হলের দুরবস্থার জন্য দলীয় রাজনীতিই দায়ী নয় : আ আ ম স আরেফিন সিদ্দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের জন্ম ১৯৫৩ সালের ২৩ অক্টোবর, ঢাকায়। সাংবাদিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৮৫ সালে ভারতের মহীশুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০৯ সালের ১৭ জানুয়ারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান

প্রথম আলো : ২০১৫ সালের ব্রিটিশ কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতের বেঙ্গালুরুর বিশ্ববিদ্যালয় শীর্ষ ৫০০-র মধ্যে থাকলেও ৭০০-র মধ্যেও ঢাকা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠাঁই হয়নি। দুটি বিশ্ববিদ্যালয়ই দলীয় রাজনীতির শিকার। 

আরেফিন সিদ্দিক : সব সময় আমরা ভাবি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আমরা কোথায়। সম্প্রতি লন্ডনের টাইমস ব্রিকস দেশগুলোর যে র‌্যাঙ্কিং করেছে, তাতে আমরা দেড় শর নিচে। এটা একটা অগ্রগতি। মূল সমস্যা হলো, এসব সমীক্ষা ওয়েবসাইট-নির্ভর আর সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়–বিষয়ক পর্যাপ্ত তথ্য এখনো সহজলভ্য নয়। আবার হার্ভার্ড, অক্সফোর্ডের সূচক ধরলে আমরা তো পিছিয়ে যাই। তারা একজন ছাত্রকে যে সুবিধা দেয়, আমরা তা দিই না।

প্রথম আলো : এসব সীমাবদ্ধতা সত্ত্বেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে ইসলামাবাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা তুরস্ক ও মালয়েশীয় বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে থাকে।

আরেফিন সিদ্দিক : এর নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় আছে।

প্রথম আলো : তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান পড়ে গেছে বলে যে মত আছে, তা আপনি নাকচ করছেন।

আরেফিন সিদ্দিক : অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি যোগ্যতা ও দক্ষতা নিয়ে বর্তমান শিক্ষকেরা পাঠদান করছেন।

প্রথম আলো : ৩৫ হাজার শিক্ষার্থী ও ২ হাজার শিক্ষক—এই অনুপাতটা কি বিশ্বমানের?

আরেফিন সিদ্দিক : সমস্যা কিছু তো আছেই। বাংলাদেশের মানে মন্দ নয়, তবে এটা আরও উন্নত হবে।

প্রথম আলো : শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ আছে। ভিসি নিয়োগে সিনেটের করা তিন সদস্যের প্যানেল প্রথা আমরা ধরে রাখলেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার সার্চ কমিটি চালু করেছে। আপনার মত কী?

আরেফিন সিদ্দিক : সার্চ কমিটির কথা এখানেও সময়ে সময়ে বলা হয়। তবে শিক্ষক নিয়োগে মেধা ছাড়া এখন অন্য কিছু বিবেচনায় আসে না।

প্রথম আলো : আপনার সাংবাদিকতা বিভাগ থেকে প্রায় এক দশক পরে একজন স্নাতক সম্মান ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ডাবল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও চাকরি পাননি। সিন্ডিকেটের অনুমোদনের পরেও ‘অন্য বিবেচনায়’ বাদ পড়েছে।

আরেফিন সিদ্দিক : সিন্ডিকেট অনুমোদন দিলে কিছুতেই বাদ পড়ার কথা নয়। প্রথম শ্রেণিপ্রাপ্তরা সাধারণভাবে মেধাবী বলে গণ্য হয়। কিন্তু সেটাই একমাত্র বিবেচ্য নয়। বাছাই কমিটি তো শুধু মেধা দিয়ে শিক্ষক নিয়োগ করবে না। শিক্ষক হিসেবে যে সম্ভাবনা, সেটা যাচাইয়ের চেষ্টা করবে।

প্রথম আলো : শিক্ষকদের একটি বড় অংশ খণ্ডকালীন কাজ করেন। এ জন্য প্রাপ্ত আয়ের একটি অংশ জমা দেওয়ার কথা, কিন্তু তা দেন না।

আরেফিন সিদ্দিক : তাঁরা এখানে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সেরে বাইরে সর্বোচ্চ দুটো প্রতিষ্ঠানে যেতে পারেন। বাইরে বিজনেস স্টাডিজ ও ইংরেজি সাহিত্যের মতো দু-একটি বিভাগে তাঁরা যাচ্ছেন। আর বাইরে যাঁরা ‘পরামর্শক’ হন, তাঁদেরই আয়ের একটি অংশ জমা দেওয়ার নিয়ম আছে।

প্রথম আলো : কিন্তু রাজস্ব খাতের চাকুরে হয়েও শিক্ষার একদম বাইরে অনেকে প্রকাশ্যে বিভিন্ন ধরনের সার্বক্ষণিক পদে আছেন। আওয়ামী লীগের উপদেষ্টা কমিটিতেও আছেন। এটা কি তিয়াত্তরের আইনে দেওয়া স্বায়ত্তশাসন বা স্বাধীনতার অপপ্রয়োগ নয়?

আরেফিন সিদ্দিক : আমি মনে করি, এই অধিকার তাঁদের আছে। এর আগে দলের দপ্তর সম্পাদক (বিএনপি আমলে খন্দকার মোশাররফ হোসেন) পদেও ছিলেন। ভারতে লোকসভার সদস্যও হচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। বহু দেশে এমন উদাহরণ আছে।শিক্ষকতার পাশাপাশি অনেক ক্ষেত্রে ভূমিকা রাখার অধিকার তাঁদের থাকতে হবে। সংসদে নির্বাচিত হয়ে তাঁরা ছুটি নিচ্ছেন। কিন্তু আমাদের বিদ্যমান আইনে সাংসদ হতে বাধা আছে।

প্রথম আলো : তাহলে আইন সংশোধনের কথা ভাববেন!

আরেফিন সিদ্দিক : সেটা আমি বলি না। তবে শিক্ষকদের মধ্যে এ ধরনের একটা দাবি আছে। তাঁরা বলছেন, যদি রাজনীতি করারই সুযোগ পাই, তাহলে নির্বাচন করব না কেন? স্বায়ত্তশাসনের মানে তো সেটাই।

প্রথম আলো : স্বায়ত্তশাসনের যে ধারণা পাশ্চাত্য দিয়েছে, তা আপনার এই ব্যাখ্যা সমর্থন করে না। ড. মিশেল স্টিভেনসন কয়েক শতাব্দীর স্বায়ত্তশাসনের উদাহরণ টেনে বলেছেন—  

আরেফিন সিদ্দিক : বাংলাদেশের মধ্যে আলোচনাটা রাখাটাই ঠিক হবে। একাত্তরে কী কারণে শিক্ষকদের হত্যা করা হয়েছিল? দুই অর্থনীতির তত্ত্ব কারা দিয়েছেন?

প্রথম আলো : ইঙ্গ-মার্কিন সমীক্ষা বলছে, অধ্যাপকদের শতকরা ৫০ ভাগের বেশির ঝোঁক সব সময় বামপন্থার দিকে, আর আপনাদের প্রবণতা কী?

আরেফিন সিদ্দিক : এখানে আপনি ইংল্যান্ড, জার্মানির প্রবণতা খুঁজে পাবেন না। এখানে বাংলাদেশেরটা পাবেন, বিদেশমুখী হলে চলবে না। 

প্রথম আলো : উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েই আপনি বলেছিলেন আপনার সর্বোচ্চ অগ্রাধিকার ছাত্র সংসদ নির্বাচনে। তার কী খবর?  

আরেফিন সিদ্দিক : চেষ্টা করেছি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছাত্রছাত্রীদের চিন্তাভাবনা আমরা জানি, তাই একটা সমন্বয় করতে হবে। 

প্রথম আলো : এ ব্যাপারে ঠিক কী চেষ্টা করেছেন? সরকারের কোথাও কোনো চিঠি দিয়েছেন কি? সিনেটই ভিসি প্যানেল নির্বাচিত করবে, কিন্তু সেই সিনেট বহু বছর ধরে আইনানুযায়ী গঠিত নয়।

আরেফিন সিদ্দিক : আমার মনে হয় না এ ব্যাপারে সরকারের কাউকে চিঠি দেওয়ার আছে। আর সিনেটকে অকার্যকর বলাটা মনে হয় সুইপিং কমেন্ট। কারণ, সিনেটে ডাকসুর প্রতিনিধিরা নেই, বাকিরা আছেন। 

প্রথম আলো : ১৯৩৪ সালের পর আপনিই সব থেকে বেশি মেয়াদে আছেন। আইন বলেছে, নির্বাচিত ভিসির মেয়াদ চার বছরের, পরে আরও এক মেয়াদ নির্বাচিত হওয়া যাবে। আপনি নির্বাচন না করেই প্রায় একটা পুরো মেয়াদ কাটালেন, এটা সিনেট অকার্যকর থাকার প্রমাণ নয় কি?

আরেফিন সিদ্দিক : সিনেট কার্যকর আছে। ডাকসু নির্বাচনও আমরা সবাই চাই কিন্তু এটা করতে গিয়ে শা‌ন্তি ভঙ্গ হোক, তাও কাম্য নয়। সমস্যা ছাত্রসংগঠনগুলোকে নিয়ে, যারা ডাকসুতে প্রতিনিধিত্ব করবে। এসব ছাত্রসংগঠনের অধিকাংশই অছাত্র ও অনিয়মিত ছাত্র। এখানে নেতৃত্বে নিয়মিত ছাত্র থাকলে আমরা সহজে নির্বাচন পরিচালনা করতে পারব, না হলে এখানে সমস্যা আছে। এখানে জাতীয় নেতাদেরও একটা ভূমিকা আছে। কারণ, তাঁদের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশনায় এই ছাত্রসংগঠনগুলো পরিচালিত হয়।  

প্রথম আলো : প্রথম আলোর রিপোর্টে আবাসিক হলে ৬১ শতাংশ বহিরাগতের উপস্থিতির খবরের পরেও কী করে আমরা ভাবব যে এটা আপনি পারবেন? গত কয়েক সপ্তাহে কী পদক্ষেপ নিতে পেরেছেন?

আরেফিন সিদ্দিক : ওই রিপোর্টে কিছু তথ্যগত ভ্রান্তি আছে। যেমন বহিরাগত ৬১ শতাংশ নয়, এটা ৫ শতাংশের বেশি নয়, তাঁরা অছাত্র। বাকিরা বৈধ ছাত্র কিন্তু যথানিয়মে সিট পেয়ে থাকছেন না। বহিরাগতরা গোপনে থাকেন। সম্প্রতি এফ রহমান হল থেকে তিন-চারজনকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।

এ ছাড়া সব প্রাধ্যক্ষ আমাকে জানিয়েছেন যে এটা সত্য নয় যে একটি মুরগি ৩৪ টুকরা করা হয়। এটা বড়জোর ১৬ টুকরা করা হয়। আর ১ কেজি ডালে ৩০০ ছাত্রের কী করে হবে? হয়তো ওই হলে কতজন ছাত্র আছে সেই হিসাব করা হয়েছে। কিন্তু সবাই ডাল নেয় না। তাই কতজন ডাল নিল, সেটা দেখতে হবে। বস্তুনিষ্ঠ তথ্যের বাইরে প্রতিবেদন আসা উচিত নয়। সাধারণ মানুষ তো ভুল বুঝবে।

প্রথম আলো : আপনি এর ব্যাখ্যা দিলে নিশ্চয় তা ছাপা হতো, আর সেই সুযোগ এখনো খোলা আছে। ভুল করলে শুধরে দিন। 

আরেফিন সিদ্দিক : আসলে ছাত্র বিবেচনাতেই প্রতিবাদ করিনি। অন্যদের ক্ষেত্রেও তাই। জনসংযোগ দপ্তরকে বলেছি প্রতিবাদ না করতে। কারণ, ছাত্ররা ভুল করতে করতেই শিখবে। 

প্রথম আলো : তার মানে আপনি প্রথম আলোতে হলে বহিরাগত ও দুরবস্থার ব্যাপারে যা ছেপেছে, তার সত্যতা অস্বীকার করছেন?

আরেফিন সিদ্দিক : না। আমি কিছু ত্রুটিবিচ্যুতির কথা বলেছি। যদি পুরো পরিস্থিতি তুলে ধরা হয় তাহলে সঠিক চিত্র আসবে। হলভেদে ১০ থেকে ৩০ জন করে বহিরাগত থাকে।

প্রথম আলো : এই হিসাবও উদ্বেগজনক। এ জন্য কি রাজনীতি প্রধানত দায়ী নয়?

আরেফিন সিদ্দিক : আমি এ জন্য দলীয় রাজনীতিকে প্রধানত দায়ী করব না। হলের থাকা, খাওয়াদাওয়ার সমস্যার জন্য দলীয় রাজনীতি খুব একটা দায়ী নয়। আমার ৩৫ হাজার ছাত্রছাত্রী, যার এক-তৃতীয়াংশকেও হলে রাখার সুযোগ পাই না। সুযোগ-সুবিধা সম্প্রসারিত না করলে এই সমস্যা থেকেই যাবে। প্রত্যন্ত গ্রাম থেকে যারা এসেছে, তারা যদি করিডরে থেকেও পড়তে পারে, তাদের আমি সেই সুযোগ দেব। তাকে বের করা মানে তার লেখাপড়া বন্ধ করা।

প্রথম আলো : অভিযোগ আছে, বর্তমান সরকারের আমলে ক্যাম্পাস ছাত্রদলমুক্ত করা হয়েছে।

আরেফিন সিদ্দিক : এখানে তথ্যের ঘাটতি আছে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকতে বহু ছেলেমেয়ে ক্যাম্পাসে ঢুকতে পারেনি। তাদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিতে হয়েছে। এখন পরীক্ষা যথাসময়ে এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ উপস্থিতি শতভাগ। এই গুণগত পরিবর্তন স্বীকার করতে হবে।

প্রথম আলো : স্বাধীনতার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত ৭৪টি ছাত্রহত্যার একটিরও বিচার হলো না কেন? ২০১০ সালে প্রথম শ্রেণি পাওয়া ছাত্রলীগের যে ছেলেটি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, গত ছয় বছরেও তাঁর হত্যার বিচার শুরুই হলো না কেন?  

আরেফিন সিদ্দিক : প্রথমবারের মতো আমি কিন্তু এই হত্যার তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছি। অভিযুক্ত ব্যক্তিদের বহিষ্কার করেছি। মামলা করেছি। এই গুণগত পরিবর্তন মানতে হবে। একটি সমাজ এগিয়ে যাওয়ার জন্য সময় দিতে হবে। কাউকে জেল বা ফাঁসি দেওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে নেই। 

প্রথম আলো : যারা লাশ ফেলেছে তারা বাইরে আর এই ক্যাম্পাসে শুধু লাশ পড়ার কথা বলায় ডাকসুর সাবেক ভিপি মান্না জেলে। 

আরেফিন সিদ্দিক : কে কী জন্য জেলে সেটা ভিন্ন বিষয়। তবে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চয় আমি চাইব। আমি আপনার সঙ্গে একমত যে বিচার হচ্ছে না। কিন্তু কেন, কার দোষে বিচার হচ্ছে না, সেটা দেখতে হবে। বিশ্ববিদ্যালয় কি বিচার বন্ধ রেখেছে? তাকে দোষারোপ করা যাবে?

প্রথম আলো : ক্যাম্পাসের সহিংসতা রোধে বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ রাখবেন? 

আরেফিন সিদ্দিক : আমি সব সময় হত্যার বিচার দাবি করি। পুরোনো ফাইল ঘাঁটলে দেখবেন শিক্ষক সমিতির নেতা হিসেবেও আমি সব সময় ক্যাম্পাস–সহিংসতা বা খুনের বিচার চেয়েছি। 

প্রথম আলো : পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক সব সম্পর্ক থাকবে কিন্তু জ্ঞানের সম্পর্ক থাকবে না, সেটা কতটা সমীচীন?

আরেফিন সিদ্দিক : খুবই ভালো প্রশ্ন। পাকিস্তানেরই কতিপয় নাগরিক আমাকে অভিনন্দন জানিয়েছেন। জ্ঞান হচ্ছে সত্য। যে রাষ্ট্র গণহত্যা অস্বীকার করে তার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পর্ক কেন রাখব? আমি উপাচার্য হওয়ার পরও উভয় দেশের ছাত্র-শিক্ষকদের মধ্যে যাতায়াত ছিল। আমাদের গবেষকেরা সেখানে সেমিনার-সিম্পোজিয়ামে যেতেন। সম্প্রতি ফিল্মের ওপর অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক কর্মশিবির আমাকে বন্ধ করতে হয়েছে। একাত্তরের গণহত্যার জন্য ক্ষমাপ্রার্থনা ও ১৯৫ জনের বিচার না করা পর্যন্ত এটা চলবে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত। 

প্রথম আলো : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকট ও সংস্কার সম্পর্কে বলুন।

আরেফিন সিদ্দিক : এই মুহূর্তে স্থানসংকুলানই  বড় সমস্যা। আমি এসে সেশনজট মুক্ত করেছি। ১৬টি নতুন বিভাগ ও নিয়মিত সমাবর্তন চালু করেছি। এখন জরুরি হলো চার-পাঁচতলা ভবন ভেঙে ২০ তলা ভবন করা। ত্রিতল জহুরুল হল ভেঙে ২৫ তলা হল পেলে তিনটি হলের ছাত্রদের আবাসনসংকট মিটবে। সূর্য সেন ও মুহসীন হলের অবস্থা খুব খারাপ।

৯৫ বছরেও আমরা মাস্টারপ্ল্যান করতে পারিনি, এখন এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে। বছরে সাড়ে তিন শ কোটি টাকার বাজেট। এর নিরীক্ষা সরকারই করে। কিন্তু এর পরিমাণ বাড়াতে হবে।        

প্রথম আলো : ক্যাম্পাসে মুক্তচিন্তা বাধাগ্রস্ত হচ্ছে কি না? সাদা (দল) ঘোলাটে হচ্ছে। ছাত্রদলের স্লোগান নেই, অন্য বিরোধী ছাত্রসংগঠনও দুর্বল।

আরেফিন সিদ্দিক : আমার মনে হয় না। সাদা দল তাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। যখন আন্দোলন হয়, অপরাজেয় বাংলার পাদদেশে এলে দেখবেন বাম সংগঠনের ছাত্রছাত্রীরা তাঁদের মতামত প্রকাশ করছেন। মুক্তচিন্তার বহিঃপ্রকাশ প্রতিদিন লক্ষ করছি।    

প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।

আরেফিন সিদ্দিক :   ধন্যবাদ।