সময় যেন আগের চেয়ে আরও বিপথগামী হয়ে উঠেছে। ‘জাতিকে’ রাষ্ট্রের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে আর রাষ্ট্রকে নাগরিকের ওপরে স্থান দেওয়া হচ্ছে। ‘জাতীয়তাবাদের’ অর্থ দাঁড়িয়েছে এমন, রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে প্রণতি জানানো এবং তার নিপীড়নমূলক আচরণের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়া। সংবিধান নাগরিকদের প্রশ্ন করা ও নিপীড়ন প্রতিহত করার অধিকার দিয়েছে, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গেলেই বিপত্তি ঘটছে, যে এটা করছে তাকে জাতিবিরোধী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এমন বলদর্পী ও অন্ধ জাতীয়তাবাদের কাছে গণতন্ত্রকে বিসর্জন দেওয়াই এখন সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। শান্তিপূর্ণ ভিন্নমতাবলম্বীদের ভারতবিরোধী স্লোগান দেওয়ার জন্য জেলে পোরা হচ্ছে। অন্যদিকে যে গুন্ডারা এসব রাগী তরুণ ভিন্নমতাবলম্বীর ওপর হামলা চালাচ্ছে, তাদের বাঁচানো হচ্ছে, গুন্ডামি করতে উৎসাহিত করা হচ্ছে।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও তারপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত গুন্ডাদের কার্যক্রমে সরকারের সবচেয়ে কদর্য দিকটি বেরিয়ে এসেছে, অন্তত এখন পর্যন্ত। সংবিধানে সুরক্ষিত গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকার যে কতটা ফাঁপা, এর মধ্য দিয়ে তা বোঝা গেল। সরকার ভুলে গেছে, রাষ্ট্র সংবিধানের ফসল, এর উল্টোটা নয়। আর গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ করা তার সবচেয়ে বড় নৈতিক বাধ্যবাধকতা। সেটা না করে সরকার ‘জাতি’ ধারণারই উপহাস করেছে, যে জাতি প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে।
গণতন্ত্র স্রেফ সরকারব্যবস্থা নয়, এটি একটি পন্থা, যার মধ্যে বিকশিত ও সভ্য সমাজগুলো নিজেদের সংগঠিত করে। এটি একটি প্রাতিষ্ঠানিক কাঠামো, যার ভেতরে থেকে মানুষ বেঁচে থাকে ও একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে; এটি এমন এক পন্থা, যার মধ্যে স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ শুধু সরকারব্যবস্থারই মূল নির্যাসে পরিণত হয় না, সমাজে বেঁচে থাকার মূলমন্ত্র হয়ে ওঠে এগুলো। গণতন্ত্র ঠিক যতটা উদ্দেশ্য ও প্রক্রিয়া, ঠিক ততটাই একটি ব্যবস্থা, কাঠামো ও ক্রিয়া।
ব্যবস্থা ও কাঠামোর ক্ষেত্রে গণতন্ত্রের নানা রূপ থাকতে পারে, কিন্তু ব্যক্তিকে শ্রদ্ধা করার ক্ষেত্রে প্রক্রিয়া ও সাংস্কৃতিক মূল্যবোধ হিসেবে গণতন্ত্র সর্বজনীন মানদণ্ড অনুসরণ করে। গণতন্ত্র সমাজের সব শ্রেণির অর্থাৎ সব সামাজিক ও অর্থনৈতিক শ্রেণির মানুষের, সব বিশ্বাস ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষের গণপরিসরে অংশগ্রহণ নিশ্চিত করে, গণতন্ত্র আইনের শাসন চায়। গণতন্ত্র ব্যক্তিস্বাধীনতার শ্রদ্ধা দাবি করে, আর আবেগের সঙ্গে বাক্স্বাধীনতা, চিন্তা ও বিশ্বাসের স্বাধীনতা দাবি করে। গণতন্ত্র জানার ও জানানোর অধিকারের শ্রদ্ধা দাবি করে, এমনকি আমরা যখন ঈর্ষা নিয়ে নিজেদের স্বাধীনতা রক্ষা করি, তখন অন্যের স্বাধীনতাও আমাদের রক্ষা করতে হয়, বিশেষ করে সেই মানুষেরা যদি সংখ্যালঘু হয়, এমনকি তাদের চিন্তা ও বিশ্বাস যদি সমাজের বেশির ভাগ মানুষের চিন্তার একদম বিপরীত ও চরম হয়, এটাই গণতন্ত্রের দাবি।
শুধু একটি ক্ষেত্রেই গণতান্ত্রিক মূল্যবোধের লঙ্ঘন হয়, যদি সেই কাজ বা চর্চা সহিংসতা উসকে দেয়। ব্যক্তিস্বাধীনতার যেকোনো সহিংস অবদমন তা সে রাষ্ট্রের বা সংখ্যাগরিষ্ঠ মানুষের বা সুবিধাপ্রাপ্ত সামাজিক শ্রেণির স্বার্থেই হোক না কেন, তা গণতান্ত্রিক মূল্যবোধের লঙ্ঘন। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের ‘জাতিসত্তার’ মৌলিক উপাদান হচ্ছে মানবাধিকার, রাষ্ট্রের বা শাসকদের স্বার্থ নয়।
বাক্স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা আর দশটা গণতান্ত্রিক অধিকারের মতো নয়, এটি গণতন্ত্রের মৌল ভিত্তি। আর সবকিছুই এর ওপর নির্ভরশীল। এটি খুবই মৌলিকভাবে গণতন্ত্রের সবচেয়ে মৌলিক উপাদান। ফলে এই অধিকারের সুরক্ষা দেওয়া, সংরক্ষণ করা ও তাকে বিকশিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্বের মধ্যে পড়ে, যেটা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
মত প্রকাশের স্বাধীনতা আইন দ্বারা বলবৎযোগ্য। ফলে রাষ্ট্র এটা রক্ষায় ব্যর্থ হলে বলতে হয়, সে নিজের প্রধান কাজ করতে ব্যর্থ হয়েছে। বাক্স্বাধীনতার মধ্যে কথা শোনার অধিকারও রয়েছে; তথ্য পাওয়া, চাওয়া, আলোচনা ও বিতর্ক করাও এর মধ্যে পড়ে। সে কারণে এটি সর্বজনীন অধিকার, শুধু একক ব্যক্তির নিজেকে প্রকাশের অধিকার নয়। যাঁরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একত্র হয়ে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সহানুভূতিশীল মানুষের কথা শুনতে এসেছিলেন, তাঁদের সে কথা শোনার সব অধিকার আছে, তা সে কথা যতই বিঘ্ন ঘটাক, যতই দেশদ্রোহীমূলক হোক না কেন, বক্তাদের তা বলার অধিকার আছে। এটাই হচ্ছে আসলে বাক্স্বাধীনতা।
কিন্তু ভারতে বাক্স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যত আলোচনাই হয়, সেগুলো শুরু হয় এই যুক্তি দিয়ে যে সংবিধান নিজেই এর ওপর সীমাবদ্ধতা আরোপের বিধান দিয়েছে। ব্যাপারটা সত্যিই করুণা উদ্রেককারী। যুক্তি হিসেবে এটি বিভ্রান্তিকর। কথা হচ্ছে, সীমাবদ্ধতা আরোপ করতে হলে আপনার তো আগে স্বাধীনতা লাগবে। সীমাবদ্ধতা তো স্বাধীনতার ঊর্ধ্বে নয়। সে কারণে আগে সীমাবদ্ধতা দিয়ে শুরু করে স্বাধীনতার সংজ্ঞা নির্ধারণ করা যাবে না। কারণ, অনুশর্ত তো মূল চুক্তিকে ছাপিয়ে উঠতে পারে না।
সংবিধান-স্বীকৃত স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা আরোপ করে তাকে খোদ স্বাধীনতার ওপরে স্থান দেওয়া এবং তারপর এই সীমাবদ্ধতা ব্যবহার করে নিপীড়ন চালানো সত্যিকার অর্থেই মৌলিক অধিকারের লঙ্ঘন। এই যুক্তিতে বলতে হয়, স্বাধীনতার ওপর ইচ্ছামাফিক ও একেবারে অবৈধ সীমাবদ্ধতা আরোপ করাটা অলঙ্ঘ্য বিবেচনা করতে হবে, কিন্তু দায়মুক্তি দিয়ে স্বাধীনতাকে পায়ে মাড়ানো যাবে না।
দেখা যাচ্ছে, রাষ্ট্র ভয়হীন পরিবেশে মানুষের বাক্স্বাধীনতা নিশ্চিত না করে ভীতির পরিবেশ তৈরি করে লোককে স্বাধীনতা থেকে বঞ্চিত করছে। যারা মারাত্মক সহিংসতা সৃষ্টি করে জনজীবনের শৃঙ্খলা বিনষ্ট করার হুমকি দিচ্ছে, রাষ্ট্র বরং তাদের সুরক্ষা দিচ্ছে, মৌন সমর্থন দিচ্ছে। আর তাদের এই হম্বিতম্বিকে ‘জাতিবিরোধী’ কার্যক্রমের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু যেসব ভিন্নমতাবলম্বী মানুষেরা মিছিল-সমাবেশের আয়োজন করছে, তাদের জেলে পোরা হচ্ছে। ব্যাপারটা প্যারোডি হয়ে গেছে।
ভারতের মতো অসম দেশে আমজনতার মর্যাদা নিয়ে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র। ফলে যে কাজটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো গণতন্ত্র রক্ষা করা। সেটা করতে ব্যর্থ হয়ে যদি আবার ‘জাতীয়তাবাদের’ ডুগডুগি বাজানো হয়, তাহলে সেটা সংবিধানকে উপহাস করার শামিল হবে যে সংবিধান থেকেই এই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে।
ডেইলিও.ইন থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন
অমিতাভ পান্ডে: ভারতীয় লেখক।