>

আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেট আলোচনা শুরু হয়ে গেছে। বাজেট নিয়ে সিদ্ধান্ত হয় মূলত এ সময়টাতেই। আর এ কারণেই নতুন বাজেট নিয়ে আমরা কথা বলেছি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে। আগামী অর্থবছরের বাজেট, বিনিয়োগ, উন্নয়ন ও সুশাসন—এসব নিয়ে কথা বলেছেন তিনি। এবি মির্জ্জা আজিজুল ইসলাম বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ
প্রথম আলো: ১ জুন আগামী অর্থবছরের বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর সামনে এই মুহূর্তে কী কী চ্যালেঞ্জ আছে?
এবি মির্জ্জা আজিজুল ইসলাম: বাজেট যথাসময়ে যথাযথভাবে বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। গত পাঁচ বছরের মধ্যে গত অর্থবছরেই সবচেয়ে কম বাজেট বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের ঘাটতির মাত্রা ক্রমেই বাড়ছে। ব্যর্থতার মাত্রাও বাড়ছে। ২০১১-১২ অর্থবছরে ৯৩ শতাংশ বাজেট বাস্তবায়িত হয়েছিল। ক্রমান্বয়ে তা কমতে কমতে ২০১৫-১৬ অর্থবছরে নেমেছে সাড়ে ৭৮ শতাংশে। আমার মতে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাজেট পুরোপুরি বাস্তবায়িত না হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। সাধারণ মানুষের মনে ধারণা জন্মেছে যে প্রতিবছর যে বাজেট দেওয়া হয়, তা বাস্তবায়িত হয় না। মানুষের এই ধারণা দূর করতে হবে।
প্রথম আলো: আগামী অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অন্তত আড়াই লাখ কোটি টাকার লক্ষ্য দেওয়া হচ্ছে। এ লক্ষ্য কতটা অর্জন করা সম্ভব?
মির্জ্জা আজিজ: চলতি অর্থবছরে এনবিআরকে রাজস্ব আদায়ের যে লক্ষ্য দেওয়া হয়েছে, তা গতবারের সংশোধিত লক্ষ্যের চেয়ে ৩৫ শতাংশ বেশি। তখনই বলেছিলাম, এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। চলতি অর্থবছরের ২ লাখ ৩ হাজার কোটি টাকার লক্ষ্যের মধ্যে জুলাই-ডিসেম্বর সময়ে মাত্র ৮০ হাজার কোটি টাকা আদায় হয়েছে। বছর শেষে ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা আদায় হবে। আগামী অর্থবছরে যদি এনবিআরকে আড়াই লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়; তবে তা হবে আগের বছরের তুলনায় বিরাট উল্লম্ফন। যে লক্ষ্য অর্জন করা যাবে, তা-ই নির্ধারণ করা উচিত। আমার মতে, চলতি বছরে যে পরিমাণ রাজস্ব আদায় হতে পারে; এর চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে আগামী বাজেটে এনবিআরের রাজস্ব লক্ষ্য নির্ধারণ করা দরকার।

প্রথম আলো: ১ জুলাই থেকে নতুন মূসক আইন কার্যকর হবে। ব্যবসায়ীদের আপত্তি আছে মূসক হার নিয়ে। ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা না করে এই আইন বাস্তবায়ন করা কতটা সম্ভব?
মির্জ্জা আজিজ: ব্যবসায়ী ও সরকারের মধ্যে এ নিয়ে সমঝোতা না হলে মূসক আইন বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হবে। তবে কোনো না কোনো সময় অভিন্ন হারে মূসক নিতে হবে। কিন্তু আমরা সেই পর্যায়ে এখনো উন্নীত হইনি। আমি যখন অর্থ উপদেষ্টার দায়িত্বে ছিলাম, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল এসেছিল। তারা নতুন একটি মূসক আইন করতে কারিগরি সহায়তা দিতে চেয়েছিল। তখনো সংস্থাটি (আইএমএফ) একটি অভিন্ন মূসক হারের কথাও বলেছিল। কিন্তু আমি তখন ওই প্রস্তাব গ্রহণ করিনি।
আমার যুক্তি হলো মূসক হতে হবে রেয়াতিভিত্তিক। আমি যে পণ্য উৎপাদন করছি, এর ওপর মূসক নির্ধারিত হবে। তবে ওই পণ্য বানাতে আমি কাঁচামাল কেনার সময় যে মূসক দিয়ে এসেছি, তা বাদ দিতে হবে। অর্থাৎ, এই মূসক-ব্যবস্থা পুরো হিসাব-নিকাশের ওপর নির্ভর করে। এখন ব্যবসায়ীদের যদি হিসাব ঠিক না থাকে, তবে নতুন আইনে আরও জটিলতা তৈরি হবে।
মূসক হার আরও কমানো উচিত। নতুন আইন অনুযায়ী, ১৫ শতাংশ মূসক অনেক দেশের তুলনায় বেশি। আমাদের সার্বিক মাথাপিছু আয়ও কম। আর মূসক শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ে। তাই আমি মনে করি, মূসক হার ১০ শতাংশ করা উচিত।
প্রথম আলো: বর্তমানে কালোটাকা সাদা করার সুযোগ রয়েছে। এ সুযোগ কি রাখা উচিত?
মির্জ্জা আজিজ: কালোটাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয়। এর আগে বহুবার এই সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু খুব বেশি সুফল আসেনি; করও বেশি পাওয়া যায়নি। বারবার এ ধরনের সুযোগ দিলে কালোটাকা উপার্জনের প্রবণতা বেড়ে যায়। কালোটাকা উপার্জনকারীরা মনে করেন, সরকার তো সুযোগ দেবেই। আমি যখন দায়িত্বে ছিলাম, তখন অপ্রদর্শিত বৈধ আয় ঘোষণার সুযোগ দিয়েছিলাম এবং তা জরিমানা দিয়ে। সেটা অবৈধভাবে উপার্জিত নয়।
প্রথম আলো: বিনিয়োগের স্বার্থে করপোরেট কর হার কমানো কি উচিত?
মির্জ্জা আজিজ: করপোরেট কর কিছুটা কমানোর সুযোগ আছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ—এটা ঠিক আছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার ৩৫ শতাংশ। এসব কোম্পানির কর হার কিছুটা কমিয়ে ৩০ শতাংশ করা যেতে পারে।
তবে শুধু করপোরেট কর কমিয়ে বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব নয়। আমি যখন জাতিসংঘে কাজ করেছি, তখন বিভিন্ন গবেষণায় দেখেছি যে, বিভিন্ন দেশ শুধু কর হার কমিয়ে বিনিয়োগ আকৃষ্ট করতে গিয়ে সুফল পায়নি। আমি (২০০৭-০৮ সালে) যখন কর অবকাশ-সুবিধা দিয়েছিলাম, তখন প্রতিষ্ঠান চালু হওয়ার পর বছরওয়ারি বিভিন্ন হারে কর অবকাশ-সুবিধা দিয়েছিলাম। পরে ২০০৮-০৯ অর্থবছরে বিনিয়োগ সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
শুধু কর হার কমিয়ে বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়। বিনিয়োগের জন্য বেশ কিছু সমস্যার সমাধান করতে হবে। সমস্যাগুলোর অন্যতম হলো জমির সংকট, গ্যাস-বিদ্যুৎ ঘাটতি, পরিবহন ও বন্দর অবকাঠামো নির্মাণ, দক্ষ শ্রমিকের অভাব। সার্বিকভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বব্যাংকের হিসাবে, সুশাসনের পাঁচ-ছয়টি সূচকে সর্বনিম্ন এক-তৃতীয়াংশ দেশের মধ্যে বাংলাদেশ আছে।
প্রথম আলো: ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানো উচিত কি না?
মির্জ্জা আজিজ: কয়েক বছর ধরে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত সীমা বাড়ানো হয়নি। এখন সময় এসেছে তা একটু বৃদ্ধি করার। আমার মতে, এই সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা করা উচিত।
প্রথম আলো: প্রতিবার বিশাল এডিপি নেওয়া হয়। কিন্তু সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। এসব খাতে অগ্রাধিকার দেওয়া উচিত। কীভাবে সম্ভব?
মির্জ্জা আজিজ: নিঃসন্দেহে এসব খাতে গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ানো উচিত। বিশেষ করে, সামাজিক নিরাপত্তা খাতে অবশ্যই বরাদ্দ বাড়াতে হবে। বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে যথেষ্ট উন্নতি করেছে। দারিদ্র্যের হার ২৩ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। কিন্তু প্রায় চার কোটি লোক এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা শ্রীলঙ্কার মোট জনসংখ্যার দ্বিগুণ।
২০০৮-০৯ অর্থবছরে বাজেটের ১৭ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ৮ শতাংশ বরাদ্দ ছিল সামাজিক নিরাপত্তায়। এই খাতে বরাদ্দ টাকার অঙ্কে বাড়লেও বাজেট ও জিডিপি অনুপাতে কমেছে। অন্যদিকে টাকার অঙ্কে বাড়লেও মূল্যস্ফীতি হিসাবে ধরলে টাকার অঙ্কেও হয়তো কমেছে। সামাজিক নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বরাদ্দ বাড়াতে হবে।
এসব খাতে বরাদ্দ বাড়াতে হলে অপ্রয়োজনীয় ভর্তুকি কমাতে হবে। যেমন সারে যে ভর্তুকি দেওয়া হয়, তাতে যাঁর বেশি জমি আছে, সেই ব্যক্তি বেশি ভর্তুকি পান। আবার যাঁর কম জমি, তিনি কম ভর্তুকি পান। বিদ্যুতের ক্ষেত্রে একই অবস্থা। আবার বছরের পর বছর ধরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো লোকসান দিয়ে আসছে। সরকার প্রতিবার বাজেটে বরাদ্দ দিয়ে এসব প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। অর্থনীতির মৌলিক নিয়ম হলো, যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান কমপক্ষে চলতি ব্যয় নিজস্ব উৎস থেকে জোগান দিতে না পারে; সেগুলো বন্ধ করে দেওয়া উচিত।
প্রথম আলো: এখন বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, গণতন্ত্র কিছুটা খারাপ অবস্থায় রেখেও উন্নয়নকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। অর্থাৎ গণতন্ত্র নয়; আগে উন্নয়ন। আপনার মত কী?
মির্জ্জা আজিজ: গণতন্ত্র ও উন্নয়নের সম্পর্কের চিত্রটা মিশ্র। দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার অনেক দেশে গণতন্ত্র না থাকলেও উন্নয়ন হয়েছে। যেমন প্রেসিডেন্ট পার্কের আমলে দক্ষিণ কোরিয়ায় সাময়িক একনায়কতন্ত্র থাকলেও প্রবৃদ্ধি ৮-১০ শতাংশ হয়েছে। ১৯৭৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রবৃদ্ধি হয়েছিল ৭-৮ শতাংশ। তখন সামরিক পৃষ্ঠপোষকতায় সরকার ছিল। আবার সিঙ্গাপুরে তথাকথিত কিছুটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের মধ্যেও উন্নতি হয়েছে। আবার এর উল্টো উদাহরণও আছে, মার্কোসের আমলে ফিলিপাইনের অর্থনীতি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। লাতিন আমেরিকার অনেক দেশেও একই অবস্থা হয়েছিল।
মূল বিষয় হলো, অর্থনীতির নীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় ঐক্য থাকলে উন্নয়ন হতে পারে। থাইল্যান্ডে কে ক্ষমতায় আছে, তা নিয়ে বিনিয়োগকারীদের মাথাব্যথা নেই। ওই দেশে রাজনৈতিক কারণে দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হয় না। অর্থনীতির নীতি নিয়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের মতৈক্য আছে। বড় দুই দলই চায় বেসরকারি খাতনির্ভর একটি অর্থনীতি। বাংলাদেশের সমস্যা হলো, নীতি প্রণীত হলেও বাস্তবায়িত হয় না। সুশাসনের অভাব কিংবা গণতন্ত্র যে অবস্থায় থাকুক না কেন, তবু কয়েক দশক ধরে এ দেশে ক্রমান্বয়ে প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশকে বলা হয় ‘ডেভেলপমেন্ট প্যারাডক্স’। অর্থাৎ, এ ধরনের অসামঞ্জস্যমূলক পরিস্থিতিতেও প্রবৃদ্ধি ভালো।
প্রথম আলো: আপনি অর্থমন্ত্রী হলে বাজেটের আকার কত হতো?
মির্জ্জা আজিজ: আমার হিসাবে, বাজেটের আকার হতো ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। একটি বাস্তবায়নযোগ্য বাজেট দিতাম। এর মধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য দিতাম ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।