ফুলজোড়ের করুণ মৃত্যু চোখের সামনে দেখতে হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোরসহ এলাকার বিভিন্ন বয়সের মানুষ নদে ভেসে ওঠা এসব মাছ ধরছেন
ছবি: প্রথম আলো

আজ মঙ্গলবারের প্রথম আলোয় ‘ফুলজোড় নদে বিষ’ শিরোনামে সম্পাদকীয় দেখেই আগ্রহ নিয়ে পড়লাম। খুবই ভালো লাগল যে অতঃপর সম্পাদকের দৃষ্টিতেও এই নদের করুণ বীভৎসতা ধরা পড়েছে। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথম আলোর প্রতি।

এই নদের পাড়েই আমার বেড়ে ওঠা। ফলে নদটাকে চিনি খুব গভীরভাবেই। এত সুন্দর, শান্ত, স্বচ্ছ নদ আমি খুব কম দেখেছি। অথচ এই নদেরই করুণ মৃত্যুটাও চোখের সামনেই দেখতে পাচ্ছি। আমার গ্রামের নামটাও এই নদের নামেই ফুলজোড়।

এ নদে আগে প্রচুর মাছ পাওয়া যেতে। সবাই বড়শি ও জাল দিয়ে মাছ মারত। সারা রাত ধরে নদের পাড়ে মাছ মারাটা ছিল এলাকার মানুষের নেশা। এলাকার সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটানোর সুলভ উৎস ছিল এই নদ। অথচ সেই নদের পানি আজ অ্যাসিডের মতো হয়ে গেছে। পানি মুখে নিলে অ্যাসিডের স্বাদযুক্ত মনে হয়। নদে এখন আর কেউ মাছ ধরে না, জাল ফেলে না। সচেতন মানুষ গোসল করা বাদ দিলেও এখনো অনেকে গোসল করে। এসব মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছে।

শুকনো মৌসুমে যখন নদের স্রোত কমে যায়, তখন দূষণ তীব্রভাবে বোঝা যায়। যার প্রত্যক্ষ প্রমাণ এবার পেয়েছি রোজার ঈদে এলাকায় ছুটি কাটাতে গিয়ে। এলাকার মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি ভেতরে ক্ষোভ জমে আছে। কিন্তু একই সঙ্গে অসহায়ত্ব প্রকাশ করছে যে ক্ষমতার কাছে, টাকার কাছে সব হেরে যায়। কিছুই করার থাকে না। প্রতিবাদ করার ঝুঁকিও অনেকে নিতে চায় না ভয়ে।

মাত্র দুই শিল্পপ্রতিষ্ঠান ওই অঞ্চলের বিপুল মানুষের পানির অধিকার, মাছের অধিকার, গোসলের অধিকার কেড়ে নিয়েছে! জীববৈচিত্র্যের ধ্বংস যেন খুব তুচ্ছ ব্যাপার। তবে প্রথম আলোয় শিল্পপ্রতিষ্ঠানের নাম বা মালিকদের পরিচয় আসাটা আশা করেছিলাম। কেন সেটি আসেনি, সেই প্রশ্নই রাখলাম প্রথম আলোর সম্পাদকের কাছে।

ফুলজোড় নদকে বাঁচাতে শিল্পকারখানার নাম ও মালিকদের পরিচয় সামনে আসা উচিত বলে মনে করি। আমাদের ফুলজোড় নদ আবার প্রাণ ফিরে পাক—সেই প্রত্যাশাই থাকল।

আদিল মাহবুব ভূঁইয়া

শিক্ষার্থী

বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়