>

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ
প্রথম আলো : এক বছর আগের সহিংসতার পরে বিএনপির প্রতি সরকারের মনোভাবে কোনো পরিবর্তন লক্ষ করেন?
এমাজউদ্দীন আহমদ : কোনো পরিবর্তন দেখি না। কিন্তু মাঝে মাঝে কিছু কথাবার্তা থেকে আভাস মেলে। যেমন, এবারই দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী পৌর নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপিেক ধন্যবাদ জানালেন।
প্রথম আলো : এটা আমাদের রাজনীতি থেকে একদম উঠে গিয়েছিল।
এমাজউদ্দীন আহমদ : হ্যাঁ। সুতরাং এদিক থেকে হয়তো তাঁরও (প্রধানমন্ত্রীর) খানিকটা মানসিক দিক থেকে একটা পরিবর্তন হচ্ছে।
প্রথম আলো : বিএনপি নেত্রীর নিরাপত্তায় নতুন করে পুলিশ মোতায়েন করা হয়েছে। এটাও তো ইতিবাচক?
এমাজউদ্দীন আহমদ : হ্যাঁ। ঠিকই। আর আমার কাছে এটাও মনে হয় ৫ জানুয়ারির নির্বাচনটা যেভাবে হয়েছে সেটা যে সঠিক হয়নি, প্রশ্নবিদ্ধ হয়েছে এ ব্যাপারেও খানিকটা হয়তো ক্ষমতাসীনদের মধ্যে উপলব্ধি হয়েছে। বিরোধী দলের আন্দোলন যতটা কার্যকর হয়েছে বা হতো তার থেকে ক্ষমতাসীনেরা যদি বিবেচনায় নেন যে, ১৫৪টি আসনে ৪ কোটি ৫৩ লাখ ভোটারকে বঞ্চিত করে তাঁরা প্রতিদ্বন্দ্বীহীন অবস্থায় নির্বাচিত হয়েছেন।
প্রথম আলো : নির্বাচন বয়কট সম্পর্কে বিএনপির আজকে কী মূল্যায়ন? তারা কি ভুল মানছে? যেমন পৌর নির্বাচনে অংশ নিয়ে তারা প্রহসন বলছে, সেভাবেও তখন বলা যেত?
এমাজউদ্দীন আহমদ : পেছনে ফিরতে চাই না। ১৯৯৬ সালে যখন ত্রয়োদশ সংশোধনী হলো, সেটা কিন্তু আওয়ামী লীগেরই দাবি ছিল।
প্রথম আলো : আপনি কিন্তু পেছনেই ফিরছেন।
এমাজউদ্দীন আহমদ : আমি তা চাই না। কিন্তু ওই দাবির প্রেক্ষাপটে একটা আলাপ-আলোচনা, আপসের সুযোগ লাভ করার অপেক্ষা করেছিল বিএনপি। ১৫৪ আসনে বিনা ভোটে দেশ চলবে, ব্যাপারটা কেমন মনে হয়?
প্রথম আলো : আপনি যেহেতু বলছেন যে, নতুন বছরে প্রধানমন্ত্রীর তরফে একটা শুভেচ্ছার ঈষৎ আভাস বিএনপি পাচ্ছে, তাই বিএনপির তরফে আওয়ামী লীগের প্রতি কোনো ফিরতি শুভেচ্ছা ইতিমধ্যে দিয়েছে বা দেবে কি না? তেমন কিছু চোখে পড়ছে না।
এমাজউদ্দীন আহমদ : দিচ্ছে। তাকালে আপনিও দেখবেন যে ৫ জানুয়ারিতে গণতন্ত্র হত্যার জন্য যে সমাবেশ করার কথা, এ ক্ষেত্রে বিএনপি বলছে যে, তারা এ নিয়ে গোলমালে যেতে চাইছে না। আমার যেটুকু জানা যে প্রধানমন্ত্রীও এটা চাইছেন না।
প্রথম আলো: তাহলে আমরা সংঘাত এড়াতে পারছি?
এমাজউদ্দীন আহমদ : অন্তত আশা করতে পারি। তবে গোটা বিষয়টিকে আওয়ামী লীগ ও বিএনপি এই প্রেক্ষাপটে না নিয়ে আমি জাতীয় পর্যায়ে ভাবনাচিন্তা করতে আপনাকে বলব। আমাদের জাতীয় রাজনৈতিক নেতাদের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। এবং সেটা মনে রেখেই বলব, ওই সাধারণ নির্বাচন প্রশ্নবিদ্ধ, গত ৪৫ বছর রাষ্ট্র পরিচালনার পরও এ রকম একটা নির্বাচন আমরা এড়াতে পারলাম না, সেই ব্যর্থতা কোথায় রাখব?
প্রথম আলো : কিন্তু তারা তো সংবিধানগতভাবে একটা টেকনিক্যাল বৈধতার অবস্থান নিয়েছে। এখন কেউ বলতে পারেন বিএনপি যদি ২০১৯ সালের আগে নির্বাচন বা সরকার পতনের আন্দোলন পরিত্যাগের ঘোষণা দেয়, তাহলে আলাপ বা আপসের একটা রাস্তা তৈরি হতে পারে। এ রকম একটা জায়গায় যাওয়ার সুযোগ বিএনপির সামনে আছে কি না?
এমাজউদ্দীন আহমদ : আছে। যাওয়ার সুযোগ আছে। এই সুযোগটা এমনিতে মানে প্রস্তাব দিয়ে তো হবে না। এটা আস্তে আস্তে। আলাপ-আলোচনা, সংলাপ বলতে আমরা যা বুঝি, একটা পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা হতে পারে। না হওয়ার তো কোনো কারণ দেখি না। দুই প্রধান দলের নেত্রী অভিজ্ঞ, তাঁরা উভয়ে বুঝবেন যে অর্থনীতির ক্ষেত্রে যে অগ্রগতিটুকু হচ্ছে তাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। তাঁরা এবং আমরা সবাই এটা উপলব্ধি করছি। সুতরাং একটু দেনা-পাওনা মানে পারস্পরিক সহিষ্ণুতা দরকার। এই যে বললাম, ক্ষমতাসীন দলও এখন চাইছে না যে, একটা গোলমাল হোক।
প্রথম আলো : তার মানে আমরা কি বহু বছরের পরে একটু উদারনৈতিকতা, একটু সহনশীলতার রাজনীতির স্বাদ পেতে যাচ্ছি?
এমাজউদ্দীন আহমদ : হ্যাঁ। আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। এখন একে আরেকটু শক্তিশালী ও আন্তরিকভাবে সদিচ্ছাপ্রণোদিতভাবে যদি করা যায়, তাহলে এটাই হয়তো দেখব যে একসময় একটা মস্ত বড় প্রবাহের মতো পর্যায়ে চলে আসছে।
প্রথম আলো : কিন্তু সমঝোতার জন্য রাজনৈতিক মতাদর্শগত দিকগুলো গুরুত্বপূর্ণ। যেমন শহীদের সংখ্যা নিয়ে তর্ক তোলা কি সমীচীন হয়েছে?
এমাজউদ্দীন আহমদ : এটা না তুললেই ভালো হতো। কিন্তু এর যুক্তির দিক হলো, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকাটা করা। বিচক্ষণতা এটাই দাবি করে যে, ক্ষমতাসীন যাঁরাই থাকুন, এর সংখ্যা নিরূপণ করা, যে উদ্যোগ খালেদা জিয়াও আগে নিতে পারতেন। কতজন শহীদ হয়েছেন, সে বিষয়ে তিনিও উদ্যোগী হতে পারতেন। কিন্তু তা নেওয়া হয়নি। আবার বর্তমান সরকারও নিতে পারে, তাও নেওয়া হয়নি। ইতিহাসকে সঠিকভাবে জানতে সত্য কোনটি সেটাও জানা দরকার। আমি এর ওপর জোর দিচ্ছি না। আবার এ বিষয়ে কথা বলা অন্যায় হয়েছে, তাও বলব না।
প্রথম আলো : ৫ জানুয়ারিতে বিএনপির নতুন কী বলার আছে? শুধুই একটি প্রথাগত উদ্যাপন?
এমাজউদ্দীন আহমদ : বিরোধী দল হিসেবে তার আর কী করার আছে? নতুন কিছু বলার নেই। অতীতে যে কথা বলা হয়েছে তাই পুনরায় স্মরণ করিয়ে দেওয়া।
প্রথম আলো : তার মানে আপনি প্রকারান্তরে স্বীকার করছেন যে বিএনপির নতুন কিছু বলার নেই। শাসনব্যবস্থা সংস্কারের কোনো প্যাকেজ তার থলেতে নেই।
এমাজউদ্দীন আহমদ : আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রশাসন, সাংবিধানিক সংস্থাগুলোর দিকে তাকালে আমরা দেখি, সেখানে একটি সংকীর্ণতা কাজ করছে। অন্যদিকে জাতি বিভক্ত, প্রতিটি সামাজিক শক্তি বিভক্ত হয়ে গেছে।
প্রথম আলো : আপনি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে মানবেন, এসবের প্রতিকার শুধু আরেকটি অংশগ্রহণমূলক অবাধ সাধারণ নির্বাচন নয়।
এমাজউদ্দীন আহমদ : এর প্রতিকার অবাধ নির্বাচন না হলেও একটি অবাধ নির্বাচনে অংশ নেওয়ার স্লোগানগুলো কী হবে, সেসব বলতেই বিএনপি ৫ জানুয়ারির কর্মসূচি দিয়েছে।
প্রথম আলো : মধ্যবর্তী বা আগাম নির্বাচন চায় কি চায় না, সেটা বিএনপি স্পষ্ট করতে পারে?
এমাজউদ্দীন আহমদ : প্রধানমন্ত্রীর উক্তি লক্ষ করুন। শুধু দেশের ভেতর থেকে নয়, দেশের বাইরে থেকেও বলা হয়েছে একতরফা নির্বাচন কী করে কার্যকর হয়, তখন তিনি বলেছিলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই তিনি ওই নির্বাচন করেছিলেন। এটা হওয়ার পরে একটা আলোচনা করে নতুন নির্বাচনে যাব। এখন এই কথাটিকেই আরও একটু শক্তিশালী করা দরকার।
প্রথম আলো : আপনি তাহলে আগাম নির্বাচনের দাবির প্রতি ইঙ্গিত দিচ্ছেন?
এমাজউদ্দীন আহমদ : না। একটা নির্বাচন হওয়া দরকার সেটুকু বলতে পারি। নির্বাচন সঠিক হয়নি, সেটা যদি ক্ষমতাসীনেরা স্বীকার করে, এটা শুধু বিএনপির নয়, ক্ষমতাসীন দলের থেকেও আসা উচিত নয় কি? বিএনপি জোরেশোরে বলছে, তারা যদি একটু মৃদুস্বরে হলেও—
প্রথম আলো : তার মানে এ রকম স্বীকৃতি পেলে বিএনপির স্বস্তি বাড়ে?
এমাজউদ্দীন আহমদ : হ্যাঁ। স্বস্তি বাড়ে। পারস্পরিক সদ্ভাব প্রতিষ্ঠার পথ আরেকটু প্রসারিত হয়।
প্রথম আলো : নরেন্দ্র মোদি নওয়াজের সঙ্গে বার্থডে ডিপ্লোমেসি করেছেন। প্রধানমন্ত্রী এর আগে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবার একটা চায়ের আমন্ত্রণ বিএনপি নেত্রী কি প্রধানমন্ত্রীকে দিতে পারেন?
এমাজউদ্দীন আহমদ : পারেন। হলে মন্দ হয় না।
প্রথম আলো : বিএনপি নেত্রীকে আপনি তেমন পরামর্শ পৌঁছে দেবেন?
এমাজউদ্দীন আহমদ : পৌঁছে দিতে আমার অসুবিধে নেই। দেশের রাজনীতিকে যদি সুস্থ করতে হয়, দেশে বর্তমানে যে অনৈক্য আছে তা থেকে পরিত্রাণ পেতে হয়, তাহলে দুই বড় দলকে কাছাকাছি আসতে হবে। তাই কে কাকে আগে দাওয়াত দিল সেটা গুরুত্বপূর্ণ নয়। প্রধানমন্ত্রীও দাওয়াত দিতে পারেন, খালেদা জিয়াও পারেন। একজন শিক্ষক হিসেবে আমি সবচেয়ে সুখী (হ্যাপিয়েস্ট পারসন) হব, যদি খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
প্রথম আলো : আপনাকে ধন্যবাদ
এমাজউদ্দীন আহমদ : ধন্যবাদ।