
প্রথম আলো : লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা কি পরিকল্পিত? কারা ঘটিয়েছে বলে মনে করেন?
উষাতন তালুকদার : এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। পার্বত্যাঞ্চলের সমস্যাটি রাজনৈতিক এবং আওয়ামী লীগ সরকারই সেই সমাধানের উদ্দেশ্যে ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি করেছিল। কিন্তু এত দিনেও চুক্তির মূল ধারাগুলো বাস্তবায়িত না হওয়ায় অপশক্তি এ ধরনের অপকর্ম ঘটাতে সাহস পাচ্ছে। এসব সন্ত্রাসী ঘটনা তারাই ঘটিয়েছে, যারা চায় না পার্বত্য চুক্তি বাস্তবায়িত হোক। বন, পরিবেশ রক্ষার পাশাপাশি পাহাড়িদের ভূমির অধিকার প্রতিষ্ঠাই ছিল চুক্তির উদ্দেশ্য। যুবলীগ নেতা নয়নকে হত্যাও এই ষড়যন্ত্রের অংশ। তাঁকে কে বা কারা মেরেছে, সেটি বের করা সরকারের দায়িত্ব। কিন্তু সেই হত্যাকে কেন্দ্র করে পাহাড়িদের আড়াই শ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। পাহাড়িরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। বনবাদাড়ে ও আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে পাহাড়িরা আশ্বস্ত হতে পারছেন না। আমরা নয়ন হত্যার বিচার চাই। একই সঙ্গে তাঁর হত্যাকে কেন্দ্র করে যারা পাহাড়িদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
প্রথম আলো : আগের হামলা ও সন্ত্রাসী ঘটনাগুলোর কি বিচার হয়েছে?
উষাতন তালুকদার : না, হয়নি। এই লংগদুতেই ১৯৮৯ সালের ৪ মে শত শত বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ভয়ে পাহাড়িরা ভারতে আশ্রয় নিয়েছিল। ২৮ বছর পর আবারও তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হলো। সেখানে বসবাসকারী সাধারণ বাঙালিরা এসব ঘটায়নি। ঘটিয়েছে কিছু স্বার্থান্বেষী মানুষ।
প্রথম আলো : এসব ঘটনায় কি স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইন্ধন আছে বলে মনে করেন?
উষাতন তালুকদার : আমি তথ্য–প্রমাণ দিয়ে বলতে পারব না যে প্রশাসনের ইন্ধন আছে। কিন্তু একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে দিনদুপুরে যে কয়েক ঘণ্টা ধরে (সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত) আগুন দেওয়ার ঘটনা কীভাবে ঘটল? অথচ সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল। কীভাবে দুর্বৃত্তরা এই সন্ত্রাসী ঘটনা ঘটাতে পারল? এর ফলে প্রশাসনের ওপর পাহাড়িরা আস্থা হারিয়ে ফেলেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা হোক।
প্রথম আলো : আপনি বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণেই সেখানে অঘটন ঘটছে। কিন্তু এ জন্য কি পাহাড়ি নেতৃত্বের বিরোধও দায়ী নয়?
উষাতন তালুকদার : তাদেরও দায় আছে। কিন্তু মূল দায়টা সরকারের। মানুষকে নিরাপত্তা দেওয়া কিংবা দুর্বৃত্তদের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড
বন্ধ করা তাদের দায়িত্ব। সরকার যে সাহস নিয়ে চুক্তি সই করেছে, অনুরূপ সাহস নিয়ে চুক্তিটি বাস্তবায়ন করুক। পাহাড়ে কোনো সমস্যা থাকবে না।
প্রথম আলো : এ ব্যাপারে জনসংহতি সমিতি সরকারের ওপর কি যথেষ্ট চাপ সৃষ্টি করতে পেরেছে?
উষাতন তালুকদার : আমরা চাপে রেখেছি। তবে যে পরিমাণ চাপ সৃষ্টি করলে দ্রুত চুক্তি বাস্তবায়ন হতে পারত, সেটা পারিনি। আর দায়িত্বটা কেবল পাহাড়িদের ওপর ছেড়ে দেওয়া ঠিক হবে না। এ ব্যাপারে দেশের সব প্রগতিশীল মানুষ তথা নাগরিক সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।
প্রথম আলো : অতীতে পাহাড়ে এ ধরনের সন্ত্রাসী ঘটনা নিয়ে যেভাবে প্রতিবাদ হতো, এবার সেটি দেখা যায়নি কেন?
উষাতন তালুকদার : পার্বত্য চুক্তির উদ্দেশ্য ছিল পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। তাই আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। সরকারকে বেকায়দায় ফেলা আমাদের উদ্দেশ্য নয়। পাহাড়ে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হোক, সেটাই আমাদের দাবি।
প্রথম আলো : চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণ কি সরকারের সদিচ্ছার অভাব, না প্রশাসনের গাফিলতি?
উষাতন তালুকদার : সরকার চাইলে চুক্তি বাস্তবায়ন করা কঠিন নয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা আছে। ইউএনডিপি পরিচালিত দুর্গম অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি করা হয়েছে। ৬০ হাজার শিশু এখন সেসব বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছে। এ জন্য পাহাড়ের মানুষ তার প্রতি কৃতজ্ঞ।
প্রথম আলো : যেসব পাহাড়ি নেতা ক্ষমতাসীন দলে আছেন, তাঁরা কি পাহাড়িদের অধিকার আদায়ে সচেষ্ট নন?
উষাতন তালুকদার : তাঁরা ব্যস্ত সরকারকে খুশি রাখতে। সরকারকে খুশি রেখে তাঁরা নিজেদের চাকরি রক্ষা করতে চান। এ জন্য পাহাড়িদের দাবিদাওয়া নিয়ে তেমন উচ্চবাচ্য করেন না।
প্রথম আলো : ১৯৯৭ সালে বিএনপিসহ যেসব রাজনৈতিক দল চুক্তির বিরোধিতা করেছিল, তাদের বর্তমান ভূমিকা কী?
উষাতন তালুকদার : বাঙালিদের মধ্যে যারা চুক্তির বিরোধিতা করেছিল, তারা আগের অবস্থান থেকে সরে এসেছে, এমন প্রমাণ পাইনি।
প্রথম আলো : পাহাড়িদের মধ্যে যারা চুক্তির বিরোধিতা করেছিল, যেমন ইউপিডিএফ?
উষাতন তালুকদার : সেই প্রতিক্রিয়াশীল শক্তি এখনো তৎপর রয়েছে। তারা নানা অঘটন ঘটাচ্ছে। পাহাড়ে শান্তি আসুক, এটা তারাও চায় না।
প্রথম আলো : ইউপিডিএফকে কি আপনি প্রতিক্রিয়াশীল মনে করেন?
উষাতন তালুকদার : তাদের কাজ যে পাহাড়ি জনগণের পক্ষে, সেই প্রমাণ তারা দিতে পারেনি। তারা একদিকে চুক্তির বিরোধিতা করেছে, অন্যদিকে জনসংহতি সমিতির কর্মী-সমর্থকদের অপহরণ ও হত্যা করেছে। যদিও ইদানীং তাদের তৎপরতা কমেছে।
প্রথম আলো : চুক্তি সইয়ের পর অনেকগুলো সরকার আপনারা দেখেছেন। পাহাড়িদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিগত ফারাক কতটা?
উষাতন তালুকদার : কিছুটা পার্থক্য আছে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে পাহাড়ি মানুষ কিছুটা স্বস্তিবোধ করে, কিন্তু লংগদুর ঘটনার পর পাহাড়িরা আস্থা রাখতে পারছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে খাই খাই ভাব, স্বার্থপরতা প্রকট হয়ে উঠেছে।
প্রথম আলো : অভিযোগ আছে, জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সভা-সমাবেশে আন্দোলনের বিকল্প পথ বেছে নেওয়ার কথা বললেও আন্দোলন করছেন না।
উষাতন তালুকদার : আন্দোলন বলতে জনসংহতি সমিতি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পথেই এগোতে চায়। পাহাড়িরা যাতে নিজেদের জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে পারে, সে জন্যই আমাদের আন্দোলন। কিন্তু পাহাড়ের মানুষ যদি মনে করে, তাদের অস্তিত্ব বিপন্ন তখন সময়ই নির্ধারণ করবে তারা কোন পথ বেছে নেবে।
প্রথম আলো : জনসংহতি সমিতি ভাঙল কেন?
উষাতন তালুকদার : যারা স্বার্থপর, যারা উসকানিদাতা ও বিভেদ সৃষ্টিকারী, তারাই জনসংহতি সমিতি ভেঙেছে। নিজেদের পায়ে কুড়াল মেরেছে। তারা সংগঠন থেকে বেরিয়ে গিয়ে তো কিছু করতে পারেনি।
প্রথম আলো : ভূমি বিরোধ নিষ্পত্তি আইনে তো আপনাদের সুপারিশগুলো সরকার গ্রহণ করেছে। তাহলে সমস্যার সমাধান হচ্ছে না কেন?
উষাতন তালুকদার : আইনটি সংশোধিত হয়েছে। এটি ভালো উদ্যোগ। কিন্তু এখনো বিধিমালা প্রণীত হয়নি। আমাদের দাবি, অবিলম্বে বিধিমালা করে ভূমি কমিশন কার্যক্রম সচল রাখলে ভূমি সমস্যার সমাধান হয়ে যাবে।
প্রথম আলো : পার্বত্য চট্টগ্রামে কি বাঙালিদের দখলদারি বন্ধ হয়েছে?
উষাতন তালুকদার : দখলদারি বন্ধ হয়নি। পার্বত্য চট্টগ্রামে যেসব সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়, তাঁদের ওরিয়েন্টেশন দরকার। পাহাড়িদের প্রতি তাদের সংবেদনশীল থাকতে হবে। বেছে বেছে ভালো কর্মকর্তাদেরই ওখানে পাঠানো উচিত। সেখানে ভালো কর্মকর্তাও আছেন। আবার কিছু অসংবেদনশীল কর্মকর্তা আছেন, যাঁরা পাহাড়িদের বিষয়ে সংবেদনশীল নন।
প্রথম আলো : পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদগুলো কী যথাযথ ভূমিকা রাখতে পারছে?
উষাতন তালুকদার : আঞ্চলিক পরিষদকে ইচ্ছেকৃতভাবে অথর্ব করে রাখা হয়েছে। আর জেলা পরিষদ ক্ষমতাসীন দলের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। দলীয় লোকদের দিয়ে পদগুলো পূরণ করা হয়। কার্যক্রমেও স্বচ্ছতা ও জবাবদিহি নেই। চুক্তিতে বলা হয়েছিল, স্থানীয় ব্যক্তিদের নিয়ে ভোটার তালিকা করে স্থানীয় সরকার সংস্থাগুলোর নির্বাচন করতে হবে। কিন্তু সরকার কোনো উদ্যোগ নেয়নি। নির্বাচনের বিধিমালা হয়নি, ভোটার তালিকা হয়নি। যত দিন আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ ক্ষমতায়িত না হবে, তত দিন পাহাড়ে শান্তি আশা করা বৃথা। একটি ধারা লক্ষ করা যাচ্ছে, বড় মাছ ছোট মাছকে গিলে খায়। বৃহৎ জাতিগোষ্ঠী যদি উদার না হয়, তাহলে তা জাতিগত সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন হতে বাধ্য। সম-অধিকার ও সমমর্যাদার ভিত্তিতে সবাইকে বসবাস করার সুযোগ দিতে হবে। কাউকে পেছনে রেখে দেশ এগিয়ে যেতে পারে না।
প্রথম আলো : স্বতন্ত্র সাংসদ হিসেবে কি আপনি যথাযথ ভূমিকা রাখতে পারছেন?
উষাতন তালুকদার : আমি সেভাবে ভূমিকা রাখতে পারছি না। এখানেও বৈষম্য আছে। সংসদে সরকার ও বিরোধী দলের অনেক সাংসদকে যে সময় দেওয়া হয়, আমাকে তা দেওয়া হয় না। তবে আমি কোনো সমস্যা নিয়ে যখন মন্ত্রীদের কাছে যাই, তাঁরা মনোযোগ দিয়েই কথা শোনেন। কিন্তু বাস্তবায়ন হতে দেখি না। রাঙামাটির হ্রদের নাব্যতা কমে গেছে, খনন করা দরকার। মৎস্যসম্পদ কমে যাচ্ছে। বিগত সংসদেও বিষয়টি আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ চাই।
প্রথম আলো : চুক্তির অন্যতম শর্ত ছিল, অস্থায়ী সেনাক্যাম্প তুলে নেওয়া হবে। বাস্তবে সেটি কতটা হয়েছে?
উষাতন তালুকদার : সরকারের দাবি, অনেকগুলো সেনাক্যাম্প তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের তালিকা অনুযায়ী তুলে নেওয়া হয়নি। কাপ্তাই ব্রিগেড তুলে নেওয়া হয়েছে। সেটি ভালো। কিন্তু এখনো অনেক স্থানে অস্থায়ী ক্যাম্প আছে।
প্রথম আলো : সরকার বলছে, পাহাড়ে যেহেতু এখনো জিম্মি করা, অপহরণ ও হত্যার ঘটনা ঘটছে, সে কারণে সেনাবাহিনীর থাকা প্রয়োজন।
উষাতন তালুকদার : কিন্তু আমি মনে করি, পুলিশকে যদি সক্রিয় করা যায়, তাদের যদি প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে তারাই পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। পাহাড়িদের নিয়ে ভয়ের কিছু নেই। অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি তাঁরাও দেশ গঠনে ভূমিকা রাখছেন। আমরা চাই না সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে পাহাড়িদের দূরত্ব বাড়ুক।
প্রথম আলো : লংগদুর ঘটনার পর একজন মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সেখানে গিয়েছে। তাতে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন?
উষাতন তালুকদার : সরকারের কাছ থেকে যেভাবে প্রতিক্রিয়া দেখছি, তাতে আশাবাদী হওয়া যাচ্ছে না। সরকার মুখে বলছে, অপরাধীদের ধরা হবে। আবার সেখানকার বাঙালি সংগঠনগুলো বলছে, কাউকে গ্রেপ্তার করা যাবে না। হরতালের ডাক দেওয়া হয়েছে। পাহাড়ে সব বাঙালির এক রা লক্ষ করছি। বেআইনিভাবে জমি লিজ দেওয়া বন্ধ হচ্ছে না। সেখানে বাঙালিদের চলাফেরায় বিধিনিষেধ না থাকলেও পাহাড়িদের ক্ষেত্রে বিধিনিষেধ আছে। ২০১৫ সালের ৭ জানুয়ারি জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি তো এখনো প্রত্যাহার করা হয়নি। ওই চিঠিতে বলা হয়েছে, বিদেশিদের সঙ্গে পাহাড়িদের কথা বলতে হলে সরকারি কর্মচারীদের উপস্থিতিতে করতে হবে। বিদেশিদের এক মাস আগে অনুমতি নিতে হবে। পাহাড়িদের আস্থা অর্জন করতে হলে এই বৈষম্যমূলক নীতি বাতিল করতে হবে।
প্রথম আলো : আপনাকে অনেক ধন্যবাদ।
উষাতন তালুকদার : আপনাকেও ধন্যবাদ।