁদের সামনে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক সমাজ তুলে ধরা জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ব্যাপারে আমরা সন্তুষ্ট।

প্রথম আলো: সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাবলিতে আইএসের সম্পৃক্ততার দাবি তো সরকার বিশ্বাস করছে না। সরকারের কোনো কোনো জ্যেষ্ঠ মন্ত্রী এর সঙ্গে পশ্চিমাদের ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন।

 টম শ্যানন: দেখুন, গত রোববার সন্ত্রাসবাদ ও উগ্র সহিংসতা দমনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদ ও উগ্র সহিংসতার ধরন এবং এ ধরনের সংগঠনগুলো যেমনই হোক না কেন, তাদের প্রতিরোধ করতে আমরা সম্মত হয়েছি। উগ্র সহিংসতা দমনের ক্ষেত্রে আমাদের অংশীদারত্ব বেশ ভালো এবং এই সহযোগিতার সুফলও আমরা পেয়েছি। তবে আমাদের এ সহযোগিতা আরও গভীর করতে হবে এবং সন্ত্রাসী সংগঠনগুলোর পরবর্তী হামলার আগেই তারা কোথায় ও কীভাবে তা করছে, সেটি আমাদের দমন করতে হবে। এ জন্য আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর সহযোগিতা বাড়ানো দরকার এবং এ ব্যাপারে আমাদের অঙ্গীকারও আছে। সামগ্রিকভাবে সন্ত্রাসবাদ ও উগ্র সহিংসতা দমনের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা স্বচ্ছন্দবোধ করি এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখতে চাই।

 প্রথম আলো: সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আবেদন বিবেচনা করার সময় বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিজ (ডিএইচএস)। মার্কিন পররাষ্ট্র দপ্তর কি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে?

 টম শ্যানন: না। বাংলাদেশের একটি সংগঠন (হরকাতুল জিহাদ-ই-ইসলামী সংক্ষেপে হুজি-বি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় আছে। যখন আমরা কোনো সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করি, তখন বিষয়টি যে গুরুতর, সেটা বলার অপেক্ষা রাখে না। আর কাউকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সময় আইনি বাধ্যবাধকতা ও সংজ্ঞা মেনেই তা করা হয়। কাজেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের তালিকায় বিএনপি নেই।

 প্রথম আলো: গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক সমাজের কাজের ক্ষেত্র—এই বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থাকে এখন কীভাবে মূল্যায়ন করছেন?

 টম শ্যানন: বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যেখানে বহুমত ও সহনশীলতার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আজকের যুগে এমন একটি পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে লোকজন রাজনৈতিক বিষয় নিয়ে খোলামেলাভাবে তর্ক-বিতর্ক করে অভিন্ন অবস্থান নিতে পারেন। বাংলাদেশসহ যাদের সঙ্গে আমাদের অংশীদারত্ব আছে, তাদের আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক আলোচনা এবং নির্বাচনী প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে উৎসাহ জোগাই। আমরা আশা করছি, আগামী পৌর নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ থাকবে এবং এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণহবে।

প্রথম আলো: ৫ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের তাগিদ দিয়েছিল। নির্বাচনের পর আরেকটি নির্বাচনের কথা বলেছিল। ওয়াশিংটনের ওই অবস্থান কি এখনো অটুট আছে?

 টম শ্যানন: গণতন্ত্রের যাত্রাপথের কোনো শেষ নেই। এখানে সব সময় উন্নতির সুযোগ থাকে। আমাদের নিজের দেশেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচনে সবার অংশ নেওয়া উচিত—লোকজনের মধ্যে এই উপলব্ধি সৃষ্টির জন্য আমাদের বেশ কষ্ট করতে হয়েছে। যখন আমরা অন্য দেশে গণতন্ত্রের কথা বলি, তখন অত্যন্ত বিনয়ের সঙ্গেই প্রসঙ্গটা তুলি, কোনো নির্দেশ দিই না। আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাজের সব শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করতে খোলামেলা পরিবেশ সৃষ্টির জন্য সব সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে থাকি। ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ এবং উন্মুক্ত পরিবেশ সৃষ্টির জন্য আমাদের তাগিদ অব্যাহত থাকবে।

প্রথম আলো: প্রায় দুই বছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) বাতিলের পর ১৬ দফার মার্কিন কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব শিগগির বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার সম্ভাবনা কতটা?

টম শ্যানন: জিএসপি ফিরে পাওয়াটা নির্ভর করছে কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর, এটি সময়ের ওপর নির্ভর করে না। ইতিমধ্যেই আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখতে পাচ্ছি। শ্রমিকদের কর্মপরিবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে সংগঠিত হওয়া এবং যৌথ দর-কষাকষির ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে। ওয়াশিংটনের সাম্প্রতিক আলোচনা এবং ঢাকায় শ্রমসচিবের সঙ্গে আলোচনার পর বুঝতে পেরেছি, এ ক্ষেত্রেও বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।