গত ২৬ মার্চ, ২০২২ তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকায় পঞ্চম পাতায় ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভূতপূর্ব এক হাসপাতাল’ শিরোনামে একটি গবেষণা-প্রতিবেদন প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি জনবল ও অর্থায়নে ভারতের আগরতলায় স্থাপিত ‘বাংলাদেশ হাসপাতাল’ নামে চিকিৎসাকেন্দ্রের অনুসন্ধান করা হয় লেখাটিতে। সেটির পাঁচ নম্বর কলামে উল্লেখ করা হয়েছে, ‘মুজিবনগর সরকারের কাছ থেকে নিয়োগ প্রাপ্ত তিনজন প্রকৌশলী নূরুল হুদা, তাজুল ইসলাম ও মাহবুবুল হক হাসপাতালের কাজ তদারকি করতে আসেন।’ প্রকৃতপক্ষে চারজন প্রকৌশলী হবে, যেখানে আমার নামটি (মো. আবুল হাসেম) বাদ পড়ে।
এখানে উল্লেখ্য যে, আমরা ৫ জন প্রকৌশলী একসঙ্গে ১ নং সেক্টরে হরিনা ক্যাম্পে এইচটি ইমামের নির্দেশে ইয়থ ক্যাম্প নির্মাণের কাজ করছিলাম, যা প্রায় শেষের দিকে ছিল। ১ জুলাই ৭১ সালে এইচটি ইমাম মৌখিকভাবে আমাকে ও নূরুল হুদা সাহেবকে বিশ্রামগঞ্জে হাসপাতাল কাজ তদারকি করার জন্য নির্দেশ প্রদান করেন। আমরা বিশ্রামগঞ্জ এসে হাসপাতালের নকশা ও প্রাক্কলন প্রস্তুত করে ব্রিগে. খালেদ মোশাররফের কাছে দিই এবং তিনি তা অনুমোদন করেন। পরবর্তীতে জে. ওসমানী পরিদর্শনে আসলে তাঁকে নকশা দেখানো হয় এবং তিনিও নকশা অনুমোদন করেন। এরপর সেই অনুসারে কাজ শুরু করা হয়। পরবর্তীতে তাজুল ইসলাম ও মাহবুবুল হক আমাদের সঙ্গে যোগদান করেন।
বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত হলে আমাকে ট্রেনিংয়ের জন্য অক্টোবর মাসে বিহারের চাকুলীয়া পাঠানো হয়। এ সময় হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে ছিল। ট্রেনিং সমাপ্তির পর আমাকে ৯নং সেক্টরে পোস্টিং করা হয়। এ সংক্রান্ত যাবতীয় তথ্য-প্রমাণপত্র আমার কাছে আছে, যা আপনাদের কাছেও পাঠিয়েছি। অতএব ইতিহাসের অংশ হিসেবে আমার নামটিও গবেষণা-প্রতিবেদনটিতে যুক্ত করা উচিত বলে আমি মনে করি।
মো. আবুল হাশেম
৮১/বি, কাকরাইল
রমনা, ঢাকা