সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
খোন্দকার ইব্রাহিম খালেদ
খোন্দকার ইব্রাহিম খালেদ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হওয়ার প্রেক্ষাপটে গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছেন। চুরি যাওয়া অর্থ ফেরত আনা এবং দেশের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা বিধানে করণীয় সম্পর্কে লিখেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিদেশে অর্থ চুরির প্রেক্ষাপটে এর গভর্নর আতিউর রহমান চলে গেলেন। আরও দুজন ডেপুটি গভর্নরকেও অব্যাহতি দেওয়া হলো। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলামকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি (অফিসার ফর স্পেশাল ডিউটি) করা হলো। এঁরা সবাই সৎ ও দক্ষ মানুষ হিসেবেই পরিচিত। কিন্তু এ ক্ষেত্রে তাঁদের প্রশাসনিক ব্যর্থতা হলো আগেভাগে সরকারকে বিষয়টি না জানানো। এটা তাঁদের গাফিলতি।

তবে আমি মনে করি, তদন্তের সুবিধার্থে এঁদের স্বপদে বহাল থাকা দরকার ছিল। এখন অনেকে ভাবতে পারেন, দায় ঢাকতে এঁদের সরানো হয়েছে। আবার এটা সরকারের চমকও হতে পারে। তারা ব্যবস্থা নিচ্ছে, জনগণকে এটি দেখানো। এদিকে আসল তদন্ত তো শুরুই হয়নি। সরকার লক্ষ্যের বাইরে থেকে কাজ করলে কোনো ফল পাওয়া যাবে না।
আর সেই লক্ষ্যটা হলো, ঘটনা কেমন করে ঘটল, কারা ঘটাল, কেন ঘটাল তা বের করা। বিদেশি চোর বা হ্যাকারদের সঙ্গে স্থানীয় কেউ ছিল কি না, তা খুঁজে বের করা। এ সম্পর্কে সরকার এখনো যে তেমন কিছু জানে না, তা বোঝা যায় মামলার আসামি ‘অজ্ঞাত’ রাখা। সরকার থানায় মামলা করেছে। থানার এখানে তেমন কিছু করার নেই। এ ব্যাপারে র্যা ব ও গোয়েন্দা সংস্থাগুলো কিছু করতে পারে। আমি সবচেয়ে বেশি জোর দিচ্ছি তদন্তের ওপর। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমেই তো জানা যাবে কোথায় কোথায় ঘাটতি ছিল।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে নিয়ে যে তদন্ত কমিটি হয়েছে, সেটা ভালো। তাঁদের সঙ্গে নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর
ও অর্থ মন্ত্রণালয়ের যোগাযোগ থাকতে হবে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাজ হবে তাদের সহযোগিতা দেওয়া।
ঘটনা জানার পর সাবেক গভর্নর কিন্তু র্যা বকে তদন্তে জড়িত করেছিলেন। ফিলিপাইনে দুজনকে পাঠিয়েছিলেন। এর ফলে ফিলিপাইনে কিছু তহবিল শনাক্ত করা গেছে। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট আসামির কাঠগড়ায়। তাঁকে ভালো করে জিজ্ঞাসাবাদ করায় ফিলিপাইনের সঙ্গে আমাদের ভালো যোগাযোগ থাকা দরকার। এ জন্য বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতা লাগতে পারে। তাহলে বাংলাদেশের কে কে জড়িত, তা বের করা যেতে পারে।
প্যারিসভিত্তিক ইগমন্ড গ্রুপ আন্তর্জাতিক অর্থ পাচারের বিরুদ্ধে বিশ্বব্যাপী কাজ করে। বাংলাদেশ ও ফিলিপাইন এর সদস্য। এই যোগাযোগ কাজে লাগানো তদন্তের স্বার্থেই দরকার।
বাংলাদেশ তথ্যপ্রযুক্তি তথা আইটি খাতের দ্রুত প্রসারণ হয়েছে। যা দ্রুত প্রসারিত হয়, তাতে ফাঁক থেকে যায়। আইটির প্রসারের পাশাপাশি যে দক্ষ লোকবল ও মানবসম্পদ সৃষ্টি করার কথা ছিল, তা করা হয়নি। এ খাতে বিদেশনির্ভরতা কমানো জরুরি। আমরা যন্ত্রপাতি কিনতে যত খরচ করি, জনসম্পদ ও বিশেষজ্ঞ তৈরিতে সেই খরচা করা হয় না। তদন্ত ও ব্যাংকের লেনদেনের নিরাপত্তায় দেশের ভেতরের বিশেষজ্ঞ রাখা উচিত। বিদেশিদের নিয়োগের ব্যাপারে আরও সতর্ক হওয়া দরকার।
আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গেও আমাদের সমন্বয় আছে বলে মনে হয় না। বিশ্বব্যাপী যারা আইটি খাতের শীর্ষে, তাদের সঙ্গে আমাদের সমন্বয় ও সহযোগিতা নেই। সেটি যেমন গড়ে তুলতে হবে, তেমনি দেশের অনেক প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করে, তাদের সঙ্গেও সমন্বয় লাগবে।
যখন হল-মার্কের মাধ্যমে চার হাজার কোটি টাকা লোপাট হলো, তখন বলা হলো যে ‘এটা কিছুই না।’ এরপর বেসিক ব্যাংকে যখন ঋণ কেলেঙ্কারি ঘটল, তখনো এর যে মূল হোতা, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না। সে সময় ব্যবস্থা নিলে হয়তো দেশি-বিদেশি তস্করেরা ভয় পেত এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে হাত দেওয়ার সাহস পেত না।
এখন সরকারকে যেটি করতে হবে তা হলো, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং এই দুষ্কর্মের হোতাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
খোন্দকার ইব্রাহিম খালেদ: সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক।