প্রথম আলো : সুইস ফেডারেল সংসদের পক্ষে কাউন্সিল অব ইউরোপে কী নিয়ে কথা বলেন?
পিয়ের-আলাঁ ফ্রিদে : প্রধানত সেনাবাহিনী, সমরাস্ত্র রপ্তানি ইত্যাদি। আমি একজন সামাজিক গণতন্ত্রী। তাই সুইজারল্যান্ড দেশে দেশে অস্ত্র রপ্তানি করুক, তা চাই না। এ ছাড়া যুদ্ধাবস্থা, মানবাধিকার ও মৃত্যুদণ্ডাদেশ বিলোপ নিয়েও কথা হয়।
প্রথম আলো : সুইস সামরিক বাহিনী পুষতে বছরে কত খরচ? অস্ত্র বিক্রি বন্ধে আপনার দলের ভেতরে কী ধরনের বিতর্ক চলে?
পিয়ের : ৬ হাজার ৫০০ কোটি ফ্রাঁ দেশটির বার্ষিক আয়। এর মধ্যে ৫০০ কোটি সুইস ফ্রাঁ সেনা পুষতে খরচ হয়, এটা অনেক বেশি। সুইজারল্যান্ডের জন্য আসলে সেনাবাহিনী থাকারই দরকার নেই। আমাদের দল ও বামপন্থী দলগুলো বহু বছর ধরে অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করার অনুকূলে অবস্থান নিয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সুইস জনগণ এটা চালু রাখার পক্ষে। জনমত হলো, অস্ত্র বেচলেই তো আয় হয়। অস্ত্র রপ্তানি বন্ধ করা প্রশ্নে এ পর্যন্ত তিন-চারবার গণভোট হয়েছে। কিন্তু প্রতিবারই জনগণ এর বিপক্ষে ভোট দিয়েছে। তবে অস্ত্র বিক্রি শর্তমুক্ত নয়। কোনো দেশ যুদ্ধরত থাকলে তাকে অস্ত্র সরবরাহ করা যাবে না। বহু দেশ আছে, তারা গণতান্ত্রিক নয়, তারা অনেক সময় সামরিক বাহিনীর অস্ত্র নিজেদের জনগণের বিরুদ্ধেই ব্যবহার করে থাকে। সেখানে অস্ত্র বিক্রি সমীচীন নয়।
প্রথম আলো : বাংলাদেশের মতো বহু দেশ ক্ষুদ্র অস্ত্রের ব্যবহারে রক্তাক্ত। আপনারা শান্তির প্রবক্তা, ক্ষুদ্রাস্ত্রের বিস্তার রোধে আগামী তিন বছর প্রতিবছর ৫০ লাখ ফ্রাঁ করে খরচ করবেন। অথচ আপনারাই অন্যতম শীর্ষ যুদ্ধাস্ত্র রপ্তানিকারক? এটা স্ববিরোধিতা কি না।
পিয়ের : সোশ্যাল ডেমোক্র্যাটরা অস্ত্রের উৎপাদন ও রপ্তানির বিরোধী। আমরা ক্ষমতায় গেলে এটা বন্ধ করব। যে দেশে যুদ্ধ চলছে, সেখানে অস্ত্র রপ্তানির পক্ষে নই আমরা। সৌদি আরব, ইরান, তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলোর হাতে এমন কিছু তুলে দেওয়া কঠিন, কারণ তা যুদ্ধ বাধাতে পারে। মধ্যপ্রাচ্যে অবশ্য তেমন বেশি নয়, সুইস অস্ত্রের মূল ক্রেতা ইউরোপীয় দেশগুলো। আমরা একটি নিরপেক্ষ দেশ। আমাদের জন্য শান্তি খুবই গুরুত্বপূর্ণ। জনগণ সমস্বরে কথা বলবে, কিন্তু তা যুদ্ধের জন্য নয়। রেডক্রসের আবাসভূমি এই দেশ।
প্রথম আলো : আপনারা সন্দেহজনক বিদেশি কালোটাকা জামানতের স্বর্গরাজ্য হিসেবেও পরিচিত।
পিয়ের : আমরা এটাকে বলি সিক্রেট ব্যাংকিং। আমাদের দলের কাছে অস্ত্রের মতো এটাও গ্রহণযোগ্য নয়।
প্রথম আলো : কিন্তু আপনাদের আইনে এই তথাকথিত গোপন ব্যাংকিং বৈধ?
পিয়ের : আসলে এ নিয়ে আমরা বহু সমস্যায় আছি। এই বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া হলো, তারা সবকিছু জানতে চায়। ইউরোপীয় দেশগুলো আমাদের কাছে তথ্য আশা করে। এটা আমাদের জন্য একটা উত্তম চাপ হতে পারে। কিন্তু সুইস ব্যাংকিং আইনে এ বিষয়ে বহুবিধ স্বৈরতান্ত্রিক রক্ষাকবচ [১৯৩৪ সালের আইনমতে, কোনো ব্যাংকার আমানতকারীর বিষয়ে তথ্য ফাঁস করলে তা দণ্ডনীয় ফৌজদারি অপরাধ] আছে। কালোটাকা জনগণকে ফিরিয়ে দিতে হয়।
প্রথম আলো : জার্মান রাজনীতিকেরা সম্প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে আপনাদের গুপ্তচর সংস্থা তাদের একটি প্রাদেশিক অর্থ মন্ত্রণালয়ে সুইস ব্যাংকের স্বার্থ রক্ষায় গুপ্তচর নিয়োগ করেছে। ব্রাজিলের সাবেক অর্থমন্ত্রী মান্তেগা দেড় মাস আগে সুইস ব্যাংকে তাঁর ৬ লাখ ডলার জমা থাকার কথা স্বীকার করে ঝড় তুলেছেন। ভারতের সঙ্গে সুইস ব্যাংকের তথ্য বিনিময়ের একটি চুক্তি ২০১৮ সাল থেকে কার্যকর হবে। তো আপনাদের সংসদে এসব বিষয় নিয়ে ঠিক কী ধরনের বিতর্ক হয়ে থাকে?
পিয়ের : আমরা এই বিষয়ে সংসদে কোনো কথা বলি না। যখন এ নিয়ে কোনো দেশ কোনো নির্দিষ্ট দাবি তোলে, তখন আমাদের আইন ও বিচার বিভাগ তার নিজস্ব প্রক্রিয়ায় এর সুরাহা দিয়ে থাকে। আমরা সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবিচারের সমস্যা, দেশ ও জনগণসংক্রান্ত সরকারের কার্যপ্রণালি নিয়ে আলোচনা করি। ইউরোপের সব দেশই চাইছে আমরা যাতে গোপন ব্যাংকিং উন্মুক্ত করি। এ নিয়ে আমাদের যে বিধিবিধান এখন বহাল আছে, তার পুনর্মূল্যায়ন করি। সুইজারল্যান্ডের সমস্যা হলো, বিপুলসংখ্যক ধনী মানুষ সুইস ব্যাংকে টাকা জমা রাখেন। কিন্তু তাঁরা সেই অর্থের অনুকূলে নিজ নিজ দেশের সরকারকে কর দেন না। যেমন ফ্রান্সের ধনীরা টাকা গচ্ছিত রাখায় ফ্রান্স আমাদের ওপর খুব প্রীত নয়। আমার কথা হলো, আপনার টাকা থাকতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই কর দিতে হবে।
প্রথম আলো : কিন্তু সংসদে এ বিষয়ে কোনোই তর্ক–বিতর্ক হয় না, সেটা কীভাবে সম্ভব?
পিয়ের : বিতর্ক যেটা হয়, সেটা সাধারণ আলোচনা। নির্দিষ্ট কোনো দেশ বা ব্যক্তিবিশেষ–সংক্রান্ত নয়। যেমন গোপন ব্যাংকিং নিয়ন্ত্রণ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হয়েছে। আমরা সংসদে বলেছি, আমাদের অবশ্যই একটা মূল্যায়ন করতে হবে। একদিন বিদ্যমান গোপন ব্যাংকিং বিলুপ্ত হবে, সেই আশা রাখি।
প্রথম আলো : নির্দিষ্ট করে কোনো সময়সীমা আশা করতে পারেন কি?
পিয়ের : আগামী তিন থেকে চার বছরের মধ্যে গোপন ব্যাংকিং বন্ধ হতে পারে। তবে এটা শুধু সুইজারল্যান্ডের একার সিদ্ধান্ত হবে না। টাকা জামানতকারী সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে একটা সংকল্প রয়েছে। তারা সবাই সুইজারল্যান্ডকে চাপ দিচ্ছে। এখন সুইসরা সেটা যদি না করে, তাহলে দেশকে তার খেসারত দিতে হতে পারে। তাই আমার পরামর্শ হলো, বিশ্বের যে প্রান্তের যাঁরাই সুইস ব্যাংকে টাকা রেখেছেন, তাঁদের উচিত হবে নিজ নিজ সরকারকে কর পরিশোধ করা।
প্রথম আলো : এ বিষয়ে সুইস সংসদে কোনো ধরনের আইন সংশোধনের প্রস্তাব উঠেছে কি না?
পিয়ের : মূল সমস্যা হলো, সুইজারল্যান্ড হলো ফিসক্যাল প্যারাডাইস [সুইস ব্যাংকগুলোর ৬ ট্রিলিয়ন ডলারের সম্পদের অর্ধেকের বেশি বিদেশিদের]। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, লুক্সেমবার্গসহ বহু দেশ ও ইইউর বাসিন্দারা মনে করেন, সুইজারল্যান্ড হলো কালোটাকার একটি স্বর্গরাজ্য। এর মানে সবারই ধারণা হলো, সুইস ব্যাংকে যেমন খুশি টাকা রাখলেই হলো, সব অবস্থায় তা নিরাপদ।
প্রথম আলো : প্রশ্ন হলো, এটা বন্ধ বা নিয়ন্ত্রণ করতে কোনো নতুন বিধান আসছে কি না?
পিয়ের : হ্যাঁ। আমরা একটি নতুন আইন করতে যাচ্ছি। কালোটাকার বিষয়ে কোনো না কোনো ধরনের একটা ঘোষণা দেওয়া হবে। এ-সংক্রান্ত আইনগত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এমনকি এর পক্ষে কিছু ভোটাভুটিও সম্পন্ন হয়েছে। আগামী এক থেকে তিন বছরের মধ্যে এই প্রক্রিয়া একটা পরিণতি লাভ করবে। এর আওতায় গোপন ব্যাংকিং বিষয়ে আর্থিক পদক্ষেপসমূহের একটা স্বাভাবিকীকরণ নিশ্চিত করা হবে। চিন্তাভাবনা চলছে নতুন বিধানের আওতায় কী করে কোনো একটি দেশের কাছ থেকে কারও তহবিলের বিষয়ে অনুরোধ পেলে তারা সেই বিষয়ে একটা ঘোষণা দেবে।
প্রথম আলো : তা হলে কালোটাকার স্বর্গরাজ্যের পতন আসন্ন?
পিয়ের : টাকা যে কেউ জমা রাখতে পারবেন। কিন্তু কোনো দেশের সরকার যদি চায়, তাহলে তা কীভাবে তাদের অবহিত করা হবে, সেটাই নতুন যুক্ত হচ্ছে। টাকা জমাদানকারীদের নাম সরকারগুলোর কাছে প্রকাশ করা হবে।
প্রথম আলো : আমরা মন্ত্রিসভায় কোনো আইনের খসড়া পাস করি। এরপর সংসদে তা যাচাইয়ের পর কণ্ঠভোটে পাস হয়। আলোচ্য বিল কী করে পাস হবে?
পিয়ের : এ-সংক্রান্ত আইন আকস্মিকভাবে পাস হবে না। ধাপে ধাপে হবে। জনগণ গোপন ব্যাংকিং বন্ধ চায় না। কিন্তু আন্তর্জাতিক এবং ইইউর চাপে সুইস সরকার মেনেছে যে এটা করা উচিত। তবে পাস হতে দুই থেকে তিন বছর লাগবে।
প্রথম আলো : সংসদে আপনাদের আসন কত? ডানপন্থীদের জোর কেমন? আপনারা তো কোয়ালিশনের শরিক।
পিয়ের : ২০০ জনের সংসদ। আমরা ৪৩ জন। সাত সদস্যের সর্বোচ্চ নির্বাহী পরিষদে আমাদের দুজন [ বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রী] আছেন। এর মধ্যে ৬০ জন উগ্র ডানপন্থী। তাঁরা কোনো ক্যান্টন বা প্রদেশের ক্ষমতায় নেই। তাঁরা সিক্রেট ব্যাংকিং টিকিয়ে রাখতে [২০১৪ সালে তাঁরা এর পক্ষে গণভোট করতে দরকারি ১ লাখ সইয়ের ৮০ শতাংশ সংগ্রহ করেছিলেন] উচ্চকিত।
প্রথম আলো : কালোটাকার তথ্য প্রকাশের প্রশ্নে ধনী দেশগুলো থেকে দরিদ্র বা কর্তৃত্ববাদী গণতান্ত্রিক দেশ, যেখানে মুষ্টিমেয় কিছু লোক লুটের টাকা এনে রাখছে, তাদেরটা আলাদাভাবে দেখার চিন্তা আপনার দল কখনো করেছে?
পিয়ের : এটা সত্যি অত্যন্ত দুরূহ বিষয়। আমি তিউনিসিয়ার উদাহরণ দিতে পারি। ওই দেশটির কিছু লোক সুইস ব্যাংকে টাকা রেখেছেন। তাঁদের নতুন সরকার এসে ওই ব্যক্তিদের অর্থের বিষয়ে জানতে চেয়ে পত্র দিয়েছে। এখন এটা বিদ্যমান আইনে নিষ্পত্তি করা সময়সাপেক্ষ এবং কঠিন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এ ধরনের অর্থ আসলে সংশ্লিষ্ট দেশের জনগণের মধ্যে বিলি করাই উচিত।
প্রথম আলো : এই কালোটাকা সরাসরি ক্ষমতাসীন সরকার নাকি বিচার বিভাগের মাধ্যমে স্থানান্তর করা উচিত?
পিয়ের : ধরুন, আপনি স্বৈরশাসক। আপনি বাংলাদেশের বাইরে গেলেন। তখন আপনাদের সরকার সুইস ব্যাংকের কাছে আপনার গচ্ছিত অর্থ চাইল। তখন আপনি বড় আইনজীবী নিয়োগ দিয়ে আপনার যুক্তি দেবেন। বলা হবে, যাতে সেই অর্থের কোনো স্থানান্তর না ঘটে। একটা আইনগত যুদ্ধ চলবে। আর সেটা তখন ঝুলে যেতে পারে। কারণ, সুইস আইন সেটা সমর্থন করবে।
প্রথম আলো : সুইস ব্যাংকের অর্থ নিয়ে আসিফ জারদারির মামলা আপনি নিশ্চয় জানেন। কোনো দৃষ্টান্ত আছে কি, যেখানে সুইস সুপ্রিম কোর্ট অর্থ ফেরত বা কালোটাকার মালিকের কারও নাম প্রকাশে নির্দেশ দিয়েছেন?
পিয়ের : ইন্দোনেশীয় এক নেতার কালোটাকা ফেরত দেওয়া হয়েছে। এ রকম আরও কিছু ঘটনা আছে। বর্তমানে গ্রিসের একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেখানকার কিছু রাজনীতিক ও কোম্পানি টাকা জমা রেখেছিল। এটা একটা দীর্ঘ গল্প।
প্রথম আলো : ১২ জুলাই বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বলেছেন, মিডিয়ায় সুইস ব্যাংকের অর্থ গচ্ছিত রাখার যে পরিমাণ (২০১৬ সালে ৬৯ কোটি ৪০ লাখ ডলার, ২০১৫-এ ছিল ৫৮ কোটি ২০ লাখ ডলার) উল্লিখিত হয়েছে, তা অতিরঞ্জিত। আর তাকে মূলধন স্থানান্তর বলা যাবে না। কোনো মন্তব্য?
পিয়ের : আমার এটা জানা নেই। তবে আমি বলব, টাকা যে যেভাবেই রাখুন, সেটা হতে হবে স্বচ্ছ এবং ন্যায়সম্মত। এই দুটি বিষয়ই মৌলিক। আমাদের দেশের সবকিছুই সবার জন্য উন্মুক্ত থাকবে, আমরা সেই সব দেশ ও জনগণকে সাহায্য করতে চাই, যাদের ন্যায়বিচার দরকার। আমাদের দল সংখ্যালঘু। আমরা ক্ষমতায় গেলে অস্ত্র বিক্রি ও গোপন ব্যাংকিং বন্ধ করব।
প্রথম আলো : সুইস গোপন ব্যাংকিং বিশ্বে জঙ্গিবাদ বা সন্ত্রাসের অর্থায়নে কোনোভাবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে? কোন কোন দল এটা বন্ধ করার পক্ষে?
পিয়ের : আমি একমত। তবে একমাত্র আমাদের দলই এটা শতভাগ বন্ধ করতে চায়।
প্রথম আলো : আপনাকে অনেক ধন্যবাদ।
পিয়ের-আলাঁ ফ্রিদে : আপনাকেও ধন্যবাদ।