সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াবে : ইশফাক ইলাহী চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়ে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। এ নিয়ে দুই নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মনিরুজ্জামান এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরীর সাক্ষাৎকার ছাপা হলো। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

প্রথম আলো *প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সই হওয়া সমঝোতা স্মারকগুলো এই অঞ্চলের ভূ–রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে?

ইশফাক ইলাহী চৌধুরী *আমি মনে করি, ভারতের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে যেসব সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে, তা এই অঞ্চলের ভূ-রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। দুই দেশের স্থল ও সমুদ্রসীমা নিয়ে যে সমস্যা ছিল, তার সমাধান ইতিমধ্যে হয়ে গেছে। স্বাধীনতার পর বহিঃশক্তির কাছ থেকে বাংলাদেশের ওপর আক্রমণ আসতে পারে—এ রকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি। সামনে হওয়ার যুক্তিসংগত কোনো কারণও নেই। তবে আন্তর্দেশীয় সন্ত্রাস ও জঙ্গি সংগঠনগুলোর তরফ থেকে এই অঞ্চলের নিরাপত্তার যে ঝুঁকি রয়েছে, তার মোকাবিলায় ভারত ও বাংলাদেশের সামরিক সহযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রথম আলো *ভারত চেয়েছিল প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি হোক, বাংলাদেশ সমঝোতা স্মারকের ওপরই জোর দিয়েছিল এবং শেষ পর্যন্ত সেটিই হয়েছে।

ইশফাক ইলাহী *সমঝোতা স্মারক হলো দুই পক্ষের মধ্যে সমঝোতা বা মতৈক্য; যার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। অপরপক্ষে, চুক্তি সাধারণত একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সামরিক চুক্তি হলে সংসদে তার অনুমোদনের প্রয়োজন হয়।

প্রথম আলো *সাধারণত একটি দেশের সঙ্গে সামরিক সহযোগিতা হয়, যখন নিরাপত্তা ঝুঁকি থাকে। বাংলাদেশের ক্ষেত্রে সে রকম কিছু
ঘটেছে কি?

ইশফাক ইলাহী *অদূর ভবিষ্যতে বাংলাদেশ বা ভারতের কারও প্রতি বহিঃশত্রুর আক্রমণ হতে পারে এ রকম আশঙ্কা দেখি না। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের ক্ষেত্র হলো কাশ্মীর। কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ হতে পারে, তবে ১৯৭১ পর তাদের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ কখনো বাধেনি। অন্যদিকে সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চীনের বিরোধ রয়েছে, উত্তর-পূর্বে অরুণাচল ও উত্তর-পশ্চিমে কাশ্মীরের লাদাখ অঞ্চলে। ১৯৬২ সালের পর এই দুই দেশের মধ্যে কখনো সামরিক সংঘর্ষ হয়নি; উভয়ে সীমান্তে স্থিতাবস্থা মেনে নিয়েছে। আমার ধারণা, তারা সামরিক সংঘর্ষ এড়িয়ে চলবে। এমনকি কখনো যদি সংঘর্ষ হয়ও, তা নিতান্ত সীমান্তেই সীমাবদ্ধ থাকবে।

প্রথম আলো *সম্ভাব্য ভারত-চীন সামরিক সংঘর্ষে বাংলাদেশের জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে কি?

ইশফাক ইলাহী *ভারত-চীন সামরিক সংঘর্ষের সম্ভাবনা নেই বললেই চলে। এরপরও সংঘর্ষ যদি লাদাখ অঞ্চলে ঘটে, তা বাংলাদেশে প্রভাব ফেলবে না। তবে অরুণাচলে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বাংলাদেশকে সতর্কতার সঙ্গে নিরপেক্ষ ভূমিকা বজায় রাখতে হবে।

প্রথম আলো *বন্ধুরাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ-ভারতের সীমান্তে উত্তেজনা ও প্রাণহানি কেন?

ইশফাক ইলাহী *সীমান্তে যে উত্তেজনা ও হত্যাকাণ্ড ঘটে তার প্রধান কারণ চোরাচালান, বিশেষ করে গরু চোরাচালান। চোরাচালান বন্ধে দুই পক্ষকেই কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে যৌথ ইশতেহারে। দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ সহজ করতে হবে। কাঁটাতারের বেড়া দিয়ে যে সীমান্ত ভাগ করা হয়েছে, তা তুলে দিয়ে গভীরতর মানবিক সম্পর্ক স্থাপন করতে হবে।

প্রথম আলো *সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে আমরা কেন অনেক বেশি চীনের ওপর নির্ভরশীল?

ইশফাক ইলাহী *স্বাধীনতার পর আমরা প্রথম অস্ত্র কিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়া থেকে। আমাদের নৌবাহিনীকে সহায়তা দিয়েছিল যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ বিমান ও নৌবাহিনীকে সহায়তা করেছে। পঁচাত্তরের পরই আমরা চীনের দিকে ঝুঁকে পড়ি। আমরা অস্ত্র কিনি নগদ অর্থে। কোনো দেশের কাছ থেকে সামরিক সহায়তা বা সাহায্য নিই না। সম্প্রতি রাশিয়া থেকে আমরা ১০০ কোটি ডলারের বিভিন্ন সমরাস্ত্র কিনেছি। আমি মনে করি, অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে একটি বা দুটি দেশের ওপর নির্ভরশীল না থেকে আমাদের বহুমুখী হওয়াই উত্তম।

প্রথম আলো *চীন থেকে সাবমেরিন কেনায় ভারতের সামরিক বিশ্লেষকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। আপনি বিষয়টি কীভাবে দেখছেন?

ইশফাক ইলাহী *সাবমেরিন শত্রুর যুদ্ধজাহাজ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। ভারতের সামরিক বিশ্লেষকেরা মনে করেছেন, বাংলাদেশের চীনা সাবমেরিন ক্রয় বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি বাড়াতে পারে। দক্ষিণ চীন সাগর যেমন চীনের প্রভাব বলয়ের অন্তর্গত, তেমনি ভারতের দৃষ্টিতে বঙ্গোপসাগর তাদের প্রভাব বলয়ের অন্তর্ভুক্ত। ভারতীয় সামরিক বিশ্লেষকেরা তাদের প্রভাব বলয়ে চীনের প্রবেশের বিরোধী। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সাবমেরিনগুলো বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। অতএব, ভারতের এ ব্যাপারে আশঙ্কার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর সফরে যে সমঝোতা স্মারক সই হয়েছে, আশা করি তার ফলে ভারতের উদ্বেগ দূর হবে।

প্রথম আলো *অনেকের অভিযোগ, এই সমঝোতা স্মারকের জালে বাংলাদেশের ওপর ভারতের সামরিক প্রভাব বাড়বে?

ইশফাক ইলাহী *৫০ কোটি ডলারের যে ঋণ সহায়তা ভারত দিচ্ছে, তা দিয়ে আমরা ভারত বা অন্য কোনো দেশ থেকে পছন্দমতো সমরাস্ত্র কিনতে পারব। যেখানে আমাদের সামরিক বাজেট ৩০০ কোটি ডলারের, সেখানে ৫০ কোটি ডলারের অস্ত্র ক্রয় কোনোভাবেই ভারতের প্রতি নির্ভরতা বাড়াবে না। বরং এটিকে পারস্পরিক আস্থা অর্জনের পদক্ষেপ হিসেবে দেখা উচিত। ভারতের এই সহায়তা আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে। দুই দেশের মধ্যে যতই আদান-প্রদান ও সংযোগ বাড়বে, ততই অবিশ্বাস ও সন্দেহের আবহ দূর হয়ে বিশ্বাস ও বন্ধুত্বের বন্ধন বাড়বে।

প্রথম আলো *আপনাকে ধন্যবাদ।

ইশফাক ইলাহী *আপনাকেও ধন্যবাদ।