সরকারের সামনে বড় বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের ১২তম প্রেসিডেন্ট। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য উদ্‌যাপন করতে ১৬ অক্টোবর তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। এ সময় তিনি প্রথম আলোকে বিশেষ একটি সাক্ষাৎকার দিয়েছেন। বাংলাদেশের কোনো গণমাধ্যমকে দেওয়া এটাই তাঁর একমাত্র সাক্ষাৎকার। এ সময় তিনি বাংলাদেশের অর্থনীতি, পদ্মা সেতু, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন। মুগ্ধতার কথা জানিয়েছেন। অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের সামনে থাকা বড় বড় চ্যালেঞ্জের কথা বলেছেন। উল্লেখ করেছেন রাজনৈতিক অনিশ্চয়তার কথা। তাঁর মতে, মানুষ একটি স্থিতিশীল ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে অনুমান করা যায় এমন একটি সরকার আশা করে, যারা আইনকানুন ও শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট। সফরের দ্বিতীয় দিনে সোনারগাঁও হোটেলে বিশেষ এই সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বাণিজ্য সম্পাদক শওকত হোসেন

প্রথম আলো: বিশ্বব্যাংকের প্রধান হিসেবে আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ব অর্থনীতি একটি কঠিন সময় পার করছে। জ্বালানি তেলসহ সবকিছুর দাম কমে গেছে। প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। এ রকম এক পরিস্থিতিতে সামনের দিনগুলোর জন্য কী ধরনের কৌশল ও পরিকল্পনা নিয়ে কাজ করছেন?

জিম ইয়ং কিম: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে আমি সাড়ে চার বছর ধরে দায়িত্ব পালন করছি। এ সময়ে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে যতবার আমরা পূর্বাভাস দিয়েছি, তার চেয়ে বেশি হয়েছে এমন একটি ঘটনাও নেই। প্রতিবারই আমাদের প্রবৃদ্ধি কমিয়ে সমন্বয় করতে হয়েছে। ২০১৬-এর ক্ষেত্রেও এখন পর্যন্ত আমাদের একই কাজ করতে হয়েছে। আমরা মনে করছি, এবার বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৪ শতাংশ হতে পারে এবং সম্ভবত পরবর্তী বছরেও অবস্থা খুব একটা ভালো যাবে না।

আমাদের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হলো, যেকোনো সময়ের তুলনায় ২০০৯ সালের পর থেকে এখন সবচেয়ে বেশিসংখ্যক উন্নয়নশীল দেশ মন্দার মধ্যে আছে। সুতরাং অর্থনীতিতে এখনএকটি মিশ্র পরিস্থিতি দেখা যাচ্ছে। পণ্য রপ্তানিকারক দেশগুলো এখন একটি কঠিন সময় পার করছে। পণ্য রপ্তানির ক্ষেত্রে তাদের বার্ষিক প্রবৃদ্ধি এখন মাত্র দশমিক শূন্য ৪ শতাংশ।অন্যদিকে পণ্য আমদানিকারক দেশগুলো তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাদের গড় বার্ষিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ। অন্যান্য বেশির ভাগ দেশের তুলনায় এ ক্ষেত্রে বাংলাদেশ ৬-এর থেকে বেশি এবং ৭ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি অর্জন করছে, যেটি বেশ ভালো।

এখন যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তাহলে বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিতে বিশ্বব্যাংকের ভূমিকা কী হবে, তা নিয়ে অবশ্যই ভাবতে হচ্ছে। সামনের দিনগুলোতে যা-ই থাকুক না কেন, তা মোকাবিলায় অর্থনীতিকে প্রস্তুত করতে বিশ্বব্যাংকের ভূমিকা কি হবে তাও ভাবতে হবে। সংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তন, শরণার্থী সমস্যার মতো বিষয়গুলো মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে বিশ্বব্যাংক গভীর ভাবে কাজ করছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক আরও কীভাবে সহায়তা দিতে পারে, তা-ও ঠিক করতে হবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রধান একটি ক্ষেত্র মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ খুব ভালো করছে। মানুষের জন্য বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে অর্থনীতিতে যা-ই আসুক না কেন, দেশ প্রস্তুত থাকতে পারে। সবশেষে সহনক্ষমতা বা টিকে থেকে আবার স্বাভাবিক অবস্থায় দেশকে ফিরিয়ে আনতেও এই বিনিয়োগ প্রয়োজন।

জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে বাংলাদেশের সহনক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক সহায়তা করতে বেশি আগ্রহী।

মূলত দুটি লক্ষ্য সামনে রেখে বিশ্বব্যাংক এখন কাজ করছে। যেমন চরম দারিদ্র্য দূর করা এবং অগ্রগতিতে সবাইকে অংশীদার করা। এই লক্ষ্য অর্জনের জন্য তিনটি পথ রয়েছে। প্রথমটি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো। এ ক্ষেত্রে চ্যালেঞ্জটি হলো, আগামী কয়েক বছরে ঋণ সহায়তার পরিমাণ আরও কমে গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বেসরকারি খাতকে গুরুত্ব দিতে হবে।

দ্বিতীয়ত, মানবসম্পদের বিনিয়োগ। মানুষের ওপর বিনিয়োগ। তৃতীয়ত, সহনক্ষমতার উন্নয়ন। সুতরাং আমাদের সামনে আছে দুটি লক্ষ্য এবং তা অর্জনে তিনটি পথ।

প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ​কারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সাক্ষাৎ​কারটি নেওয়া হয় l ছবি: জিয়া ইসলাম
প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ​কারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সাক্ষাৎ​কারটি নেওয়া হয় l ছবি: জিয়া ইসলাম

প্রথম আলো: বৈশ্বিক এই প্রেক্ষাপটে বাংলাদেশকে আপনি কীভাবে দেখেন? বাংলাদেশকে নিয়ে বিশ্বব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী?

জিম ইয়ং কিম: দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সাফল্য অসাধারণ। দারিদ্র্য হার কমেছে নাটকীয়ভাবে। দুই কোটির বেশি মানুষ চরম দরিদ্র অবস্থা থেকে বের হয়ে এসেছে। এদিক থেকে বাংলাদেশ আসলেই খুব ভালো করেছে। এ ছাড়া আরও অনেক ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশ, এমনকি তার প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও বেশি সাফল্য পেয়েছে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, বিশেষ করে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতেও বাংলাদেশ ভালো এগিয়েছে। এমন অনেক ক্ষেত্রেই বাংলাদেশ খুব ভালো করছে।

অনেক বছর ধরে এখানকার ব্র্যাকের কাজের আমি একজন গুণমুগ্ধ। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আমার বন্ধু। ব্র্যাক বা এর মতো একটি এনজিও এবং বাংলাদেশ সরকার মিলে দারিদ্র্য দূর করতে অত্যন্ত কার্যকর অনেকগুলো কর্মসূচি সম্প্রসারণ করেছে। এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে ভালো ও অনুকরণীয় কাজের উদাহরণ।

তবে কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশ এখনো ভুগছে। যেমন বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এখনো খুব কম। গত কয়েক বছরে এফডিআই কিছুটা বাড়লেও এখনো সেটি বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ১ দশমিক ৭ শতাংশ। অথচ ভিয়েতনামের জিডিপিতে এফডিআইয়ের অবদান ৬ শতাংশ। এখানে বাংলাদেশের আরও উন্নতি করার সুযোগ আছে। বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। এফডিআইয়ের জন্য রাজনৈতিক অনিশ্চয়তা মোটেই ভালো নয়। এর জন্য মানুষ একটি স্থিতিশীল ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে অনুমান করা যায়—এমন একটি সরকার আশা করে, যারা আইনকানুন ও শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট। একই সঙ্গে নিয়মনীতিগুলো যৌক্তিক হতে হবে, যাতে কোম্পানিগুলো ভালোভাবে তাদের কার্যক্রম চালাতে পারে।

প্রথম আলো: সন্ত্রাসী কর্মকাণ্ড এখন একটি বড় সমস্যা। তা কেবল বাংলাদেশের জন্যই নয়, এটা এখন সব অঞ্চল, সারা বিশ্বের সমস্যা। ১ জুলাই বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। আগে বলা হতো, অশিক্ষিত ও দরিদ্র ঘরের ছেলেরা এসব কাজে জড়ায়। কিন্তু এখন বাংলাদেশে দেখছি, বিশ্ববিদ্যালয়পড়ুয়া উচ্চশিক্ষিত ও অবস্থাপন্ন পরিবারের তরুণেরাও এসব কাজে জড়িয়ে পড়ছে। এটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। যদিও পরিস্থিতি মোকাবিলায় সরকার এখন পর্যন্ত ভালো কাজ করেছে। বিষয়টি কীভাবে দেখছেন, কীভাবে মোকাবিলা করা যায়। এটা বড় চ্যালেঞ্জ। কারণ, বিদেশি বিনিয়োগকারীরা একটি শান্তিপূর্ণ দেশ চায়। আপনার জায়গা থেকে কী বলবেন?

জিম ইয়ং কিম: সন্ত্রাসী কর্মকাণ্ডে সব দেশই এখন আক্রান্ত, সর্বত্র ঘটছে। ব্রাসেলস, প্যারিস এমনকি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতেও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। বাংলাদেশের তুলনামূলক অবস্থাপন্ন তরুণেরা এর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতিকে আমরা স্বাগত জানাই। তবে আমি বলতে চাই, এটি এখন অনেক দেশের জন্যই খুব বড় একটা সমস্যা। অনেক দেশেও এখন এসব ঘটছে, যাদের কথা আগে কখনোই ভাবতে পারিনি। যেমন ব্রাসেলস ও প্যারিস। এই সন্ত্রাস দমনে অত্যন্ত উচ্চপর্যায়ের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। ভালো সংবাদ হচ্ছে, এ ধরনের সমন্বয় ও সহযোগিতা ঘটছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়ামের মতো ওইসিডিভুক্ত (উন্নত দেশগুলোর সংস্থা) দেশ সন্ত্রাস প্রতিরোধে এখন আগের চেয়ে একে অপরকে অনেক বেশি সহযোগিতা করছে। সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডও আগের চেয়ে আরও অনেক ভালোভাবে মনিটরিং বা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এটি অবশ্যই এখন বড় একটি সমস্যা।

প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ​কারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সাক্ষাৎ​কারটি নেওয়া হয় l ছবি: জিয়া ইসলাম
প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ​কারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সাক্ষাৎ​কারটি নেওয়া হয় l ছবি: জিয়া ইসলাম

প্রথম আলো: সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় বিশ্বব্যাংক কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন?

জিম ইয়ং কিম: আমাদের কাজ হলো অব্যাহতভাবে এর লক্ষ রাখা, এ ক্ষেত্রে ভঙ্গুরতা কমাতে যথাসম্ভব ভূমিকা রাখা এবং সংঘাতের কোনো আশঙ্কা থাকলে তা প্রশমন করা। এত দিন পর্যন্ত শরণার্থী সমস্যা মোকাবিলায় বিশ্বব্যাংকের কোনো দায়িত্ব বা ভূমিকা ছিল না। কিন্তু ভঙ্গুরতা বা সংঘাতের মতো পরিস্থিতি যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যেতে না পারে, অথবা শরণার্থী সমস্যা তৈরি না করতে পারে, এমন বিষয় নিয়ে আমরা কাজ করছি। বিশ্বব্যাংকের সদস্যদেশগুলো এ কাজে আমাদের সংশ্লিষ্ট হতে বলেছে। উদাহরণ হিসেবে বলা যায়, জর্ডানে আমরা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু করেছি, যাতে সেখানে বসবাসকারী জর্ডানের নাগরিক ও সিরিয়ার শরণার্থীরা সুফল পেতে পারে।

আমরা জানি না সন্ত্রাসের প্রধান উৎস ও কারণ কী। এর একেবারে সরলীকৃত কোনো ব্যাখ্যা দেওয়াও কঠিন। মধ্য-পূর্বাঞ্চলের অনেক দেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব অনেক বেশি। তিউনিসিয়ায় শিক্ষিত তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশ বেকার। আমাদের কাজ হচ্ছে তিউনিসিয়াকে সহায়তা করা, যাতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে, কাজের সুযোগ তৈরি হয়, যাতে শিক্ষিত তরুণ জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার কমে আসে। কেননা বেকারত্ব ভঙ্গুরতা ও সংঘাত তৈরির বড় উপকরণ।

প্রথম আলো: আপনি তিউনিসিয়ার তরুণদের বেকার সমস্যার কথা বললেন। বাংলাদেশেও শিক্ষিত তরুণদের একটি বড় অংশ বেকার। এটা আমাদের জন্যও তো অনেক বড় চ্যালেঞ্জ।

জিম ইয়ং কিম: নতুন কর্মসংস্থান তৈরি করা সব দেশের জন্য একটি চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করে। এই সংখ্যা অনেক বড়।

অর্থনীতিকে এগিয়ে নিতে, তরুণদের মধ্যে আশা জোগায় এমন একটি কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে বেসরকারি খাতে বিনিয়োগ আকর্ষণ গুরুত্বপূর্ণ। কারণ, বেসরকারি খাত নতুন চিন্তাধারা, নতুন প্রযুক্তি, ব্যবস্থাপনার নতুন পদ্ধতি নিয়ে আসে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো ফল নিয়ে আসবে।

বিশ্বের বর্তমান এই নিম্ন প্রবৃদ্ধি, নিম্ন সুদের হার নতুন সুযোগও তৈরি করেছে। কারণ, বিশ্বে এখন এ পরিস্থিতিতে পুঁজি বিনিয়োগ করে অত্যন্ত কম আয় হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, এমন ১০ ট্রিলিয়ন ডলারের বেশি সার্বভৌম ফান্ড বা তহবিল রয়েছে, যা ঋণাত্মক সুদ হারের বন্ডে বিনিয়োগ করা আছে। এর মানে হচ্ছে, আপনাকে এখন অর্থ জমা রাখার জন্য উল্টো অর্থ দিতে হচ্ছে। এই অবস্থায় সেসব বিনিয়োগকারীকে বাংলাদেশের মতো দেশে আসতে আকৃষ্ট করার সুযোগ রয়েছে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) কম হওয়ার কারণ, এখানে বিনিয়োগ পরিবেশ স্থিতিশীল নয়। এ ছাড়া বিনিয়োগকারীরা এখানে নিয়ন্ত্রকদের আচরণ কেমন হবে, সে বিষয়ে নিশ্চিত নন। একবার বিনিয়োগ করে ১০ থেকে ১৫ বছর পরে সেটি কতটুকু নিরাপদ ও লাভজনক থাকবে, সেই বিষয়ে আস্থার ঘাটতি আছে। এমন নেতিবাচক মনোভাবের কিছু অংশ হয়তো ভুল ধারণা (মিস কনসেপশন) প্রসূত। কিন্তু কিছু ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবশ্যই অনেক কিছু করার আছে। সরকারও করণীয় সম্পর্কে খুব ভালো করে জানে।

এফডিআই নিয়ে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতাও এখন আগের চেয়ে বেড়েছে। সবাই তাদের দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে চেষ্টা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে এফডিআই আনতে কঠোর পরিশ্রম করছেন। তিনি দেশটির ব্যবসা পরিচালনার পরিবেশ ভালো করতে আপ্রাণ চেষ্টা করছেন। ভিয়েতনাম ও পাকিস্তানও চেষ্টা করছে। এফডিআই নিয়ে ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে বিশ্বব্যাংক খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। বাংলাদেশকেও একইভাবে চেষ্টা করে যেতে হবে। প্রতিবেশীরা এফডিআই আনতে কী উদ্যোগ নিচ্ছে, সেসব থেকে শিক্ষা নিয়ে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশকে কাজ করে যেতে হবে।

প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ​কারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সাক্ষাৎ​কারটি নেওয়া হয় l ছবি: জিয়া ইসলাম
প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ​কারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সাক্ষাৎ​কারটি নেওয়া হয় l ছবি: জিয়া ইসলাম

প্রথম আলো: দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। এই দেশগুলোতে উন্নয়ন আগে, না গণতন্ত্র আগে—এ বিষয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশেও এই বিতর্ক রয়েছে। এ নিয়ে আপনার মন্তব্য কী?

জিম ইয়ং কিম: বিশ্বব্যাংক কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সরকারের সঙ্গে কাজ করি। আমরা মানবাধিকারে বিশ্বাস করি। মানবাধিকারের বিষয়টি রক্ষাকবচ হিসেবেই আমাদের কাজের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমরা কর্মক্ষেত্রে বৈষম্যের বিপক্ষে। আমরা মনে করি, ন্যায়সংগত দাবিতে শ্রমিকদের আন্দোলন করার অধিকার আছে। যেকোনো ধরনের শিশুশ্রমের বিপক্ষে আমাদের অবস্থান। মানবাধিকারসহ এসব বিষয়ে বিশ্বব্যাংকের অবস্থান খুব পরিষ্কার।

একটি দেশের সরকারব্যবস্থা কেমন হবে, এটা নিয়ে বিশ্বব্যাংক কোনো মন্তব্য করতে পারে না। তবে আমরা মনে করি, গণতান্ত্রিক ব্যবস্থা মানবাধিকারসহ বিভিন্ন মৌলিক অধিকার নিশ্চিত করতে বেশি কার্যকর। প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংকের ভূমিকা অর্থনৈতিক উন্নয়ন। যেসব প্রকল্পে আমরা অর্থায়ন করি, সেখানেও মানবাধিকার নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার এবং এ ব্যাপারে আমরা দৃঢ় অবস্থান বজায় রাখি।

প্রথম আলো: বাংলাদেশ সরকারের সঙ্গে কয়েক বছর আগে বিশ্বব্যাংকের কিছু ঝামেলা হয়েছিল। তবে ভালো দিক হচ্ছে, বিশ্বব্যাংক সহায়তা অব্যাহত রেখেছে। বিশ্বব্যাংক তখন যে অবস্থান নিয়েছিল, তা নিয়ে এখন কী মূল্যায়ন আপনার?

জিম ইয়ং কিম: কোন প্রকল্প নিয়ে কথা বলছেন?

প্রথম আলো: পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বলছি।

জিম ইয়ং কিম: বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতুর গুরুত্ব আমরা বুঝি। ইতিমধ্যে বাংলাদেশ সরকার পদ্মা সেতুর কাজ শুরু করে দিয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের যোগাযোগ এখনো অব্যাহত আছে। আমরা যদি পেছন ফিরে তাকাই, তাহলে বলা যেতে পারে, বিষয়টি থেকে উভয়পক্ষ অনেক কিছু শিখেছি। এটা থেকে শিক্ষা নিয়ে আমরা এখন এগিয়ে যেতে চাই। পদ্মা সেতু প্রকল্পে হয়তো বিশ্বব্যাংক অর্থায়ন করতে পারেনি কিন্তু বাংলাদেশের আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করছে। এখনো বিশ্বব্যাংকের সহজ শর্তের আইডিএ তহবিলের এক নম্বর গ্রহীতা দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশে বিশ্বব্যাংক ব্যাপকভাবে বিনিয়োগ করেছে, এটা আমরা অব্যাহত রাখতে চাই। বিনিয়োগের দিক থেকে এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আমার এই সফরে তিনটি বড় প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের ঘোষণা দিয়েছি। এর একটি পুষ্টি নিয়ে। আরেকটি হলো জলবায়ু পরিবর্তনবিষয়ক। তৃতীয়টি হলো একটি ট্রাস্ট ফান্ড। স্বাস্থ্য, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশ যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, সেটি বিশ্বের অন্যান্য দেশের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরতে ট্রাস্ট ফান্ড ব্যবহার করা হবে।

প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ​কারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সাক্ষাৎ​কারটি নেওয়া হয় l ছবি: জিয়া ইসলাম
প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ​কারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সাক্ষাৎ​কারটি নেওয়া হয় l ছবি: জিয়া ইসলাম

প্রথম আলো: বিভিন্ন প্রকল্পে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংক আগে অনেক সোচ্চার ছিল। এখন বিশ্বব্যাংক ততটা সোচ্চার নয় বলে একটা আলোচনা আছে। বিষয়টি আপনি কীভাবে দেখেন?

জিম ইয়ং কিম: দুর্নীতির বিরুদ্ধে বিশ্বব্যাংকের কঠোর অবস্থানের একচুলও পরিবর্তন হয়নি। এটা আমি বারবার বলি, দুর্নীতির বিরুদ্ধে বিশ্বব্যাংকের নীতি হচ্ছে ‘জিরো টলারেন্স’। আমরা এ নীতি নিয়েই যাত্রা শুরু করেছিলাম, এখনো সেটা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বিশ্বব্যাংকের প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়। দুর্নীতি প্রমাণিত হওয়ায় অনেক প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্বব্যাংক চুক্তি বাতিল করেছে এবং এ প্রক্রিয়া অব্যাহত আছে। দুর্নীতির অভিযোগ ওঠায় আমরা কানাডার আদালতে পর্যন্ত গিয়েছি এবং সেই মামলায় আমরা জয়ী হয়েছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান অব্যাহত রেখেছি। সেই নীতিতে কোনো পরিবর্তন হয়নি।

প্রথম আলো: এবার ছোট একটা প্রশ্ন করছি। বাংলাদেশের মানুষের কাছে আপনার উইশ বা প্রত্যাশা কী?

জিম ইয়ং কিম: বাংলাদেশের মানুষের কাছে আমার প্রত্যাশা হলো, তাঁরা যেন দ্রুত উন্নয়নের এই ধারা ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখেন। আজকের একটি আলোচনায় দক্ষিণ কোরিয়ায় আমার বেড়ে ওঠার সময় নিয়ে কথা বলছিলাম। আমার জীবনের প্রথম পাঁচ বছর কেটেছে দক্ষিণ কোরিয়ায়। সে সময় দেশটি ছিল খুবই দরিদ্র। এমনও বলা হতো যে দেশটির কোনো আশা নেই। এমনকি দক্ষিণ কোরিয়া এতটাই দরিদ্র ছিল যে বিশ্বব্যাংকের ঋণ নেওয়ার মতো সক্ষমতা পর্যন্ত সে সময়ে ছিল না। এখন কোরিয়ার দিকে তাকান।

বাংলাদেশের মানুষদের প্রতি আমার প্রত্যাশা হচ্ছে, কখনো আশা ছেড়ে দেবেন না। নিজের ও সন্তানদের শিক্ষিত করতে সম্ভাব্য সবকিছুই করে যেতে হবে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা জানি না, আগামী দিনে কী ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আসতে যাচ্ছে। আমরা জানি না, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) ও রোবট কী ধরনের প্রভাব ফেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ভালো থাকা ও শিশুদের শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া। এমন এক ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত রাখা, যার মাত্রা আমরা জানি না।

প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ​কারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সাক্ষাৎ​কারটি নেওয়া হয় l ছবি: জিয়া ইসলাম
প্রথম আলোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ​কারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১৭ অক্টোবর সাক্ষাৎ​কারটি নেওয়া হয় l ছবি: জিয়া ইসলাম

প্রথম আলো: বাংলাদেশে এটা আপনার প্রথম সফর। এ দেশের কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে?

জিম ইয়ং কিম: তাহলে বলি, আমাকে সবচেয়ে চমৎকৃত করেছে যে বিষয়টি। এখানে না এলে কেউ বুঝতে পারবে না, দেশটিকে এত মানুষ বাস করেন। ঢাকায় ১ কোটি ৭০ লাখ লোক বসবাস করেন। আর পুরো বাংলাদেশে বসবাস করেন ১৬ কোটি লোক। এত ছোট আয়তনের একটি দেশে যার অনেকখানি পানি, এত লোক বসবাস করার পরেও এবং জলবায়ু পরিবর্তনের হুমকি থাকা সত্ত্বেও দেশটি এগিয়ে যাচ্ছে ও প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে উন্নতি করার চেষ্টা করছেন। এমনকি দরিদ্র মানুষেরাও নিজেদের উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছেন। অনেক প্রতিকূলতার মাঝেও মানুষের যে কাজ করার উদ্যম, সেটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।

দ্বিতীয় যে বিষয়টি আমাকে মুগ্ধ করেছে, সেটি হলো বাংলাদেশের সামাজিক সেবা খাতের উন্নতি, যার কিছু কিছু কাজ ব্র্যাক শুরু করেছে। উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে যেসব উদ্ভাবন ঘটছে তার অনেকগুলো ঘটছে বাংলাদেশে। এ ক্ষেত্রে বিকাশের কথা বলা যায়।

সবশেষে বলতে পারি, বাংলাদেশের মতো একটি দেশ, যেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি রয়েছে, নগর অবকাঠামোর বড় ধরনের অভাবের মধ্যেও এখানে অনেক মানুষ বসবাস করে, দেশটিও ছোট। এ রকম এক দেশের মানুষ আর এত বেশি উদ্ভাবন—এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

তিন প্রত্যাশা
মানুষের কাছে
আশা হারানো চলবে না। সন্তানদের শিক্ষায় সম্ভাব্য সব কিছুই করতে হবে। প্রস্তুত হতে হবে ভবিষ্যতের জন্য
সরকারের কাছে
’২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ’৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করতে বড় সংস্কার প্রয়োজন
গণমাধ্যমের কাছে
নিজেদের স্বাধীনতা ধরে রাখতে হবে। থাকতে হবে মুক্ত ও সরাসরি কথা বলার স্বাধীনতা

প্রথম আলো: সরকারের কাছে আপনার কী প্রত্যাশা?

জিম ইয়ং কিম: ১৯৯১ সালের পর থেকে চরম দারিদ্র্য কমিয়ে আনার ক্ষেত্রে গত কয়েক দশকে বাংলাদেশের অনেক অসাধারণ অর্জন রয়েছে। তবে এখন থেকে লক্ষ্য হচ্ছে, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়া এবং ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করা। এ লক্ষ্য অর্জন করতে হলে বাংলাদেশকে বেশ কিছু বড় ধরনের কাঠামোগত সংস্কার করতে হবে। এর মধ্যে আছে ব্যবসা করার পরিবেশ উন্নত করা, শিক্ষার মান বাড়ানো ও স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নয়ন। উন্নত জীবনের জন্য মানুষের যা কিছু প্রয়োজন, সেগুলো যাতে বাংলাদেশের মানুষ পায়, তা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অনেক কাজ আছে। সব মিলিয়ে সরকারের জন্য অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো জয় করতে হবে। আর এসব ক্ষেত্রে আমাদের দিক থেকে সরকারের কাছে বার্তা হচ্ছে, এ যাত্রায় আমরা বাংলাদেশের জনগণের সেরা উন্নয়ন সহযোগী হতে চাই।

প্রথম আলো: গণমাধ্যমের কাছে কী প্রত্যাশা?

জিম ইয়ং কিম: গণমাধ্যমকে বলব, নিজেদের স্বাধীনতা ধরে রাখতে হবে। মানুষ, সরকার, এমনকি বিশ্বব্যাংকের মতো যেকোনো প্রতিষ্ঠানের বিষয়ে মুক্তভাবে এবং সরাসরি কথা বলার স্বাধীনতা থাকতে হবে।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

জিম ইয়ং কিম: আপনাদেরও ধন্যবাদ।