জীবন কারও কারও কাছে উৎসবের মতো, উদ্যাপনের বিষয়। সন্দীপন ছিলেন তেমনই একজন। হৃদ্রোগের চিকিৎসক তিনি, কিন্তু চিকিৎসাশাস্ত্রের বাইরেও একটা সংবেদনশীল হৃদয়ের অস্তিত্বকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তাই অবসর সময়ে বেহালায় সুর তুলতেন তিনি। কখনো একান্তে, কখনো মিলনায়তন উপচে পড়া দর্শকের সামনে। কিন্তু হঠাৎ থেমে গেল সেই সুর!
চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদ্রোগ বিভাগের চিকিৎসক সন্দীপন দাশ ১৬ আগস্ট নগরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এই মহামারিকালে আমাদের চারপাশে মৃত্যুর যে মহাযজ্ঞ চলছে, সেই বিবেচনায় এটিও একটি নিতান্ত ‘শোক সংবাদ’ হতে পারত। তা হয়নি, কারণ সন্দীপন একজন অন্য রকম মানুষ। মানবিক বোধ আর শিল্পীসত্তার অপূর্ব সমন্বয় গড়ে উঠেছিল তাঁর মধ্যে। তাই চট্টগ্রামের মানুষ এমন একজন চিকিৎসক তো বটেই, সর্বোপরি একজন প্রিয় মানুষকে হারিয়ে বেদনার্ত—সামাজিক যোগাযোগমাধ্যমে শুনতে পাই সেই হাহাকারের শব্দ।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘ডা. সন্দীপন, বন্ধু আমার, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলাম, তখন মুহূর্তের জন্যও তুমি আমাকে ছেড়ে যাওনি। ...তুমি আমাদের কাছে ছিলে দেবদূত।’
এ রকম বেদনার্ত শব্দাবলি আরও অনেকেই উচ্চারণ করেছেন। কারণ, সন্দীপন তাঁর চিকিৎসক পরিচয়টাকে দায়িত্বসীমার গণ্ডির মধ্যে কখনো আবদ্ধ রাখেননি। গরিব-অসহায় কত রোগীকে তিনি বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন, তার যেমন কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা অসম্ভব, তেমনি পথে-প্রান্তরে ঘুরে ভাসমান কত রোগীর জীবন বাঁচিয়েছেন, তারও কোনো হিসাব নিজেই রাখেননি তিনি।
এই নগরের লেখক-শিল্পী-সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের জন্য সন্দীপনের দ্বার ছিল অবারিত। তাঁর সারল্যমাখা হাসিমুখ বর্তমান লেখকসহ অনেকের কাছেই ছিল বরাভয়। শুধু চিকিৎসা বা পরামর্শ তো শুধু নয়, প্রয়োজনে কত রোগীকে নিজের গাড়িতে তুলে তিনি হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য নিয়ে গিয়েছেন, তার ইয়ত্তা নেই। এ রকম একজন হৃদয়বানকে হারানোর বেদনা মানুষকে অশ্রুসিক্ত করে তুলবে, এটাই তো স্বাভাবিক।
৫২ বছর বয়সী ডা. সন্দীপনের স্ত্রীও চিকিৎসক। এক ছেলে ও মেয়ে আর প্রৌঢ় মা-বাবাকে নিয়ে সুন্দর প্রাণবন্ত একটি সংসার ছিল তাঁদের। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন সন্দীপন। দীর্ঘদিন ভুগেছেন। তখন চিকিৎসক বন্ধুরা ছিলেন তাঁর পাশে। কিন্তু হাসপাতালে সর্বক্ষণ ছায়ার মতো পাশে থেকে স্বামীকে ফিরিয়ে এনেছিলেন ডা. রূপা দত্ত। কিন্তু এবার আর পারলেন না। কিডনি জটিলতা ও অন্য নানাবিধ সমস্যার কারণে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাঁকে।
সন্দীপনের একজন সতীর্থ কবি ও চিকিৎসক জিল্লুর রহমান লিখেছেন—
‘তার ছিঁড়ে গেল প্রিয় বেহালার
তবু বেজে চলে বিরহের সুর
দীপ নিভে গেল বাদকের, আর
প্রাণে বাজে গান বেদনা বিধুর!’
সত্যি, তার ছিঁড়ে গেলেও একটি অব্যক্ত বেদনার সুর আরও বহুদিন ধরে বাজতে থাকবে আমাদের হৃদয়ে।
বিশ্বজিৎ চৌধুরী : কথাসাহিত্যিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক