
>ড. এ এস এম মাকসুদ কামাল। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন। কোভিড-১৯ এর প্রেক্ষাপটে বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলা বিষয়ে জুম মাধ্যমে মুখোমুখি হন প্রথম আলোর। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান।
প্রথম আলো: আম্পান আঘাত হানা এলাকার বাঁধগুলো ৬০ বছরের পুরোনো, ২০ বছর আগেই মেয়াদ পেরিয়েছে। সত্য?
মাকসুদ কামাল: পাকিস্তান আমলে সেচের স্বার্থে এগুলো তৈরি। পরে শুধু সংস্কার ও লম্বালম্বিভাবে বাড়ানো হয়েছে। কিন্তু তার সবটাই অবৈজ্ঞানিকভাবে এবং বাঁধের সামনে বনাঞ্চল সৃষ্টি না করেই। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যানবাহন চলাচল, বাঁধ কেটে চিংড়ির ঘেরে লোনাপানি ঢোকানো এবং সার্বিক রক্ষণাবেক্ষণের অভাবে আমরা সংকটে পড়েছি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকবল বহুলাংশে কমেছে। এর মনিটরিং খুবই দুর্বল। সিডর ও আইলায় যে সংকট ছিল, আম্পানেও তাই একই সংকট। এ থেকে আমরা বের হতে পারছি না।
প্রথম আলো: বাঁধগুলো সমুদ্রতীরবর্তী অঞ্চলে ১৫ ফুট এবং ভেতরে ১২ থেকে ১৪ ফুট। অথচ আম্পান অধিকাংশ এলাকায় ১২ থেকে ১৫ ফুটের মধ্যে আঘাত হানে। তাই সর্বত্র কমপক্ষে ১৫ ফুট উচ্চতায় বাঁধ তৈরি আবশ্যিক কি না?
মাকসুদ কামাল: জলোচ্ছ্বাসের সর্বোচ্চ উচ্চতা ১৮ ফুট। তাই আমাদের সব বাঁধ ১৮ ফুটের ওপরে হতেই হবে। ধরা যাক, আমরা বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রির মধ্যে সীমিত রাখতে পারলাম। কিন্তু সেই বিবেচনাতেও বাঁধগুলোর বর্তমান উচ্চতায় ভরসা করা যাবে না। কারণ, বঙ্গোপসাগর অঞ্চলে গত ১২ বছরে দুটি সুপার সাইক্লোনসহ ১৩টি সাইক্লোন আঘাত হেনেছে। অতীতে এতটা ঘন ঘন ঘটেনি। সামনে এটা আরও শুধু বাড়বেই না, কম সময়ের ব্যবধানে আম্পানের মতো সুপার সাইক্লোন আরও আসার শঙ্কা রয়েছে।
প্রথম আলো: ড. আইনুন নিশাত বলেছেন, সাতক্ষীরা ও খুলনার বহু জায়গায় নদী বাঁধের কিনারে এসেছে, অনেক স্থানে বাঁধের অর্ধেকের বেশি ভেঙেছে। তাই আম্পানে আরও বাঁধ তলানোয় বিস্ময় নেই। তার মতে, এটা অত্যন্ত দুঃখ ও লজ্জার কথা।
মাকসুদ কামাল: দুর্যোগ আমরা বন্ধ করতে পারব না। পারব ভালো প্রস্তুতি নিয়ে ক্ষয়ক্ষতি কমাতে। আর্থিক বা জনবলসংকটে পাউবোর যা পদক্ষেপ নেওয়ার কথা ছিল, তাতে ঘাটতি আছে। সে কারণেই এটা ঘটেছে। গত ৬০ বছরের ঐতিহাসিক ট্রেন্ড বিশ্লেষণে দেখা যায়, আগে বড় সাইক্লোন খুলনা, সাতক্ষীরায় আঘাত হানত না। ২০০৭ সালের সিডরের আগ পর্যন্ত এটাই ছিল। তাই এখনই টেকসই বাঁধ নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। জলবায়ু পরিবর্তনের ক্রম ধারায় এ রকম দুর্যোগ ধাবমান। তাই অর্থনীতিতে যতই আমাদের উন্নতি হোক, এ থেকে কিন্তু নিজেদের সুরক্ষা দিতে পারব না। বরং তা অর্থনৈতিক অগ্রগতির ধারাকে ধ্বংস করে দেবে।
প্রথম আলো: গত এক দশকের দৈন্যের জন্য আমলাতান্ত্রিক নাকি রাজনৈতিক ব্যর্থতাকে দায়ী করবেন?
মাকসুদ কামাল: আমরা বর্তমানে আর্থিকভাবে একটি ভালো অবস্থানে আছি। কিন্তু তা সত্ত্বেও এটা ঘটছে। বাস্তবায়নকারী মন্ত্রণালয় বা সংস্থার সঠিক পরিকল্পনার ঘাটতি নিশ্চয়ই আছে। স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব (মন্ত্রী বা সাংসদ) সঠিক প্রকল্প নিয়ে তাদের বোঝাতেও পারতেন। আবার সিভিল সোসাইটিও পারেনি। উপকূলে বাস করেন তিন কোটি মানুষ। ফানেল ধরনের বঙ্গোপসাগর হওয়ার কারণেও আমরা ভঙ্গুর। বিশ্বের ঘূর্ণিঝড়ের ১ শতাংশই বাংলাদেশে আর মৃতদের ৫৩ শতাংশই ঘটে বাংলাদেশে। জিডিপির দেড় থেকে দুই শতাংশ ঝড়ে খায়। আমাদের আশ্রয়কেন্দ্র বিশ্বে সব থেকে বেশি। কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে বেড়িবাঁধ বিলীন বা দুর্বল থাকে। তাই আমরা বিপর্যয়ের মুখোমুখি হই। জলোচ্ছ্বাসের উচ্চতা ১২ ফুট হলে কতটা তলাবে বা কী ক্ষতি হবে, সেটা বোঝা সম্ভব। সে জন্য আমাদের উপকূলের একটা ডিজিটাল এলিভেশন মডেল দরকার। ১৯৯১ সালে এর কাজ শুরু হলেও পরে আর এগোয়নি। তথ্য ও উপাত্তসংকটে পিছিয়ে। পোল্ডার ও এমবেকমেন্টগুলোকে অব্যাহতভাবে মনিটর করা দরকার। কিন্তু ডিজিটাল মাধ্যমে এটা করার কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা নিইনি। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়ে দর-কষাকষি থেকেও আমরা পিছিয়ে আছি।
প্রথম আলো: অনেকের মতে, আশ্রয়কেন্দ্র আছে ৫ হাজার, দরকার ১০ হাজার।
মাকসুদ কামাল: ড. জামিলুর রেজা চৌধুরীর কমিটি ১৯৯১ সালে যখন সরকারি হিসাবেই ১ লাখ ৩৮ হাজার মানুষ মারা যায়, তখন ৬ হাজার শেল্টারের সুপারিশ করেছিল। এরপর তো জনসংখ্যা আরও বেড়েছে। আসলে ৫ হাজারও নেই। আছে ৪ হাজারের কিছু বেশি। অনেকের মতে ১০ হাজারের বেশি করা দরকার। কারণ, এগুলোর বহুমুখী ব্যবহার (হাসপাতাল, স্কুল) সম্ভব। সরকার বলেছে, ১৪ হাজার শেল্টারে (হোটেলের মতো অস্থায়ীসহ) ২৪ লাখ মানুষকে জায়গা করে দিয়েছে।
প্রথম আলো: আম্পানের পরে ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সহায়তার আশ্বাস দিলেন। বাইরের সাহায্য আমরা এ পর্যন্ত কী পেলাম? কী করলাম?
মাকসুদ কামাল: বিচ্ছিন্নভাবে কিছু সহায়তা পেয়েছে। কিন্তু উপযুক্ত বেড়িবাঁধ তৈরির জন্য বাংলাদেশ বা জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিকবলিত কোনো দেশই পায়নি। এ বিষয়ে আলোচনা হলেও চুক্তি সই হয়নি।
প্রথম আলো: প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় দুর্যোগ উপদেষ্টা কাউন্সিল বসেনি।
মাকসুদ কামাল: দুর্যোগ ব্যবস্থাপনা আইনটিই কাজ করেনি। কারণ, করোনোকে স্বাস্থ্যগত বিষয় হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছে। সংক্রামক আইনে সারা দেশকে ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণার এখতিয়ার স্বাস্থ্যের ডিজির ছিল না। আসলে দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের দরকার ছিল। তাহলে আরও ভালোভাবে মোকাবিলা করা যেত। যদিও প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে দুটোর সঙ্গেই সমন্বয় করেছেন।
প্রথম আলো: স্বেচ্ছাসেবীদের পিপিই বা আশ্রয়কেন্দ্রগুলোতে সুরক্ষাসামগ্রী সর্বত্র দেওয়া হয়নি। তাহলে এটা কী প্রস্তুতি? জানাবোঝার মধ্যে এই ব্যর্থতাকে কীভাবে দেখবেন?
মাকসুদ কামাল: গত পরশু বরগুনার ডিসি টিভিতে (আমিও প্যানেলে ছিলাম) বলেছিলেন, পিপিই, হ্যান্ড স্যানিটাইজারসহ সব সুরক্ষাই আছে। মহাবিপৎসংকেতে তিন পতাকা তোলার মতো দায়িত্বে প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবী রয়েছেন। হয়তো সময়স্বল্পতা বা অগ্রাধিকার বিবেচনায় তাঁদের সবাইকে দেওয়া সম্ভব হয়নি।
প্রথম আলো: তাহলে আপনি স্বীকার করবেন, লকডাউনের মধ্যে এটা করতে না পারা একটি রাষ্ট্রীয় ব্যর্থতা?
মাকসুদ কামাল: কেন সম্ভব হয়নি, সে বিষয়ে পুরো তথ্য নেই। হয়তো সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেছেন, এই স্বেচ্ছাসেবীদের পিপিই দেওয়ার দরকার নেই। কোথাও কোথাও স্বেচ্ছাসেবীদের পিপিই পরতে দেখেছি। তবে ভবিষ্যতের জন্য আমার সুপারিশ থাকবে আশ্রয়কেন্দ্রের ডিজাইনে পরিবর্তন আনা। স্বেচ্ছাসেবীদের সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করতে হবে। দুর্যোগের মধ্যে আরেকটি দুর্যোগকে বলা হয় ক্যাসকেডিং ডিজাস্টার। এটা আমাদের ইতিহাসে নতুন। এর ওপর আমরা একটি ওয়েবিনারের আয়োজন করছি।
প্রথম আলো: ত্রাণ, খাওয়ার পানি ও লবণাক্ততা দূর করার বিষয়ে এনজিওকে যুক্ত করে টাস্কফোর্স গঠনের প্রস্তাবকে কীভাবে দেখেন?
মাকসুদ কামাল: ব্র্যাক এবং অন্য এনজিওকে যুক্ত করাই উত্তম। কারণ, তাদের অভিজ্ঞতা ও নজরদারির সামর্থ্য—দুটোই আছে। তবে লবণাক্ততা দূর করার কাজ পাউবো এবং স্থানীয় সরকারের। এটা ফেলে রাখলে জমির পুষ্টি নষ্ট হবে। করোনাকালে জনস্বাস্থ্যের প্রতি তৈরি হবে বাড়তি হুমকি।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
মাকসুদ কামাল: ধন্যবাদ।