যার মূল্য সবাইকে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

বাংলাদেশের ক্রম–অবনতিশীল রাজনৈতিক, মানবাধিকার ও নিরাপত্তা–পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ৭ জুন স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে এক বিতর্ক হয়। সেই প্রাণবন্ত বিতর্কে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিসরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে নানা মত প্রকাশ করেন; যার মধ্যে মূল বিষয় ছিল ইসলামপন্থার ক্রমবর্ধমান প্রভাব, অসহিষ্ণুতা ও রাজনৈতিক চরমপন্থা। এ বিষয়ে ইইউ পার্লামেন্টের পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে নানা মত উঠে এসেছে। আর সাধারণভাবে বাংলাদেশের রাজনৈতিক অভিজাততন্ত্রের কাছ থেকে এবং বিশেষ করে সরকারের কাছ থেকে তাঁরা কী প্রত্যাশা করেন, সে ব্যাপারেও বিতর্কে নানা মতের প্রতিফলন ঘটে।
তবে একটা ব্যাপারে ইইউ পার্লামেন্টের সদস্যদের মধ্যে মতৈক্য দেখা যায়, সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। সদস্যরা এ কারণে বিশেষভাবে উদ্বিগ্ন যে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি তার কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ঠিক মানানসই নয়, বিশেষ করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ যে মধ্য আয়ের দেশ হতে চায় এবং তার জন্য মানুষের যে সামাজিক ও অর্থনৈতিক উল্লম্ফন প্রয়োজন, এই পরিস্থিতির কারণে সেই লক্ষ্য অর্জনের ব্যাপারটা বাধাগ্রস্ত হবে। তা ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় পার্লামেন্টে ‘বাংলাদেশ বিতর্কে’ (আগের বিতর্ক হয়েছে ২০১৩ সালের ১৪ মার্চ, ২১ নভেম্বর, ২০১৪ সালের ১৬ জানুয়ারি, ১৮ সেপ্টেম্বর ও ২০১৫ সালের ২৪ নভেম্বর) দেশটি সম্পর্কে যে সম্মিলিত আশাবাদ প্রকাশ করা হয়েছিল, প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার নিয়ন্ত্রণহীন ও সহিংস রাজনৈতিক বিবাদ সেই আশা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
এ কথা নিঃসন্দেহে বলা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে মোড় নিয়েছে, তা আমাদের মনের শান্তি নষ্ট করেছে। সেই নির্বাচন ঘিরে বিরোধী দল ধ্বংসাত্মক রাজনীতিতে মেতে ওঠে, যেটা সবচেয়ে দৃশ্যমান হয়ে ওঠে তাদের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে, তার সঙ্গে আছে ধর্মীয় সংখ্যালঘু এবং মুক্তমনা লেখক ও ব্লগারদের নৃশংসভাবে হত্যা। মূলত জঙ্গি ইসলামি গোষ্ঠী এসব সহিংস হামলা চালাচ্ছে, যার বলি হচ্ছে সমাজের সবচেয়ে কমজোর মানুষেরা। গত নভেম্বর মাসে ইউরোপীয় পার্লামেন্টে এক নাটকীয় রাজনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়, যার ফলে ‘বাংলাদেশের সরকারকে আহ্বান জানানো হয়, লেখক ও ব্লগারদের ওপর হামলা ঠেকাতে সম্ভাব্য লক্ষ্যবস্তুদের শারীরিক নিরাপত্তা দিলেই চলবে না, বরং গণপরিসরে সব ধরনের চরমপন্থী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে তর্ক–বিতর্ক শুরু করতে হবে।’ কিন্তু হামলা এখনো চলতে থাকায় বলা যায়, এ ব্যাপারে তেমন একটা অগ্রগতি হয়নি।
ফলে, ইইউ পার্লামেন্টের সর্বশেষ বিতর্কে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়, অর্থাৎ আর যাতে সহিংসতা না হয় সে লক্ষ্যে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারকে মূলত যা করতে হবে সেটা হলো, প্রশাসনকে সক্রিয় করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সমাজে সহিষ্ণুতা ফিরিয়ে আনা থেকে শুরু করে গণপরিসরে রাজনৈতিক বিতর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টির উদ্যোগও নিতে হবে। তা ছাড়া এর আরও একটি পূর্বশর্ত হচ্ছে, পুরো রাজনৈতিক-প্রাতিষ্ঠানিক কাঠামোকে বিরাজনৈতিকীকরণ।
ইইউ সদস্যরা এ কথাও বলেছেন যে ইসলামিক স্টেট ও আল-কায়েদা বেশ কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও সরকার দেশে তাদের অস্তিত্ব অস্বীকার করে। আবার বাংলাদেশে কিছু অভিজাত রাজনৈতিক দল ‘এলজিবিটি ও ধর্মীয় সংখ্যালঘুদের মতো বিপন্ন মানুষদের রক্ষা না করে এসব ঘৃণ্য হত্যাকাণ্ডকে ভোটের রাজনীতিতে কাজে লাগাচ্ছে।’ বাংলাদেশ সরকারকে বুঝতে হবে, রাজনৈতিক চরমপন্থার সমূহ বিপদ রয়েছে, যার মধ্যে আইএসের বিপদও রয়েছে।

>হিসাব করলে দেখা যাবে, জিহাদকে উপেক্ষা করার যে পরিণতি হবে, তার কাছে এই ঠুনকো নির্বাচনী সুবিধা কিছুই নয়। সমাজ যদি চরমপন্থার দিকে ঝোঁকে, তাহলে কেউই লাভবান হবে না

তবে ইইউ পার্লামেন্টের অনেক সদস্যই এটা জানেন, মৌলবাদ ও জঙ্গিবাদ বাংলাদেশে নতুন কিছু নয়, যদিও আইএস ও আল-কায়েদার মতো সংগঠনের কারণে সেটা আন্তর্জাতিক রূপ নিয়েছে। সদস্যরা বিতর্কে উল্লেখ করেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করার কারণে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাটা ঠিকই ছিল। কিন্তু ১৯৭৯ সালে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে তারা ‘চরমপন্থী জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।’ তাঁরা জানেন, বিএনপির সঙ্গে জামায়াতের জোট আছে। তাঁরা দাবি করেন, বিএনপিকে জঙ্গি ইসলামপন্থীদের ত্যাগ করে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। সংক্ষেপে বললে, বাংলাদেশ সরকারকে এটা বুঝতে হবে, ‘ইউরোপীয় ইউনিয়ন এমন এক বাংলাদেশ চায়, যেখানে মৌলিক সর্বজনীন মানবাধিকারের মূল্যবোধগুলো বহাল থাকবে।’ এ মুহূর্তে এটা পরিষ্কার যে গত কয়েক বছরে নাগরিকদের রক্ষা করার জন্য সরকারের আরও সক্রিয় হওয়া উচিত ছিল।
এসব কারণে সরকারকে কোমর বেঁধে নামতে হবে, যাতে বাংলাদেশ ‘পুরোপুরি সহিংসতায় ডুবে গিয়ে সন্ত্রাসবাদের আঞ্চলিক দুর্গে পরিণত না হয়।’ তবে ইউরোপীয় পার্লামেন্ট এটাও জানে, নিষেধাজ্ঞা আরোপ বা সমালোচনা ও ভৎ৴সনা না করে গঠনমূলকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াটাই সামনে এগোনোর পথ। তা ছাড়া বাংলাদেশ সরকারের উচিত হবে, ভবিষ্যতে ইউরোপের কাছ থেকে এই সহিংস চরমপন্থা মোকাবিলায় আরও জোরালো সমর্থন প্রত্যাশা করা।
গণতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশ ও রাজনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য বাংলাদেশে জাতীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক মতৈক্য প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হলো, বাংলাদেশের নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তের মধ্যে চরমপন্থা ও ইসলামীকরণের ব্যাপারে একধরনের নিস্পৃহতা সৃষ্টি হয়েছে। ইসলামি চরমপন্থার প্রতি বিএনপি ও জামায়াতে ইসলামীর ঝোঁকের কারণে বাংলাদেশের সমাজের বহুত্ববাদী ও উদার মূল্যবোধ ও ভাবধারা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।
ঢাকার কূটনৈতিক এলাকায় ইতালীয় এনজিও কর্মী সিজার তাবেলাকে হত্যাকাণ্ডের পর আইএস বাংলাদেশে নিজেদের অস্তিত্ব জানান দেয়, যা এখনো চলছে। এতে বোঝা যায়, বৈশ্বিক সন্ত্রাসবাদ বাংলাদেশের মাটিতেও শিকড় গাড়ছে। ফলে বাংলাদেশ সরকার যে বিষয়টি স্বীকার করতে চায় না, তা শুধু অবিমৃশ্যকারিতাই নয়, এর মাধ্যমে সে ক্ষীণ দৃষ্টির পরিচয় দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সরকারকে নিরাপত্তা সংস্থাগুলোকে দিয়ে সুনির্দিষ্ট ও সমন্বিত কৌশল প্রণয়ন করে অভ্যন্তরীণ ও বৈশ্বিক জঙ্গি ইসলামকে মোকাবিলা করতে হবে। কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি।
দুটি ব্যাপার এর জন্য দায়ী হতে পারে, যেগুলো আবার আন্তসম্পর্কিত। প্রথমত, দেশটির অস্বস্তিকর সামরিক-বেসামরিক সম্পর্ক, যেখানে কর্মকর্তারা ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়ার মধ্যে মুখ বন্ধ করে রাখেন। দ্বিতীয়ত, বিভিন্ন সংস্থার মধ্যে সম্পর্ক স্বাভাবিক না হওয়ার কারণে সন্ত্রাসবাদবিরোধী অভিযান সফল হচ্ছে না। সে কারণে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিবর্গ বা গোষ্ঠীকে ধরতে পারছে না।
উল্লিখিত বাধাগুলো দূর করতে হলে বাংলাদেশের নীতিপ্রণেতাদের শেষ বিচারে বুঝতে হবে, জিহাদি তৎপরতাকে উপেক্ষা করার পরিণাম ভালো হবে না। জিহাদি ইসলামকে উপেক্ষা করা হলে কিছু সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য অর্জন করা বা নির্বাচনী সুবিধা পাওয়া যেতে পারে। কিন্তু হিসাব করলে দেখা যাবে, জিহাদকে উপেক্ষা করার যে পরিণতি হবে, তার কাছে এই ঠুনকো নির্বাচনী সুবিধা কিছুই নয়। সমাজ যদি চরমপন্থার দিকে ঝোঁকে, তাহলে কেউই লাভবান হবে না। তা ছাড়া শুধু দেশটির সমস্যাগ্রস্ত ধর্মীয় সংখ্যালঘুদেরই এর মূল্য দিতে হবে না, সামগ্রিকভাবে রাষ্ট্র ও সমাজকেও এর মূল্য চোকাতে হবে।
ইংরেজি থেকে অনূদিত
ড. সিগফ্রিড ও. উলফ: আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক।