সমঝোতায়ই নির্বাচন কমিশন হয় পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা আফজল খান
রানা আফজল খান
পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ও মুসলিম লীগ নেতা রানা এম আফজল খান সম্প্রতি ঢাকায় এসেছিলেন দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে। এ সময় তাঁর সঙ্গে প্রথম আলো মুখোমুখি হয় পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন, নির্বাচন কমিশন গঠনপদ্ধতি এবং জঙ্গিবিরোধী অভিযান নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

প্রথম আলো : বাংলাদেশে আপনার প্রথম সফর সম্পর্কে কিছু বলবেন? কী ধারণা নিয়ে ফিরে যাচ্ছেন?

রানা আফজল খান : হ্যাঁ, বলতে পারেন বাংলাদেশে এটি প্রথম সফর। কিন্তু আমি ৬১ বছর আগে, মাত্র ছয় বছর বয়সেও একবার ঢাকায় এসেছিলাম। সেটি ছিল ১৯৫৫ সাল। আমার বাবা এখানে চাকরি করতেন। সেই সময়ের কথা তেমন মনে নেই। মনে আছে কাঁঠালগাছের কথা, ঈদের আগে বাজারে ভিড়ের কথা। ঈদের আগে বাবা আমাকে নিয়ে জুতা কিনতে বাটার দোকানে গিয়েছিলেন। তবে এবার এসে মনে হলো, ঢাকা করাচির মতোই খুব ব্যস্ত শহর, মানুষ বেশ পরিশ্রমী। বাংলাদেশের অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করছে। পাকিস্তানের চেয়েও ভালো করছে। মানুষ সুখী। বাংলাদেশের বিরাট ভবিষ্যৎ আছে।

প্রথম আলো : ঝঞ্ঝাবিক্ষুব্ধ পাকিস্তানের রাজনীতির কী হাল এখন?

রানা আফজল খান : আপনারা এখানে টেলিভিশনে নানা ধরনের খবর দেখেন। বিরোধী দলও হক না-হক নানা কথা বলছে। কিন্তু পাকিস্তানে নওয়াজ শরিফের নেতৃত্বে একটি স্থিতিশীল সরকারই আছে। অর্থনীতিও গতিশীল। শিল্পাঞ্চলে বিদ্যুতের সমস্যা আর নেই। বাসাবাড়িতে লোডশেডিং থাকলেও শিল্পকারখানা এখন ২৪ ঘণ্টা গ্যাস-বিদ্যুৎ পাচ্ছে। আগামী বছর বাসাবাড়িতেও এই সমস্যা থাকবে না। এই মুহূর্তে ৫০টির বেশি ভারী শিল্পকারখানা নির্মাণাধীন। কর্মসংস্থান বাড়ছে।

প্রথম আলো : আপনি বলেছেন, অর্থনীতি ভালো চলছে। কিন্তু প্রবৃদ্ধির হার তো কম।

রানা আফজল খান : আমাদের প্রবৃদ্ধি ৫ শতাংশের মতো। গত বছর কিছুটা কম হয়েছে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায়।

প্রথম আলো : সরকার ও বিরোধী দলের বিরোধ নিয়ে প্রায়ই পত্রপত্রিকায় খবর আসে।

রানা আফজল খান : বিরোধী দল সব সময়ই বিরোধী দল। পার্লামেন্টে তারা আমাদের বেকায়দায় ফেলতে চেষ্টা করে। পিপিপি, পিটিআই উভয়ই। কিন্তু সেটাই তো সংসদীয় গণতন্ত্রের রীতি। এসব সত্ত্বেও পার্লামেন্ট খুব ভালোভাবে চলছে। আসনসংখ্যার ভিত্তিতে সংসদীয় কমিটিতেও বিরোধী দল থেকে সভাপতি আছেন।

প্রথম আলো : ক্ষমতায় আসার পর নওয়াজ শরিফের সরকারের প্রধান চ্যালেঞ্জ কী ছিল?

রানা আফজল খান : আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল জঙ্গি ও সন্ত্রাসবাদী গোষ্ঠীকে দমন করা এবং আমরা সফল হয়েছি।

প্রথম আলো : কিন্তু পাকিস্তানে এখনো তো জঙ্গিগোষ্ঠীর হানা চলছে।

রানা আফজল খান : জঙ্গিবিরোধী অভিযানে আমরা ২০০ কোটি ডলার ব্যয় করেছি। সেনাবাহিনীর ৩০ শতাংশ জনবল এই কাজে নিয়োজিত। জঙ্গিরা এর আগে দুই হাজারবারের বেশি বোমা হামলা চালিয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ২০০।

প্রথম আলো : গণমাধ্যমের খবর, জঙ্গিবিরোধী অভিযান নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে মতভেদ আছে।

রানা আফজল খান : গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনা থাকবেই। বিরোধী দলও সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে। কিন্তু আমি বলতে পারি, জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সরকার ও সেনাবাহিনী একযোগেই কাজ করছে। এখানে কোনো বিরোধ নেই।

প্রথম আলো : একসময় তো আইএসআই তালেবানকে মদদ দিয়েছে?

রানা আফজল খান : সামরিক শাসকদের আমলে যা-ই ঘটুক না কেন, আমরা নীতি পরিবর্তন করেছি। আমরা জঙ্গিদের হত্যা করেছি। আমরা মনে করি, গণতান্ত্রিক ও স্থিতিশীল আফগানিস্তানই পাকিস্তানের জন্য মঙ্গল। সীমান্তে সন্ত্রাস রপ্তানি আমাদের নীতি নয়। আমরা সীমান্তের সব জঙ্গি ঘাঁটি নির্মূল করেছি এবং সেটি করেছে আমাদের সেনাবাহিনী। তারা এফ-১৬ বিমান ব্যবহার করেছে। জঙ্গিরা ৬৫ হাজার পাকিস্তানি নাগরিককে হত্যা করেছে। শত শত কোটি রুপির সম্পদ ধ্বংস করেছে। তাদের কেউ সমর্থন করছে না। তবে আফগানিস্তানের ভেতরে তালেবানরা কী করছে, সেটি আমাদের সমস্যা নয়। আমরা সে বিষয়ে হস্তক্ষেপ করছি না।

প্রথম আলো : কিছু বিরোধী দল সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে রাস্তায় নেমেছে।

রানা আফজল খান : গত তিন বছরে বিরোধী দল তো একটি দুর্নীতির মামলা আনতে পারেনি। ১০ দিন আগে আমি ফ্রান্স গিয়েছিলাম। সেখানেও তখন পার্লামেন্ট দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছিল। সব দেশেই সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে।

প্রথম আলো : কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সরকার? বিরোধী দলে থাকতে আপনারাও পিপিপি সরকারের বিরুদ্ধে একই অভিযোগ করতেন।

রানা আফজল খান : আমাদের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো আছে। তাদের কাছে পাঁচ-ছয় হাজার মামলা আছে এবং রেকর্ড–সংখ্যক মামলার বিচারও হয়েছে। নানা অভিযোগে সরকারি ও বিরোধী দলের ৩০ জনের বেশি পার্লামেন্ট সদস্য পদ হারিয়েছেন। অভিযোগগুলোর মধ্যে যেমন দুর্নীতি আছে, তেমনি অসত্য ব্যাংক হিসাব ও শিক্ষাগত যোগ্যতাসংক্রান্ত ভুয়া সনদও রয়েছে।

প্রথম আলো : সামরিক শাসক মোশাররফের বিচারের অগ্রগতি কী? এটি তো নওয়াজ সরকারের অঙ্গীকার ছিল?

রানা আফজল খান : বিচারকাজ চলছে। তবে তিনি দাবি করেছেন, খুব অসুস্থ। চিকিৎসকেরাও তা–ই জানিয়েছেন। কিন্তু চিকিৎসার নাম করে যুক্তরাজ্যে গিয়ে পার্টিতেও যোগ দিচ্ছেন। আমরা তাঁকে ফিরিয়ে আনব। তাঁর বিরুদ্ধে প্রধান মামলা অবৈধভাবে ক্ষমতা দখল, এটি দেশদ্রোহ।

প্রথম আলো : পাকিস্তানে নির্বাচন কমিশন গঠিত হয় কীভাবে, কোন আইনে?

রানা আফজল খান : আমরা এ ব্যাপারে ব্যাপক পরিবর্তন এনেছি। সংসদে সরকারি ও বিরোধী দলের যৌথ কমিটি আগের সব নির্বাচনী আইন পর্যালোচনা করে নতুন আইন তৈরি করেছে। এখন বিরোধী দলের চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে।

প্রথম আলো : কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কীভাবে নিযুক্ত হন?

রানা আফজল খান : সরকার ও বিরোধী দল যৌথভাবেই এটি করে থাকে। সরকারি দল তিনটি নাম সুপারিশ করে, বিরোধী দল তিনটি নাম। এর মধ্যে দুই পক্ষ থেকেই যে নামটি আসে, সেটি গ্রহণ করা হয়। আলোচনা ও মতৈক্যের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠিত হয়ে থাকে।

প্রথম আলো : আপনি বলছিলেন পাকিস্তান বদলে যাচ্ছে। সাধারণ মানুষের ভাগ্য কতটা বদলাতে পেরেছেন?

রানা আফজল খান : পাকিস্তান একটি গরিব দেশ। বহু মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে। সামাজিক সুরক্ষায় গত তিন বছরে সাড়ে চার হাজার কোটি ডলার নগদ সহায়তা দেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৬০ শতাংশ শিক্ষার্থী নারী; স্কুলে এটি সমান সমান। নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় আছে। গত কয়েক বছরে নারীদের কল্যাণে অনেক আইন হয়েছে, নারীরা এখন বিবাহবিচ্ছেদের অধিকার রাখেন। ক্ষতিপূরণ দাবি করতে পারেন। নারীর ওপর সহিংসতা রোধে ৩৬টি সহায়তা কেন্দ্র করা হয়েছে, বিশেষ থানা করা হয়েছে।

প্রথম আলো : পাকিস্তানে অনার কিলিংয়ের নামে ভয়াবহ সহিংসতা চলছে, তা রোধে সরকার কী পদক্ষেপ নিয়েছে?

 রানা আফজল খান : এ ব্যাপারে আমরা পার্লামেন্টে আইন পাস করেছি। এই অনার কিলিংয়ের নামে কখনো ভাই বোনকে কিংবা অন্য কোনো আত্মীয় লাঞ্ছিত নারীকে হত্যা করে। এই আইনে এটি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হবে এবং ২৫ বছর পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে। অপরাধীকে পরিবারও ক্ষমা করতে পারবে না।

প্রথম আলো : পাকিস্তানে পার্লামেন্টে নারীর প্রতিনিধিত্ব কেমন?

রানা আফজল খান : আমার ধারণা, সবচেয়ে বেশি। জাতীয় ও প্রাদেশিক পরিষদের পাশাপাশি প্রতিটি স্থানীয় সরকার সংস্থার ৩০ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত। এ ছাড়া সরাসরি নির্বাচনেও যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ, এটি দলীয় সংখ্যানুপাতে হয়ে থাকে।

প্রথম আলো : পাকিস্তানে কেন্দ্রর হাতেই সব ক্ষমতা বলে অভিযোগ আছে।

রানা আফজল খান : ক্ষমতা কেন্দ্রীভূত নয়, যথেষ্ট বিকেন্দ্রীকরণ করা হয়েছে। সংবিধানের ১৮তম সংশোধনীবলে প্রাদেশিক সরকারের কাছে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলাও তাদের হাতে ন্যস্ত।

প্রথম আলো : কিন্তু বেলুচিস্তানের মানুষ তো ক্ষুব্ধ? তারা কেন্দ্রের সঙ্গে যুদ্ধ করছে।

রানা আফজল খান : বেলুচিস্তানের সাধারণ মানুষ খুশি। সেখানে সর্বোচ্চ বিনিয়োগ হয়েছে; নতুন সড়ক, নতুন সমুদ্রবন্দর, শিক্ষা প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে প্রতিটি কার্যালয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি আছেন।

প্রথম আলো : তাহলে আগে বঞ্চনা ছিল?

রানা আফজল খান : কিছু লোক ভাবতেন, বেলুচিস্তান ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। কিন্তু এখন তো সেটি পুষিয়ে দেওয়া হচ্ছে। এখন তারা গ্যাস ও তেলের জন্য রয়্যালটি পাচ্ছে।

প্রথম আলো : নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যকার সম্পর্ক কেমন?

রানা আফজল খান : যে যার মতো কাজ করছে। কেউ কারও কাজে হস্তক্ষেপ করছে না। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির মধ্যে দেখাসাক্ষাৎও হয় না। তবে সামরিক শাসনামলে বিচার বিভাগের ওপর খবরদারির চেষ্টা ছিল। এখন আর সেটি নেই।

প্রথম আলো : পাকিস্তানে গণমাধ্যম কতটা চাপের মধ্যে আছে?

রানা আফজল খান : রাজনীতিক ও গণমাধ্যমের সম্পর্ক কখনোই মধুর হয় না। পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। সরকার ও বিরোধী দলের যেমন নিজ নিজ অ্যাজেন্ডা আছে, তেমনি গণমাধ্যমেরও নিজস্ব অ্যাজেন্ডা আছে। তবে আমি বলব, ইংরেজি গণমাধ্যম অত্যন্ত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠতার পরিচয় দিচ্ছে। অন্যরা সেটি পারেনি। গত চার-পাঁচ বছরে ৬০-৭০টি বেসরকারি চ্যানেল এসেছে।

প্রথম আলো : গণমাধ্যমের ওপর হামলা, এমনকি অফিসে অভিযান চালানোর মতো ঘটনাও তো ঘটছে।

রানা আফজল খান : সেসব অনেক আগের ঘটনা। গণতান্ত্রিক আমলে এমন কিছু ঘটছে না। গণতান্ত্রিক সরকার হলো কাচের ঘর। সক্রিয় বিরোধী দল আছে। এ অবস্থায় সরকার গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। এমনকি আমরা যদি আইনও করি, তাদের মুখ বন্ধ করতে পারব না। তারা খুবই শক্তিশালী।

প্রথম আলো : ১৯তম সার্ক সম্মেলন স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এর ভবিষ্যৎ সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

রানা আফজল খান : কেউ যদি সার্ককে ধ্বংস করতে চায়, তাকে সে জন্য মূল্য দিতে হবে। সার্কের লক্ষ্য সাধারণ মানুষের কল্যাণ। সার্কের সনদের ১০-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী দুই দেশের মধ্যে বিরোধ দেখা দিলে তার জন্য সার্কের কার্যক্রম বন্ধ করা যায় না।

প্রথম আলো : সাংসদ হিসেবে আপনি সরকারের একজন নীতিনির্ধারকও। এখানে যে সম্মেলনে এসেছেন, তার উদ্যোক্তা বেসরকারি সংস্থা। আমাদের অঞ্চলে এসব বেসরকারি সংস্থা ও চিন্তাবিদের কথাকে সরকার খুব কমই আমলে নেয়। তাহলে এই সম্মেলন থেকে যেসব সুপারিশ করা হবে, সেগুলো কি সংশ্লিষ্ট সরকারগুলো শুনবে?

রানা আফজল খান : বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজ পরামর্শকের দায়িত্ব পালন করে। কোনো সরকারই তা অগ্রাহ্য করতে পারে না। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে তো বিরোধী দলের কথা শুনতে হবে, তাদের প্রশ্নের জবাব দিতে হবে। নাগরিক সমাজের কথাও শুনতে হবে। আপনি যদি কারও বাড়িতে গিয়ে দেখেন, দরজা বন্ধ, তিনি ঘুমিয়ে আছেন। আপনার দায়িত্ব দরজায় বারবার কড়া নাড়া। শেষ পর্যন্ত তার ঘুম ভাঙবেই।

প্রথম আলো : ধন্যবাদ আপনাকে।

রানা আফজল খান : আপনাকেও ধন্যবাদ।