বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিমলেন্দু চাকমার সঙ্গে আমার পরিচয় রাঙামাটি সদর হাসপাতালে, গত ২৮ জুলাই। সেখানে তিনি এসেছিলেন তাঁর ওয়ার্ডের রূপবান এলাকার এক ধর্ষিত আদিবাসী কিশোরীকে দেখতে এবং মামলার ব্যাপারে সহযোগিতা ও পরামর্শ দিতে। আমিও সেখানে গিয়েছিলাম ওই কিশোরী ও তার অভিভাবকদের সঙ্গে কথা বলতে। সেদিন তাঁর সঙ্গে কথা হয়েছিল সুবলং এলাকার পরিস্থিতি নিয়ে। সেখানকার বাঙালি নেতারা কীভাবে ধর্ষণের এ ঘটনাকে মাত্র পাঁচ হাজার টাকায় মীমাংসার চেষ্টা করছেন, আর আদিবাসী কিছু মানুষও কেন এটাকে ধামাচাপা দিতে চাইছে, তা নিয়ে কথা হয়েছিল। আমি সেদিন ‘আদিবাসী কিশোরী ধর্ষণ ঘটনা পাঁচ হাজার টাকায় মীমাংসার চেষ্টা’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশ করেছিলাম। (প্রথম আলো, ২৯ জুলাই ২০১৩)।
এরপর বেশ কয়েক দিন বিমলেন্দু মুঠোফোনে ধর্ষণের ঘটনা সম্পর্কে আমাকে জানিয়েছিলেন। বরকল থানায় সেই কিশোরী আর তার অভিভাবকদের নিয়ে মামলা করার পর ফিরে আসার সময় তিনি ট্রলারের (ইঞ্জিনচালিত দেশীয় নৌকা) বিকট শব্দের মধ্যেও তিনি মুঠোফোনে আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। সেদিন আমার মনে হয়েছিল, বিমলেন্দু চাকমা ছোট জায়গার বড় নেতা। তাঁর মতো নিঃস্বার্থ নেতা আমাদের প্রতিটি পাড়া, গ্রাম, ওয়ার্ডে প্রয়োজন। কিন্তু তাঁর জীবন যে এতটাই ছোট হবে, ঘুণাক্ষরেও জানতে পারিনি।
গত ৩১ আগস্ট বিমলেন্দু চাকমার অপহরণ এবং হত্যার ঘটনা শোনার পর প্রথমে বিশ্বাসই করতে পারিনি। সুবলং ইউপির চেয়ারম্যান তরুণ কান্তি চাকমার সঙ্গেও এ ব্যাপারে কথা হয়। ইউপির নারী সদস্য বনলতা চাকমার সঙ্গে কথা বলে জানতে পারি, তাঁর নেতৃত্বে প্রায় ৩০০ লোক বিমলেন্দুকে খুঁজতে লংগদু উপজেলার সদর ইউনিয়নের হারিহাবা এলাকায় গেছেন। বিমলেন্দুকে ফেরত পেতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতাদের সহযোগিতা কামনা করা হয়েছে। তাঁরা একযোগে বিমলেন্দু চাকমার অপহরণের প্রতিবাদ করেছেন। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁকে যে হত্যা করা হয়েছে, তা লোকজন নিশ্চিত হয়েছেন (প্রথম আলো, ১ সেপ্টেম্বর)। এ ঘটনায় ব্যথিত হলেও একটা বিষয় আমাকে আশাবাদী করেছে, তা হলো, বিমলেন্দু অপহরণ ঘটনায় অন্তত ৩০০ লোক একজোট হয়ে প্রতিবাদ করেছেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে। মানুষ আর সংঘাত চায় না।
আমার মনে বারবার একটি প্রশ্ন উঁকি দিচ্ছে। তা হলো, আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় এবং মামলার ব্যাপারে আদিবাসী কিশোরী ও তার পরিবারকে সহযোগিতা করায় বিমলেন্দু চাকমার মৃত্যুর কারণ হলো কি না? কারণ, পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুযোগে অনেক অস্ত্রধারী সন্ত্রাসী বিভিন্নজনের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহূত হতে দ্বিধাবোধ করছে না।
বিমলেন্দু চাকমার মতো একজন প্রতিবাদী নিঃস্বার্থ মানুষ তাঁর ওয়ার্ডের লোকজনকে যেভাবে আগলে রেখেছিলেন, সেভাবে যেন আর কেউ রাখতে না পারেন, তার জন্য তাঁকে সরিয়ে দেওয়া হলো কি না? এসব প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি।
স্থানীয় আদিবাসীদের কাছ থেকে জানতে পেরেছি, বিমলেন্দু চাকমা অপহরণ ও হত্যায় নেতৃত্বদানকারী জ্যোতির্ময় চাকমাকে তাঁর নৃশংসতার জন্য এলাকায় নাম দেওয়া হয়েছে ‘অঙ্গুলিমাল’। বৌদ্ধজাতক মতে, অঙ্গুলিমাল গৌতম বুদ্ধের সময়ে নরহত্যা করে অমরত্ব লাভের চেষ্টা করেছিলেন। সেই অঙ্গুলিমাল লোকজনকে হত্যা করে মৃত ব্যক্তিদের আঙুল গলায় ঝুলিয়ে রাখতেন। গৌতম বুদ্ধ তাঁর ঋদ্ধিবলে অঙ্গুলিমালকে সৎ পথে এনে নির্বাণের পথ দেখিয়েছিলেন। এখন এমন কোনো নেতা বা দল কি আছে জ্যোতির্ময়ের মতো নৃশংস ব্যক্তিদের সৎ পথে এনে সুস্থ মস্তিষ্কের মানুষ করে গড়ে তুলবে। মনে হয় না।
পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি জ্যোতির্ময়কে অঙ্গুলিমালে পরিণত করেছে, তা আমাদের সবার জানা হয়েছে। এখন সময় এসেছে জ্যোতির্ময়ের মতো মানুষকে আইনের হাতে সোপর্দ করার। দলমত-নির্বিশেষে সবার দায়িত্ব হয়ে পড়েছে শান্তির পথ খোঁজার। রাজনৈতিক পরিস্থিতি এভাবে চলতে থাকলে শুধু জ্যোতির্ময় নন, আরও অনেক মানুষ অঙ্গুলিমালে পরিণত হবেন। সুতরাং যত দ্রুত সম্ভব, সংঘাত বন্ধ করে দ্রুত শান্তির পথে আসুন।
আমি ইউপিডিএফকে সাধুবাদ দেব। তারা বেশ কয়েক মাস আগে জ্যোতির্ময়কে শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার করেছিল। তার পরও কীভাবে কাকে নিয়ে বিমলেন্দু চাকমার মতো জনপ্রিয় একজন নিঃস্বার্থ তৃণমূল জনপ্রতিনিধিকে অপহরণের পর হত্যা করার ক্ষমতা দেখাতে পারেন, তা দেখা দরকার। কোনো দলের সদস্য যেন অঙ্গুলিমাল হয়ে উঠতে না পারেন, সেদিকে দৃষ্টি রাখতে হবে সব রাজনৈতিক দল ও সব স্তরের নেতাদের। রাজনৈতিক দল ও নেতাদের আশ্রয়-প্রশ্রয় ছাড়া ছোটখাটো কোনো রাজনৈতিক কর্মীর পক্ষে অঙ্গুলিমাল হয়ে ওঠা সম্ভব নয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি বিমলেন্দু চাকমার অপহরণ ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুন, অপহরণ, ভ্রাতৃঘাতী সংঘাতকে ‘না’ বলতে সবার প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জনগণের দাবির প্রতি সম্মান রেখে রাজনৈতিক সংঘাতমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এই আহ্বানে সাড়া দেওয়া সবার জরুরি হয়ে পড়েছে।
বিমলেন্দু চাকমার সঙ্গে স্বল্প দিনের পরিচয়ে তাঁর পরিবার সম্পর্কে কিছুই জানতে পারিনি। কারণ, পরিবার সম্পর্কে জানার চেয়ে যে কাজের সূত্রে
পরিচয়, সেই কাজটাই ছিল অগ্রগণ্য। তাঁর বয়স ৪০ বছরের বেশি হবে না। বিমলেন্দুর প্রিয়তমা স্ত্রী আছেন, আছে ফুটফুটে আদরের ছেলেমেয়ে, আছেন স্নেহময়ী মা, আছেন নির্ভরতার প্রতীক বাবা আর অসংখ্য স্বজন। আমি তাঁদের সবার প্রতি সমবেদনা আর দুঃখ প্রকাশ করছি।
সবার প্রতি অনুরোধ করছি, আর যেন বিমলেন্দুর মতো নিঃস্বার্থ জনপ্রতিনিধি বা ব্যক্তি ভ্রাতৃঘাতী সংঘাত, প্রতিহিংসা আর রাজনৈতিক সংঘাতের বলি না হন। কোনো পুত্র যেন পিতৃহারা না হন, কোনো প্রিয়তমা স্ত্রী যেন অকালে বিধবা না হন, কোনো বাবা-মা যেন সন্তানহারা না হন। জেগে উঠুন সবাই, মুছে যাক সবার দুঃখ-বেদনা। অঙ্গুলিমাল নন, আমাদের প্রয়োজন বিমলেন্দুকে।
হরি কিশোর চাকমা: সাংবাদিক।