>উগো পাপি ইতালির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক উপদেষ্টা। ২০০৬-০৭ সালে তিনি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৭-১১ সালে মিয়ানমারে ইউরোপীয় ইউনিয়নের দূত ছিলেন। গত ২৭ জুন ২০১৭ ইতালির পার্লামেন্ট ভবনে তাঁর এই সাক্ষাৎকার নেওয়া হয়।

প্রথম আলো l হোলি আর্টিজান বেকারি হামলার এক বছর পূর্তি উপলক্ষে আপনার মন্তব্য?
উগো পাপি l আমরা প্রথমে ভেবেছিলাম এটা ইতালি ও তার জনগণের বিরুদ্ধে পরিচালিত কোনো আক্রমণ, এটা শুধুই বিদেশি নাগরিকের বিরুদ্ধে হামলা নয়। কিন্তু আমরা দ্রুত বুঝতে পারি যে ঘটনা সেটা নয়। সন্ত্রাসীরা হোলি আর্টিজানকে বেছে নিয়েছিল, কারণ সেখানে বিদেশিদের যাতায়াত ছিল। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে সহযোগিতা দিই এবং এ বিষয়ে সৃষ্টি হওয়া বিতর্কের দিকে নজর রাখি। বাংলাদেশের সন্ত্রাসীদের অভ্যন্তরীণ টার্গেট রয়েছে, কিন্তু তাদের সেভাবে বৈশ্বিক সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। আইএস বা আল-কায়েদার মতো তাদের আন্তর্জাতিক অ্যাজেন্ডা নেই। তাদের অত শক্তি নেই।
প্রথম আলো l তার মানে ওই হামলার লক্ষ্য আন্তর্জাতিক ছিল না, শুধুই অভ্যন্তরীণ ছিল?
উগো পাপি l আমি বলতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তাদের সংশ্লিষ্টতা দেশের অতীত ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। স্বাধীনতা লাভের পর কিছু গোষ্ঠী সন্ত্রাস শুরু করেছিল, তাদের অনেকে দেশের স্বাধীনতার বিরোধী ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা চিন্তা করে যে কিছু আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা দরকার। তারা ভেবেছে, আইএস ও আল-কায়েদার সঙ্গে কিছু যোগসূত্র তৈরি করলে তারা বেশি গুরুত্ব পাবে। কিন্তু তারা সেই লক্ষ্য অর্জনে এসব সংগঠনের প্রতীক এবং নামধাম ব্যবহার করতে শুরু করে। তারা জানে যেকোনো হামলা আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য ও আঘাত তৈরি করে। কিন্তু এসব গোষ্ঠী মৌলিকভাবে অভ্যন্তরীণ।
প্রথম আলো l আপনার মূল্যায়ন সরকারি মূল্যায়নের কাছাকাছি। তারাও দাবি করে, আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর সঙ্গে স্থানীয় গোষ্ঠীগুলোর কোনো সম্পর্ক নেই।
উগো পাপি l এটা আমি পুরোপুরি সমর্থন করি না। হয়তো ৮০ ভাগ করি, ২০ ভাগ করি না। কারণ, ইউরোপে আমরা অতীতে দেখেছি, আল-কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক খুবই শিথিল। কিন্তু এখন ইন্টারনেট আসার কারণে বাস্তবতা বদলেছে। আমার বা আপনার দেশে আইএসের সদস্যসংখ্যা যা-ই হোক না কেন, তাদের পক্ষে ইন্টারনেট ব্যবহার করে সক্রিয় হওয়া সম্ভব। এতটুকুই এসব সন্ত্রাসী গোষ্ঠীর জন্য যথেষ্ট। যেটা মনে রাখতে হবে সেটা হলো, এদের পক্ষে খুব সহজেই আইএসের মতো গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা সম্ভব এবং তারা তাদের একটা অংশে পরিণত হওয়ার চেষ্টা চালিয়ে যাবে। যদিও তারা অভ্যন্তরীণ কারণে অভ্যন্তরীণভাবে বেড়ে উঠেছে। এই উপায়ে তারা নিজেদের গুরুত্ব বাড়াতে পছন্দ করবে।
প্রথম আলো l কিন্তু আইএস হোলি আর্টিজানসহ আরও কিছু হামলার দায় স্বীকার করেছে।
উগো পাপি l এ রকমটা কিন্তু বড় সন্ত্রাসী হামলা হলেই তারা দাবি করে থাকে। তারাও নিজেদের গুরুত্ব বাড়াতে এটা করে থাকে। তারা বিশ্বকে বলার চেষ্টা করছে, আমরা সর্বত্র আছি। আমরা শক্তিশালী, সর্বত্র হামলা করতে পারি। সম্প্রতি মিয়ানমারে এবং এর আগে থেকে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় এ রকম কিছু অভ্যন্তরীণ সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দেখা গেছে। তাদের সঙ্গে আগে আল-কায়েদা ও আইএসের মতো সংগঠনের কোনো যোগাযোগ ছিল না। কিন্তু এখন প্রত্যেকেই বিবেচনায় নিয়েছে যে আন্তর্জাতিক যোগসূত্র থাকাটা তাদের স্বার্থের রক্ষাকবচ। তবে এটা তারা ইন্টারনেটের মাধ্যমেই রাখতে আগ্রহী। এই সম্পর্ক ডিজিটাল। সে কারণে এটা বলা যায় না যে তারা আইএস বা আল-কায়েদার কোনো স্থানীয় গোষ্ঠী। হয়তো আপনার দেশে কোনো আইএস সদস্য নেই। হয়তো তারা সংখ্যায় অল্প। ইউরোপেও হয়তো তাই। বিদেশি যোদ্ধা হিসেবে সিরিয়া বা লিবিয়া থেকে প্রত্যাগত কিছু আছে। তারা নিজেদের আইএস দাবি করতে পারে। হামলাকারীরা নিজেদের একটি আন্তর্জাতিক মুভমেন্টের অংশ মনে করতে পারে। কিন্তু ওই সংগঠনের সঙ্গে তাদের কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক নেই। তারা মূলত অভ্যন্তরীণ টার্গেট পূরণ করতেই সন্ত্রাস করছে।
প্রথম আলো l কিন্তু ইতালি কেন নিজেকে আক্রান্ত মনে করেছিল? আপনাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছিলেন।
উগো পাপি l আমরা ভয় পেয়েছিলাম। তবে সেটা নিহত ব্যক্তিদের মধ্যে সংখ্যাধিক্যের (২০ জনের মধ্যে ৯ জন ইতালীয়) কারণেই। আর আমাদের সরকার যেটা বলেছিল, সেটা আবেগপ্রসূত ছিল। জনমতের চাপেও একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয়। আমরা বলেছিলাম, বাংলাদেশ সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে আইএস নেই, শুধু এটা নিশ্চিত করার মধ্যে থাকলে হবে না।
প্রথম আলো l ইতালীয় সংসদ বা গোয়েন্দা সংস্থা কি এ বিষয়ে কোনো প্রতিবেদন তৈরি বা প্রকাশ করেছে?
উগো পাপি l নির্দিষ্ট কোনো তদন্ত প্রতিবেদনের কথা আমার জানা নেই। হামলার পরপরই আমরা আপনাদের সরকারকে যৌথ তদন্ত অনুষ্ঠানের কথা বলেছি। বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনের সঙ্গে ইতালির অভিন্ন স্বার্থ রয়েছে। আমি এর আগে যদিও অভ্যন্তরীণ কারণের কথা বলেছি, কিন্তু একই সঙ্গে বলব, এটা গুরুত্বপূর্ণ যে তারা আইএসের পতাকা ব্যবহার করেছিল। উদাহরণস্বরূপ, সিরিয়ায় আইএস যদি তাদের তৎপরতা অব্যাহত রাখে, তাহলে তারা কিন্তু বাংলাদেশসহ এ ধরনের অভ্যন্তরীণ সন্ত্রাসী গোষ্ঠী বিশ্বের যেখানেই সক্রিয় রয়েছে, তাদের কাছে একটি আদর্শগত রেফারেন্স হিসেবে ব্যবহার করবে। তারা তাদের দেশের জনগণকে বলবে, দেখো, আমি কিন্তু শুধু অভ্যন্তরীণ কারণে লড়াই করি না, আমি একটি আন্তর্জাতিক যুদ্ধে শামিল আছি। তাই আইএসবিরোধী সংগ্রামে নিয়োজিত থাকাটা বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ।
প্রথম আলো l আইএস বা অন্য কোনো গোষ্ঠীর নামে ইতালির ভূখণ্ডে এ পর্যন্ত কতটি সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। হলে সেটা কী কারণে?
উগো পাপি l এ পর্যন্ত ইতালির মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী হামলা হয়নি।
প্রথম আলো l আপনারা ভাগ্যবান।
উগো পাপি l আমরা বলি, দুটোই। হয়তো আমরা শুধুই ভাগ্যবান। অন্যদিকে ইইউর অন্য দেশগুলো বলে, আমরা সম্ভাব্য সন্ত্রাস মোকাবিলায় অধিকতর প্রস্তুত।
প্রথম আলো l তার মানে আপনাদের আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা অসামান্য?
উগো পাপি l না, আমরাই শ্রেষ্ঠ সে কারণে নয়। আমরা ফ্রান্স, জার্মান বা ব্রিটিশদের থেকে উন্নত, তা আমরা মনে করি না। সত্তরের দশকে আমরা গুরুতর সন্ত্রাসবাদজনিত জরুরি অবস্থা মোকাবিলা করেছি। সেটা ছিল অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। রেড ব্রিগেডের সন্ত্রাসের বিষয় অনেকেই স্মরণ করতে পারবেন। আমরাও অতীতে এটা খুঁজেছি যে তাদের কোনো বিদেশি আদর্শগত বিষয় আছে কি না। তারা বামপন্থী ছিল, আর সেটা ছিল একটা আদর্শগত সন্ত্রাসবাদ। আমরা তা পরাস্ত করতে পেরেছি। তারা ২০ থেকে ৩০ বছর কারাদণ্ড পেয়েছিল। তারা কারামুক্ত হয়েছে। আমরা এখন তাদের স্বাভাবিক মানুষ হিসেবেই গণ্য করি। সত্তর থেকে নব্বইয়ের দশক পর্যন্ত আমাদের বিশেষ পুলিশ বাহিনী তাদের দমাতে লড়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক উভয়ভাবে।
প্রথম আলো l সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের নির্বাচন ও তার গণতান্ত্রিক ঘাটতি নিয়ে কিছু উদ্বেগ আছে। ইতালির ক্ষমতাসীন দলের একজন বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে আপনার মূল্যায়ন?
উগো পাপি l গণতন্ত্র একটি প্রক্রিয়া। এর কোনো নির্দিষ্ট অবয়ব নেই। তাই বাংলাদেশকে আমি নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করে দুষব না। আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন, তখন আপনাকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে স্বীকৃতি দিতে হবে। এটা ক্রিকেট খেলা। খেলার আগে আমরা কিন্তু দুই পক্ষকে একত্রে বিধান নির্দিষ্ট করতে দেখি। গণতন্ত্রও তাই। বাংলাদেশে দেখা যাচ্ছে নির্বাচনে জয়ী দল ভাবতে শুরু করে, তারাই দেশ শাসনের শতভাগ সামর্থ্য রাখে। এরপর তারা সংবাদপত্রের স্বাধীনতা, ভিন্নমত ও বিরোধী দল অবদমনে ব্রতী হয়। এই দৃষ্টিভঙ্গি গণতন্ত্রের জন্য খুবই ভয়ংকর। নির্বাচনে কেউ জয়ী হলেও তার কিন্তু দেশ পরিচালনার যে সম্মত শর্ত, তা বদলে যায় না। রাজনীতিতে নির্বাচনে হেরে যাওয়া দলের কোনো অধিকার ক্ষুণ্ন হয় না। আপনাকে এই মান বজায় রাখতে হবে। রাষ্ট্রীয় সংস্থা ও বাহিনীগুলোকে ব্যবহার করে আপনি বিরোধী দল দমন করতে পারেন না। সেটা করলে বিরোধী দল ভাবতে পারে, তাদের টিকতে হলে সহিংস পথে যেতে হবে।
প্রথম আলো l বাংলাদেশে উগ্রপন্থীদের একটা রাজনৈতিক উত্থানের বিষয়ে অনেকে শঙ্কিত।
উগো পাপি l আমি সে বিষয়ে অবগত আছি। এটি একটি বিপদের কথা। সে কারণে আমি মনে করি, একটি উন্মুক্ত গণতন্ত্র এ ধরনের আশঙ্কাকে এড়িয়ে চলতে পারে।
প্রথম আলো l আপনি কিছু বাংলা বলতে পারছেন। কতবার বাংলাদেশে গেছেন?
উগো পাপি l তিনবার। আশির দশকের গোড়ায় প্রথম গিয়েছিলাম ছাত্র থাকতে। শেষবার আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে। আমরা দুজন সাংসদ গিয়েছিলাম। অন্যজন হলেন খালেদ চাওকি (মরক্কো বংশোদ্ভূত)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তিনি ইতালিকে পুনরায় আশ্বস্ত করেছিলেন যে অভিযুক্ত সন্ত্রাসী গোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস করতে তাঁর প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে। আর সেটা সম্ভব, কারণ তাদের অভ্যন্তরীণ শিকড় রয়েছে। আমরাও বলেছি, আমাদের ব্যবসায়ী ও অন্য পেশাজীবীরা বাংলাদেশে তাঁদের কার্যক্রম অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছেন। আমরা নিশ্চিত হয়েছি যে সন্ত্রাসীরা, যারা এটা করেছে, তাদের মনে নির্দিষ্টভাবে ইতালির বিরুদ্ধে কোনো ঘৃণা বা বিদ্বেষ ছিল না। তারা ইতালিকে দায়ী করেও কোনো বক্তব্য দেয়নি। হোলি আর্টিজান একটি খোলা রেস্তোরাঁ, বিদেশিরা সেখানে যায়, তাই তারা সেই সুযোগটাই নিয়েছে।
প্রথম আলো l নিহত নয়জনের পরিবারের মধ্যে অন্তত একটি পরিবার সাহায্যের জন্য বাংলাদেশ সরকারকে অবহিত করেছে বলে জানা গেছে। আপনার সরকার কোনো ক্ষতিপূরণ দিয়েছে কি?
উগো পাপি l এটা আমরা এখনো আলোচনা করছি। তারা বিভিন্ন অঞ্চলের, তাই সবার জন্য একটি নিয়ম প্রযোজ্য হবে না। প্রত্যেকের বিষয় আলাদা করে দেখা হচ্ছে।
প্রথম আলো l ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সোবহান শিকদার মনে করেন ঢাকা-রোম সম্পর্কে ক্ষত যেটা হয়েছিল, সেটা শুকিয়ে গেছে। আপনি একমত?
উগো পাপি l পুরো একমত। ঢাকায় ইতালির দূতাবাসও বলেছে, ইতালীয় ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ এখন পুরোপুরি নিরাপদ। হোলি আর্টিজানের বিয়োগান্ত অধ্যায়টি ইতালির জন্য একটি বিচ্ছিন্ন দুঃস্বপ্ন মাত্র।
প্রথম আলো l আপনি কি হোলি আর্টিজানের ঘটনায় নিহত বাংলাদেশি তরুণ ফারাজের ঘটনাটি সম্পর্কে অবহিত?
উগো পাপি l এই আত্মত্যাগের কাহিনি সহজে ভুলে যাওয়া যাবে না। ফারাজের সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ এই ভেবে স্বস্তি পেতে পারে যে তার বুকে ফারাজের মতো তরুণের জন্ম হয়েছে।
প্রথম আলো l আপনাকে ধন্যবাদ।
উগো পাপি l ধন্যবাদ।