সাবমেরিন ক্রয় ভারতের বিরুদ্ধাচরণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক সোবহানের জন্ম ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর। রাষ্ট্রদূত ও হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মালয়েশিয়া, চীন ও ভারতে। ১৯৯২-৯৭ সালে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১৯৯৭-৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে ৪০টির বেশি দেশ সফর করেন। বর্তমানে বেসরকারি থিংকট্যাংক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান
ফারুক সোবহান
ফারুক সোবহান

প্রথম আলো : ট্রাম্পের আমলে চীন-রাশিয়া সম্পর্কে কোনো পরিবর্তন বা দক্ষিণ এশিয়ায় তার প্রভাব কি আশা করেন?
ফারুক সোবহান : চীন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান কৌশলগত অংশীদারত্বে পরিবর্তন আসবে বলে মনে করি না। ইতিমধ্যেই এই ইঙ্গিত স্পষ্টভাবে ফুটে উঠেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কম সম্পৃক্ত হবে এই বিবেচনায় আসিয়ান দেশগুলো চীনের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে। এ অঞ্চলের কিছু দেশ ইতিমধ্যে চীনের দিকে ঝুঁকে পড়েছে। এটা বলা যায় যে ট্রাম্পের আমলে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রভাব চীনের থেকে অনেক কম হবে।
প্রথম আলো : আপনি কি মনে করেন যে রোহিঙ্গা সমস্যা ওই নবতর বিন্যাসে কিছু সমস্যার সৃষ্টি বা প্রভাব ফেলবে?
ফারুক সোবহান : না, রোহিঙ্গা সমস্যার একটা নিজস্বতা রয়েছে। অবশ্যই বাংলাদেশ আশা করবে যে বৃহৎ শক্তিগুলো, বিশেষ করে মিয়ানমারের প্রতিবেশীরা মিয়ানমারকে বোঝাবে যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। তবে এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের, বিশেষ করে  চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমর্থন লাভে বাংলাদেশের নিজস্ব কূটনীতির সামর্থ্য অনেকাংশে নির্ভর করবে। আমি মনে করি, ইউরোপ ও আসিয়ানের অধিকাংশ দেশ থেকে আমরা সমর্থন ও সহানুভূতি পাব বলে ধরে নিতে পারি। তবে মুখ্য প্রশ্ন থাকবে এ ধরনের সহানুভূতিকে আমরা রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের অবস্থান পরিবর্তনে কোনো নির্দিষ্ট পদক্ষেপে রূপ নেওয়াতে পারব, নাকি শুধুই নীরব কূটনীতির ওপর নির্ভরশীল থাকব। আমরা কি উদ্বাস্তু সমস্যাকে মানবিক, নাকি নিরাপত্তার সংকট হিসেবে দেখব। আমরা বহুমুখী উপায়ে উদ্যোগ নিতে পারি।

প্রথম আলো : চীন ও ভারত বাংলাদেশের রূপকল্প ২০২১ বাস্তবায়নে কীভাবে সাহায্য করতে পারে?

ফারুক সোবহান : আগামী চার-পাঁচ বছরে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ভারত ও চীনের সঙ্গে একটা সহাবস্থানে থাকাই শুধু নয়, উভয় দেশের সঙ্গে একটি গঠনমূলক অংশীদা​রত্বে নিজেদের যুক্ত রাখা। তিন দেশই যাতে এই সম্পর্ককে সবার জন্য সুবিধাজনক হিসেবে গণ্য করতে পারে। পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের উচিত ভারত ও চীনের সঙ্গে একটি ত্রিমুখী সম্পর্ক তৈরি করা। যদি সেটা আমরা করতে পারি, তাহলে ৮-১০ ভাগ প্রবৃদ্ধি অর্জন এবং এর ফলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারি। এ ধরনের অংশীদারত্ব মিয়ানমারকে বিভিন্ন কানেকটিভিটি ইস্যুতে সম্পৃক্ত হতে উৎসাহিত করতে পারে।

প্রথম আলো : ওবামার যুক্তরাষ্ট্রের এশিয়া ঘেরাও নীতির তীব্রতা কি বজায় থাকবে?

ফারুক সোবহান : আমি তা মনে করি না। আমি যদি ট্রাম্পের এশিয়ানীতি ঠিকভাবে বুঝতে পারি, তাহলে তিনি এ সংকেত দিচ্ছেন যে এশিয়া এখন এশিয়ার। তাই ওবামার আমলের মতো যুক্তরাষ্ট্র আর এশিয়ায় তার প্রতিরক্ষা সমর্থন দিতে ইচ্ছুক নয়। কোনো এক
সময়ে ট্রাম্প চীনের জন্য এই পথ উন্মুক্ত করে দেবেন যে যাতে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের অসামান্য প্রভাবকে আর চ্যালেঞ্জ করা হবে না।

প্রথম আলো : বাংলাদেশ এর আগে রাশিয়ার কাছ থেকে মিগ-২৯ ক্রয়ের সময় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু চীনের কাছ থেকে সাবমেরিন কেনা নিয়ে তারা কোনো অসন্তোষ প্রকাশ করছে না। কোনো মন্তব্য?

ফারুক সোবহান : আপনি বলতে চাইছেন যে চীনের কাছ থেকে আমাদের সাবমেরিন ক্রয় নিয়ে যুক্তরাষ্ট্র অন্তত প্রকাশ্যে কোনো নেতিবাচক মন্তব্য করতে উৎসুক হয়নি। অন্যদিকে ভারত বা অন্তত ভারতীয় গণমাধ্যম এই ক্রয়ের বিষয়ে বেশ সমালোচনামুখর।

প্রথম আলো : আমরা এটাই দেখছি যে ভারতীয় গণমাধ্যমে তাদের দেশের সাবেক নৌবাহিনীপ্রধানসহ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কিছুটা উষ্মা প্রকাশ করেছেন। এটা কি কিছুটা টানাপোড়েন তৈরি করবে?

ফারুক সোবহান : না। আমি মনে করি, হয়তো আমাদের প্রধানমন্ত্রী যখন ভারত সফরে যাবেন, যা সম্প্রতি সফরের দিনক্ষণ–সংক্রান্ত সমন্বয়ের কারণে পিছিয়ে যায়, তখন ওই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এবং কোনো সন্দেহ নেই, প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করবেন যে সাবমেরিন ক্রয় কোনোভাবেই ভারতের বিরুদ্ধে পরিচালিত কোনো পদক্ষেপ নয়। বাংলাদেশ ভারত ও চীন উভয়ের সঙ্গে সমানভাবে
বন্ধুত্ব বজায় রাখতে চায়। এটা এমন এক সম্পর্ক, যেখানে তিন দেশই একত্রে সামগ্রিক বিষয়ে কাজ করতে পারে। বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে এটা বলা যায় যে আমাদের একটি সেনাবাহিনী, একটি বিমানবাহিনী ও একটি নৌবাহিনী থাকবে, যা ১৬ কোটি লোকসংখ্যার স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ। আমাদের নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিধানে নিজস্ব স্বার্থ রয়েছে। কোনো দেশের বিরুদ্ধে আমাদের কোনো আগ্রাসী বা আক্রমণাত্মক মনোভঙ্গি নেই। সুতরাং, এই সাবমেরিনগুলো আমাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের রক্ষাকবচ হিসেবে ক্রয় করা হয়েছে।

প্রথম আলো : রুশ রাষ্ট্রনিয়ন্ত্রিত স্পুটনিক অনলাইনে একজন রুশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ মন্তব্য করেছেন যে শুধু মর্যাদা বৃদ্ধির কারণেই চীন থেকে কিছু সেকেলে সাবমেরিন ক্রয় করা হয়েছে। তাই এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ফারুক সোবহান : আমার এটাই বলা উচিত যে এ বিষয়ে ভারতের নিশ্চয়ই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে আমি রুশ বিশেষজ্ঞের অভিমতের ওপর মন্তব্য করব না। এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা বলবেন। আমি শুধু বলব, একটি স্বাধীন দেশ হিসেবে সাবমেরিন ক্রয়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিশ্চিতভাবেই সরকার জাতীয় স্বার্থেই করেছে।

প্রথম আলো : টাইমস অব ইন্ডিয়ায় খবর ছাপা হয়েছিল, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর একটি প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক চুক্তি করার বিষয়ে তাঁর ঢাকা সফরকালে আলোচনা করে থাকতে পারেন। আপনার কী ধারণা বা এর কোনো তাৎপর্য বা প্রয়োজনীয়তা?

ফারুক সোবহান : আমি প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক চুক্তির কথা শুনেছি। কিন্তু এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। এটা খুবই সম্ভব যে চীন ও ভারতের সঙ্গে একটি গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এভাবে দেখতে পারে যে চীনের সঙ্গে যেহেতু অামাদের একটি ঐতিহ্যগত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে; তাই এখন ভারতের সঙ্গে অন্তত আমাদের প্রতিরক্ষা সহযোগিতা কিছুটা শক্তিশালী করার মাধ্যমে সেখানে একটা ভারসাম্য আনা প্রয়োজন। আমরা ইতিমধ্যেই ভারতের সঙ্গে কিছু যৌথ মহড়া ও যৌথ প্রশিক্ষণ কর্মসূচি পালন করেছি। সুতরাং, এমন বিদ্যমান সহযোগিতাই এখন একটি রূপরেখা চুক্তির মধ্যে নিয়ে আসা হবে। চীনের সঙ্গে আমাদের এ রকমই একটা ব্যবস্থা রয়েছে। সুতরাং, আমার ধারণা, এটা হলো ভারত ও চীনের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা।

প্রথম আলো : একটা উদ্বেগ রয়েছে যে ভারতকে বাংলাদেশ একতরফা সুবিধা দিয়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তিস্তা চুক্তি সম্পন্ন হলো না।

ফারুক সোবহান : ভারত-বাংলাদেশের সম্পর্কে ইতিমধ্যে যে উন্নতি ঘটেছে, তাতে আমি চারটি বিষয় নির্দিষ্টভাবে বলতে চাই। জ্বালানি সহযোগিতায় বিরাট সাফল্যের গল্প রয়েছে। ভারত থেকে আমরা ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ আমদানি করছি এবং ভবিষ্যতে নেপাল ও ভুটান থেকেও বিদ্যুৎ আমদানির পথ ভারত পরিষ্কার করে রেখেছে। দ্বিতীয়ত, ভারতের বাজারে শুল্ক ও কোটামুক্তভাবে পণ্য রপ্তানি করা যাচ্ছে। আমরা যখনই কানেকটিভিটি উন্নত এবং কিছু বিদ্যমান অশুল্ক বাধা অপসারণ করতে পারব, ভারত তখন বাংলাদেশের পণ্য রপ্তানির অন্যতম বৃহত্তম বাজারে পরিণত হতে পারে। শুধু ভারতের বাজারে আগামী ১০ বছরে আমরা ২০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে পারি। কিন্তু সে জন্য অশুল্ক বাধা অপসারণ এবং কানেকটিভিটি উন্নত করতে হবে। তৃতীয়ত, কানেকটিভিটি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের জন্য শুধু ট্রানজিট নয়, এটা ভারতের ভেতর দিয়েও নেপাল ও ভুটান আমাদের বন্দর ব্যবহার করতে পারবে। চতুর্থত, আমরা যদি আমাদের অবকাঠামো ও কানেকটিভিটি উন্নত করতে পারি, তাহলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ সহজতর হবে। আর তখন তা ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে। ভারতীয় উৎপাদকেরা তখন বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের বাজার পাবেন। তখন তাঁরা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন ও জাপানে পণ্য পাঠাতেও বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা ভোগ করতে পারবেন।

প্রথম আলো : মার্কিন-ভারত সম্পর্কের নিরিখে ট্রাম্প আমলে বাংলাদেশের ওপর কী প্রভাব লক্ষ করেন?

ফারুক সোবহান : আমি মনে করি, ওয়াশিংটনে আমাদের দূতাবাসকে অত্যন্ত সক্রিয় হতে হবে। আমরা যদি ওয়াশিংটনকে জানাতে চাই যে বাংলাদেশ বিশ্ববাজারে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যদি আমরা মার্কিন বাজারে আমাদের স্বার্থ সমুন্নত করতে চাই, তাহলে নতুন প্রশাসনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরে সম্ভাব্য যেসব ব্যক্তি আসবেন, তাঁদের বিষয়ে খোঁজখবর রাখতে হবে।

প্রথম আলো : রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশের কী করা উচিত?

ফারুক সোবহান : ১৯৭৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং ১৯৯১-৯২ সালে অতিরিক্ত পররাষ্ট্রসচিব হিসেবে আমি রোহিঙ্গা শরণার্থীর সমস্যা মোকাবিলার দায়িত্বে ছিলাম। তখন তাদের রোহিঙ্গাই বলেছি। মিয়ানমার তখন বাঙালি ও অবৈধ অভিবাসী হিসেবে দেখেনি। আগের দুই পর্বে প্রায় তিন লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারকে আমাদের আশ্বস্ত করা দরকার যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখা তাদের স্বার্থের জন্যই সব থেকে অনুকূল। সংগঠনের উচ্চপর্যায়ের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অং সান সু চিকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হতে পারে একটি উত্তম উদ্যোগ। এ ছাড়া চীন ও ভারত, আমাদের এই দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সহায়তা চাইতে পারি, অবশ্য ইতিমধ্যে যদি সেটা আমরা না করে থাকি।

প্রথম আলো : আপনাকে অনেক ধন্যবাদ।

ফারুক সোবহান : আপনাকেও ধন্যবাদ।

এই সাক্ষাৎকারের পূর্ণাঙ্গ ইংরেজি ভা​েষ্যর জন্য দেখুন http://en.prothom-a:o.com/