শিক্ষার্থীরা কেন পরীক্ষার্থী হতে চাচ্ছে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা বোর্ড কর্তৃক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহবাগে বিক্ষোভ করে।
ছবি: প্রথম আলো

নির্দিষ্ট পাঠ্যসূচির ওপর শিক্ষার্থীদের বিদ্যাবত্তা যাচাইকরণের পদ্ধতিই হলো পরীক্ষা। এরই লক্ষ্যে এই মাসের ১৭ তারিখ এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর যা শেষ হবে পরের মাসের অর্থাৎ সেপ্টেম্বরের ২৫ তারিখে। অথচ এরই মধ্যে কিছু এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা বোর্ড কর্তৃক এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহবাগে বিক্ষোভ করে। তাদের মূল দাবি ছিল এ পরীক্ষা যাতে দুই মাস পরে অনুষ্ঠিত হয় আর না হলে ১০০ নম্বরে পরীক্ষা নিতে হবে ৫০ নম্বরে।

কোভিড-১৯ এর সময় থেকে শিক্ষা ব্যবস্থায় কিছুটা অস্থিরতা বিরাজ করছে। ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার পর থেকে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এই বছর যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা দেবে। আন্দোলনরত শিক্ষার্থীদের মতে অধিকাংশই দাবি করছে তারা সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পায়নি।

অথচ এই বিষয়টি সুস্পষ্ট যে, ২০২৩ এর পরীক্ষার্থীরা পর্যাপ্ত সময় পায়নি বলেই শিক্ষা বোর্ড কর্তৃক সিলেবাস সংক্ষিপ্ত করেছে আর এই বছরের পরীক্ষার্থীরা এতটাও কম সময় পায়নি যে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে পারেনি। কাজেই বোঝা যাচ্ছে যে, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার এক অভিনব কৌশল করছে বর্তমান শিক্ষার্থীরা। কাজেই এখন প্রশ্ন হলো কেন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়ে নির্ধারিত সিলেবাসের উপর পরীক্ষা দিতে অনিচ্ছুক?

মূলত আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক সাফল্য অর্জন। পরীক্ষায় উচ্চ নম্বরে একটা সনদ প্রাপ্তিই আমাদের মূল উদ্দেশ্য থাকে। অন্যদিকে আমাদের দেশে শিক্ষার্থীদের বৃহৎ একটি অংশ এখন প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়েছে। ফলে আমরা সারা দিন ডিজিটাল ডিভাইস নিয়ে ইন্টারনেটে ডুবে থাকি আবার পরীক্ষায় ভালো ফলাফলের আশা করি। এখানে একজন প্রযুক্তিতে আসক্ত শিক্ষার্থীর বাস্তবতা আর আকাঙ্ক্ষার মধ্যে আকাশ-পাতাল ব্যবধান থাকে।

কোভিড-১৯ এর সময়কালে শিক্ষা ব্যবস্থাকে গতিশীল রাখতে দেশজুড়ে শিক্ষার্থীদের প্রযুক্তির আওতায় আনা হয়। অনলাইনে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছিল সে সময়। এরূপ বিপদসংকুল পরিস্থিতিতে প্রযুক্তির এই উপযোগিতা নিঃসন্দেহে কল্যাণকর। কিন্তু প্রযুক্তি যদি একটি মুদ্রা হয় তবে তার একপাশে যেমন কল্যাণকর দিক রয়েছে ঠিক অপরপাশে রয়েছে এর ক্ষতিকর দিকও রয়েছে।

শৈশব, কৈশোর অতিক্রম করে যখন একজন শিক্ষার্থী যৌবনে পরিণত হয় তখন তার মধ্যে অজানাকে জানার আগ্রহ জন্ম নেয়। অতীতে ঘরে বসে কেউ কেউ বিস্তর জ্ঞান আহরণ করতে পারত না কিন্তু বর্তমান সময়ে হাতে একটি স্মার্টফোন থাকলেই আমরা অজানাকে জানতে পারি। কোভিডের সময় অনলাইন ক্লাসের সুযোগে বিপুল পরিমাণ শিক্ষার্থীর হাতে স্মার্টফোন চলে আসে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি মানুষকে ইতিবাচকতার থেকে নেতিবাচকতার দিকে বেশি আকর্ষণ করে। এভাবে প্রযুক্তির অতি সহজলভ্যতা আমাদের ক্রমশ নেতিবাচকতার দিকে ধাবিত করছে। যার প্রভাব সবচেয়ে বেশি শিক্ষার্থীদের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি পরিচিতি পাওয়ার নেশায় বর্তমানের শিক্ষার্থীরা বিভিন্ন যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। পাশাপাশি নানান রকম অপরাধ জগতের সাথেও তারা মিশে যাচ্ছে। ভাইরাল হওয়ার রোগে অনেক শিক্ষার্থীরাই বর্তমানে আক্রান্ত। সর্বোপরি অনেক শিক্ষার্থী লেখাপড়া থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, পাঠ্যপুস্তকের সাথে তাদের সমন্বয় খুব কম সময়ই ঘটে। কাজেই বর্তমান শিক্ষার্থীরা যদি পরীক্ষাবিমুখ হয় তবে সেটাতে বিস্মিত হওয়ার কোনো কারণ দেখি না। আর ভবিষ্যতে যে, এর পরিমাণ বাড়তে পারে সেটাও অবাক করা কোনো বিষয় নয়।

এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সাথে যোগসূত্র ঘটাতে হবে। আর এ জন্য এগিয়ে আসতে হবে অভিভাবকদের। প্রযুক্তি ভয়াবহ থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা থেকে অনেক দূরে সরে যাবে। প্রযুক্তি অবশ্যই কল্যাণকর যদি আমরা এর যথোপযুক্ত ব্যবহার করি। আর মানুষ একটা পরিপক্ব সময়েই এটি অনুধাবন করতে পারে।

  • আলী আহসান
    শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
    ইমেইল: [email protected]